📄 স্বামী স্ত্রীর অবনিবনা
স্বামী স্ত্রীর মধ্যে যখন অবনিবনা হয়, বৈরিতা প্রবল হয়। বিচ্ছেদ ঘটানোর আশংকা দেখা দেয় এবং দাম্পত্য জীবন ভাঙ্গনের সম্মুখীন হয়, তখন সংশ্লিষ্ট শাসক তাদের অবস্থা পরিদর্শন করতে দু'জন সালিশ পাঠাবেন। তাদের দাম্পত্য জীবন বহাল রাখা মঙ্গলজনক হলে তারা তাই করবে। আর বিচ্ছেদ ঘটানো মঙ্গলজনক হলে তাই করবে। আল্লাহ বলেন: وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا جِ "তোমরা যদি তাদের মধ্যে অবনবিনার আশংকা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিশ এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ পাঠাও।" সালিশ দু'জনের সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, ন্যায়পরায়ণ ও মুসলমান হওয়া শর্ত। তবে তাদের উভয়ের পরিবারের সদস্য হওয়া জরুরি নয়। দুই পরিবারের বাহির থেকে হলেও তা বৈধ হবে। আয়াতে আদেশের ভংগীতে যা বলা হয়েছে তা আসলে মুস্তাহাব বুঝানোর জন্য বলা হয়েছে। কারণ পরিবারের সদস্য চলমান ঘটনাবলী সম্পর্কে অধিকতর জ্ঞাত ও সংশ্লিষ্ট দম্পতির প্রতি অধিকতর সহানুভূতিশীল হয়ে থাকে। দাম্পত্য সম্পর্ক বহাল রাখা অথবা ভেঙ্গে দেয়া এ দুটির মধ্যে সালিশদ্বয় যেটি কল্যাণকর বিবেচনা করবেন, দম্পতির সম্মতি বা ক্ষমতাদানের অপেক্ষা না করেই তা করতে পারবেন। এ মত আলি, ইবনে আব্বাস, আবু সালমা, শা'বি, নাখয়ি, সাঈদ বিন জুবাইর, মালেক, আওযায়ি, ইসহাক ও ইবনুল মুনযিরের। (স্ত্রীর অসদাচরণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে।)