📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খুলা কি তালাক না বিচ্ছেদ

📄 খুলা কি তালাক না বিচ্ছেদ


অধিকাংশ আলেমের মতে, খুলা বায়েন তালাক। কেননা ইতিপূর্বে আমরা একটা হাদিস উল্লেখ করেছি, যাতে রসূলুল্লাহ সা. বলেছেন: "বাগানটা নিয়ে নাও এবং ওকে তালাক দাও।” আর যেহেতু বিচ্ছেদে স্বামী আর কোনো নিয়ন্ত্রণ ফিরে পায়না, অথচ খুলাতে নিয়ন্ত্রণ ফিরে পায়, তাই এটা বিচ্ছেদ নয়।
আবার আহমদ, দাউদ, ইবনে আব্বাস, উসমান ও ইবনে উমর রা. প্রমুখের মতে, এটা বিচ্ছেদ, তালাক নয়। কেননা আল্লাহ কুরআনে বলেছেন, তালাক দু'বার। তারপর খুলার বিবরণ দিয়ে বলেছেন: "এরপর যদি সে স্ত্রীকে পুনরায় তালাক দেয়, তাহলে ঐ স্ত্রীর অতপর অন্য স্বামীর সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তার জন্য হালাল হবেনা।" (বাকারা: ২৩০) সুতরাং খুলা যদি তালাক হতো, তাহলে যে তালাকের পর অন্য স্বামীকে বিয়ে না করলে স্ত্রী হালাল হয়না, তা চতুর্থ তালাক হতো।
এ সকল ফকিহ বলেন, দু'পক্ষের সম্মতিক্রমে বিচ্ছেদ সংঘটিত হয় যেমন, 'ইকালা'র মাধ্যমে ক্রয় বিক্রয় বাতিল করা যায়।
ইবনুল কাইয়েম বলেন, খুলা যে তালাক নয় তার প্রমাণ হলো, আল্লাহ তায়ালা সহবাসের পর দেয়া তিনের কম তালাকের জন্য তিনটে বিধি নির্ধারণ করেছেন, যার প্রত্যেকটাই খুলার পরিপন্থী : প্রথমত: স্বামী তা প্রত্যাহার করার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত: তা তিন তালাকের একটি বলে পরিগণিত হয়। কাজেই তিনটে সম্পূর্ণ হবার পর অন্য স্বামীর সাথে সহবাস না করা পর্যন্ত সে আর হালাল হয়না। তৃতীয়ত: এতে তিন হায়েযকে ইদ্দত গণ্য করা হয়।
কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত যে, খুলা প্রত্যাহারের কোনো অবকাশ নেই। আর সুন্নাহ ও সাহাবিগণের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে, এর ইদ্দত মাত্র এক হায়েয। তালাক হলে ইদ্দত হতো তিন হায়েয। কুরআন হাদিস থেকে এও জানা গেছে যে, দুই তালাকের পর এবং তারপর তৃতীয় তালাক হওয়ার পরও খুলা জায়েয। এ থেকে স্পষ্ট যে, খুলা তালাক নয়। এই মতভেদের ফলাফল তালাকের ইদ্দত দ্বারা স্পষ্ট হয়ে যায়। যারা খুলাকে তালাক মনে করে, তারা একে একটা বায়েন তালাক গণ্য করে। আর যারা একে শুধুই বিচ্ছেদ মনে করেন তারা একে বায়েন তালাক গণ্য করেন। যে ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক দেয়, তারপর খুলা করে, তারপর তাকে বিয়ে করতে চায়, তার জন্য এটা জায়েয। এজন্য অন্য স্বামীকে বিয়ে করার প্রয়োজন সেই। কেননা এখানে তালাক মাত্র দুটো হয়েছে। আর খুলা তো তালাক নয়। যারা খুলাকে তালাক গণ্য করে, তাদের মতে, অন্য স্বামীর ঘর না করা পর্যন্ত তাকে আর বিয়ে করা জায়েয নয়। সেখানে সে খুলা দ্বারা তিন তালাক পূর্ণ করেছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খুলাকারিণিকে কি তালাক দেয়া যায়?

📄 খুলাকারিণিকে কি তালাক দেয়া যায়?


খুলাকারিণীকে অতপর আর কোনো তালাক দেয়া যাবেনা, চাই তালাককে আমরা তালাক বা বিচ্ছেদ, যাই গণ্য করি। উভয়টি স্ত্রীকে তার স্বামীর নিকট পরস্ত্রী বানিয়ে দেয়। আর পরস্ত্রীর উপর তো তালাক পড়তে পারেনা। কিন্তু আবু হানিফা বলেন, খুলাকারিণীর উপরও তালাক পড়তে পারে। এ কারণে তার মতে, খুলা দ্বারা বিচ্ছেদ হওয়ার পরও ঐ স্ত্রীর বোনকে বিয়ে করা জায়েয নয়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খুলা কারিণীর ইদ্দত

📄 খুলা কারিণীর ইদ্দত


সুন্নাহ থেকে প্রমাণিত, খুলার ইদ্দত এক হায়েয। সাবেতের ঘটনায় রসূল সা. তাকে বললেন: “তোমার কাছে তোমার স্ত্রীর যা প্রাপ্য, তা তুমি নিয়ে নাও এবং ওকে মুক্ত করে দাও।” সাবেত বললেন, ঠিক আছে। অতপর রসূল সা. তার স্ত্রীকে এক হায়েয ইদ্দত পালনের পর বাপের বাড়ি চলে যাওয়ার আদেশ দিলেন। (নাসায়ী)
এটা উসমান, ইবনে আব্বাস, আহমদ, ইসহাক বিন রাহওয়াই ও ইবনে তাইমিয়ার মত। ইবনে তাইমিয়া বলেন: “যে ব্যক্তি এ বক্তব্য নিয়ে চিন্তা করবে, সে দেখতে পাবে, এটাই শরিয়ত সম্মত। কেননা ইদ্দত করা হয়েছে তিন হায়েয, যাতে প্রত্যাহারের জন্য দীর্ঘ সময় পাওয়া যায়। স্বামী চিন্তাভাবনা করে ইদ্দতের মধ্যে প্রত্যাহার করতে পারবে। যদি প্রত্যাহার না হয়, তবে এর উদ্দেশ্য জরায়ুকে ভ্রূণ থেকে মুক্ত করা। সে ক্ষেত্রে একটা হায়েযই ইদ্দত হিসেবে যথেষ্ট।"
ইবনুল কাইয়েম বলেছেন: এটা আমীরুল মুমিনীন উসমান, আবদুল্লাহ ইবনে উমর, রুবাঈ বিনতে মুয়াওয়ায ও তার চাচা, যিনি একজন বিশিষ্ট সাহাবি, এদের সকলের মত। এই চারজন সাহাবির সাথে কেউ ভিন্নমত পোষণ করেছেন বলে জানা যায়না। যেমন নাফে থেকে বর্ণিত, তিনি শুনেছেন রুবাঈ বিন মুওয়ায আব্দুল্লাহ ইবনে উমরকে জানিয়েছেন, তিনি অর্থাৎ রুবাঈ উসমান বিন আফফানের আমলে স্বামীর কাছ থেকে খুলা করেছিলেন। এরপর তার চাচা উসমান রা.-এর নিকট এলেন। তাকে বললেন: মুওয়াবেযের মেয়ে আজ তার স্বামীর কাছ থেকে খুলা করেছে। সে কি স্বামীর বাড়ি থেকে চলে আসবে? উসমান (রা) বললেন: অবশ্যই চলে আসবে। উপরন্তু তাদের কেউ কারো উত্তরাধিকারী হবেনা এবং স্ত্রীর ইদ্দতও পালন করতে হবেনা। তবে একটা হায়েয অতিবাহিত না করে সে বিয়ে করতে পারবেনা। কেননা তার গর্ভে সন্তান থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর রা. এরপর বললেন: উসমান রা. আমাদের সবার চেয়ে উত্তম ও সবার চেয়ে জ্ঞানী। "আন নাসেখ ওয়াল মানসুখ" নামক গ্রন্থে বলা হয়েছে যে, এটা সাহাবিদের সর্বসম্মত মত। কিন্তু অধিকাংশ আলেমের মতে, খুলাকারিণী যদি হায়েযের বয়সী হয় তবে তার ইদ্দত তিন হায়েয।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্বামীর রূঢ় আচরণ

📄 স্বামীর রূঢ় আচরণ


স্ত্রী যখন নিজের রোগব্যাধি, বার্ধক্য কিংবা কুৎসিত চেহারার কারণে স্বামীর অসদাচরণ বা উপেক্ষার আশংকা করে, তাহলে তারা উভয়ে পারস্পরিক সম্মতিক্রমে একটা আপোস করে নিলে কোনো দোষ নেই। এ ধরনের আপোসে যদি স্ত্রীকে নিজের কিছু অধিকার ছেড়ে দিতে হয়, তবে তাও দেয়া যেতে পারে। কেননা আল্লাহ বলেন: وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا طَ وَالصُّلْحُ خَيْرٌ অর্থ: যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে অসদাচরণ বা উপেক্ষার আশংকা করে, তবে তারা উভয়ে নিজেদের মধ্যে একটা আপোস করে নিলে তাতে কোনো পাপ নেই। বরঞ্চ আপোসই ভালো।" (সূরা নিসা: আয়াত ১২৮)
বুখারিতে বর্ণিত হয়েছে, আয়েশা রা. এ আয়াত সম্পর্কে বলেন: “এ হচ্ছে সেই মহিলা, যে স্বামীর নিকট অবস্থান করে, স্বামী তার কাছে বেশি সঙ্গ আশা করেনা, অতপর তালাক দিতে চায় এবং তার বর্তমানে অন্য বিয়ে করতে চায়, তখন স্ত্রী বলে, আমাকে বহাল রাখো, তালাক দিওনা, আমার বর্তমানে আরেকজনকে বিয়ে করো। আমার খোরপোষ ও আমার কাছে থাকার পালা তুমি যেভাবে চাও বণ্টন করো।” আবু দাউদ আয়েশা রা. থেকে বর্ণনা করেন: উম্মুল মুমিনীন সওদা বিনতে যাময়া যখন বুড়ি হয়ে গেলেন এবং আশংকা করলেন যে, রসূল (সা) তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, তখন বললেন: “হে রসূলুল্লাহ, আমার দিনটি আয়েশার জন্য।" এ প্রস্তাব রসূলুল্লাহ সা. গ্রহণ করলেন। আয়েশা রা. বলেন, এ ঘটনা প্রসঙ্গেই আল্লাহ নাযিল করলেন, "যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে উপেক্ষার আশংকা করে--"
আল মুগনিতে বলা হয়েছে: স্ত্রী যখন নিজের খোরপোষ বা পালার কোনো অংশ বা পুরোপুরি ত্যাগ করে স্বামীর সাথে আপোষে করে, তখন তা জায়েয। পরে সে যদি একে প্রত্যাহার করে, তবে তাও সে করতে পারে।
স্ত্রীর কাছ থেকে দূরে অবস্থান করে এমন স্বামী সম্পর্কে আহমদ বলেন, স্বামী যদি তাকে বলে, তুমি যদি আমার এই অনুপস্থিতি মেনে নাও, তবে ভালো। নচেত তুমি কী করবে, তা তুমিই ভালো জানো।" তখন স্ত্রী যদি বলে, আমি এটা মেনে নিলাম, তবে এটা জায়েয। এরপর স্ত্রী যদি তার এই সম্মতি প্রত্যাহার করে, তবে তাও করতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00