📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অপ্রাপ্ত বয়স্কা স্ত্রীর অভিভাবক ও তার স্বামীর মধ্যে খুলা

📄 অপ্রাপ্ত বয়স্কা স্ত্রীর অভিভাবক ও তার স্বামীর মধ্যে খুলা


অপ্রাপ্তবয়স্কা স্ত্রীর স্বামী ও অভিভাবকের মধ্যে যখন খুলা হবে, তখন তার উপর তালাক পড়ে যাবে, তবে অর্থ দান তার জন্যও বাধ্যতামূলক নয়, তার অভিভাবকের জন্যও নয়। এর উদাহরণ এ রকম : অপ্রাপ্তবয়স্কা মেয়ের পিতাকে তার স্বামী বললো, আপনার মেয়ের সাথে তার মোহরের বিনিময়ে কিংবা স্ত্রীর সম্মতি থেকে একশ' পাউন্ডের বিনিময়ে খুলা করছি। এক্ষেত্রে পিতা বিনিময় দেয়ার দায়িত্ব গ্রহণ না করেই বলেছে, গ্রহণ করলাম।
এখানে তালাক কার্যকর হবে এজন্য যে, শতযুক্ত তালাক শর্তপূরণ হলেই কার্যকর হয়। পিতা বা অভিভাবকের পক্ষ থেকে গ্রহণ করাটাই ছিলো এখানে শর্ত, যা পূর্ণ হয়েছে। পক্ষান্তরে অর্থ প্রদানে স্ত্রী বাধ্য না হওয়ার কারণ হলো, সে অর্থ দান করার যোগ্য নয়। পিতার বাধ্য না হওয়ার কারণ হলো, তিনি এই বাধ্যবাধকতা গ্রহণ করেননি। গ্রহণ করা ছাড়া এ বাধ্যতবাধকতা আরোপিত হয়না। তবে তিনি গ্রহণ করলে ও নিশ্চয়তা দিলে দিতে বাধ্য হবেন। কেউ কেউ বলেন, এক্ষেত্রে তালাক পড়বেনা। কেননা এর জন্য শর্ত হলো, বিনিময় গ্রহণ করা, যা বাস্তবে ঘটেনি। এ উক্তি বাহ্যত সঠিক। কিন্তু প্রথমোক্ত মতই অনুসৃত হয়ে আসছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 রোগিণীর খুলা

📄 রোগিণীর খুলা


মৃত্যুমুখি রোগিণীর খুলা যে বৈধ, সে ব্যাপারে কোনো মতভেদ নেই। সে সুস্থের মতই স্বামীর সাথে খুলা করতে পারে। তবে কী পরিমাণ বিনিময় স্বামীকে দিতে পারবে, তা নিয়ে মতভেদ রয়েছে। কারণ স্বামীর মন রক্ষা করতে গিয়ে উত্তরাধিকারীদের ক্ষতিসাধন করা থেকে তাকে বিরতে থাকতে হবে। ইমাম মালেক বলেছেন, এই বিনিময়টা স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি থেকে স্বামীর প্রাপ্য উত্তরাধিকারের চেয়ে বেশি হতে পারবেনা। বেশি হলে তা ফেরত দিতে হবে এবং তালাক কার্যকর হবে। আর স্বামী সুস্থ থাকা অবস্থায় উভয়ের মধ্যে কোনো উত্তরাধিকার লেনদেন হবেনা। হাম্বলীদের মত মালেকীদের মতোই। উত্তরাধিকারের চেয়ে বেশি বিনিময় দিলে তা বাতিল হবে। শাফেয়ি বলেছেন, মহরে মিসলের সমপরিমাণ বিনিময় দিয়ে খুলা করলে জায়েয হবে। তার চেয়ে বেশি দিলে উত্তরাধিকারের এক তৃতীয়াংশ থেকে দিতে হবে এবং তা ঐচ্ছিক দান গণ্য হবে। হানাফিগণ স্ত্রীর মালিকানাধীন সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি বিনিময় না দেয়ার শর্তে খুলা জায়েয বলেছেন। তাদের মতে, এটা ঐচ্ছিক দান গণ্য হবে। মৃত্যুমুখি ব্যক্তির রোগশয্যা থেকে দান ওসিয়ত গণ্য হয়ে থাকে। আর ওসিয়ত কোনো তৃতীয় ব্যক্তির জন্য করলে তা এক তৃতীয়াংশ থেকেই করতে হবে। নচেত কার্যকর হবেনা। খুলার কারণে স্বামী তৃতীয় ব্যক্তিতে পরিণত হয়। তারা বলেন, ইদ্দতকালে খুলাকারী রোগিণী যদি মারা যায়, তবে নিম্নোক্ত জিনিসগুলোর মধ্যে যেটি ন্যূনতম, তা তার স্বামীর প্রাপ্য হয়: খুলার বদলা বা বিনিময়, স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ এবং স্ত্রীর কাছ থেকে প্রাপ্য স্বামীর মোট উত্তরাধিকার। কেননা স্ত্রীর মৃত্যুমুখি অসুস্থতার সময়ে স্বামীর প্রতি প্রায়ই অনুরক্ত হয়ে যায় এবং তার জন্য মোটা অংকের অর্থ খুলার বিনিময় হিসেবে দিতে রাজি হয়, যা তার পাওনা উত্তরাধিকারের চেয়ে বেশি। কাজেই স্ত্রীর উত্তরাধিকারীদের পাওনা রক্ষার ব্যাপারে সাবধানতা অবলম্বনের খাতিরে এবং স্বামীর মন রক্ষার উদ্দেশ্যে আমরা বলেছি যে, স্ত্রী যদি ইদ্দতের মধ্যে মারা যায় তাহলে স্বামী উক্ত তিনটির মধ্যে যেটি সর্বনিম্নে, তা পাবে। আর যদি ঐ রোগ থেকে আরোগ্য লাভ করে এবং মারা না যায়, তাহলে নির্ধারিত বিনিময়ের পুরোটাই স্বামী পাবে। কেননা তার ঐ কাজটা যে মরণব্যাধির সময়ে হয়নি, তা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু সে যদি ইদ্দত শেষ হবার পর মারা যায়, তাহলে স্বামী উভয়ের সম্মতিতে নির্ধারিত খুলার বিনিময় পাবে। কিন্তু শর্ত এই যে, তা যেন তার পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি না হয়। কেননা এটা ওসিয়তের সমপর্যায়ের।
বর্তমানে মিশরে ১৯৪৬ সালের আইন চালু হওয়ার পর আদালতে যে ব্যবস্থা চলছে, তা হলো, স্বামী খুলার বিনিময় ও স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ এই দুটির যেটি ন্যূনতম, সেটি পায়, চাই স্ত্রী ইদ্দতের মধ্যে মারা যাক বা ইদ্দতের পরে মারা যাক। কেননা এই আইন উত্তরাধিকারী ও অনুত্তরাধিকারী উভয়ের জন্য ওসিয়ত বৈধ করেছে। এ আইনে অনূর্ধ এক তৃতীয়াংশের মধ্য থেকে ওসিয়ত কার্যকর হবে এবং তা কারো অনুমতি সাপেক্ষ হবেনা। এ কারণে স্বামীর প্রাপ্য বিনিময়ের চেয়ে বেশি দিয়ে স্বামীর প্রতি অনুরাগ প্রদর্শন করতে স্ত্রীকে বাধা দেয়ার ও বিরত রাখার প্রয়োজন পড়েনা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খুলা কি তালাক না বিচ্ছেদ

📄 খুলা কি তালাক না বিচ্ছেদ


অধিকাংশ আলেমের মতে, খুলা বায়েন তালাক। কেননা ইতিপূর্বে আমরা একটা হাদিস উল্লেখ করেছি, যাতে রসূলুল্লাহ সা. বলেছেন: "বাগানটা নিয়ে নাও এবং ওকে তালাক দাও।” আর যেহেতু বিচ্ছেদে স্বামী আর কোনো নিয়ন্ত্রণ ফিরে পায়না, অথচ খুলাতে নিয়ন্ত্রণ ফিরে পায়, তাই এটা বিচ্ছেদ নয়।
আবার আহমদ, দাউদ, ইবনে আব্বাস, উসমান ও ইবনে উমর রা. প্রমুখের মতে, এটা বিচ্ছেদ, তালাক নয়। কেননা আল্লাহ কুরআনে বলেছেন, তালাক দু'বার। তারপর খুলার বিবরণ দিয়ে বলেছেন: "এরপর যদি সে স্ত্রীকে পুনরায় তালাক দেয়, তাহলে ঐ স্ত্রীর অতপর অন্য স্বামীর সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তার জন্য হালাল হবেনা।" (বাকারা: ২৩০) সুতরাং খুলা যদি তালাক হতো, তাহলে যে তালাকের পর অন্য স্বামীকে বিয়ে না করলে স্ত্রী হালাল হয়না, তা চতুর্থ তালাক হতো।
এ সকল ফকিহ বলেন, দু'পক্ষের সম্মতিক্রমে বিচ্ছেদ সংঘটিত হয় যেমন, 'ইকালা'র মাধ্যমে ক্রয় বিক্রয় বাতিল করা যায়।
ইবনুল কাইয়েম বলেন, খুলা যে তালাক নয় তার প্রমাণ হলো, আল্লাহ তায়ালা সহবাসের পর দেয়া তিনের কম তালাকের জন্য তিনটে বিধি নির্ধারণ করেছেন, যার প্রত্যেকটাই খুলার পরিপন্থী : প্রথমত: স্বামী তা প্রত্যাহার করার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত: তা তিন তালাকের একটি বলে পরিগণিত হয়। কাজেই তিনটে সম্পূর্ণ হবার পর অন্য স্বামীর সাথে সহবাস না করা পর্যন্ত সে আর হালাল হয়না। তৃতীয়ত: এতে তিন হায়েযকে ইদ্দত গণ্য করা হয়।
কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত যে, খুলা প্রত্যাহারের কোনো অবকাশ নেই। আর সুন্নাহ ও সাহাবিগণের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে, এর ইদ্দত মাত্র এক হায়েয। তালাক হলে ইদ্দত হতো তিন হায়েয। কুরআন হাদিস থেকে এও জানা গেছে যে, দুই তালাকের পর এবং তারপর তৃতীয় তালাক হওয়ার পরও খুলা জায়েয। এ থেকে স্পষ্ট যে, খুলা তালাক নয়। এই মতভেদের ফলাফল তালাকের ইদ্দত দ্বারা স্পষ্ট হয়ে যায়। যারা খুলাকে তালাক মনে করে, তারা একে একটা বায়েন তালাক গণ্য করে। আর যারা একে শুধুই বিচ্ছেদ মনে করেন তারা একে বায়েন তালাক গণ্য করেন। যে ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক দেয়, তারপর খুলা করে, তারপর তাকে বিয়ে করতে চায়, তার জন্য এটা জায়েয। এজন্য অন্য স্বামীকে বিয়ে করার প্রয়োজন সেই। কেননা এখানে তালাক মাত্র দুটো হয়েছে। আর খুলা তো তালাক নয়। যারা খুলাকে তালাক গণ্য করে, তাদের মতে, অন্য স্বামীর ঘর না করা পর্যন্ত তাকে আর বিয়ে করা জায়েয নয়। সেখানে সে খুলা দ্বারা তিন তালাক পূর্ণ করেছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খুলাকারিণিকে কি তালাক দেয়া যায়?

📄 খুলাকারিণিকে কি তালাক দেয়া যায়?


খুলাকারিণীকে অতপর আর কোনো তালাক দেয়া যাবেনা, চাই তালাককে আমরা তালাক বা বিচ্ছেদ, যাই গণ্য করি। উভয়টি স্ত্রীকে তার স্বামীর নিকট পরস্ত্রী বানিয়ে দেয়। আর পরস্ত্রীর উপর তো তালাক পড়তে পারেনা। কিন্তু আবু হানিফা বলেন, খুলাকারিণীর উপরও তালাক পড়তে পারে। এ কারণে তার মতে, খুলা দ্বারা বিচ্ছেদ হওয়ার পরও ঐ স্ত্রীর বোনকে বিয়ে করা জায়েয নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00