📄 তালাক অপছন্দনীয়
তালাক অপছন্দনীয়:
যে লক্ষ্যসমূহ অর্জনে ইসলাম অত্যন্ত যত্নবান ও আগ্রহী, তার একটি হলো দাম্পত্য বন্ধনকে টেকসই, স্থিতিশীল ও অটুট রাখা। বৈবাহিক বন্ধন সারা জীবনব্যাপী স্থায়ী হওয়ার জন্যই সম্পাদিত হয়ে থাকে, যাতে স্বামী-স্ত্রী তাদের গৃহকে তাদের জন্য একটা আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে পারে, যার ছায়ায় নিজেরা দু'জনে শান্তিতে বসবাস করবে এবং তাদের সন্তানদেরকে সুযোগ্যভাবে তৈরি করবে। এ কারনেই স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বাপেক্ষা পবিত্র ও অটুট সম্পর্কসমূহের অন্যতম। মহান আল্লাহ কর্তৃক স্বামী স্ত্রীর চুক্তিকে 'মজবুত অঙ্গীকার' বলে আখ্যায়িত করাই এ সম্পর্কের পবিত্রতার সবচেয়ে অকাট্য প্রমাণ। আল্লাহ সূরা নিসার ২১তম আয়াতে বলেন:
وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا
"(তোমাদের স্ত্রীরা) তোমাদের নিকট থেকে মজবুত অঙ্গীকার আদায় করেছে।" যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক এভাবে মজবুত ও অটুটরূপে আখ্যায়িত হয়েছে, তাই এতে কোনো ধরনের ব্যাঘাত ঘটা এবং এর মর্যাদা হানি হওয়া উচিত নয়। যে জিনিস এ সম্পর্ককে দুর্বল ও এর মর্যাদা খাটো করে, তা ইসলামের দৃষ্টিতে ঘৃণিত। কেননা এর ফলে বিয়ের সার্থকতা ও স্বামী-স্ত্রীর স্বার্থ ক্ষুণ্ণ হয়। ইবনে উমর রা. বলেছেন: রসূলুল্লাহ সা. বলেছেন: বৈধ জিনিসগুলোর মধ্যে তালাকই আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত। -আবু দাউদ হাকেম।
রসূলুল্লাহ সা. আরো বলেছেন: "যে ব্যক্তি কোনো মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে, সে আমার দলভুক্ত নয়।" -আবু দাউদ, নাসায়ী।
এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, স্বামী স্ত্রীর বন্ধন ইসলামের দৃষ্টিতে এতই পবিত্র যে, যে ব্যক্তি এ বন্ধন নষ্ট করার চেষ্টা করে, সে ইসলামের দৃষ্টিতে এতটা মর্যাদাহীন যে, নিজেকে ইসলামের সাথে সম্পৃক্ত বলে দাবি করার যোগ্যই নয়। কিছু কিছু মহিলাকে দেখা যায়, অন্যের স্বামীর সাথে ভাব জমানোর চেষ্টা করে এবং নিজেকে তার স্ত্রীর স্থানে অবিষিক্ত করতে উদ্যোগী হয়। ইসলাম এটা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: "কোনো মহিলার জন্য এটা বৈধ নয় যে, তার বোনের তালাক চাইবে, যাতে তার সতিত্বের রক্ষাকবচ বৈবাহিক বন্ধনের অবসান ঘটে এবং নিজে তার স্ত্রী হয়ে যায়। তার ভাগ্যে যে স্বামী বরাদ্দ আছে, সে তো তার জন্য নির্দিষ্টই রয়েছে।" অর্থাৎ সে অন্য যে কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারে। অনর্থক অন্য মহিলাকে স্বামীহারা করা তার জন্য বৈধ নয়। আর যে মহিলা বিনা কারণে স্বামীর নিকট তালাক চাইবে, তার জন্য বেহেশতের ঘ্রাণ পাওয়াও হারাম। ছাওবান রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “যে নারী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, তার উপর বেহেশতের ঘ্রাণও হারাম।” -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ।
📄 শরিয়তে তালাকের বিধান
শরিয়তে তালাকের বিধান:
তালাকের বিধির ব্যাপারে ফকীহদের নানা মত পরিলক্ষিত হয়। তবে সবচেয়ে নির্ভুল মত হলো, হানাফি ও হাম্বলিদের মত : “প্রয়োজন ব্যতীত এটি অবৈধ।” তাদের নিকট এ বক্তব্যের প্রমাণ রসূলুল্লাহ সা.-এর হাদিস : “বারবার তালাক দানকারী বা তালাক গ্রহণকারী এবং ঘন ঘন বৈবাহিক রুচি পরিবর্তনকারীর উপর অভিসম্পাত।” তাছাড়া, যেহেতু তালাক দেয়ার অর্থই হলো, আল্লাহর একটি নিয়ামতের নাশুকরি করা। বিবাহ আল্লাহর নিয়ামত। আর আল্লাহর নিয়ামতের নাশুকরি করা হারাম। সুতরাং অনিবার্য প্রয়োজন ব্যতীত তালাক বৈধ নয়। যে কটি জিনিস এই অনিবার্য প্রয়োজনের আওতাভুক্ত, যার ভিত্তিতে তালাক বৈধ হয়, তা হচ্ছে : স্ত্রীর চরিত্র নিয়ে স্বামীর মনে সন্দেহের সৃষ্টি হওয়া এবং স্বামীর মনে স্ত্রীর প্রতি বা স্ত্রীর মনে স্বামীর প্রতি অনুরাগ ও আকর্ষণের বিলুপ্তি। কারণ মানুষের মনের পরিবর্তন সম্পূর্ণ আল্লাহর হাতে নিবদ্ধ। তালাকের যদি আদৌ কোনো প্রয়োজন দেখা না দেয়, তাহলে তা হবে নিছক আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং অপর জীবন সংগীর প্রতি অনৈতিক আচরণ। তাই এটা অবাঞ্ছিত ও নিষিদ্ধ কাজে পর্যবসিত হবে।
হাম্বলি মাযহাবে তালাকের একটা চমৎকার বিধি রয়েছে। তার সংক্ষিপ্ত সার এরূপ : তালাক কখনো ওয়াজিব, কখনো হারাম, কখনো মবাহ, কখনো মুস্তাহাব।
ওয়াজিব তালাক : যখন দু'পক্ষের শালিশ স্বামী স্ত্রীর বিরোধ মীমাংসা করতে ব্যর্থ হয়ে তালাকের পক্ষে সিদ্ধান্ত ঘোষণা করে এবং মনে করে যে, তালাকই বিরোধ মীমাংসার একমাত্র উপায়, সে অবস্থায় তালাক দেয়া ওয়াজিব। অনুরূপ, ইলাকারী চার মাস অপেক্ষা করার পর যখন তালাক ছাড়া গত্যন্তর না পেয়ে তালাক দেয়। কেননা আল্লাহ বলেছেন :
لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْمُرِجٍ فَإِنْ فَاءُوْ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيرٌ وَان عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
অর্থ : যারা তাদের স্ত্রীদের সাথে ইলা করে, তারা চার মাস অপেক্ষা করবে। এরপর যদি তারা (স্বাভাবিক অবস্থায়) ফিরে যায়, তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তালাক দেয়ার সংকল্প করে, তাহলে আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (আল বাকারা : ১২৫-১২৬)
হারাম তালাক : বিনা প্রয়োজনে যে তালাক দেয়া হয়, সেটাই হারাম তালাক। এটা হারাম হওয়ার কারণ হলো, এ দ্বারা স্বামী স্ত্রী উভয়েরই ক্ষতি হয় এবং বিনা কারণে উভয়ের স্বার্থ বিনষ্ট হয়। তাই এটা হারাম, যেমন কোনো সম্পদ বিনষ্ট করা হারাম। রসূলুল্লাহ সা. বলেছেন : “নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবেনা, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবেনা।” অন্য বর্ণনা মতে, এ ধরনের তালাক মাকরূহ। কারণ রসূলুল্লাহ সা. বলেছেন : বৈধ জিনিসগুলোর মধ্যে যেটি আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত, তা হলো তালাক।” (আবু দাউদ) এটি ঘৃণিত এজন্য যে, এর কোনো প্রয়োজন নেই, যদিও রসূলুল্লাহ সা. একে হালাল আখ্যায়িত করেছেন। তাছাড়া, যেহেতু এ দ্বারা বহু উপকারিতার উৎস বিয়ের অবসান ঘটে, তাই এটি মাকরূহ।
মোবাহ তালাক হলো সেই তালাক, যখন যথার্থ প্রয়োজনের ভিত্তিতে এবং স্ত্রীর খারাপ আচার ব্যবহার, ক্ষতিকর চালচলন ও ঈপ্সিত উদ্দেশ্য সিদ্ধ না হওয়ার কারণে তালাক দেয়া হয়।
মুস্তাহাব তালাক হলো সেই তালাক, যখন স্ত্রী আল্লাহর হুকুম যথা নামায ইত্যাদি আদায়ে শৈথিল্য প্রদর্শন করে, অথচ তার উপর সেজন্য বল প্রয়োগ করা সম্ভব হয়না, অথবা যখন সে অসতী হয়। ইমাম আহমদ বলেছেন: অসতী স্ত্রীকে রাখা উচিত নয়। কেননা এতে স্বামীর ধর্মীয় ক্ষতি সাধিত হয়। তাছাড়া, এমন নিশ্চয়তা নেই যে, সে অন্যের সন্তান পেটে ধারণ করে তা স্বামীর সাথে সম্পর্কযুক্ত করবেনা এবং ভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে স্বামীর সংসারে কলংক লেপন করবেনা। এরূপ ক্ষেত্রে সে যাতে তার মোহরের দাবি ছেড়ে দিয়ে চলে যায় সেজন্য তার উপর চাপ সৃষ্টি করলেও ক্ষতি নেই। কেননা আল্লাহ বলেছেন:
وَ لَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضٍ مَا أَتَيْتُمُوهُنَّ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ
অর্থ: স্ত্রীদেরকে তোমরা যা কিছু দিয়েছ, তার অংশবিশেষ যাতে তোমরা নিতে পারো সেজন্য তাদেরকে বল প্রয়োগ করোনা। তবে তারা যদি সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে ভিন্ন কথা।” (আননিসা : আয়াত ১৯)
ইবনে কুদামা বলেছেন, এই দুটি ক্ষেত্রে তালাক ওয়াজিব গণ্য হতে পারে। তিনি আরো বলেছেন: পারস্পরিক অবনিবনার ক্ষেত্রে এবং যখন স্ত্রী নিজের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য খুলা করতে প্রস্তুত হয়ে যায়, তখন তালাক মুস্তাহাব।
📄 তালাকের যৌক্তিকতা
তালাকের যৌক্তিকতা:
ইবনে সিনা তার 'কিতাবুশ্ শিফা'তে বলেছেন: স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হওয়ার একটা না একটা উপায় থাকাই উচিত এবং সর্বদিক থেকে এর পথ রুদ্ধ করা অনুচিত। কেননা বিয়ে বিচ্ছেদের সকল পথ সর্বতোভাবে বন্ধ করে দেয়া ক্ষতিকর ও বিপজ্জনক হতে পারে একাধিক কারণে: প্রথমত, জন্মগতভাবে কিছু মানুষের স্বভাব প্রকৃতি এমন হয়ে থাকে, যা অন্যান্যদের স্বভাব প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে এবং নিজেকে সহনশীল ও অনুরক্ত করতে সমর্থ হয়না। এ ধরনের দুই জনকে জোরপূর্বক একত্রিত করে রাখতে যতোই চেষ্টা করা হবে, ততোই বিরোধ, তিক্ততা ও অমঙ্গল বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ঘটনাক্রমে এমন স্বামী বা স্ত্রী কারো কারো ভাগ্যে জুটে যেতে পারে, যে তার সমকক্ষ নয়, কিংবা মেলামেশার ক্ষেত্রে প্রীতিকর নয়, অথবা এমন বিরক্তিজনক স্বভাবের যে, অপরজন তাকে মেনেই নিতে পারেনা। এ ধরনের অসম দাম্পত্য বন্ধনের ফলে মানুষ পরকীয়া প্রেম বা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে। কেননা যৌন আবেগ ও তাড়না একটা স্বাভাবিক ব্যাপার, যা নানা ধরনের অন্যায় ও অপরাধের দিকে টেনে নিয়ে যেতে পারে। আর না হোক, এ ধরনের দম্পতি সন্তান প্রজননে পরস্পরকে সহযোগিতা না করতে পারে। অথচ জীবন সঙ্গী বা সংগিনী পরিবর্তনের সুযোগ পেলে এ ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করতে পারতো। সুতরাং অনিবার্য প্রয়োজনের ক্ষেত্রে বিচ্ছেদের একটা সুযোগ থাকা অপরিহার্য। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ বিষয়ে কঠোর হওয়া চাই।
📄 ইহূদি সমাজে তালাক
ইহূদি সমাজে তালাক:
ইহূদি শরিয়তে তালাকের যে পদ্ধতি বিধিবদ্ধ ও কার্যকর রয়েছে, তা হলো, কোনো ওযর ছাড়াও তালাক বৈধ। যেমন কোনো পুরুষ অধিকতর সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য স্ত্রীকে তালাক দিতে পারে। তবে ওযর ছাড়া তালাক পছন্দনীয় নয়। এই ওযর তাদের সমাজে দু'রকমের: ১. শারীরিক ত্রুটি: যথা- অন্ধত্ব, বধিরত্ব, বাকশক্তিহীনতা, খণ্ডত্ব, বন্ধ্যাত্ব ইত্যাদি। ২. স্বভাব চরিত্রের ত্রুটি: যথা- ঔদ্ধত্য ও বেআদবী, বাচালতা, অপরিচ্ছন্নতা, অবাধ্যতা, হঠকারিতা, জেদ, অপচয় ও অপব্যয়, পেটুকতা, লোভ, খাদ্যবিলাস ও অহংকার। তাদের নিকট সবচেয়ে বড় ওযর হলো ব্যভিচার। এমনকি ব্যভিচারের গুজব ছড়িয়ে পড়াও এজন্য যথেষ্ট, চাই তা প্রমাণিত হোক বা না হোক। অবশ্য হযরত ঈসা আ. ব্যভিচার ব্যতীত উল্লিখিত ওযরসমূহের আর কোনোটির স্বীকৃতি দেননি। তবে স্ত্রীর জন্য কোনো অবস্থায়ই স্বামীর কাছে তালাক চাওয়া বৈধ নয়। এমনকি তার ব্যভিচার যদি প্রমাণিত হয় তবুও নয়।