📘 ফিকাহুস সুন্নাহ > 📄 বিয়েতে সংগীত

📄 বিয়েতে সংগীত


নির্দোষ আমোদ প্রমোদে উৎসাহ দান ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ইসলাম বিয়ের অনুষ্ঠানে সংগীতকে বৈধ করেছে ও তাকে পছন্দনীয় ঘোষণা করেছে। তবে এই সংগীত ভাঁড়ামি, নির্লজ্জতা ও অশ্লীলতা থেকে মুক্ত হওয়া চাই।
১. আমর বিন সা'দ রা. বলেন: আমি একটি বিয়ের অনুষ্ঠানে কারযা বিন কা'ব ও আবু মাসউদ আনসারীর কাছে গিয়ে দেখলাম, কতিপয় দাসী গান গাইছে। আমি বললাম: আপনারা উভয়ে তো রসূলুল্লাহ সা.-এর সাহাবী এবং বদরযোদ্ধা। আপনাদের উপস্থিতিতে এসব চলছে? তারা উভয়ে বললেন: "ইচ্ছা হলে আমাদের সাথে বসে শোনো, নচেত চলে যাও। বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে আমোদ প্রমোদের অনুমতি দেয়া হয়েছে।” -নাসায়ী, হাকেম।
২. আয়েশা রা. ফারেয়া বিনতে আসয়াদকে বাসর ঘরে প্রবেশ করান এবং তার সাথে বাসর রাতে তার স্বামী নাবীত বিন জাবের আনসারীর বাড়ি পর্যন্ত গমন করেন। পরে রসূল রা. জিজ্ঞাসা করলেন : 'হে আয়েশা, তোমাদের সাথে কোনো সংগীতের ব্যবস্থা ছিলনা? আনসাররা সংগীত খুবই ভালোবাসে।” (বুখারি, আহমদ) এই হাদিসের অপর বর্ণনায় বলা হয়েছে: "তোমরা কি ঐ মেয়েটির সাথে ঢোল বাজাতে ও গান গাইতে পারে এমন কোনো দাসীকে পাঠিয়েছ? আয়েশা রা. বললেন : হে রসূলুল্লাহ, সে কী বলে গান গাইবে? রসূলুল্লাহ সা. বললেন, বলবে "আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদের অভিনন্দন জানাও, আমরা তোমাদের অভিনন্দন জানাবো। লাল স্বর্ণ যদি না থাকতো, তাহলে এই মেয়ে তোমাদের জনপদে আসতোনা। বাদামি রং-এর গম যদি না জন্মাতো, তাহলে তোমাদের কুমারী মেয়েরা হৃষ্টপুষ্ট হতোনা।"
রুবাঈ বিনতে মুওয়াওযায় বলেন, আমার যখন বিয়ে হয়, তখন রসূলুল্লাহ সা. আমার কাছে এলেন এবং আমার বিছানায় বসলেন। তখন আমাদের কিছু ছোট ছোট দাসী ঢোল বাজিয়ে বদরযুদ্ধে নিহত আমার পূর্ব পুরুষদের গুণাবলী বর্ণনাসহ বিলাপ করতে লাগলো। (রুবাঈর পিতা মুওয়াওযায় ও তার দুই চাচা আওফ ও মুয়ায বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন) সহসা জনৈকা দাসী বললো: “এখন আমাদের মধ্যে একজন নবী রয়েছেন, যিনি আগামীকাল কী ঘটবে জানেন।” এ সময় রসূলুল্লাহ সা. বললেন : এই শেষোক্ত কথাটা বাদ দিয়ে আর যা যা বলছিলে তাই বলো। (রসূলুল্লাহ সা. একথাটা বলতে নিষেধ করলেন এজন্য যে, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেনা। অন্য হাদিসে বলা হয়েছে: রসূলুল্লাহ সা. বললেন: আগামীকাল কী ঘটবে, তা আল্লাহ ছাড়া আর কেউ জানেনা) -বুখারি। আবুদ দাউদ, তিরমিযি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00