📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইলার বিধান

📄 ইলার বিধান


স্ত্রীর নিকটবর্তী হবেনা বলে কসম খাওয়ার পর চার মাসের মধ্যে স্ত্রীকে স্পর্শ করলে ইলার অবসান ঘটবে এবং কসমের কাফফারা দিতে হবে। আর যদি সহবাস ব্যতিতই মেয়াদ অতিবাহিত হয়ে যায় তাহলে অধিকাংশ আলেমের মতে, স্ত্রীর অধিকার থাকবে তার সাথে বসবাস করা অথবা তালাক দেয়ার দাবি জানানোর। কোনোটাই যদি না করে, তাহলে ইমাম মালেকের মতে, শাসক স্বামীর উপর তালাক কার্যকর করে স্ত্রীকে ক্ষতি থেকে মুক্তি দিতে পারে। আহমদ ও শাফেয়ীর মতে, আদালত স্বামীর উপর তালাক কার্যকর করার পরিবর্তে তাকে চাপ দেবে ও ততোক্ষণ আটক রাখবে, যতোক্ষণ সে স্ত্রীকে নিজে থেকে তালাক না দেয়।
হানাফিদের মতে, বিনা সহবাসে মেয়াদ অতিবাহিত হওয়ার পর আপনা থেকেই স্ত্রীর উপর এক তালাক বায়েন পড়বে। এরপর স্বামীর তালাক প্রত্যাহারের সুযোগ থাকবেনা। কেননা সে বিনা ওযরে সহবাস থেকে বিরত থেকে নিজের অধিকারের অপব্যবহার করেছে। এভাবে সে তার স্ত্রীর অধিকার নষ্ট করেছে ও তার উপর যুলুম করেছে। ইমাম মালেকের মতে, স্বামী যদি সহবাস থেকে বিরত থেকে স্ত্রীর ক্ষতি করার ইচ্ছা করে থাকে, তাহলে স্বামীর উপর ইলা কার্যকরী হবে। চাই সে কসম না খাক। কেননা কসম খেলে স্ত্রীর যে ক্ষতি হয়, এ ক্ষেত্রেও সেই ক্ষতি হয়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইলা দ্বারা যে তালাক সংঘটিত হয়

📄 ইলা দ্বারা যে তালাক সংঘটিত হয়


ইলা দ্বারা যে তালাক সংঘটিত হয়, সেটি বায়েন তালাক। কেননা সেটি যদি রজয়ী হতো, তাহলে স্বামী স্ত্রীকে তার কাছে ফিরে আসতে বাধ্য করার সুযোগ পেতো। কারণ সেটি স্বামীর অধিকার। কিন্তু এতে স্ত্রীর স্বার্থ সংরক্ষিত হয়না এবং তার ক্ষতিও দূর হয়না। এটাই আবু হানিফার মাযহাব। পক্ষান্তরে মালেক, শাফেয়ী, সাইদ ইবনুল মুসাইয়াব ও আবু বকর বিন আব্দুর রহমানের মতে, এটি রজয়ী অর্থাৎ প্রত্যাহারযোগ্য তালাক। কারণ এটা যে বায়েন তালাক, সে ব্যাপারে কোনো প্রমাণ নেই। তাছাড়া এটা এমন স্ত্রীর তালাক, যার সাথে সহবাস করা হয়েছে এবং যাকে কোনো বিনিময় ছাড়া এবং ফিরিয়ে নেয়ার নিশ্চয়তা ছাড়া তালাক দেয়া হয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইলাকৃত স্ত্রীর ইদ্দত

📄 ইলাকৃত স্ত্রীর ইদ্দত


অধিকাংশ আলেমের মতে, ইলাকৃত স্ত্রী অন্যান্য স্ত্রীর মতোই ইদ্দত পালন করবে। কেননা সে তালাকপ্রাপ্ত। জাবের ইবনে যায়দ বলেন, তার ইদ্দত পালন জরুরি নয়, যদি তার চারমাসে তিনটে রক্তস্রাব হয়ে থাকে। ইবনে রুশদ বলেছেন, এর কারণ এই যে, ইদ্দত পালন করতে হয় জরায়ু পরিষ্কার করার জন্য। অথচ ইলার ক্ষেত্রে আপনা থেকে জরায়ু পরিষ্কার হয়ে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00