📘 ফিকাহুস সুন্নাহ > 📄 তওয়াফে এফাযা বা তওয়াফে যিয়ারত

📄 তওয়াফে এফাযা বা তওয়াফে যিয়ারত


এ ব্যাপারে সমগ্র মুসলিম উম্মাহর এজমা হয়েছে যে, তওয়াফুল এফাযা হজ্জের একটা রুকন তথা অবিচ্ছেদ্য অংশ। কোনো হাজি এটা করতে ব্যর্থ হলে তার হজ্জ বাতিল হয়ে যাবে। কেননা আল্লাহ বলেন : وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ “তারা যেন প্রাচীন ঘরটির তওয়াফ করে।” ইমাম আহমদের মতে এজন্য নির্দিষ্টভাবে নিয়ত করা জরুরি। আর তিন ইমামের মতে, হজ্জের নিয়তই এর ওপর বলবত হবে, হাজির পক্ষ থেকে এটা বিশুদ্ধ ও যথেষ্ট হবে – যদিও সে সুনির্দিষ্টভাবে এই তওয়াফের নিয়ত না করে। অধিকাংশ আলেমের মতে, এর সাতটি চক্কর সব কটাই ফরয ও রুকন। আবু হানিফার মতে, সাতটি থেকে চারটি চক্কর হজ্জের রূকন। এ চারটা বাদ দিলে হজ্জ বাতিল হয়ে যাবে। অবশিষ্ট তিন চক্কর রুকন নয়, কিন্তু ওয়াজিব। কেউ এই তিনটে বা তার কোনো একটা তরক করলে সে ওয়াজিব তরককারী হবে। তার হজ্জ বাতিল হবেনা। তবে তাকে দম দিতে হবে।
তওয়াফে এফাযার সময়: শাফেয়ী ও আহমদের মতানুসারে এর সময় শুরু হয় ১০ই জিলহজ্জ দিবাগত মধ্য রাত থেকে এবং এর শেষ সময় নির্ধারিত নেই। তবে এই তওয়াফ না করা পর্যন্ত সহবাস হালাল হবেনা। আইয়ামে তাশরিক থেকে একে বিলম্বিত করলে কোনো দম বা কুরবানি ওয়াজিব হবেনা। তবে মাকরূহ হবে। দশই জিলহজের দুপুরে পূর্বাহ্নে এর জন্য সর্বোত্তম সময়। আবু হানিফা ও মালেকের মতে ১০ই জিলহজ্জের ফজর থেকেই এর সময় শুরু হয়। কিন্তু এর শেষ সময় নিয়ে মতভেদ রয়েছে। আবু হানিফার মতে, কুরবানির দিনগুলোর মধ্য থেকে যে কোনো দিন এটা সম্পন্ন করা ওয়াজিব। এ দিনগুলোর পরে করলে দম দেয়া লাগবে। মালেক বলেন: আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত একে বিলম্বিত করাতে কোনো ক্ষতি নেই। তবে ত্বরান্বিত করা উত্তম। এর সময় জিলহজ্জ মাসের শেষ পর্যন্ত বিস্তৃত। এরপরও যদি আরো বিলম্বিত করা হয়, তবে দম দিতে হবে কিন্তু হজ্জ বিশুদ্ধ হবে। কেননা সমগ্র জilহজ্জ মাস তার মতে হজ্জের মাস।
মহিলাদের জন্য তওয়াফুল এফাযা ত্বরান্বিত করা: মহিলারা যদি ঋতুস্রাবের আশংকাবোধ করে, তবে ১০ই জিলহজ্জে এটা সমাধা করা মুস্তাহাব। আয়েশা রা. মহিলাদের ১০ই জিলহজ্জেই তওয়াফুল এফাযা সম্পন্ন করার আদেশ দিতেন, যাতে হঠাৎ ঋতুস্রাব এসে জটিলতার সৃষ্টি না করে। আর আতা বলেছেন: মহিলারা যদি ঋতুস্রাবের আশংকা করে, তাহলে জামারায় কংকর নিক্ষেপেরও পূর্বে এবং কুরবানি দেয়ারও পূর্বে বাইতুল্লাহর তওয়াফে এফাযা করে ফেলা উচিত। এমন ওষুধ ব্যবহারে কোনো দোষ নেই, যাতে ঋতু বিলম্বিত হয় এবং তওয়াফ সমাধা করা যায়।
সাঈদ বিন মানসুর ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন যে, কোনো মহিলা যদি তার মাসিক ঋতুস্রাব বিলম্বিত করার জন্য ওষুধ খরিদ করে, যাতে সময়মত দেশে ফিরতে পারে, তাহলে তাতে কোনো বাধা আছে কিনা, ইবনে উমরকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন: এতে কোনো বাধা নেই। তিনি এজন্য মহিলাদেরকে আরাক গাছের রস খেতে বলেন। তাবারি বলেন : এরূপ ক্ষেত্রে যদি ঋতুস্রাবকে বিলম্বিত করার ব্যবস্থা করা হয়, তাহলে ঋতুস্রাবের মেয়াদ শেষ করার এবং অন্যান্য ক্ষেত্রেও তা বিলম্বিত করার ব্যবস্থা করতে হবে। অনুরূপ প্রয়োজনীয় ক্ষেত্রে ঋতুস্রাবকে এগিয়ে আনারও ব্যবস্থা জরুরি।
মুহাসসাবে যাত্রা বিরতি জাবালুন নূর ও হুজুনের মধ্যবর্তী উপত্যকার নাম মুহাসসাব। রসূলুল্লাহ সা. মিনা থেকে মক্কা যাওয়ার পথে মুহাসসাব উপত্যকায় যাত্রা বিরতি করেছিলেন বলে জানা যায়। এখানে তিনি যোহর আছর মাগরিব ও এশা পড়েন এবং কিছুক্ষণ ঘুমিয়ে নেন। ইবনে উমরও এরূপ করতেন। এখানে যাত্রা বিরতি করা মুস্তাহাব কিনা তা নিয়ে মতভেদ আছে। আয়েশা রা. বলেন : রসূলুল্লাহ সা. মুহাসসাবে যাত্রা বিরতি করেছিলেন শুধু এজন্য যেন তার যাত্রা সহজতর হয়, এটা কোনো সুন্নত নয়। যে কেউ ইচ্ছা করলে এখানে যাত্রা বিরতি করতে পারে, আবার নাও করতে পারে।
খাত্তাবি বলেন : এটা এক সময় করা হতো। পরে পরিত্যক্ত হয়েছে। তিরমিযি বলেন : কেউ কেউ এখানে যাত্রা বিরতি করা মুستahab মনে করেন, ওয়াজিব নয়। এখানে যাত্রা বিরতির উদ্দেশ্য হলো আল্লাহর শোকর আদায় করা। কেননা তিনি এখানে তার নবীকে তার সেসব শত্রুর উপর বিজয় দান করেছিলেন, যারা বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিবকে এই মর্মে কসম খেয়ে এক ঘরে করেছিল যে, তারা যতোক্ষণ রসূলল্লাহ সা.-কে তাদের হাতে সমর্পণ না করবে ততোক্ষণ আরবের অন্যান্য গোত্র তাদের ক্রয়বিক্রয় ও বিয়ে শাদী করবেনা। ইবনুল কাইয়েম বলেন: মুহাসসাব উপত্যকায় যাত্রা বিরতির মাধ্যমে রসূলুল্লাহ সা. যে স্থানে শত্রুরা কুফরীকে এবং আল্লাহ ও তার রসূলের শত্রুতাকে বিজয়ী করেছিল, সেই একই স্থানে ইসলামের নিদর্শনাবলিকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এটাই রসূলুল্লাহ সা. এর অভ্যাস ছিলো, তাওহীদের নিদর্শনাবলিকে তিনি কুফর ও শিরকের নিদর্শনাবলির লীলাভূমিতেই প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেন। যেমন তিনি লাত ও উমর পূজার জায়গায় তায়েফের মসজিদ প্রতিষ্ঠা করেন।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ওমরা

📄 ওমরা


ওমরার শাব্দিক অর্থ যিয়ারত অর্থাৎ ভ্রমণ। এখানে পবিত্র কা'বার ভ্রমণ তার চারপাশে তওয়াফ, সাফা ও মারওয়ার মাঝে সাঈ এবং চুল কাটাসহ গোটা কর্মসূচিকে বুঝানো হয়েছে। আলেমরা একমত যে, এটা শরিয়ত প্রবর্তিত একটি ইবাদত।
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: রমযানের একটা ওমরা একটা হজ্জের সমান। (অর্থাৎ রমযানে একটি ওমরা করার সওয়াব একটা নফল হজ্জের সওয়াবের সমান। তবে এ দ্বারা ফরয হজ্জের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবেনা।) -আহমদ, ইবনে মাজাহ।
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: এক ওমরা থেকে আর এক ওমরা পর্যন্ত মধ্যবর্তী সমস্ত গুনাহর কাফফারা হয়ে যাবে। একটা হজ্জ মাবরূরের (গুনাহমুক্ত হজ্জ) প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। -আহমদ, বুখারি, মুসলিম। রসূলুল্লাহ সা.-এর এক হাদিস উদ্ধৃত হয়েছে: "তোমরা হজ্জ ও ওমরা একটির পর একটি অব্যাহতভাবে করো।"
বারংবার ওমরা করা : নাফে' বলেছেন: আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে যুবাইরের আমলে বহু বছর যাবত বছরে দুটো করে ওমরা করতেন।
কাসেম বলেছেন: আয়েশা রা. এক বছরে তিনটে ওমরা করেছেন। জিজ্ঞাসা করা হলো, এতে কেউ কি তাঁর প্রতি দোষারোপ করেছেন? কাসেম বললেন: সুবহানাল্লাহ! তিনি না উম্মুল মুমিনীন? এজন্য অধিকাংশ আলেমের মতে বারংবার ওমরা করায় দোষের কিছু নেই। কিন্তু ইমাম মালেক বছরে একবারের বেশি ওমরা করা মাকরূহ মনে করেন।
হজ্জের পূর্বে ও হজ্জের মাসগুলোতে ওমরা করা জায়েয: হজ্জের মাসগুলোতে হজ্জ ছাড়া শুধু ওমরা করা জায়েয। উমর রা. শওয়াল মাসে ওমরা করে মদিনায় ফিরে এসেছিলেন হজ্জ না করেই। অনুরূপ, হজ্জের পূর্বে ওমরা করাও জায়েয, যেমন উমর রা. করতেন। তাউস বলেন: জাহেলী যুগের মানুষ হজ্জের মাসে ওমরাকে সবচেয়ে বড় গুনাহর কাজ মনে করতো এবং বলতো: সফর মাস যখন অতিক্রান্ত হবে, উটের পায়ের ঘা যখন শুকিয়ে যাবে, রাস্তা থেকে হজ্জের চিহ্ন যখন মুছে যাবে এবং হাজিরা ফিরে আসবে, তখন যার ওমরা করার ইচ্ছা, তার জন্য ওমরা বৈধ হবে। ইসলামের আগমনের পর জনগণকে হজ্জের মাসগুলোতে ওমরা করার আদেশ দেয়া হলো। এভাবে কেয়ামত পর্যন্ত হজ্জের মাসে ওমরা চালু হয়ে গেলো।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামের ওমরার সংখ্যা: ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বারটা ওমরা করেছেন, প্রথমটি হুদাইবিয়ার ওমরা, দ্বিতীয়টি ওমরাতুল কাযা, তৃতীয়টি জিরানা থেকে এবং চতুর্থটি তাঁর হজ্জের সাথে। -আহমদ, আবু দাউদ, ইবেন মাজাহ।
ওমরা সম্পর্কে শরিয়তের বিধি: হানাফি ও মালেকি মযহাবে ওমরা সুন্নত। কেননা জাবের রা. বলেছেন: রসূলুল্লাহ সা. কে ওমরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, এটা কি ওয়াজিব। তিনি বললেন: না।
শাফেয়ী ও আহমদের মতে, ওমরা ফরয। কারণ আল্লাহ তায়ালা বলেছেন: "তোমরা আল্লাহর জন্য হজ্জ ও ওমরা পূর্ণ করো।" যেহেতু হজ্জে ও ওমরার জন্য এক সাথেই আদেশ দেয়া হয়েছে, তাই এটা ফরয। তবে প্রথমোক্ত মতটি অগ্রগণ্য (অর্থাৎ সুন্নত)। তিরমিযি শাফেয়ীর এ উক্তি উদ্ধৃত করেছেন যে, ওমরা সম্পর্কে এমন কোনো বিশুদ্ধ হাদিস নেই যা থেকে এটি নফল প্রমাণিত হয়।
ওমরার সময়: অধিকাংশ আলেমের মতে, সারা বছরই ওমরার সময়। তাই বছরের যে কোনো সময় তা আদায় করা জায়েয। তবে আবু হানিফার মতে, আরাফার দিন, ১০ই জিলহজ্জ এবং আইয়ামে তাশরিকের তিন দিন ওমরা মাকরূহ। আবু ইউসুফের মতে, আরাফার দিন ও পরবর্তী তিন দিন ওমরা মাকরূহ। হজ্জের মাসে যে ওমরা বৈধ, সে ব্যাপারে সবাই একমত।
বুখারি ইকরামা থেকে বর্ণনা করেছেন: আব্দুল্লাহ ইবনে উমর রা. কে হজ্জের পূর্বে ওমরা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: হজ্জের পূর্বে ওমরা করায় কোনো বাধা নেই। রসূলুল্লাহ সা. হজ্জের পূর্বে ওমরা করতেন।
জাবের রা. থেকে বর্ণিত: আয়েশা রা. ঋতুবতী অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ ব্যতীত হজ্জ ও ওমরার যাবতীয় কাজ করেছেন। পবিত্র হওয়ার পর তিনি তওয়াফ করলেন এবং বললেন: হে রসূলুল্লাহ সা. আপনারা হজ্জ ও ওমরা দুটোই করে আসবেন। আর আমি শুধু হজ্জ করে আসবো নাকি? একথা শুনে রসূলুল্লাহ সা. আব্দুর রহমানকে (আয়েশার সহোদর) আদেশ দিলেন আয়েশার সাথে তানয়ীম পর্যন্ত যেতে। তার পর তিনি জিলহজ্জ মাসের মধ্যেই হজ্জের পর ওমরা করলেন। ওমরার সর্বোত্তম সময় রমযান মাস। এ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে।
ওমরার ইহরামের মীকাত: প্রথমে দেখতে হবে, যে ব্যক্তি ওমরা করতে ইচ্ছুক, সে ইতিপূর্বে উল্লিখিত হজ্জের মীকাতসমূহের বাইরে অবস্থান করছে, না ভেতরে? যদি বাইরে হয়, তাহলে তার পক্ষে ইহরাম ছাড়া এই মীকাত অতিক্রম করা বৈধ নয়। কেননা বুখারি বর্ণনা করেছেন: যায়েদ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে উমরের রা. নিকট এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে ওমরা করা আমার জন্য বৈধ হবে? তিনি বললেন: রসূলুল্লাহ সা. নাজদবাসীর জন্য 'কারণ', মদিনাবাসীর জন্য 'যুল হুলাইফা' ও সিরিয়াবাসীর জন্য 'জুহফা' নির্ধারণ করেছেন। আর যদি তার অবস্থান হয় মীকাতের অভ্যন্তরে, তাহলে ওমরার জন্য তার মীকাত হলো হারাম শরিফের সীমানার বাইরে, যদিও ওমরাকারী হারাম শরিফের মধ্যে অবস্থান করে। বুখারিতে এসেছে: আয়েশা রা. তানয়ীমে চলে গেলেন এবং সেখানে ইহরাম করলেন। আর এটা রসূলুল্লাহ সা. এর নির্দেশ ছিলো।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 বিদায়ী তওয়াফ

📄 বিদায়ী তওয়াফ


বিদায়ী তওয়াফকে তাওয়াফুস সদরও বলা হয়। কেননা এটা হাজিদের মক্কা ত্যাগের প্রাক্কালে করতে হয়। এই তওয়াফে কোনো রমল নেই। এটা মক্কায় থেকে মক্কার বাইরে যাওয়ার জন্যে হাজির করণীয় সর্বশেষ কাজ। যখন সে মক্কা থেকে বিদায় নিতে চায়, তখনই এটি করতে হয়। (যারা মক্কায় অবস্থান করে তাদের বেলায় বিদায়ী তওয়াফ প্রযোজ্য নয়।)
মালেক তাঁর গ্রন্থ মুয়াত্তায় বর্ণনা করেছেন, উমর রা. বলেছেন: হজ্জের সর্বশেষ কাজ হলো বাইতুল্লাহর তওয়াফ। (আর রওযাতুল নাদিয়াতে বলা হয়েছে: এই তাওয়াফের মূল কথা হলো বাইতুল্লাহর সম্মান। কেননা হজ্জের শুরুও হয় তওয়াফ দিয়ে (তওয়াফুল কুদুম) আর শেষও হয় তওয়াফ দিয়ে। এভাবে হজ্জের সফরের মূল উদ্দেশ্য বাইতুল্লাহর তওয়াফ, এটাই চিত্রিত করা হয়েছে।)
মক্কাবাসী ও ঋতুবর্তী মহিলার ক্ষেত্রে এ তওয়াফ প্রযোজ্য নয়। এ তওয়াফ ত্যাগ করায় তাদেরকে কোনো কাফফারাও দিতে হবেনা।
ইবনে আব্বাস রা. বলেছেন: কোনো মহিলা হাজির ঋতুস্রাব শুরু হলে তাকে বিদায়ী তওয়াফ ছাড়াই) বিদায় হওয়ার অনুমতি দেয়া হয়েছে। -বুখারি, মুসলিম।
অপর এক বর্ণনায় রয়েছে জনগণকে আদেশ দেয়া হয়েছে, যেন তাদের সর্বশেষ দায়িত্ব আল্লাহর ঘরে পালন করে। তবে ঋতুবতী মহিলার দায়িত্ব কিছুটা হালকা করা হয়েছে। -বুখারি ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সা. এর স্ত্রী সুফিয়া ঋতুবতী হলেন, (হজ্জের সময়) রসূলুল্লাহ সা. কে একথা জানানো হলে তিনি বললেন: তবে কি সুফিয়া আমাদেরকে আটকে রাখবে? লোকেরা জানালো যে, তিনি চলে গেছেন। রসূলুল্লাহ সা. বললেন: তাহলে আর কোনো সমস্যা নেই।
শরিয়তের বিধান: আলেমগণ একমত যে, বিদায়ী তওয়াফ শরিয়তের অঙ্গীভূত একটা ইবাদত। কেননা মুসলিম ও আবু দাউদ ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন যে, লোকেরা চারিদিকে ছড়িয়ে পড়তো। এ অবস্থা দেখে রসূলুল্লাহ সা. বললেন তোমরা বাইতুল্লাহর সাথে সর্বশেষ দায়িত্ব পালন না করে বিদায় হয়োনা।
কিন্তু বিদায়ী তওয়াফ সম্পর্কে শরিয়তের বিধি কি, তা নিয়ে মতভেদ রয়েছে:
ইমাম মালেক, দাউদ, ও ইবনুল মুনযির বলেছেন: এটা সুন্নত। এটা তরক করলে কোনো কাফফারা দিতে হয়না। ইমাম শাফেয়ীর মতও এটাই।
আর হানাফী, হাম্বলী ও একটি বর্ণনা অনুযায়ী শাফেয়ীর মতে এটা ওয়াজিব এবং এটা তরক করলে দম দিতে হবে।
বিদায়ী তওয়াফের সময় : বিদায়ী তওয়াফের সময় তখনই হয়, যখন হাজিগণ তাদের যাবতীয় কাজ সম্পন্ন করেন এবং ফেরত সফরের সিদ্ধান্ত নেন, যাতে বাইতুল্লাহর তওয়াফই তার শেষ কাজ হয়। যেমন ইতিপূর্বের হাদীসে উল্লেখ করা হয়েছে।
বিদায়ী তওয়াফ সম্পন্ন হলে তৎক্ষণাত বিদায়ী সফর শুরু করবে। এর পর আর কোনো কেনা বেচা করবেনা এবং মক্কায় কোনো সময় কাটাবেনা। এসব করলে পুনরায় বিদায়ী তওয়াফ করতে হবে। অবশ্য পথিমধ্যেই কোনো প্রয়োজন মেটালে কিংবা খাদ্য বা অনুরূপ কোনো অত্যাবশ্যকীয় জিনিস কিনলে তওয়াফ-দোহারাতে হবেনা। কেননা এতে তার বিদায়ী তওয়াফকে বাইতুল্লাহর শেষ কাজে পরিণত করা ব্যাহত হবেনা।
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত নিম্নোক্ত দোয়াটি বিদায়ী তওয়াফকারীর পড়া মুস্তাহাব:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ حَمَلْتَنِي عَلَى مَا سَخَّرْتَ لِي مِنْ خَلْقِكَ، وَسَتَرْتَنِي فِي بِلادِكَ حَتَّى بَلَغْتَنِي بِنِعْمَتِكَ إِلَى بَيْتِكَ، وَأَعَنْتَنِي عَلَى أَدَاءِ نُسْكِي، فَإِن كُنْتَ رَضِيْتَ عَنِّى فَاذْدَدْ عَنِى رِضًا، وَإِلَّا فَمِنَ الْآنَ فَارْضَ عَنِى قَبْلَ أَن تَنْأَى عَنْ بَيْتِكَ دَارِي فَهُذَا أَوَانُ انْصِرَانِي إِنْ أَذِنْتَ لِي غَيْرَ مُسْتَبْدِلِ بِكَ وَلَا بِبَيْتِكَ، وَلَا رَاغِبٍ عَنْكَ، وَلَا عَنْ بَيْتِكَ اللَّهُ فَاسْعَبْنِي الْعَافِيَةَ فِي بَدَنِي، وَالصّحة فِي جِسْمِي، وَالْعِصْمَةَ فِي دِينِي، وَأَحْسِنَ مُنْقَلَبِي، وَارْزُقْنِي طَاعَتِكَ مَا أَبْقَيْتَنِي وَاجْمَعْ لِى بَيْنَ خَيْرَى الدُّنْيَا وَالْآخِرَةِ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
"হে আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার বান্দার ছেলে, তোমার বান্দীর ছেলে, তোমার সৃষ্টির মধ্যে থেকে যে সৃষ্টিকে আমার অনুগত করেছো, তার উপর আমাকে আরোহণ করিয়েছ, তুমি আমাকে তোমার পৃথিবীতে সফর করিয়েছ এবং অবশেষে তোমার ঘরে পৌঁছায়েছ, এটা তোমারই অনুগ্রহ। আর আমাকে আমার ইবাদত আদায়ে সহায়তা করেছ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে আরো বেশি সন্তুষ্ট হও, নচেত এখন থেকে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও তোমার ঘর থেকে দূরে চলে যাওয়ার আগে। এখন আমার বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসছে যদি তুমি আমাকে অনুমতি দাও। তোমার ও তোমার ঘরের চেয়ে প্রিয় আমার কাছে আর কেউ নেই, কিছু নেই, তোমার কাছ থেকেও তোমার ঘর থেকে আমি-বিমুখ নই। হে আল্লাহ, আমার দেহে পরিপূর্ণ সুস্থতা দাও, আমার দীনদারীতে পাকাপোক্ত থাকার ক্ষমতা দাও। আমাকে উত্তম পরিণতি দাও, আমাকে তোমার অনুগত রাখো। যতোদিন আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে দুনিয়া ও আখেরাতের সর্বময় কল্যাণ দাও, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান।"
ইমাম শাফেয়ী বলেছেন: বিদায়ী তওয়াফের মাধ্যমে বাইতুল্লাহকে বিদায় জানানোর সময় মুলতাযামে (হাজরে আসওয়াদ ও কা'বার দরজার মাঝখানে) কিছুক্ষণ অবস্থান করা আমি পছন্দ করি।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হজ্জ আদায়ের পদ্ধতি

📄 হজ্জ আদায়ের পদ্ধতি


যখন কোনো হজ্জ আদায়েচ্ছু ব্যক্তি মীকাতের কাছাকাছি হবে, তখন তার গোঁফ ছোট করা, চুল ছাঁটা, নখ কাটা, গোসল করা, ওযু করা, সুগন্ধি লাগানো এবং ইহরামের পোশাক পরা মুستাহাব। মীকাতে পৌঁছার পর দু'রাকাত নামায পড়বে ও ইহরাম বাঁধবে, ইফরাদ হজ্জ করতে চাইলে শুধু হজ্জ, তামাতু করতে চাইলে শুধু ওমরা এবং কিরান করতে চাইলে হজ্জ ওমরা উভয়টির নিয়ত করবে। এই ইহরাম ফরয ও হজ্জের রুকন। এটি ছাড়া হজ্জ ও ওমরা আদায় হবেনা। কিন্তু কি ধরনের হজ্জ করবে, ইফরাদ, না কিরান, না তামাত্তু, সেটা স্থির করা ফরয নয়। হজ্জের ধরন উল্লেখ না করে সাধারণভাবে নিয়ত করলে ইহরাম শুদ্ধ হবে। সাধারণভাবে নিয়ত করার পর উক্ত তিন ধরনের হজ্জের যে কোনোটি করতে পারবে।
ইহরাম বাঁধা মাত্রই তার জন্য উচ্চ কণ্ঠে তালবিয়া পড়া শরিয়তের হুকুম। যখনই কোনো উঁচু জায়গায় আরোহণ করবে কিংবা নিচু উপত্যকায় নামবে, কাউকে দেখবে, শেষ রাতে এবং প্রত্যেক ফরয নামাযের পর তালবিয়া পড়বে। ইহরামকারীর জন্য সহবাস ও যৌন উত্তেজনা সৃষ্টিকারী যে কোনো কাজ এবং সহযাত্রিদের সাথে ঝগড়া, তর্ক ও বিবাদ বিসম্বাদ থেকে বিরত থাকা এবং নিজে বিয়ে না করা এবং অন্যকে বিয়ে না দেয়া অপরিহার্য কর্তব্য। ইহরামকারীকে সেলাই করা পোশাক ও পায়ের গিরের ওপরের কোনো অংশ আবৃত করে এমন জুতা পরা পরিহার করতে হবে। ইহরামকারী মাথা ঢাকতে পারবেনা। সুগন্ধি লাগাতে পারবেনা। কোনো চুল বা পশম কামাতে পারবেনা। কোনো নখ কাটতে পারবেনা, স্থলের কোনো শিকার ধরা বা বধ করার চেষ্টা করতে পারবেনা। হারাম শরিফের কোনো গাছ বা ঘাসপাতা কাটতে পারবেনা।
তারপর যখন মক্কায় প্রবেশ করবে তখন মক্কায় উঁচু স্থান দিয়ে প্রবেশ করা মুستাহাব। সম্ভব হলে তার আগে যাহেরে অবস্থিত যীতুয়ার কুয়া থেকে গোসল করাও মুستাহাব। তারপর কা'বার দিকে রওনা হবে এবং 'বাবুস সালাম' দিয়ে প্রবেশ করবে। প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া পড়বে, মসজিদে প্রবেশের আদব ও নিয়ম পালন করবে, তালবিয়া পড়বে এবং একাগ্রতা ও বিনয়সহকারে প্রবেশ করবে। কা'বার ওপর দৃষ্টি পড়া মাত্র দু'হাত উঁচু করে আল্লাহর অনুগ্রহ চাইবে এবং এজন্য নির্ধারিত মুস্তাহাব দোয়া পড়বে।
এরপর সরাসরি হাজরে আসওয়াদের দিকে যাবে, তাতে বিনা শব্দে চুমু দেবে অথবা হাত দিয়ে স্পর্শ করবে এবং হাতকে চুমু দেবে। এর কোনোটা সম্ভব না হলে দূর থেকে হাত দিয়ে ইশারা করবে।
তারপর হাজরে আসওয়াদ সোজাসুজি দাঁড়াবে, হাদিস ও সুন্নাহ থেকে প্রাপ্ত দোয়া পড়বে, দোয়া মাছূরা পড়বে, অতপর তওয়াফ শুরু করবে। প্রথম তিন চক্করে (ইতিপূর্বে বর্ণিত নিয়মে) ইযতিবা ও রমল করবে এবং অবশিষ্ট চার চক্কর স্বাভাবিকভাবে ও ধীরে সুস্থে করবে। প্রত্যেক চক্করে রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ স্পর্শ করা সুন্নত।
তওয়াফ শেষ হলে "ওয়াত্তাখিযু মিন মাকামি ইবরাহিমা মুসাল্লা" (মাকামে ইবরাহিমকে নামাযের জায়গারূপে গ্রহণ করো) এই আয়াত পড়তে পড়তে মাকামে ইবরাহিমে যাবে, সেখানে দু'রাকাত তওয়াফের নামায পড়বে। তারপর যমযমে আসবে, সেখানে থেকে তৃপ্তিসহকারে পানি পান করবে। তারপর 'মুলতাযামে' আসবে, তারপর দুনিয়া ও আখেরাতের সঠিক কল্যাণসহ যা মনে চাইবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তারপর হাজরে আসওয়াদ স্পর্শ করবে ও চুমু দেবে।
তারপর সাফার দরজা দিয়ে সাফার দিকে চলে যাবে। যাওয়ার সময় পড়বে "ইন্নাস্ সাফা ওয়াল মারওয়াতা মিন শায়ারিল্লাহ” (সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন)।” সাফার উপর আরোহণ করবে, সেখান থেকে কা'বার দিকে মুখ করবে, হাদিস থেকে প্রাপ্ত দোয়া পড়বে, তারপর সেখানে থেকে নামবে, তারপর সাঈ করার চত্তরটিতে যিকর ও ইচ্ছা অনুযায়ী দোয়া করতে করতে সাঈ করবে। চিহ্নিত দুই খুঁটির মাঝখানে পৌঁছলে জোরে জোরে হাঁটবে। তারপর স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মারওয়া চলে যাবে। সিঁড়িতে উঠে কা'বার দিকে মুখ করবে, মুখ করে যিকর ও দোয়া করবে। এভাবে এক চক্কর পূর্ণ করবে। একইভাবে সাঈ করতে করতে সাত চক্কর পূর্ণ করবে। এই সাঈ ওয়াজিব এবং এটা তরক করলে দম দিতে হবে, চাই পুরো তরক করুক বা অংশ বিশেষ তরক করুক।
এরপর ইহরামকারী যদি তামাত্তুকারী হয়, তবে সে তার মাথা কামাবে অথবা ছাঁটবে। এর মাধ্যমে তার ওমরা পূর্ণ হবে। এরপর ইহরাম দ্বারা তার উপর যেসব কাজ নির্দিষ্ট ছিলো তা হালাল হয়ে যাবে, এমনকি স্ত্রী-সহবাসও। কিন্তু কিরানকারী ও ইফরাদকারীর ইহরাম বহাল থাকবে।
তারপর জিলহজ্জের আট তারিখে তামাত্তুকারী তার বাসস্থান থেকেই ইহরাম করবে। সে ও অন্য যারা আগের ইহরামে বহাল আছে, তারা মিনা অভিমুখে যাত্রা করবে এবং মিনায় রাত যাপন করবে।
অতপর যখন সূর্য উঠবে তখন সেখানে থেকে আরাফাত রওনা হয়ে যাবে, মসজিদে নামেরার কাছে গিয়ে যাত্রাবিরতি করবে, গোসল করবে এবং ইমামের সাথে জামাতে যোহর ও আসর যোহরের সময় একত্র পড়বে এবং কসর পড়বে। ইমামের সাথে পড়া সম্ভব হলে এভাবে পড়বে। নচেত কসর ও দুই নামাযকে একত্রে যোহরের সময় পড়বে যেভাবে সম্ভব। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পরে ব্যতীত আরাফায় অবস্থান করবেনা। আরাফাতের প্রস্তরপূর্ণ স্থানে বা তার কাছাকাছি অবস্থান করবে। কেননা এটা রসূলুল্লাহ সা. এর অবস্থানের স্থান। আরাফায় অবস্থান হজ্জের শ্রেষ্ঠতম রুকন। জাবালুর রহমতে আরোহণ করা সুন্নতও নয়, উচিতও নয়। কেবলামুখি হয়ে থাকবে এবং যিকর ও কাকুতি মিনতি সহকারে দোয়া করতে থাকবে যতক্ষণ না সন্ধ্যা হয়।
অতপর সন্ধ্যা নেমে আসার পর মুযদালিফা অভিমুখে রওনা হবে, সেখানে মাগরিব ও এশা এশার সময়ে পড়বে এবং রাত যাপন করবে। ফজর হওয়া মাত্রই মাশয়ারুল হারামে বস্থান নেবে এবং সকাল পুরোপুরি উজ্জ্বল হওয়ার আগ পর্যন্ত বেশি করে আল্লাহর যিকর করতে থাকবে, এখান থেকে কংকর সংগ্রহ করে যাত্রা শুরু করবে এবং মিনায় ফিরে যাবে। মাশয়ারুল হারামে অবস্থান করা ওয়াজিব এবং তা তরক করলে দম দিতে হবে।
সূর্যোদয়ের পর আকাবার জামরায় সাতটা কংকর নিক্ষেপ করবে। এরপর সম্ভব হলে তার পশু কুরবানি করবে। অতপর মাথার চুল কামাবে অথবা ছোট করবে। চুল কামানো বা ছাঁটার মাধ্যমে একমাত্র স্ত্রী সহবাস ব্যতীত আর যতো কাজ তার জন্য নিষিদ্ধ ছিলো, সবই হালাল হয়ে যাবে। অতপর মক্কায় ফিরে যাবে। সেখানে তওয়াফে এফাযা করবে। এটা একটা রুকন ও ফরয তওয়াফ তওয়াফে কুদুমের ন্যায়। এ তওয়াফ সম্পন্ন করবে। এ তওয়াফকে তওয়াফে যিয়রাতও বলা হয়। আর তামাত্তুকারী হলে তওয়াফে ইযাফার পরে সাফা ও মারওয়ায় সাঈ করবে। আর ইফরাদকারী বা কিরানকারী হলে এবং তওয়াফে কুদুম করে থাকলে তার এ সময় সাঈ করতে হবেনা। এই তওয়াফের পর তার জন্য স্ত্রী সহবাসসহ সমস্ত নিষিদ্ধ কাজ হালাল হয়ে যাবে।
এরপর পুনরায় মিনায় ফিরে যাবে ও রাত্র যাপন করবে। এই রাত্র যাপন ওয়াজিব। এটা তরক করলে দম দিতে হবে। আর যখন ১১ই জিলহজ্জ সূর্য পশ্চিমে ঢলে পড়বে, তিনটি জামরাতে কংকর নিক্ষেপ করবে। মিনার সাথে সংলগ্ন জামরা থেকে শুরু করবে, তারপর মধ্যবর্তী জামরায় কংকর নিক্ষেপ করবে। কংকর নিক্ষেপের পর কিছুক্ষণ অবস্থান করে দোয়া ও যিকর করবে। তারপর আকাবার জামরায় কংকর নিক্ষেপ করবে। এই কংকর নিক্ষেপের পর তার কাছে অবস্থান করবেনা। সবকটা জামরায় সাতটা করে কংকর নিক্ষেপের কাজ সূর্যাস্তের আগেই সমাধা করে ফেলা উত্তম। ১২ই জিলহজ্জ তারিখেও তদ্রূপ করবে। এরপর দুটো কাজের যে কোনো একটা করার স্বাধীনতা তার থাকবে : হয় ১২ই জিলহজ্জ সূর্যাস্তের আগে মক্কায় চলে যাবে, নচেত মিনায় রাত যাপন ও সেই সাথে পরবর্তী দিন ১৩ই জিলহজ্জ কংকর নিক্ষেপ করবে। কংকর নিক্ষেপ করা ওয়াজিব। এটা তরক করলে দম দিয়ে ক্ষতিপূরণ করা যায়। যখন মক্কায় ফিরবে এবং স্বদেশে ফেরার ইচ্ছা করবে, তখন তওয়াফে বিদা বা বিদায়ী তওয়াফ করবে। বিদায়ী তওয়াফ ওয়াজিব। বিদায়ী তওয়াফ তরক করে যে ব্যক্তি মক্কা ছেড়ে চলে যাবে, সে যদি মীকাত অতিক্রম না করে এবং তার পক্ষে যদি মক্কায় ফিরে যাওয়া সম্ভব হয়, তবে ফিরে গিয়ে বিদায়ী তওয়াফ করবে, নচেত একটা ছাগল কুরবানি করবে।
এ পর্যন্ত যা কিছু বলা হলো, তা থেকে জানা গেলো যে, হজ্জ ও ওমরার কাজ হলো, মীকাত থেকে ইহরাম করা, তওয়াফ, সাঈ, চুল কাটা, এগুলো করলে ওমরা শেষ হয়। এর উপর বৃদ্ধি পায় হজ্জ, আরাফায় অবস্থান, মিনায় কংকর নিক্ষেপ, তওয়াফে এফাযা, মিনায় রাত যাপন, মুযদালিফায় রাত যাপন, কুরবানি, চুল কামানো বা ছাঁটা। এই হচ্ছে হজ্জ ও ওমরার সংক্ষিপ্ত সার।
দ্রুত দেশে ফেরা মুস্তাহাব : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : সফর হচ্ছে আযাবের একটা অংশ। তোমাদের পানাহার এ দ্বারা বিঘ্নিত হয়। কাজেই তোমরা যখন সফরের উদ্দেশ্য অর্জন করো, তখন দ্রুত তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়া উচিত। -বুখারি, মুসলিম।
আয়েশা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমাদের কেউ তার হজ্জ সম্পন্ন করে, তখন তার দ্রুত নিজের পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়া উচিত। কেননা এটা তার জন্য অধিকতর পুরস্কার নিশ্চিত করবে। -দারু কুতনি। আর মুসলিম বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : মুহাজির তার যাবতীয় ইবাদত (হজ্জ ওমরা কুরবানি ইত্যাদি) সম্পন্ন করার পর তিন দিন অবস্থান করবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00