📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মদিনার উপর মক্কার শ্রেষ্ঠত্ব

📄 মদিনার উপর মক্কার শ্রেষ্ঠত্ব


অধিকাংশ আলেমের মতে মক্কা মদিনার চেয়ে শ্রেষ্ঠ। আহমদ, ইবনে মাজাহ ও তিরমিযি আব্দুল্লাহ বিন আদী থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. মক্কাকে উদ্দেশ্য করে বলেছেন : আল্লাহর কসম, তুমি আল্লাহর শ্রেষ্ঠতম ভূখণ্ড এবং আল্লাহর নিকট প্রিয়তম ভূখণ্ড। আমাকে যদি তোমা থেকে বহিষ্কৃত করা না হতো, তবে আমি বের হতামনা।" তিরমিযি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. মক্কাকে সম্বোধন করে বলেছিলেন: আমার নিকট তোমার চেয়ে ভালো ও প্রিয় নগরী আর নেই। আমার জাতি যদি আমাকে তোমা থেকে বের করে না দিতো, তবে আমি তোমার যমীনে ব্যতীত আর কোথাও বসবাস করতামনা।"

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইহরাম ব্যতিত মক্কায় প্রবেশ

📄 ইহরাম ব্যতিত মক্কায় প্রবেশ


যে ব্যক্তি হজ্জ বা ওমরা করতে ইচ্ছুক নয়, তার জন্য ইহরাম ব্যতিত মক্কায় প্রবেশ বৈধ চাই তার প্রবেশ এমন কোনো প্রয়োজনে হোক, যা ঘন ঘন দেখা দেয়, যেমন কাঠ ঘাস ও পানির সরবরাহকারী ও সংগ্রহকারী শিকারী ইত্যাদি অথবা ঘন ঘন দেখা দেয়না, যেমন ব্যবসায়ী পর্যটক ইত্যাদি এবং চাই সে নিরাপদ ব্যক্তি হোক অথবা আতংকগ্রস্ত হোক। ইমাম শাফেয়ীর দুটি মতের মধ্যে এটি বিশুদ্ধতর মত। তার শিষ্য্যরা এই মত অনুসারেই ফতোয়া দিয়ে থাকেন। মুসলিমের হাদিসে রয়েছে, রসূলুল্লাহ সা. কালো পাগড়ি মাথায় দিয়ে বিনা ইহরামে মক্কায় প্রবেশ করেছেন। ইবনে উমর রা. সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি কোনো এক সফর থেকে ফিরে বিনা ইহরামে মক্কায় প্রবেশ করেছেন।

ইবনে শিহাব বলেছেন: বিনা ইহরামে মক্কায় প্রবেশে কোনো বাধা নেই। ইবনে হাযম বলেছেন: বিনা ইহরামে মক্কায় প্রবেশ বৈধ। কেননা রসূল সা. শুধুমাত্র হজ্জ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তির জন্য মীকাত নির্ধারণ করেছেন। যে ব্যক্তি হজ্জ বা ওমরা পালনে ইচ্ছুক নয়, তার জন্য মীকাত নির্ধারণ করেননি। আল্লাহ ও তার রসূল সা. কোথাও এ মর্মে আদেশ দেননি যে, মক্কায় বিনা ইহরামে প্রবেশ করা যাবেনা। সবার জন্য ইহরাম বাধ্যতামূলক করা হলে তা হবে শরিয়ত বহির্ভূত একটা বিধি।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মক্কা শরিফ ও মসজিদুল হারামে প্রবেশের জন্য যা করা মুস্তাহাব

📄 মক্কা শরিফ ও মসজিদুল হারামে প্রবেশের জন্য যা করা মুস্তাহাব


মক্কায় প্রবেশের জন্য নিম্নোক্ত কাজগুলো করা মুস্তাহাব :
১. গোসল করা। বর্ণিত আছে, ইবনে উমর রা. মক্কায় প্রবেশের জন্য গোসল করতেন। ২. আয যাহের অঞ্চলের যীতুয়াতে রাত যাপন। কেননা রসূলুল্লাহ সা. সেখানে রাত্র যাপন করছেন। নাফে বলেছেন: ইবনে উমরও এরূপ করতেন। -বুখারি ও মুসলিম।
৩. সর্বোচ্চ গিরিপথ ছানিয়া কিদা দিয়ে প্রবেশ করা। রসূলুল্লাহ সা. মুয়াল্লার দিক দিয়ে প্রবেশ করেছেন। যার পক্ষে এটা সহজ সাধ্য হয়, সে এই পথ দিয়ে প্রবেশ করবে। নচেত যেদিক দিয়ে প্রবেশ করা তার পক্ষে সম্ভব সেদিক দিয়ে প্রবেশ করবে। এতে কোনো বাধা নেই।
৪. কোনো নিরাপদ জায়গায় জিনিসপত্র রেখে আল্লাহর ঘরে যাওয়া এবং বনু শায়বার প্রবেশ দ্বার বাবুস সালাম দিয়ে প্রবেশ করা এবং একাগ্রতা ও কাকুতি মিনতি সহকারে বলা: أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ، بِسْمِ اللَّهِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ وَسَلَّمَ.
"মহামহিম আল্লাহর নিকট তারা মহিমান্বিত সত্তার নিকট তার অনাদি ও অনন্ত পরাক্রমের নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহর নামে। হে আল্লাহ মুহাম্মদের উপর ও তাঁর বংশধর ও অনুসারিদের ওপর রহমত ও সালাম পাঠাও। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করো এবং আমার জন্য তোমার রহমতের দুয়ার খুলে দাও।"
৫. আল্লাহর ঘরের ওপর দৃষ্টি পড়া মাত্রই হাত উঁচু করে বলবে: اللَّهُمَّ زِدْ هُذَا الْبَيْتَ تَشْرِيفًا، وَتَعْظِيمًا وَتَكْرِيمًا وَمَهَابَةٌ، وَزِدْ مَنْ شَرَّفَهُ وَكَرَمَهُ مِمَّنْ حَجَّهُ، أَوْ اعْتَمَرَهُ وَتَشْرِيفًا وَتَكْرِيمًا وَتَعْظِيمًا وَبِرًا .
"হে আল্লাহ, এই ঘরের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করো, এ ঘরের প্রতাপ বৃদ্ধি করো, যে সকল হাজি ও ওমরাকারী এ ঘরকে সম্মান করবে তাদেরও সম্মান ও নেক আমল বৃদ্ধি করো।" -শাফেয়ী কর্তৃক বর্ণিত। তারপর বলবে: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
"হে আল্লাহ, তুমি শান্তি, তোমার কাছ থেকেই শান্তি আসে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে শান্তিতে জীবন যাপন করাও।"
৬. এরপর হাজরে আসওয়াদের কাছে যাবে এবং তাকে বিনা শব্দে চুমু দেবে। চুমু দিতে না পারলে হাত দিয়ে হাজরে আসওয়াদকে স্পর্শ করবে ও হাতকে চুমু দেবে। তাও করতে না পারলে হাজরে আসওয়াদের দিকে হাত দিয়ে ইশারা করবে।
৭. তারপর হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে তওয়াফ শুরু করবে।
৮. তাহিয়াতুল মসজিদ নামায পড়বেনা। কেননা এখানে তওয়াফই তাহিয়াতুল মসজিদ (মসজিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও অভিবাদন)। তবে ফরয নামায শুরু হয়ে গেলে বা আসন্ন হলে ইমামের সাথে তা পড়বে। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: "যখন জামাতে নামায শুরু হয় তখন ফরয ব্যতিত আর কোনো নামায নেই।" অনুরূপ যদি আশংকা হয় নামাযের ওয়াক্ত চলে যাবে তা হলে আগে ফরয নামায পড়ে নেবে তারপর তওয়াফ করবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 তাওয়াফ

📄 তাওয়াফ


তওয়াফের নিয়ম: ১. বগলের নিচে দিয়ে বাম কাঁধে চাদর জড়িয়ে (যদি চাদর গায়ে থাকে) হাত উঁচু করে হাজরে আসওয়াদকে বরাবর রেখে তার দিকে মুখ ফিরিয়ে, তাকে হাত দিয়ে স্পর্শ করে অথবা তার দিকে হাত দিয়ে ইশারা করে, কা'বা শরিফকে বামে রেখে নিম্নোক্ত দোয়া পড়ে তওয়াফ শুরু করা:
بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ، اللَّهُمَّ إِيْمَانًا بِكَ، وَتَصْدِيقًا بِكِتَابِكَ، وَوَفَاء بِعَهْدِكَ، وَإِتِّبَاعًا لِسُنَّةِ النَّبِيِّ ﷺ
আল্লাহর নামে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ, তোমার প্রতি ঈমান সহকারে। তোমার কিতাবকে মান্য করে, তোমার সাথে কৃত অংগীকার পূরণার্থে এবং তোমার নবীর সুন্নত পালনার্থে (তওয়াফ শুরু করছি)।
২. যখন তওয়াফ শুরু করবে, তখন প্রথম তিন চক্করে রমল করা মুস্তাহাব। রমলের নিয়ম হলো, জোরে জোরে ঘন ঘন পা ফেলে কা'বার নিকটবর্তী হবার চেষ্টা সহকারে হাঁটবে। অবশিষ্ট চারটি চক্করে স্বাভাবিক গতিতে হাঁটবে। রমল করতে অসমর্থ হলে কিংবা তওয়াফকারীদের ভিড়ের কারণে কা'বার নিকটবর্তী হতে না পারলে যেভাবে সহজতর হয় সেভাবেই তওয়াফ করবে। সাত চক্করের প্রত্যেক চক্করে রুকনে ইয়ামানীকে স্পর্শ করা এবং হাজরে আসওয়াদকে চুমু দেয়া কিংবা স্পর্শ করা মুস্তাহাব।
৩. তওয়াফের সময় যতো বেশি পারা যায় দোয়া ও যিকর করা। যে দোয়া ও যিকর নিজের মনোপূত তা করা এবং কোনো নির্দিষ্ট দোয়া ও যিকর কিংবা তওয়াফ গাইডের শেখানো দোয়া ও যিকরের মধ্যে সীমাবদ্ধ না থাকা মুস্তাহাব। কেননা শরিয়ত প্রণেতা আমাদের জন্য কোনো নির্ধারিত ও নির্দিষ্ট দোয়া ও যিকর করা বাধ্যতামূলক করেননি। কেউ কেউ যেভাবে প্রথম চক্করের জন্য কিছু নির্দিষ্ট দোয়া ও যিকর এবং দ্বিতীয় চক্করের জন্য অন্য কিছু নির্দিষ্ট দোয়া ও যিকরের উপদেশ দেয় তার কোনো ভিত্তি নেই। রসূলুল্লাহ সা. এর কাছ থেকে এ ধরনের কোনো নির্দিষ্ট দোয়া ও যিকর পাওয়া যায়নি। তওয়াফকারীর পূর্ণ স্বাধীনতা রয়েছে নিজের জন্য, নিজের ভাই বন্ধুদের জন্য যেমন ইচ্ছা দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ চেয়ে দোয়া করতে পারে। হাদিস থেকে যে কটি দোয়া জানা গেছে, তা এখানে উল্লেখ করা যাচ্ছে।
১. রসূলুল্লাহ সা. থেকে মরফু সূত্রে বর্ণিত: যখন হাজরে আসওয়াদের দিকে মুখ করবে তখন বলবে: اللَّهُمَّ إِيْمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ، وَوَفَاء بِعَهْدِكَ، وَإِتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ. “হে আল্লাহ, তোমার প্রতি ঈমান সহকারে, তোমার কিতাবের প্রতি মান্যতা সহকারে। তোমার সাথে কৃত অংগীকার পালনের উদ্দেশ্যে এবং তোমার নবীর সুন্নতের অনুসরণের লক্ষ্যে, বিসমিল্লাহ, আল্লাহ আকবর।"
২. ইবনে মাজাতে বর্ণিত, তওয়াফ শুরু করেই বলবে: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.
৩. রুকনে ইয়ামানীর কাছে পৌঁছলে বলবে: رَبَّنَا أَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. “হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে দোযখের শাস্তি থেকে নিষ্কৃতি দাও।" - আবু দাউদ, শাফেয়ী।
৪. ইমাম শাফেয়ী বলেছেন: যখনই হাজরে আসওয়াদ বরাবর আসবে, আল্লাহু আকবর বলবে এবং রমলের সময় বলবে: হে আল্লাহ, এ হজ্জকে হজ্জ মাবরুর (যে হজ্জ সকল গুনাহ থেকে মুক্ত করে) বানাও। সকল গুনাহ মাফ করো এবং সকল চেষ্টা সাধনা কবুল করো। আর তওয়াফের প্রত্যেক চক্করে বলবে: "হে আল্লাহ, মাফ করো ও দয়া করো। যতো গুনাহর কথা তুমি জান তা সব মাফ করো। তুমিই তো সবচেয়ে প্রতাপশালী। সর্বাপেক্ষা সম্মানিত। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও এবং দোযখের আযাব থেকে নিষ্কৃতি দাও।" ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত: তিনি (ইবনে আব্বাস) উভয় রুকনের মাঝে বলতেন:
"হে আল্লাহ যে জীবিকা তুমি দিয়েছো, তাতেই আমাকে তৃপ্তি দাও। তাতে বরকত দাও এবং আমার যা কিছু হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস দ্বারা ক্ষতিপূরণ করো।" হাফেয সাঈদ বিন মানসূর এবং হাকিম।
৫. তারপর যখন সাত চক্কর তওয়াফ সমাপ্ত করবে তখন মাকামে ইবরাহিমের নিকট দু'রাকাত নামায পড়বে এবং পবিত্র কুরআনের এই অংশটি পড়তে থাকবে : وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّى "মাকামে ইবরাহিম (ইবরাহিমের দাঁড়ানোর জায়গা) থেকে একটি জায়গা নামাযের জন্য নির্বাচন করো।" এর মাধ্যমে তওয়াফ সমাপ্ত হয়। তওয়াফকারী যদি ইফরাদ হজ্জ আদায়কারী হয় তাহলে এই তওয়াফকে 'তওয়াফ কুদুম' (আগমনের তওয়াফ), তওয়াফুত্ তাহিয়া (অভিবাদনের বা শ্রদ্ধা ভাজনের তওয়াফ) এবং তাওয়াফুদ দুখুল (প্রবেশের তওয়াফ) নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এ তওয়াফ হজ্জের রুকন অর্থাৎ অপরিহার্য অংশ নয় এবং ওয়াজিব নয়। আর কিরান বা তামাতু হজ্জ আদায়কারীর জন্য এ তওয়াফ 'ওমরার তওয়াফ' হিসেবে গণ্য। এ তওয়াফ দ্বারা তার তওয়াফুত তাহিয়া ও তওয়াফ কুদুমও আদায় হয়ে যাবে। কিরান ও তামাত্তু হজ্জ আদায়কারীকে এরপর সাফা ও মারওয়ার মাঝে সাঈ করার মধ্য দিয়ে ওমরা সমাপ্ত করতে হবে।

তওয়াফকারীর কুরআন তেলাওয়াত: তওয়াফকারী তওয়াফের সময় কুরআন তেলাওয়াত করতে পারে। কারণ তওয়াফ আল্লাহর যিকরের জন্যই শরিয়তে বিধিবদ্ধ হয়েছে। আর কুরআন হলো যিকর।
আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহর ঘরে ও সাফা ও মারওয়ার মাঝে তওয়াফ এবং কংকর নিক্ষেপের উদ্দেশ্য আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠিত করা ছাড়া আর কিছু নয়। - আবু দাউদ, তিরমিযি।

তওয়াফের ফযিলত: বায়হাকি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ তাঁর মহিমান্বিত ঘরে এসে হজ্জ আদায়কারীদের জন্য একশো বিশিষ্ট রহমত বরাদ্দ করেছেন। ষাটটি তওয়াফকারীর জন্য, চল্লিশটি নামায আদায়কারীদের জন্য এবং বিশটি দর্শকদের জন্য। (অর্থাৎ আল্লাহর ঘরের প্রতি দৃষ্টিপাতকারীদের জন্য)

তওয়াফ কয় প্রকার ও কী কী তাওয়াফ চার প্রকার। যেমন: ১. তওয়াফ কুদুম, ২. তওয়াফ ইযাকা, ৩. তওয়াফ বিদা ও ৪. নফল তওয়াফ। এসব তাওয়াফ করা প্রত্যেক হাজির কর্তব্য। মক্কায় উপস্থিত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে যতো বেশি সম্ভব নফল তওয়াফ করা ও মসজিদুল হারামে নামায পড়া দরকার। কেননা মসজিদুল হারামের নামাযের সওয়াব অন্যান্য মসজিদের চেয়ে এক লক্ষ গুণ বেশি। নফল তওয়াফে রমল ও চাদর বগলের নিচ দিয়ে বাম কাঁধে জড়ানো জরুরি নয়। মসজিদুল হারামে যতোবার প্রবেশ করা হয়, ততোবার তওয়াফ দ্বারা তাকে সম্মান প্রদর্শন করা সুন্নত। অন্যান্য মসজিদের বেলায় 'তাহিয়াতুল মসজিদ'-এর দু'রাকাত নফল দ্বারা সম্মান প্রদর্শন করতে হয়।

তওয়াফের 'কিছু শর্ত', কিছু সুন্নত ও কিছু আদব রয়েছে, যা নিম্নে উল্লেখ করা যাচ্ছে:

তওয়াফের শর্তাবলি: তওয়াফের জন্য নিম্নোক্ত শর্তসমূহ পালন করা আবশ্যক:
১. সর্বপ্রকারের নাপাকি থেকে: যথা ছোট নাপাকি থেকে (ওযুর মাধ্যমে) বড় নাপাকি থেকে (গোসলের মাধ্যমে) এবং নাপাক রক্ত থেকে (সংশ্লিষ্ট জায়গা ধুয়ে ফেলার মাধ্যমে) পবিত্র হওয়া। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: তওয়াফ এক প্রকার নামায। ব্যতিক্রম শুধু এই যে, আল্লাহ এতে কথ বলা বৈধ করেছেন। যে ব্যক্তি কথা বলছে, সে যেনো ভালো বিষয়ে ছাড়া কথা না বলে।" তিরমিযি, দার কুতনি। আয়েশা রা. থেকে বর্ণিত: রসূল সা. তার কাছে গিয়ে
দেখলেন, আয়েশা কাঁদছেন। তিনি বললেন: তোমার কি হায়েয হয়েছে? আয়েশা বললেন! হ্যাঁ। রসূলুল্লাহ সা. বললেন: এটা এমন একটা জিনিস, যা আল্লাহ আদমের মেয়েদের জন্য অনিবার্য করে দিয়েছেন। সুতরাং অন্যান্য হাজি যা যা করে, তুমি তার সবই করো। কেবল কা'বা শরিফে তওয়াফ করোনা যতোক্ষণ না গোসল করো।-মুসলিম।

আয়েশা রা. আরো বলেন: রসূলুল্লাহ সা. যখনই মক্কায় আসতেন। সর্বাগ্রে ওযু করে আল্লাহর ঘরের তওয়াফ করতেন। বুখারি ও মুসলিম। যে ব্যক্তি এমন নাপাকি বহন করে যা দূর করা সম্ভব নয়। যেমন অবিরাম পেশাব-এর রোগ এবং মহিলাদের ইস্তিহাযা রোগ, যা অবিরাম রক্তস্রাব ঘটায়, সে তওয়াফ করতে পারবে। এতে কোনো কাফফারা দিতে হবেনা। এটা সর্বসম্মত মত।

মালেক বর্ণনা করেন: এক মহিলা আব্দুল্লাহ ইবনে উমরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলো। সে বললো: আমি আল্লাহর ঘরের তওয়াফ করার উদ্দেশ্যে এসেছি। মসজিদুল হারামের দরজার কাছে আসতেই আমার রক্তস্রাব শুরু হয়ে গেছে। তাই আমি ফিরে গেলাম। তারপর আমি তা থেকে মুক্ত হলাম। তারপর আবার তওয়াফ করতে এলাম। কিন্তু যখনই মসজিদুল হারামের দরজার কাছে এসেছি, অমনি স্রাব শুরু হলো। এভাবে তিনবার হলো। আব্দুল্লাহ বললেন: এটা শয়তানের পক্ষ থেকে একটা আঘাত। অতএব তুমি গোসল করো, একটা নেকড়া দিয়ে স্রাবের মুখে পট্টি বাঁধ এবং তওয়াফ করো। (হানাফীদের মতে ছোট নাপাকি থেকে পবিত্র হওয়া তওয়াফের শর্ত নয়। এটা ওয়াজিব এবং একটা কুরবানি (দম) দ্বারা এর ক্ষতি পূরণ হয়। ছোট নাপাকি নিয়ে বিনা ওযুতে তওয়াফ করলে তওয়াফ শুদ্ধ হবে এবং একটা ছাগল কুরবানি করা ওয়াজিব হবে। আর বড় নাপাকি নিয়ে অথবা ঋতুবতী অবস্থায় তওয়াফ করলে তাও শুদ্ধ হবে কিন্তু একটা উট কুরবানি করতে হবে এবং মক্কায় অবস্থান কালে কাযা করতে হবে। আর কাপড় বা শরীরে লেগে থাকা নাপাকি থেকে পবিত্র হওয়া সুন্নত মাত্র।)

২. শরীরের গোপনীয় অংশ আবৃত করা: আবু হুরায়রা রা. বলেছেন: বিদায় হজ্জের আগের যে হজ্জটিতে রসূল সা. আবু বকর রা.কে হজ্জের আমির নিযুক্ত করেছিলেন, সেই হজ্জে আবু বকর আমাকে একটি দলের সদস্য করে মক্কায় পাঠালেন। এই দলের দায়িত্ব ছিলো এই মর্মে ঘোষণা দেয়া যে, এ বছরের পর কোনো মোশরেক আর হজ্জ করতে পারবেনা এবং কা'বা শরিফে কোনো ব্যক্তি উলংগ হয়ে তওয়াফ করতে পারবেনা। বুখারি ও মুসলিম। (হানাফীদের মতে, শরীরের গোপনীয় অংশ ঢাকা শর্ত নয়, ওয়াজিব। কেউ যদি নগ্ন হয়েও তওয়াফ করে। তবে তা শুদ্ধ হবে এবং তা কাযা করতে হবে। তবে মক্কা থেকে বের হয়ে গেলে একটা ছাগল কুরবানি করতে হবে।)

৩. তওয়াফে সাতটি চক্কর পূর্ণ করতে হবে। কোনো চক্করে এক কদম যদি বাকি থাকে, তবে তওয়াফ শুদ্ধ হবেনা। আর যদি চক্করের সংখ্যা নিয়ে সন্দেহ হয়। তাহলে অপেক্ষাকৃত কম সংখ্যাটি ধরে গণনা করবে। যাতে সাতটি চক্কর নিশ্চিত হয়। তওয়াফ শেষ করার পর সন্দেহ হলে তার আর কিছুই করণীয় থাকবেনা। তওয়াফ শুদ্ধ হবে।

৪. হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করা এবং হাজরে আসওয়াদ এসে শেষ করা।

৫. বাইতুল্লাহ (কা'বা) কে বাম দিকে রেখে তওয়াফ করতে হবে। ডান দিকে রেখে তওয়াফ করলে তওয়াফ শুদ্ধ হবেনা। কেননা জাবের রা. থেকে বর্ণিত, রসূল সা. যখন মক্কায় এলেন। হাজরে আসওয়াদের কাছে এলেন এবং তা স্পর্শ করলেন। তারপর তার ডান দিক দিয়ে হাঁটতে লাগলেন। তিন চক্করে রমল করলেন এবং চার চক্কর স্বাভাবিকভাবে চললেন। (ঘাড় ঝুলিয়ে জোরে জোরে হাঁটার নাম রমল। হানাফীদের মতে, তওয়াফের রুকন অর্থাৎ অপরিহার্য সর্বনিম্ন পরিমাণ হজ্জে চার চক্কর। বাকি তিন চক্কর ওয়াজিব এবং তা বাদ পড়লে একটা ছাগল কুরবানি দিয়ে ক্ষতি পূরণ করা যায়।) মুসলিম।

৬. তওয়াফ বাইতুল্লাহর (কা'বার) বাইরে দিয়ে করতে হবে। হাজরে ইসমাঈলের ভেতরে তওয়াফ করলে তওয়াফ শুদ্ধ হবেনা। কেননা হাজরে ইসমাঈল ও সাজরাওয়ান বাইতুল্লাহর অংশ। (হাজরে ইসমাঈল কা'বার উত্তরে একটি অর্ধবৃত্তাকার বেষ্টনীতে আবদ্ধ। এই হাজরে ইসমাঈল পুরোটা বাইতুল্লাহর অংশ নয়। এর প্রায় তিন মিটার বাইতুল্লাহর অংশ। চার সাজরাওয়ান হচ্ছে কা'বার ভিত্তির সংলগ্ন স্থাপনটির নাম, যার ওপর কা'বার পর্দার রিং রাখা হয়।) আল্লাহ তায়ালা বাইতুল্লাহর পাশে তওয়াফ করতে বলেছেন। বাইতুল্লাহর ভেতরে নয়। তিনি বলেছেন: তারা যেনো প্রাচীন কা'বা গৃহের তওয়াফ করে।” (তওয়াফ শব্দের অর্থই কোনো জিনিসের বাইরের পাশ দিয়ে ঘোরা) সম্ভব হলে বাইতুল্লাহর কাছাকাছি থেকে তওয়াফ করা মুস্তাহাব।

৭. বিরতিহীনভাবে তওয়াফ করা মালেক ও আহমাদের মতে শর্ত। বিনা ওযরে স্বল্প বিরতি এবং ওযর থাকলে কিছুটা বেশি বিরতি দেয়াতে ক্ষতি নেই। হানাফী ও শায়েফীদের মতে বিরতিহীন তওয়াফ করা সুন্নত, শর্ত নয়। বিনা ওযরে তওয়াফের মাঝখানে দীর্ঘ বিরতি দিলে তওয়াফ বাতিল হবেনা। বিরতির পূর্বে যতটুকু তওয়াফ করা হয়েছিল বিরতি পর বাকিটুকু করে তওয়াফ শেষ করবে। সাঈদ বিন মনসূর বর্ণনা করেন: হামিদ বিন যায়দ বলেছেন: আমি আব্দুল্লাহ ইবনে উমর রা. কে দেখেছি। বাইতুল্লাহর তিন বা চার চক্কর তওয়াফ করে বিশ্রাম নিচ্ছেন এবং তার জনৈক খাদেম তাকে বাতাস করছে। কিছুক্ষণ পর তিনি উঠলেন এবং তওয়াফের যেটুকু সম্পন্ন করেছিলেন তার পরবর্তী অংশ সম্পন্ন করলেন। শাফেয়ী ও হানাফী মতানুসারে তওয়াফের মাঝখানে ওযু ছুটে গেলে ওযু করে নেবে এবং তওয়াফের অবশিষ্ট অংশ সম্পন্ন করবে। নতুন করে শুরু করার প্রয়োজন নেই, চাই বিরতি যতো দীর্ঘ হোক না কেনো।

ইবনে উমর রা. সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি বাইতুল্লাহর তওয়াফ করছিলেন। ইতিমধ্যে নামাযের জামাত দাঁড়িয়ে গেলো। তিনি জামাতের সাথে নামায পড়লেন। তারপর তওয়াফের যেটুকু বাকি ছিলো তা শেষ করলেন। আতা বললেন: কোনো ব্যক্তি তওয়াফের একাংশ শেষ করার পর জানাযা উপস্থিত হলে তওয়াফ স্থগিত করে জানাযার নামায পড়ে নেবে। তারপর তওয়াফে ফিরে যাবে এবং যেটুকু বাকি ছিলো তা সম্পূর্ণ করবে।

তওয়াফের সুন্নতসমূহ: তওয়াফের কিছু সুন্নত রয়েছে, যা নিম্নে উল্লেখ করা যাচ্ছে:
১. তওয়াফের শুরুতে হাজরে আসওয়াদের দিকে মুখ করে নামাযের মতো দু'হাত উঁচু করে আল্লাহু আকবর ও লাইলাহা ইল্লাল্লাহ বলবে। হাজরে আসওয়াদের উপর দু'হাত রেখে তা স্পর্শ করে ও বিনা শব্দে চুমু দিয়ে তার ওপর কপাল রাখবে। কপাল রাখা সম্ভব না হলে শুধু হাত দিয়ে স্পর্শ করবে ও চুমু দেবে অথবা নিজের কাছে থাকা কোনো জিনিস দ্বারা স্পর্শ করবে ও তাকে চুমু দেবে। অথবা তার দিকে কোনো লাঠি ইত্যাদি দ্বারা ইশারা করবে। এ ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তার কয়েকটি এখানে উল্লেখ করছি:
ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. হাজরে আসওয়াদের দিকে মুখ করলেন ও তাকে স্পর্শ করলেন। তারপর নিজের ঠোঁটদ্বয় রাখলেন এবং দীর্ঘক্ষণ কাঁদলেন। উমরও রা. দীর্ঘক্ষণ কাঁদলেন। তখন রসূল সা. বললেন: হে উমর এই জায়গাতেই বেশি করে চোখের পানি ফেলতে হয়। -হাকেম।

ইবনে আব্বাস রা. বলেন, উমর রা. হাজরে আসওয়াদের ওপর ঝুঁকে পড়ে বললেন: আমি জানি তুমি একটা পাথর। কোনো ক্ষতি বা উপকার করতে পারোনা। আমি যদি না দেখতাম আমার প্রিয় নবী তোমাকে চুমু দিচ্ছেন ও স্পর্শ করছেন, তবে আমি তোমাকে স্পর্শও করতামনা, চুমুও দিতামনা। আল্লাহ বলেছেন: لَقَنْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللَّهِ أُسْوَةً حَسَنَةٌ "আল্লাহর রসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।" -আহমদ এবং অন্যান্য।
নাফে বলেন, ইবনে উমর রা. কে দেখেছি প্রথমে হাজরে আসওয়াদ হাত দিয়ে স্পর্শ করেছেন।
তারপর হাতকে চুমু খেয়েছেন এবং বলেছেন: রসূল সা. কে এরূপ করতে দেখার পর থেকে আমি কখনো এরূপ করা বন্ধ করিনি। -বুখারি ও মুসলিম।
সুয়াইদ বিন গাফলা রা. বলেছেন, উমর রা. কে দেখেছি হাজরে আসওয়াদকে চুমু খেতেন এটা সব সময় অব্যাহত রাখতেন এবং বলতেন: রসূলুল্লাহ সা. কে তোমার প্রতি অতিশয় অনুরক্ত ও সমাদরকারী দেখেছি। মুসলিম।

ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বাইতুল্লায় এসেই হাজরে আসওয়াদকে স্পর্শ করতেন এবং বলতেন: 'বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর।' আহমদ
আবুত তুফাইল বলেছেন: রসূল সা. কে বাইতুল্লাহর তওয়াফ করতে দেখেছি এবং তার কাছে থাকা একটা বাঁকা মাথা বিশিষ্ট লাঠি ধারা হাজরে আসওয়াদকে স্পর্শ করছেন। অতপর সেই লাঠিকে চুম্বন করেছেন। মুসলিম।

বুখারি, মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন, উমর রা. হাজরে আসওয়াদকে চুম্বন করতেন। তারপর বলতেন: আমি জানি তুমি একটা পাথর। কোনো ক্ষতি বা উপকার করতে পারোনা। আমি যদি না দেখতাম রসূলুল্লাহ সা. তোমাকে চুম্বন করছেন, তবে আমি তোমাকে চুম্বন করতামনা।

খাত্তাবি বলেন: এ হাদিস থেকে জানা যায় যে, সুন্নতের অনুসরণ করা বাধ্যতামূলক যদিও তার কোনো কারণ বা যুক্তি জানা না যায়। যখনই কোনো সুন্নত কেউ জানতে পারবে, তখন তার যুক্তি না বুঝলেও তা পালন করা তার জন্য অপরিহার্য। অবশ্য মোটামুটিভাবে এটা সবার জানা আছে যে, রসূল সা. কর্তৃক হাজরে আসওয়াদকে চুম্বন করার উদ্দেশ্য তাকে সম্মান প্রদর্শন করা। তার যথাযথ মর্যাদা দান ও তার দ্বারা বরকত লাভ করা ব্যতিত কিছু নয়। আল্লাহ তায়ালা কিছু পাথরকে অন্যান্য পাথরের উপর কিছু শহর ও স্থানকে অন্যান্য শহর ও স্থানের উপর এবং কিছু রাত দিন ও মাসকে অন্যান্য রাত দিন ও মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এসব কিছুর ভিত্তি হলো, আল্লাহর রসূলের প্রদর্শিত কার্যধারার প্রতি নিঃশর্ত আনুগত্য।

কোনো কোনো হাদিসে একটা কথা বলা হয়েছে, যা অত্যন্ত যুক্তিযুক্ত। সেটি হলো: "হাজরে আসওয়াদ পৃথিবীতে আল্লাহর ডান হাত।" এর অর্থ হলো, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে হাত দিয়ে স্পর্শ করবে, আল্লাহর কাছে সে একটা প্রতিশ্রুতি লাভ করবে। রাজা বাদশারা যেমন কাউকে মিত্র হিসেবে পেতে চাইলে বা কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে তার সাথে হাত মিলিয়ে সে ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করে অথবা রাজা বাদশাদের হাতে যেমন হাত দিয়ে বায়াত করা হয়, এটাও তেমনি। অনুরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাত চুম্বন করে যেমন চাকর নকররা তার নৈকট্য লাভ করে, এটাও তারই সাথে সাদৃশ্যপূর্ণ।

কিন্তু মুহাল্লাব বলেছেন: "হাজরে আসওয়াদ পৃথিবীতে আল্লাহর ডান হাত, এ দ্বারা যে বান্দার সাথে তিনি ইচ্ছা করেন হাত মেলান।" অবশ্য কথিত এই হাদিসটি উমর বা তার উক্ত হাদিস দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। কেননা আল্লাহর হাত থাকতে পারে এমন কথা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। হাজরে আসওয়াদকে চুম্বন করার আদেশ দিয়েছেন শুধু এজন্য যেনো কে কতটা আল্লাহর অনুগত তা চাক্ষুসভাবে পরীক্ষা হয়ে যায়। আদমকে সাজদা করতে ইবলিসকে আদেশ দানের ঘটনার মধ্যে এর নজীর বিদ্যমান। উল্লেখ্য যে, ইবরাহিম আ. কর্তৃক কাবার যেসব পাথর স্থাপিত হয়েছিল তার মধ্য থেকে হাজরে আসওয়াদ ব্যতীত আর কোনো পাথর অবশিষ্ট আছে কিনা, নিশ্চিতভাবে জানা যায়না।

হাজরে আসওয়াদের কাছে প্রতিযোগিতা করা জায়েয। হাজরে আসওয়াদে কাউকে কষ্ট না দেয়ার শর্তে প্রতিযোগিতা করাতে কোনো দোষ নেই। ইবনে উমর রা. প্রতিযোগিতা করতে
গিয়ে নিজের নাককে রক্তাক্ত করে ফেলেছিলেন। রসূলুল্লাহ সা. উমর রা.-কে বলেছিলেন: ওহে আবু হাফস, তুমি অতিশয় শক্তিশালী মানুষ। তুমি হাজরে আসওয়াদের কাছে প্রতিযোগিতা করোনা তাহলে তুমি দুর্বলকে কষ্ট দেবে। তবে যখন জায়গাটা নির্জন পাও তখন হাজরে আসওয়াদ স্পর্শ করো। নচেৎ তকবীর দাও এবং সামনে এগিয়ে যাও। সুনানু শাফেয়ী।

২. তওয়াফের আরেকটি সুন্নত হলো, ইযতিবা করা (চাদরের মধ্যাংশ ডান বগলের নিচে ও চাদরের দুই প্রান্ত বাম কাঁধের ওপর রাখা)। ইবনে আব্বাস রা. বলেছেন: রসূলুল্লাহ সা. ও তাঁর সাহাবিগণ জারানা থেকে ওমরা করলেন। তারা তাদের চাদর বগলের নিচে ও চাদরের প্রান্তভাগ বাম কাঁধের উপর রাখলেন। - আহমদ, আবু দাউদ।

এটাই অধিকাংশ আলেমের মত। আলেমগণ এর যুক্তি হিসেবে উল্লেখ করেছেন যে, ইযতিবা তওয়াফে রমল করার সহায়ক। মালেক বলেন! এটা মুস্তাহাব নয়। কেননা কেউ এটা করেছেন বলে তিনি জানেনওনা। দেখেনওনি তওয়াফের নামাযে সর্বসম্মতভাবে ইযতিবা মুstahab নয়।

৩. আরেকটি সুন্নত হলো, তওয়াফের প্রথম তিন চক্কর রমল করা এবং অবশিষ্ট চার চক্করে স্বাভাবিকভাবে হাঁটা। (রমল হলো, ঘাড় দুলিয়ে দ্রুত গতিতে ও ঘন পা ফেলে হাঁটা, যাতে শক্তিমত্তা ও সাহসিকতা প্রকাশ পায়।)
ইবনে উমর রা. বলেছেন: রসূলুল্লাহ সা. হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত তিন চক্কর রমল সহকারে এবং চার চক্কর স্বাভাবিকভাবে তওয়াফ করেছেন। -আহমদ ও মুসলিম।

যদি কেউ প্রথম তিন চক্করে রমল ত্যাগ করে, তবে পরবর্তী চার চক্করে তা কাযা করতে হবেনা। ইযতিবা ও রমল শুধুমাত্র ওমরার তওয়াফে এবং হজ্জের যে তওয়াফের পর সাফা ও মারওয়ার সাঈ করতে হয় সেই তওয়াফে পুরুষদের জন্য করণীয়। শাফেয়ীদের মতে তওয়াফ কুদুমে রমল করে তার পর সাঈ করলে তওয়াফে ইফাযাতে পুনরায় ইযতিবা ও রমল করার প্রয়োজন নেই। আর যদি তওয়াফে কুদুমের পর সাঈ না করে থাকে এবং তওয়াফে যিয়ারতের পর পর্যন্ত সাঈকে বিলম্বিত করে থাকে, তাহলে তওয়াফে যিয়ারতে রমল ও ইযতিবা করতে হবে।

মহিলাদের কোনো ইযতিবা নেই কেননা এতে তাদের শরীরের গোপনীয় অংশ প্রকাশিত হয়ে পড়ার আশংকা রয়েছে। মহিলাদের রমলের ও প্রয়োজন নেই। কেননা ইবনে উমর রা. বলেছেন : মহিলাদের বাইতুল্লার ও সাফা মারওয়ায় রমল করার প্রয়োজন নেই।

রমলের যৌক্তিকতা কি? ইবনে আব্বাসের বর্ণিত হাদিসে এর যৌক্তিকতা প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন: রসূলুল্লাহ সা. একবার এমন অবস্থায় মক্কায় এলেন যে, মুসলমানদেরকে মদিনার জ্বর দুর্বল করে দিয়েছিল। মোশরেকরা প্রচার করলো যে তোমাদের কাছে এমন এক দল লোক আসবে, যারা জ্বরের কারণে দুর্বল হয়ে গেছে এবং খুবই খারাপ পরিণতির শিকার হয়েছে। আল্লাহ তায়ালা রসূল সা. কে মোশরেকদের এই রটনার কথা জানিয়ে দিলেন। এর ফলে রসূল সা. মুসলমানদেরকে আদেশ দিলেন, যেনো তারা প্রথম তিন চক্করে রমল করে এবং উভয় রুকনের মাঝে (অর্থাৎ রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মাঝে) স্বাভাবিকভাবে হাঁটতে বললেন। মোশরেকরা যখন তাদের রমল করা দেখলো, তখন তারা পরস্পরকে বললো। এদের সম্পর্কেই কি তোমরা বলেছিলে যে, জ্বর তাদেরকে কাহিল করে ফেলেছে? ওরা তো দেখছি আমাদের চেয়েও শক্তিশালী। ইবনে আব্বাস বলেন: মুসলমানদের শক্তি যাতে বেশি ক্ষয় না হয় এবং তারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সকল চক্করে রমল করতে আদেশ দেননি। বুখারি, মুসলিম, আবু দাউদ।

উপরোক্ত কারণ দূর হয়ে যাওয়ায় উমর রা. এর মনে হয়েছিল যে, এখন রমল ত্যাগ করা যেতে পারে। কেননা আল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে বিজয়, স্বাধীনতা ও প্রতিষ্ঠা দিয়েছেন। কিন্তু
পরে সিদ্ধান্ত নিলেন যে, রসূল সা. এর জীবদ্দশায় যেমন রমল চালু ছিলো এখনও তেমনি থাকুক যাতে পরবর্তী প্রজন্মগুলোর মধ্যে এই প্রেরণা উজ্জীবিত থাকে। মুহিব্বুদ্দীন তাবারি বলেছেন: কোনো বিশেষ কারণে শরীয়তের কোনো বিধান কার্যকর হতে পারে। কিন্তু পরে সেই কারণ দূর হয়ে গেলেও ঐ বিধান বহাল থাকে।

যায়দ বিন আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন যে, উমর রা. বললেন: আজও আমরা রমল করি এবং ঘাড় অনাবৃত করি যখন আল্লাহ ইসলামকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন এবং কুফর ও তার ধারক বাহকদেরকে বিতাড়িত করেছেন? কারণ আমরা রসূল সা. এর আমলে যে কাজ করতাম, তা কখনো ত্যাগ করবোনা।

৪. রুকনে ইয়ামানীকে হাত দিয়ে স্পর্শ করা তওয়াফের একটি সুন্নত। ইবনে উমর রা. বলেছেন: আমি যে দিন রসূল সা. কে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করতে দেখেছি, তারপর থেকে আমি এই দুটিকে স্পর্শ করা ত্যাগ করিনি, সুখে দুঃখে কোনো অবস্থায়ই নয়। বুখারি ও মুসলিম।

তওয়াফকারী এই দুটি রুকনকে স্পর্শ করে এজন্য যে, এ দুটির বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য রয়েছে। হাজরে আসওয়াদের দুটো বৈশিষ্ট্য হলো: প্রথমত, এটি ইবরাহিম আ. এর নির্মিত স্থাপনার উপর প্রতিষ্ঠিত। দ্বিতীয়ত এটি তওয়াফের শুরু ও শেষ বিন্দু। এর ঠিক বিপরীতে অবস্থিত রুকনে ইয়ামানীও ইবরাহিম আ. এর ভিত্তির উপর নির্মিত। আবু দাউদ ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন যে, আয়েশা রা. বলেছেন: হাজরে আসওয়াদের অংশ বিশেষ বাইতুল্লাহর অংশ। ইবনে উমর রা. বললেন: আল্লাহর কসম আমার ধারণা, আয়েশা রা. এ কথাটা রসূল সা.-এর কাছ থেকেই শুনে থাকবেন। আমি মনে করি রসূল সা. এ কারণেই এ দুটি স্পর্শ করা ত্যাগ করেননি। তবে এ দুটো বাইতুল্লাহর ভিতের উপর প্রতিষ্ঠিত নয়। আর এজন্যই লোকেরা হাজরে আসওয়াদের পাশ দিয়ে তওয়াফ করে। আর সমগ্র মুসলিম উম্মাহ একমত যে, রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ স্পর্শ করা মুস্তাহাব এবং তওয়াফকারী অন্য দুটি রুকন স্পর্শ করবেনা।

ইবনে হিব্বান বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী বিপুলভাবে গুনাহ মোচন করে।

তওয়াফের পর দু'রাকাত নামায প্রত্যেক তওয়াফের পর চাই ফরয বা নফল যে রকম তওয়াফই হোক না কেনো মাকামে, ইবরাহিমের কাছে অথবা মসজিদের অন্য যে কোনো স্থানে, দু'রাকাত নামায পড়া সুন্নত। আবু হানিফার মতে এ নামায ওয়াজিব।
জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. যখন মক্কায় আসলেন, বাইতুল্লায় সাত চক্কর তওয়াফ করলেন এবং মাকামে ইবরাহিমে এসে পড়ছেন তোমরা মাকামে ইবরাহিমকে নামাযের জায়গারূপে গ্রহণ করো। তারপর মাকামে ইবরাহিমের পেছনে নামায পড়তেন। তারপর হাজরে আসওয়াদের কাছে এসে তা স্পর্শ করতেন। তিরমিযি।

এই নামাযের প্রথম রাকাতে ফাতেহার পর সূরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নত। এটা রসূল সা. থেকে প্রমাণিত। মুসলিম

এই দু'রাকাত নামায সবসময় পড়া যায়। এমনকি নিষিদ্ধ সময়েও কেননা জুবায়ের বিন মুতয়িম থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: হে বনু আবদ মানাফ কাউকে এই ঘর তওয়াফ করতে এবং দিন ও রাতের যে কোনো সময়ে এখানে নামায পড়তে বাধা দিওনা। -আহমদ, আবু দাউদ, তিরমিযি। এটা শাফেয়ী ও আহমদের মাযহাব।

তওয়াফের পরে নামায মসজিদুল হারামে পড়া সুন্নত হলেও তার বাইরে পড়াও জায়েয। বুখারি
উম্মে সালামা রা. থেকে বর্ণনা করেছেন উম্মে সালামা উটের পিঠে চড়ে তওয়াফ করেছেন এবং সেখান থেকে বাইরে না যাওয়া পর্যন্ত নামায পড়েননি। মালেক বর্ণনা করেন যে, উমর রা. এ দু'রাকাত যুতুয়াতে গিয়ে পড়েছেন। বুখারি বলেছেন: উমর রা. হারাম শরিফের বাইরেও নামায পড়েছেন। আর তওয়াফের পর যদি ফরয নামায পড়ে, তা হলে এই দু'রাকাত পড়ার প্রয়োজন নেই। এটা শাফেয়ী মাযহাবের প্রসিদ্ধ মত ও আহমদের মত। মালেক ও হানাফীরা বলেছেন: অন্য কোনো নামায এই দু'রাকাতের স্থলাভিষিক্ত হয়না।

মক্কার হারাম শরিফে নামাযের সামনে দিয়ে যাতায়াত: মসজিদুল হারামে মুসল্লী নামায পড়বে আর তার সামনে দিয়ে নারী ও পুরুষ যাতায়াত করবে এটা সম্পূর্ণ জায়েয। এমনকি মাকরূহও নয়। এটা মসজিদুল হারামের বৈশিষ্ট্য। কাছীর বিন কাছীর বিন মুত্তালিব বিন বিদায়া থেকে বর্ণিত: তিনি রসূল সা. কে বনু তাহমের সংলগ্ন এলাকায়, নামায পড়তে দেখেছেন। অথচ লোকজন তার সামনে দিয়ে যাতায়াত করছে এবং তাঁর সামনে কোনো সুতরাও (আড়াল) ছিলনা।

সুফিয়ান বিন উবাইনা বলেছেন: রসূল সা. ও কা'বার মাঝে কোনো সুতরা ছিলোনা। - আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ।

মহিলাদের সাথে পুরুষদের তওয়াফ: বুখারি ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেন, ইবনে জুরাইজ বলেন: আমাকে আতা জানিয়েছেন যে, ইবনে হিশাম যখন নারীদেরকে পুরুষদের সাথে তওয়াফ করতে নিষেধ করলেন তখন তিনি (আতা) বললেন: আপনি কিভাবে মহিলাদেরকে নিষেধ করছেন? অথচ রসূল সা.-এর স্ত্রীরা পুরুষদের সাথে তওয়াফ করতেন। আমি বললাম: পর্দার আগে না পরে? তিনি বললেন: আমি তাদের পর্দার পরে পেয়েছি। আমি বললাম: নারীরা কিভাবে পুরুষদের সাথে মিশতো?

তিনি বললেন: মহিলারা পুরুষদের সাথে মিশতোনা। আয়েশা রা. পুরুষদের থেকে পৃথকভাবে তওয়াফ করতেন। মিশতেন না তাদের সাথে। জনৈক মহিলা বললেন: হে উম্মুল মুমিনীন, চলুন হাজরে আসওয়াদ স্পর্শ করি। আয়েশা রা. বললেন: তুমি যাও। এই বলে তিনি তার সাথে যেতে অস্বীকার করলেন।

মহিলারা ছদ্মবেশে রাতের বেলা বের হতো এবং পুরুষদের সাথে তওয়াফ করতো। তবে তারা যখন বাইতুল্লায় প্রবেশ করতো, তখন দাঁড়িয়ে অপেক্ষা করতো। তারা ঢোকার সাথে সাথে পুরুষদেরকে বের করে দেয়া হতো যেনো মহিলারা নির্জনে ও পুরুষদের থেকে বিচ্ছিন্নভাবে হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারে। কেননা আয়েশা রা. থেকে বর্ণিত: তিনি জনৈকা মহিলাকে উপদেশ দিলেন, হাজরে আসওয়াদে ভিড় করোনা। নির্জন দেখলে স্পর্শ করো। ভিড় দেখলে হাজরে আসওয়াদের বরাবর এসে দূর থেকে আল্লাহু আকবর ও লাইলাহা ইল্লাল্লাহ বলো এবং কাউকে কষ্ট দিওনা।

তওয়াফকারীর বাহনে আরোহণ: হেঁটে তওয়াফ করার ক্ষমতা থাকা সত্ত্বেও বাহনে আরোহণের কোনো প্রয়োজন দেখা দিলে আরোহণ করা বৈধ। কেননা ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বিদায় হজ্জে একটা উটে আরোহণ করে তওয়াফ করলেন এবং একটা মাথা বাঁকা লাঠি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করলেন। -বুখারি ও মুসলিম। জাবের রা. থেকে বর্ণিত: রসূল সা. তাঁর উটনীর পিঠে চড়ে বিদায় হজ্জে বাইতুল্লাহ ও সাফা মারওয়া তওয়াফ করলেন, যাতে জনগণ তাকে দেখতে পায়। তিনি তাদেরকে পর্যবেক্ষণ করেন এবং তাঁরা তাকে প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করতে পারে। কেননা লোকেরা তার পাশে ভিড় জমিয়েছিল।

সাধারণ তওয়াফকারীদের সাথে কুষ্ঠ রোগীর তওয়াফ মালেক বর্ণনা করেবেন যে, উমর
ইবনুল খাত্তাব রা. জনৈক কুষ্ঠ রোগিণীকে বাইতুল্লাহর তওয়াফ করতে দেখলেন। দেখে তাকে বললেন: ওহে আল্লাহর বান্দী, মানুষকে কষ্ট দিওনা। তুমি নিজের বাড়িতে বসে থাকলেই ভালো হতো। অতপর মহিলা বাড়ি গিয়ে বসে রইল। পরে এক সময়ে এক ব্যক্তি ঐ মহিলার কাছ দিয়ে যাচ্ছিল। সে মহিলাকে বললো: যে ব্যক্তি তোমাকে নিষেধ করেছিল সে মারা গেছে। এখন বের হও। মহিলা বললো: আমি তাঁর জীবিতাবস্থায় আনুগত্য করবো আর মৃত্যুর পর তাঁর কথা অমান্য করবো এজন্য আমি প্রস্তুত নই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00