📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হজ্জ ফরয হওয়ার শর্তাবলী

📄 হজ্জ ফরয হওয়ার শর্তাবলী


ফকীহগণ একমত যে, হজ্জ ফরয হওয়ার জন্য নিম্নোক্ত শর্তাবলি পূরণ হওয়া জরুরি:
১. মুসলমান হওয়া, ২. বয়োপ্রাপ্ত হওয়া, ৩. বিবেক বুদ্ধি সম্পন্ন (পাগল না হওয়া), ৪. স্বাধীন হওয়া (গোলাম না হওয়া), ৫. আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা।
যার মধ্যে এই শর্তগুলো উপস্থিত নেই, তার উপর হজ্জ ফরয হবেনা। মুসলমান হওয়া। বয়োপ্রাপ্ত হওয়া ও বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া সকল ইবাদত পালনের জন্যেই অপরিহার্য শর্ত।
হাদিসে রয়েছে রসূলুল্লাহ সা. বলেছেন: তিন ব্যক্তির কোনো পাপ পুণ্য লেখা হয়না : ঘুমন্ত ব্যক্তি যতোক্ষণ না জাগে, শিশু যতোক্ষণ না বয়োপ্রাপ্ত হয় এবং পাগল যতোক্ষণ বিবেক বুদ্ধি ফিরে আসে।
স্বাধীনতা হজ্জ ফরয হওয়ার শর্ত। কেননা এটা এমন একটা ইবাদত, যাতে দীর্ঘ সময় প্রয়োজন। এতে সামর্থ্য থাকা জরুরি। অথচ দাস তার মনিবের দায়িত্ব পালনে ব্যস্ত থাকে এবং তার প্রয়োজনীয় সামর্থ্য থাকেনা। সামর্থ্য একটা শর্ত। কেননা, আল্লাহ বলেন:
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً .
"আল্লাহর জন্য কা'বায় হজ্জ পালন করা মানুষের কর্তব্য, যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য।”
সামর্থ্য কিভাবে নির্ণয় করা হবে: হজ্জ ফরয হওয়ার অন্যতম শর্ত যে সামর্থ্য, তা নিম্নোক্ত জিনিসগুলো দ্বারা নির্ণিত হবে:
১. সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিকভাবে সুস্থ হওয়া। অর্থাৎ বার্ধক্য, প্রতিবন্ধিত্ব বা বিকলাঙ্গতা, অথবা নিরাময়ের আশা নেই এমন রোগ হেতু হজ্জ করতে অক্ষম হলে। এ ব্যক্তির প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে নিজের পক্ষ হতে অন্য কাউকে দিয়ে হজ্জ করানো জরুরি। 'বদলী হজ্জ সংক্রান্ত অধ্যায়ে সামনে এ বিষয়ে আলোচনা আসছে।
২. হজ্জে যাওয়া আসার পথ নিরাপদ হওয়া, যেন হাজীদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত থাকে। ডাকাত বা রোগ মহামারীর কারণে জীবন বিপন্ন হবার আশংকা থাকলে কিংবা অর্থ সম্পদ ছিনতাই হওয়ার ভয় থাকলে হজ্জের সামর্থ্য নেই বলে বিবেচিত হবে।
পথে যেসব কর, চাঁদা ইত্যাদি আদায় করা হয়, সেগুলো হজ্জ থেকে অব্যাহতি লাভের উপযুক্ত ওযর গণ্য হয় কিনা, সে সম্পর্কে মতভেদ রয়েছে। শাফেয়ী প্রমুখের মতে, এটা হজ্জ থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য ওযর, চাই যতো কম অর্থই গ্রহণ করা হোক না কেন। মালেকী মাযহাব অনুযায়ী এটা ওযর গণ্য হবেনা। তবে এটা যদি হজ্জ যাত্রীর অস্তিত্বই বিপন্ন কিংবা চলাচল অসম্ভব করে তোলে কিংবা বারবার আদায় করা হতে থাকে, তাহলে ওযর গণ্য হবে।
৩, ৪. হজ্জ যাত্রীর প্রয়োজনীয় অর্থ ও বাহনের অধিকারী হতে হবে। অর্থের পরিমাণ : অর্থের পরিমাণ এরূপ হওয়া চাই যেন তা দ্বারা তার শরীর সুস্থ থাকে এবং যাদের ব্যয় নির্বাহের দায়িত্ব তার উপর অর্পিত, তাদের ব্যয় নিজের মৌলিক প্রয়োজন পূরণের পর উদ্বৃত্ত অর্থ থেকে নির্বাহ করতে পারে। এটা তার ফরয হজ্জ আদায় করা ও বাড়িতে ফিরে আসা পর্যন্ত সময়ের জন্য। মৌলিক প্রয়োজন দ্বারা পোশাক, বাসস্থান, বাহন ও পেশাগত দায়িত্ব পালনের সরঞ্জামাদি বুঝানো হয়েছে। (ব্যবহার্য পোশাক, প্রয়োজনীয় আসবাবপত্র ও বসবাসের ঘর- চাই তা যতো বড় ও প্রয়োজনের অতিরিক্ত হোক, হজ্জের খাতিরে বিক্রি করা যাবেনা।)
আর বাহনের ক্ষেত্রে বিবেচ্য হলো, তা যেন তার যাওয়া ও আসা উভয়ের প্রয়োজন পূরণের যোগ্য হয়, চাই তা স্থলপথে, নৌপথে বা আকাশপথে হোক। আর এটা সেই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, যার বাড়ি অনেক দূরে থাকার কারণে হেঁটে যাতায়াত করতে অক্ষম। যে ব্যক্তির বাড়ি মক্কায় এতো কাছে অবস্থিত যে, হেঁটেই যাতায়াত করতে পারে, তার জন্য স্বতন্ত্র বাহনের ব্যবস্থা থাকা শর্ত নয়। কেননা রাস্তা খুব কম থাকায় হেঁটেই যাতায়াত করা সম্ভব। কোনো কোনো হাদিসে দেখা যায়, রসূলুল্লাহ সা. হজ্জে যাতায়াতের সামর্থ্য দ্বারা বাহন ও হজ্জের ব্যয় নির্বাহযোগ্য অর্থ বুঝিয়েছেন। আনাস রা. বলেন: জিজ্ঞাসা করা হলো, হে রসূলুল্লাহ সা. যাতায়াতের সামর্থ্য কী অর্থ? রসূলুল্লাহ সা. বললেন: বাহন ও হজ্জের যাবতীয় ব্যয় নির্বাহের অর্থ। -দার কুতনি।
আলী রা. থেকে বর্ণিত, হে রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি হজ্জের ব্যয় নির্বাহের প্রয়োজনীয় অর্থ ও বাহনের অধিকারী হওয়ায় আল্লাহর ঘরে পৌঁছতে সক্ষম, তথাপি হজ্জ করলোনা, সে ইহুদি হয়ে মরুক বা খৃষ্টান হয়ে মরুক, তাতে কিছুই এসে যায়না। কেননা আল্লাহ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর ঘরে যাতায়াতের সামর্থ্য রাখে, তার ওপর হজ্জ করা আল্লাহর পক্ষ হতে ফরয। -তিরমিযি।
বাহন ও পাথেয় সংক্রান্ত এই হাদিসগুলো যদিও সবই দুর্বল, তথাপি অধিকাংশ আলেম হজ্জ ফরয হওয়ার জন্য যাতায়াতের বাহন ও হজ্জের ব্যয় নির্বাহের অর্থ থাকা দূরবর্তী লোকদের হজ্জের জন্য শর্তরূপে নির্ধারণ করেছেন। তাই যার বাহনের ব্যবস্থা নেই ও ব্যয় নির্বাহের অর্থ নেই, তার উপর হজ্জ ফরয নয়।
ইবনে তাইমিয়া বলেছেন: এই হাদিসগুলোর কতক নিখুঁত সনদে ও কতক ত্রুটিপূর্ণ সনদে বর্ণিত। তবে সঠিকভাবে এগুলো প্রকাশ করে যে, বাহন ও পাথেয় (অর্থাৎ যাতায়াত ব্যবস্থা ও হজ্জের ব্যয় নির্বাহের অর্থের উপরই হজ্জ ফরয হওয়া নির্ভর করে- যদিও রসূলুল্লাহ সা. জানতেন যে, বহু লোক হেঁটেই হজ্জ করতে পারে।
তাছাড়া, আল্লাহ তায়ালার উক্তি "যে ব্যক্তি আল্লাহর ঘরে যাতায়াতের সামর্থ্য রাখে" এ দ্বারা হয় তিনি সকল ইবাদতের যে ধরনের সামর্থ্য শর্ত, হজ্জেও সেই ধরনের সামর্থ্য বুঝিয়েছেন অর্থাৎ সাধারণ সামর্থ্য, নচেত বাড়তি কোনো সামর্থ্য। যদি প্রথমটি বুঝানো হতো, তাহলে এই শর্ত আরোপের প্রয়োজন হতোনা যেমন নামায রোযা সংক্রান্ত আয়াতে প্রয়োজন হয়নি। সুতরাং বুঝা গেলো, বাড়তি কোনো সামর্থ্য বুঝানো হয়েছে। আর সেটা আর্থিক সামর্থ্য ছাড়া আর কিছু নয়।
আরো একটা কথা এখানে উল্লেখের দাবি রাখে। তা হলো, হজ্জ এমন একটা ইবাদত, যা সম্পাদনে বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে হয়। সুতরাং এটি ফরয হওয়া পাথেয় ও বাহনের উপর নির্ভরশীর, যেমন জিহাদ। যেমন জিহাদের ব্যাপারে আল্লাহ বলেন: وَلَا عَلَى الَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنْفِقُونَ حَرَجٌ إِلَى قَوْلِهِ : وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتُوكَ لِتَحْمِلَمُ قلت لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ .
(জিহাদে না গিয়ে ঘরে বসে থাকাতে) তাদের কোনো অপরাধ নেই, যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা ব্যয়ভার বহনে অসমর্থ, যদি আল্লাহ ও রসূলের প্রতি তাদের আনুগত্য ও আন্তরিকতা থাকে। সৎ লোকদের বিরুদ্ধে অভিযোগ আরোপের কোনো সুযোগ নেই। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু।"
"অপরাধ নেই তাদের, যারা আপনার কাছে এসেছিল যেন আপনি তাদের বাহনের ব্যবস্থা করেন। আপনি বলেছিলেন: আমার কাছে কোনোই বাহন নেই যার উপর আমি তোমাদেরকে আরোহণ করাবো।....."
'মুহাযযাব' গ্রন্থে বলা হয়েছে : বাহন ও পাথেয় সংগ্রহ করার মতো অর্থ যদি কেউ পেয়েও যায়, কিন্তু ঋণ পরিশোধের জন্য সেই অর্থ তার প্রয়োজন, তাহলেও তার উপর হজ্জ ফরয হবেনা, চাই সে ঋণ ত্বরিৎ পরিশোধ হোক অথবা বিলম্বে পরিশোধযোগ্য হোক, কেননা যে ঋণ ত্বড়িৎ পরিশোধযোগ্য, তা তার জন্য অবিলম্বে পরিশোধ করা জরুরি, আর হজ্জ তো বিলম্বেও করা যায়। তাই ঋণ পরিশোধকে হজ্জের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে। আর যে ঋণ বিলম্বে পরিশোধযোগ্য তাও তার উপরই আবর্তিত। তার সেই অর্থ যদি হজ্জে ব্যয় করা হয়, তাহলে ঋণ পরিশোধের জন্য সে আর প্রয়োজনীয় অর্থ পাবেনা। আর যদি একটা বাড়ি কেনার জন্য তার ঐ টাকার প্রয়োজন হয়, অথচ সেই রকম একটা বাড়ি তার জন্য অপরিহার্য, অথবা একজন গৃহ পরিচারক পরিবারের প্রয়োজন হয়, তাহলে তার উপর হজ্জ ফরয হবেনা। আর যদি তার বিয়ে করার প্রয়োজন হয়, যা না করলে সে ব্যভিচারে লিপ্ত হবার ভয়ে ভীত, তাহলেও তার আগে বিয়ে করা উচিত। কেননা এর প্রয়োজন তাৎক্ষণিক। আর যদি কোনো বাণিজ্যিক পণ্যের জন্য তার ঐ অর্থের প্রয়োজন হয়, যাতে সে ব্যবসায়ের মাধ্যমে তা থেকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে সে বিষয়ে মতভেদ রয়েছে। আবুল আব্বাসের মতে, তার হজ্জ ফরয নয়। কেননা গৃহ পরিচারক ও বাড়ির মতো এটা অপরিহার্য। আর আল-মুগনীতে বলা হয়েছে : যদি কোনো ব্যক্তির কাছে দীর্ঘ মেয়াদী ঋণ পাওনা থাকে এবং সে তাকে এমনভাবে দেয়, যা তার হজ্জ করার জন্য যথেষ্ট, তাহলে তার হজ্জ ফরয হবে। কেননা সে সমর্থ। আর যদি কোনো অভাবী মানুষের কাছে পাওনা থাকে অথবা ঋণ আদায় করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে হজ্জ ফরয হবেনা। শাফেয়ীদের মতে, যখন কোনো ব্যক্তি অন্য একজনকে বিনামূল্যে কোনো বাহন দিতে রাজি হয়, তাহলে তা গ্রহণ করতে সে বাধ্য নয়। কেননা এটা গ্রহণ করায় তার ওপর দাতার খোঁটার ঝুঁকি থাকে। আর খোঁটার ঝুঁকি বহন করা কষ্টকর। অবশ্য তার সন্তান যদি তাকে এমন কোনো অর্থ দিতে প্রস্তুত হয়, যা দ্বারা সে হজ্জ করতে সমর্থ হয়, তাহলে তার হজ্জ করা ফরয হবে। কেননা এখানে কোনো খোঁটার আশংকা ছাড়াই সে হজ্জ করতে সমর্থ। হাম্বলীরা বলেন: অন্যের দান গ্রহণ করে হজ্জ করা জরুরি নয় এবং এতে সে সমর্থ হবেনা, চাই দাতা আপন হোক বা পর হোক এবং চাই সে তাকে বাহন, পাথেয় বা নগদ অর্থ দিক।
৫. হজ্জে যাওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে থাকে এমন কিছু যেন না ঘটে। যেমন কোনো সরকার বা ক্ষমতাবানের জেল জুলুম ইত্যাদি।
অপ্রাপ্ত বয়স্কের ও দাসের হজ্জ
দাস ও অপ্রাপ্ত বয়স্কের ওপর হজ্জ ফরয নয়। কিন্তু তারা হজ্জ করলে তা শুদ্ধ হবে। কিন্তু ইসলামের হজ্জ ফরয হলে তা থেকে তারা অব্যাহতি পাবেনা। ইবনে আব্বাস রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে কোনো শিশু বা বালক যদি হজ্জ করে, তারপর বয়োপ্রাপ্ত হয়, তখন (তার হজ্জ ফরয হলে) তাকে পুনরায় হজ্জ করতে হবে। যে কোনো দাস হজ্জ করার পর স্বাধীন হলে তাকে পুনরায় হজ্জ করতে হবে। -তাবারানি। ছায়েব ইবনে ইয়াযীদ বলেছেন: আমার পিতা বিদায় হজ্জে রসূলুল্লাহ সা. এর সাথে হজ্জ করেছেন। তখন আমার বয়স ছিলো সাত বছর। আহমদ, বুখারি, তিরমিযি। তিরমিযি আরো বলেছেন : আলেমগণ একমত হয়েছেন যে, শিশু যদি বয়োপ্রাপ্তির আগে হজ্জ করে, তবে বয়োপ্রাপ্তির পর তাকে আবার হজ্জ করতে হবে। অনুরূপ, দাস যদি পরাধীন অবস্থায় হজ্জ করে, তারপর মুক্তি পায়, তবে হজ্জের সামর্থ্য অর্জন করলে তাকে পুনরায় হজ্জ করতে হবে। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত: জনৈক মহিলা একটা শিশুকে নিয়ে রসূলুল্লাহ সা.-র কাছে গেলো এবং জিজ্ঞাসা করলো: এই শিশু কি হজ্জ করতে পারবে? তিনি বললেন: হ্যাঁ*, তবে সেজন্য তুমি সওয়াব পাবে।
জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রসূলুল্লাহ সা.-এর সাথে হজ্জ করেছিলাম। আমাদের সাথে মহিলা ও শিশুরাও ছিলো। আমরা তাদের পক্ষ হতে তালবিয়া পড়েছি এবং পাথর মেরেছি। আহমদ, ইবনে মাজাহ।
শিশু বা বালক যদি কিছুটা বুদ্ধিমান হয় এবং ন্যায় অন্যায় বাছ বিচারের ক্ষমতা অর্জন করে, তাহলে সে নিজে ইহরাম বাঁধবে, হজ্জের যাবতীয় কর্তব্য নিজেই সম্পাদন করবে। নচেত তার অভিভাবক তার পক্ষ থেকে ইহরাম করবে। তার পক্ষ হতে তালবিয়া পড়বে, তাওয়াফ ও সাঈ করবে, আরাফায় অবস্থান করবে এবং তার পক্ষ হতে পাথর মারবে।
আর আরাফায় অবস্থানের আগে যদি সে বয়োপ্রাপ্ত হয় অথবা আরাফায় থাকা অবস্থায় বয়োপ্রাপ্ত হয়, তাহলে তার আর পুনরায় হজ্জ করতে হবেনা। দাস যখন মুক্তি পায় তখন তার অবস্থাও তদ্রূপ। মালেক ও ইবনুল মুনযিরের মতে, পনুরায় হজ্জ করতে হবে। কেননা ইহরাম নফলভাবে বাঁধা হয়েছিল। তা ফরয আকারে পরিবর্তিত হবেনা।
মহিলার হজ্জ:
পুরুষের ন্যায় মহিলার ওপরও হজ্জ ফরয, যদি হজ্জ ফযর হওয়ার শর্তাবলি পুরোপুরিভাবে উপস্থিত থাকে। শর্তাবলি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। মহিলার ক্ষেত্রে, একটা অতিরিক্ত শর্ত হলো, তার স্বামী বা কোনো মাহরাম পুরুষ তার সাথে হজ্জে যেতে হবে। (মাহরাম মানে-যাদের সাথে বিয়ে চিরতরে হারাম, যেমন ভাই, বোন, পিতা, কন্যা, মা, ছেলে) আপন বাবা, আপন ফুফু, আপন ভাতিজা ভাতিজী, ভাগ্নে ভাগ্নি ইত্যাদি)
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: একজন মাহরাম সংগী ব্যতীত কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করবেনা এবং কোনো মহিলা মাহরাম ব্যতিত কারো সাথে সফর করবেনা। এক ব্যক্তি দাঁড়িয়ে বললো: হে রসূলুল্লাহ সা. আমার স্ত্রী হজ্জ করতে চলে যাচ্ছে। এদিকে আমি অমুক যুদ্ধে নিজের নাম তালিকাভুক্ত করিয়েছি। রসূলুল্লাহ সা. বললেন: যাও, তোমার স্ত্রীর সাথে হজ্জ করো। বুখারি, মুসলিম।***
ইয়াহিয়া বিন উব্বাদ বলেছেন: রায় থেকে এক মহিলা ইবরাহীম নাখয়ীর নিকট চিঠি লিখলো যে, আমি ইসলামের অন্যতম ইবাদত হজ্জ এখনো পালন করিনি। আমার পর্যাপ্ত সম্পদ আছে। কিন্তু কোনো মাহরাম সংগী নেই। তিনি তাকে জবাব দিলেন: আপনি সেই ব্যক্তিদের একজন, যার জন্য আল্লাহ হজ্জ আদায়ের পথ খোলা রাখেননি।
আবু হানিফা ও তার শিষ্যবর্গ, ইবরাহীম নাখয়ী, হাসান, ছাওরী, আহমদ, ও ইসহাকের মতে মহিলাদের হজ্জ ফরয হওয়া ও হজ্জের সামর্থ্য লাভের জন্য এটা (স্বামী বা মাহরাম সাথি লাভ) অপরিহার্য শর্ত।
হাফেয ইবনে হাজার বলেছেন: শাফেয়ী মাযহাবের সুপরিচিত মত হলো, স্বামী বা মাহরাম অথবা নির্ভরযোগ্য মহিলাদের সফরসংগী হওয়া শর্ত। কেউ কেউ বলেছেন: একজন মহিলার সফর সংগী হওয়া যথেষ্ট, যদি সে নির্ভরযোগ্য হয়। কারাবিসী ও মুহাযযাবে বলা হয়েছে: পথ নিরাপদ হলে একাকিনী সফরে যাওয়াও মহিলার জন্য বৈধ। তবে এসবই ফরয বা ওয়াজিব হজ্জ ও ওমরার ব্যাপারে প্রযোজ্য।
'সুবুলুস সালাম' গ্রন্থে বলা হয়েছে: ইমামদের একটি দল বলেছেন: বৃদ্ধা মহিলার কোনো মাহরাম সংগী ব্যতীত সফর করা জায়েয। নির্ভরযোগ্য সংগী পেলে কিংবা পথ নিরাপদ হলে স্বামী বা মাহরাম সফরসংগী ব্যতীত নারীর সফর বৈধ এই মতের সপক্ষে প্রমাণ হিসেবে বুখারিতে আদী বিন হাতেম থেকে বর্ণিত হাদিসকে উপস্থাপন করা হয়। আদি বলেন: আমি রসূলুল্লাহ সা. এর কাছে উপস্থিত, এমতাবস্থায় এক ব্যক্তি তার কাছে এসে নিজের ক্ষুধার কথা জানালো। কিছুক্ষণ পর আরেকজন এলো, সে ফরিয়াদ জানালো, তার ওপর ডাকাতের হামলা হয়েছে। রসূলুল্লাহ সা. বললেন: হে আদি, তুমি কি হিরা দেখেছো? (কুফার নিকটবর্তী একটি গ্রামের নাম) আদী বললেন: আমি দেখিনি, তবে এই নামটি শুনেছি। রসূলুল্লাহ সা. বললেন, যদি তোমার আয়ু দীর্ঘ হয়, তবে অবশ্যই দেখবে, একটি মহলিা একা হিরা থেকে যাত্রা করে মক্কায় এসে পবিত্র কা'বার তওয়াফ করবে। আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় পাবেনা। এর প্রমাণ হিসেবে একথাও বলা হয় যে, উমর রা. তার শেষ হজ্জ করার পর রসূলুল্লাহ সা. এর স্ত্রীগণকে হজ্জ করার অনুমতি দিয়ে গেছেন এবং তাদের সাথে উসমান ও আব্দুর রহমান বিন আওফকে পাঠিয়েছেন। উসমান ঘোষণা করেছিলেন: খবরদার, কেউ যেন উম্মুল মুমিনীনদের কাছে না আসে, তাদের দিকে না তাকায়। অথচ তারা তখন নিজ নিজ উটের হাওদায় ছিলেন।
আর যখন কোনো মহিলা একাকী সফরে বের হয় ও হজ্জ করে এবং তার সাথে স্বামী বা মাহরাম না থাকে তখন তার হজ্জ শুদ্ধ হবে। 'সুবুলুস সালামে' বলা হয়েছে: ইবনে তাইমিয়া বলেছেন: মাহরাম ব্যতীত মহিলার হজ্জ এবং সামর্থ্যহীন ব্যক্তির হজ্জ শুদ্ধ। মোটকথা, সামর্থ্য না থাকার কারণে যার ওপর হজ্জ ফরয হয়নি যেমন দরিদ্র, রোগী, পংগু, যার সবকিছু ডাকাতে লুণ্ঠন করেছে এবং যে মহিলার মাহরাম সংগি জোটেনি ইত্যাদি। তারা যখন হজ্জের সকল কর্তব্য কর্ম সম্পাদন করে, তখন তা তাদের জন্য যথেষ্ট হবে। তবে এদের ভেতরে কতক রয়েছে যারা অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে হজ্জ সম্পাদন করে, যেমন পদব্রজে হজ্জ সম্পাদনকারি। আবার কতক লোক রয়েছে, যারা অর্থনৈতিকভাবে হজ্জ সম্পাদন করে। যেমন ভিক্ষা করে হজ্জ সম্পাদনকারি এবং মাহরাম সংগী ব্যতীত হজ্জ সম্পাদনকারিণী মহিলা। এদের সকলেরই হজ্জ শুদ্ধ হবে। কেননা হজ্জের যোগ্যতা তাদের মধ্যে উপস্থিত। গুনাহ যদি কিছু হয়ে থাকে, তবে তা পথে হয়ে থাকতে পারে, মূল কাজে (অর্থাৎ হজ্জে) নয়। 'আল মুগনী'তে বলা হয়েছে: অসমর্থ ব্যক্তি যদি কষ্ট করে পাথেয় ও বাহন ছাড়াই রওনা হয়ে যায় এবং হজ্জ সম্পাদন করে, তবে তার হজ্জ শুদ্ধ হবে ও যথেষ্ট হবে।
হজ্জের জন্য স্বামীর কাছ থেকে স্ত্রীর অনুমতি গ্রহণ:
স্ত্রীর ওপর হজ্জ ফরয থাকলেও তা সম্পাদনের জন্য স্বামীর অনুমতি নেয়া মুস্তাহাব। যদি অনুমতি দেয়, তাহলে তো কথাই নেই। হজ্জ করতে চলে যাবে। আর যদি অনুমতি না দেয়, তাহলেও অনুমতি ছাড়াই হজ্জে যাবে। কেননা ফরয হজ্জে বাধা দেয়ার অধিকার স্বামীর নেই। কারণ হজ্জ একটা ইবাদত, যা স্ত্রীর ওপর ফরয হয়েছে। আর সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা বৈধ নয়। স্ত্রী ইবাদত করলে ত্বরিৎ হজ্জ সম্পন্ন করবে। প্রথম ওয়াক্তে নামায পড়া যেমন তার এখতিয়ারভুক্ত, তেমনি হজ্জ করাও। কেউ তাকে বাধা দিতে পারেনা বা বিলম্বিত করতে বাধ্য করতে পারেনা। মানতের হজ্জও তদ্রূপ। কেননা তাও ফরয হজ্জের মতোই স্ত্রীর ওপর বাধ্যতামূলক। তবে নফল হজ্জ থেকে বাধা দেয়ার অধিকার ও ক্ষমতা স্বামীর রয়েছে। কেননা দার কুতনিতে ইবনে উমর থেকে বর্ণিত : জনৈক মহিলার স্বামী ও সম্পদ দুই-ই ছিলো। তার স্বামী তাকে হজ্জে যাওয়ার অনুমতি দিচ্ছিলনা। তার সম্পর্কে রসূলুল্লাহ সা. বললেন : স্বামীর অনুমতি ব্যতিত সে হজ্জে যেতে পারবেনা।
ফরয বা ওয়াজিব হজ্জ সম্পাদন না করে যে ব্যক্তি মারা যায় :
যে ব্যক্তির উপর হজ্জ ফরয ছিলো কিংবা হজ্জের মানত করেছিল, কিন্তু হজ্জ সম্পন্ন করার আগেই মারা গেছে, তার অভিভাবকের উপর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে ব্যয় করে এমন এক ব্যক্তিকে প্রস্তুত করা কর্তব্য, যে তার পক্ষ থেকে হজ্জ আদায় করবে, যেমন তার ঋণ পরিশোধ করা অভিভাবকের দায়িত্ব।
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, জুহায়না গোত্র থেকে জনৈক মহিলা রসূলুল্লাহ সা. এর কাছে উপস্থিত হয়ে বললো : আমার মা হজ্জের মানত করেছিলেন কিন্তু হজ্জ আদায় করার আগেই মারা গেছেন। এখন আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জটা সম্পন্ন করতে পারি? রসূলুল্লাহ সা. বললেন : হ্যাঁ, তার পক্ষ থেকে হজ্জ করো। আচ্ছা, তোমার মায়ের ওপর ঋণ থাকলে তুমি কি সে ঋণ পরিশোধ করতে না! আল্লাহর ঋণ পরিশোধ করো। ঋণ ফেরত পাওয়ার ক্ষেত্রে আল্লাহই অগ্রাধিকারী। -বুখারি।
এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, মৃত ব্যক্তির ওপর যদি ফরয বা ওয়াজিব হজ্জ থেকে থাকে, তবে তার পক্ষ থেকে সেটা আদায় করা জরুরি চাই সে ওসিয়ত করে থাকুক বা না করে থাকুক। কেননা ঋণ মাত্রই পরিশোধ করা শর্তহীনভাবে অপরিহার্য। অনুরূপ, কাফফরা, যাকাত ও মানত প্রভৃতি আর্থিক দায় পরিশোধ করাও ওয়াজিব। এটা ইবনে আব্বাস, যায়দ বিন ছাবেত, আবু হুরায়রা ও শাফেয়ীর অভিমত। যখন হজ্জ ও ঋণ একত্রিত হয়ে যাবে। অথচ পরিত্যক্ত সম্পত্তি দ্বারা উভয়টা পরিশোধ করা সম্ভব নয়, তখন হজ্জকেই অগ্রাধিকার দিতে হবে। কেননা, রসূলুল্লাহ সা. বলেছেন : "আল্লাহর পাওনা পরিশোধ করা অগ্রগণ্য।"
ইমাম মালেকের মতে, মৃত ব্যক্তি যখন ওসিয়ত করে যায়, তখনই তার পক্ষ থেকে হজ্জ করানো ওয়াজিব। কেননা হজ্জ এমন একটা ইবাদত, যাতে শারীরিক শ্রম প্রাধান্য পায়, তাই এতে প্রতিনিধি গ্রহণযোগ্য নয়। ওসিয়ত করে গেলে এক তৃতীয়াংশ সম্পত্তি থেকে হজ্জ করতে হবে।
বদলী হজ্জ:
যে ব্যক্তি হজ্জের সামর্থ্য লাভ করে পরবর্তী সময়ে রোগ বা বার্ধক্যের কারণে অসমর্থ হয়ে পড়ে, তার বদলী হজ্জ করানো কর্তব্য। কেননা সে নিজের অক্ষমতার কারণে হজ্জ করার আশা পরিত্যাগ করেছে। তাই সে মৃত ব্যক্তির পর্যায়ভুক্ত। তার পক্ষ থেকে অন্য কেউ হজ্জ করবে। কেননা ফজল ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে, বিদায় হজ্জে খাসয়াম গোত্রের জনৈক মহিলা বললো : হে রসূলুল্লাহ সা. আল্লাহ তো তাঁর বান্দাদের উপর হজ্জ ফরয করেছেন। কিন্তু আমার পিতা এতোটা বুড়ো হয়ে গেছেন যে, উটের উপর স্থির হয়ে বসতেই পারেন না। এমতাবস্থায় আমি কি তার প্রতিনিধি হয়ে বদলী হজ্জ করতে পারি? রসূলুল্লাহ সা. বললেন : হ্যাঁ। -সকল সহীহ হাদিস গ্রন্থ।
তিরমিযি বলেছেন: এ বিষয়ে রসূলুল্লাহ সা. থেকে বিশুদ্ধ সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরামসহ অধিকাংশ মনীষী এই হাদিস অনুসারে আমল করেন এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জ করা জরুরি মনে করেন। ছাওরী, ইবনুল মুবারক, শাফেয়ী, আহমদ ও ইসহাকও এই মতের পক্ষপাতি।
মালেক বলেন: যখন তার পক্ষ থেকে হজ্জ করানোর ওসিয়ত করবে তখনই বদলী হজ্জ করানো হবে। আহমদ, হানাফী, শাফেয়ী ও ইবনুল মুবারকসহ কেউ কেউ বলেন জীবিত ব্যক্তি বার্ধক্যের কারণে হজ্জ করতে অক্ষম হয়ে গেলে তার পক্ষ থেকে বদলী হজ্জ করানো যাবে। উপরোক্ত হাদিস থেকে জানা গেলো, মহিলারা মহিলা বা পুরুষের পক্ষ থেকে হজ্জ করতে পারে। কুরআন বা হাদিসে এর বিপক্ষে কিছু বলা হয় নাই।
প্রতিবন্ধী, বিকলাংগ বা দীর্ঘস্থায়ী রোগে জর্জরিত ব্যক্তি যখন সুস্থ ও কর্মক্ষম হয়:
রোগাক্রান্ত ব্যক্তি যদি কাউকে দিয়ে বদলী হজ্জ করানোর পর সুস্থ হয়ে যায়, তাহলে সে তার ফরয হজ্জ থেকে দায়মুক্ত হয়ে যাবে। তাকে দ্বিতীয়বার হজ্জ করতে হবেনা। কেননা এতে দু'বার হজ্জ ফরয হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এটা আহমদের মত।
কিন্তু অধিকাংশ আলেমের মতে ঐ বদলী হজ্জ তার দায়মুক্তির জন্য যথেষ্ট হবেনা। কেননা এ দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে, সে আরোগ্য লাভ থেকে পুরোপুরি হতাশ ছিলনা। সর্বশেষ অবস্থাটাই বিবেচনায় নিতে হয়। ইবনে হাযম প্রথমোক্ত মতটিকে অগ্রগণ্য আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন: রসূলুল্লাহ সা. যখন পদব্রজে বা বাহনে আরোহণ করে হজ্জ আদায়ে সক্ষম এমন ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জের আদেশ দিয়েছেন এবং এতে সে আল্লাহর ঋণ থেকে দায়মুক্ত হবে বলে আশ্বাস দিয়েছেন, তখন নিঃসন্দেহে তার ঋণ পরিশোধিত হয়েছে এবং সে দায়মুক্ত হয়েছে বলে মেনে নিতে হবে। আর একথাও সন্দেহাতিতভাবে বলা যায় যে, যে ফরয আদায় হয়ে গেছে এবং যা থেকে অব্যাহতি অর্জিত হয়েছে, তা পুনরায় করার দায়িত্ব একমাত্র কুরআন বা হাদিসের কোনো দ্ব্যর্থহীন ভাষ্য ব্যতীত অর্পিত হতে পারেনা। আর এ ক্ষেত্রে পুনরায় হজ্জ করা দরকার মর্মে কুরআন বা হাদিসে আদৌ কোনো ভাষ্য নেই। যদি এমনটি করার প্রয়োজন থাকতো, তাহলে রসূলুল্লাহ সা. অবশ্যই তা খোলাখুলিভাবে বলতেন। কেননা একজন বৃদ্ধ মানুষ এক সময় বাহনে আরোহণ করতে সক্ষম না থাকলেও যে কোনো সময় সক্ষম হয়ে যেতেও পারে, একথা সুবিদিত হওয়া সত্ত্বেও রসূলুল্লাহ সা. যখন পুনরায় ফরয হজ্জ করতে হবে একথা জানাননি, তখন এ ফরয পুনরায় সম্পাদন করার দায়িত্ব অর্পিত হওয়ার কোনো বৈধতা নেই। ইতিপূর্বে তার পক্ষ থেকে যে বদলী হজ্জ করা হয়েছে, তার মাধ্যমেই তার দায়িত্ব বিশুদ্ধভাবে পালিত হয়েছে।
বদলী হজ্জের শর্ত:
যে ব্যক্তি অন্যের পক্ষ থেকে বদলী হজ্জ করবে, তার জন্য শর্ত হলো, সে যেনো পূর্বে নিজের হজ্জ আদায় করে। কেননা ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. শুনতে পেলেন এক ব্যক্তি বলছে: "শাবরুমার পক্ষ থেকে লাব্বায়েক।" তিনি তৎক্ষণাত তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি নিজের হজ্জ করেছ?” সে বললো না। তখন রসূলুল্লাহ সা. বললেন: আগে নিজের হজ্জ করো। তারপর শাবরুমার হজ্জ করো। -আবু দাউদ, ইবনে মাজাহ। এটা অধিকাংশ আলেমের মত যে, যে ব্যক্তি নিজের হজ্জ করেনি, অন্যের পক্ষ হতে হজ্জ করা তার জন্য শুদ্ধ হবেনা।
হজ্জ ফরয থাকা সত্ত্বেও হজ্জের মানত করা:
ইবনে আব্বাস ও ইকরামা ফতোয়া দিয়েছেন যে, যে ব্যক্তি নিজের ওপর ফরয হজ্জের দায় অর্পিত থাকা সত্ত্বেও সেটি করার আগে মানত করা হজ্জ আদায় করে, তার ফরয হজ্জ ও মানতের হজ্জ দুটোই আদায় হয়ে যাবে এবং দুটো থেকেই সে দায়মুক্ত হয়ে যাবে। ইবনে উমর রা. এবং আতা ফতোয়া দিয়েছেন, সে প্রথমে ফরয হজ্জ এবং পরে মানতের হজ্জ আদায় করবে।
ক্ষমতা থাকা সত্ত্বেও হজ্জ না করা ও বিয়ে না করা ইসলামসম্মত নয়:
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. বলেছেন: ইসলামে কারো চিরকুমার থাকা ও হজ্জবিহীন থাকা অনুমোদিত নয়।” অর্থাৎ হজ্জের ক্ষমতা থাকা সত্ত্বেও হজ্জ না করে জীবন কাটিয়ে দেয়া এবং খৃষ্টানদের বৈরাগ্যবাদের অনুসরণে বিয়ে করার ক্ষমতা থাকা সত্ত্বেও চিরকুমার থাকা ইসলামের অনুমোদিত রীতি নয়। এ হাদিস থেকে এই মতের পক্ষে প্রমাণ পাওয়া যায় যে, যে ব্যক্তি হজ্জ করেনি সে অন্যের পক্ষে বদলী হজ্জ করতে পারেনা। এ ধরনের ব্যক্তি অন্যের পক্ষে বদলী হজ্জ করলে সেটি তার নিজের হজ্জে পরিগণিত হবে। সে নিজের ফরয থেকে দায়মুক্ত হয়ে যাবে ও অব্যাহতি লাভ করবে। এভাবে হজ্জবিহীন না থাকার বিধান বাস্তবায়িত হবে। এটা আওযায়ী, শাফেয়ী, আহমদ ও ইসহাকের অভিমত। কিন্তু মালেক ও ছাওরী বলেন: তার হজ্জ তার নিয়ত অনুযায়ী হবে। হাসান বসরী, আতা, নাখয়ী এবং আসহাবুর রায় (যুক্তিবাদী) দের অভিমতও তদ্রূপ।
হজ্জের জন্য ঋণ গ্রহণ: আব্দুল্লাহ ইবনে আবি আওফা রা. বলেছেন: হজ্জ করেনি এমন এক ব্যক্তি সম্পর্কে আমি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলাম, সে কি হজ্জের জন্য ঋণ গ্রহণ করতে পারবে? তিনি বললেন: না। -বায়হাকি।
হারাম মাল দ্বারা হজ্জ:
অধিকাংশ আলেমের মতে, হারাম সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ সম্পন্ন হয়ে যাবে। তবে হজ্জকারি গুনাহগার হবে। পক্ষান্তরে ইমাম আহমদ বলেন: হজ্জ সম্পন্ন হবেনা। বস্তুত, এই মতটিই সর্বাধিক শুদ্ধ মত। কেননা সহীহ হাদিসে এসেছে: আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ব্যতিত কবুল করেননা। আর আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: যখন কেউ হালাল সম্পদ দ্বারা হজ্জ করতে রওনা হয়ে যায় এবং পা'দানিতে পা রেখে বলে: “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা" (আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত) তখন আকাশ থেকে একজন ঘোষক বলে: আল্লাহ তোমার হজ্জ পুন:পুন: কবুল করেছেন। কেননা তোমার পাথেয় হালাল, তোমার বাহন হালাল, তোমার হজ্জ নিষ্কলুষ ও গুনাহমুক্ত। আর যখন কেউ হারাম সম্পদ দ্বারা হজ্জ করতে রওনা হয়ে যায় এবং পা'দানিতে পা রেখে বলে: লাব্বাইক, তখন আকাশ থেকে একজন ঘোষক বলে: আল্লাহ তোমার হজ্জ কবুল করবেননা। তোমার পাথেয় হারাম, তোমার সম্পদ হারাম, তোমার হজ্জ গুনাহ দ্বারা কলুষিত, এর কোনো প্রতিদান পাবেনা।
পদব্রজের না বাহনযোগের হজ্জ উত্তম:
হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে লিখেছেন: ইবনুল মুনযির বলেছেন: পদব্রজে হজ্জ করা উত্তম, না বাহনযোগে হজ্জ করা উত্তম'-এ নিয়ে মতভেদ হয়েছে। অধিকাংশের মতে, বাহনযোগে হজ্জ করা উত্তম। কেননা রসূলুল্লাহ সা. এরূপ করতেন, তাছাড়া এতে দোয়া করা ও কাকুতি মিনতি করা অধিকতর সহজ হয় এবং এর উপকারিতাও অপেক্ষাকৃত বেশি। ইসহাক বিন রাহওয়াই বলেন: পদব্রজে হজ্জ করাই উত্তম। কারণ এতে কষ্ট বেশি। আবার একথাও বলা চলে যে ব্যক্তি ও অবস্থা ভেদে পদব্রজের হজ্জ ও বাহনযোগে হজ্জের মর্যাদা বিভিন্ন রকম হতে পারে। বুখারি আনাস রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. জনৈক বৃদ্ধকে দেখলেন, তার দুই ছেলের কাঁধে ভর করে হজ্জ করছে। তিনি বললেন: এই ব্যক্তির কী হয়েছে? লোকেরা বললো: সে পদব্রজে হজ্জ করার মানত করেছে।
রসূলুল্লাহ সা. বললেন: আল্লাহর মহত্ত্ব ও মর্যাদার দাবি, তার মতো ধনী ব্যক্তি যেন নিজেকে কষ্ট না দেয়। তিনি উক্ত বৃদ্ধকে বাহনযোগে হজ্জ করার আদেশ দিলেন।
হজ্জের সময় হাজীদের পারস্পরিক বেচাকেনা, আয় রোজগার ও বিভিন্ন জিনিস ভাড়া দেয়া:
হাজীরা হজ্জ ও ওমরা করার সময় পারস্পরিক ক্রয়বিক্রয়, ভাড়া দেয়া ও আয় রোজগার করলে কোনো ক্ষতি নেই। ইবনে আব্বাস রা. বলেন: ইসলামের প্রথম যুগে মুসলমানরা মিনা, আরাফা ও আরাফার পার্শ্ববর্তী যুল মাজায বাজারে হজ্জের মৌসুমে বিভিন্ন জিনিস কেনাবেচা করতো। কিন্তু তারা ভয় পেতো ইহরাম অবস্থায় বেচাকেনা করায় হজ্জের কোনো ক্ষতি হয় কিনা। এজন্যই আল্লাহ নাযিল করলেন: “তোমাদের কোনো দোষ নেই, যদি (হজ্জের মৌসুমে) আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। (অর্থাৎ আয় রোজগার করো) -বুখারি, মুসলিম ও নাসায়ী। ইবনে আব্বাস রা. বলেন: লোকেরা মিনায় বেচাকেনা করতোনা। অর্থাৎ গুনাহর ভয়ে ছেড়ে দিয়েছিল- এজন্য 'তোমাদের কোনো দোষ নেই যদি আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো।' এ আয়াত দ্বারা তাদেরকে আরাফাত থেকে বলে যাওয়ার পর ব্যবসায় বাণিজ্য করার আদেশ দেয়া হলো।-আবু দাউদ। আবু উমামা তাইমী ইবনে উমর রা. কে বললেন: আমি হজ্জের সময় বাহন জন্তু ভাড়া দিয়ে থাকি। বিভিন্ন লোক আমাকে বলে তোমার হজ্জ হবেনা। ইবনে উমর রা. তাকে বললেন: তুমি কি ইহরাম ও তালবিয়া করোনা? তুমি আল্লাহর ঘরের তওয়াফ করোনা, আরাফাত থেকে রওনা হয়ে যাওনা এবং কংকর নিক্ষেপ করোনা? সে বললো অবশ্যই করি। ইবনে উমর রা. বললেন তাহলে তোমার হজ্জ শুদ্ধ হয়েছে। ইবনে উমর আরো বললেন এক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর কাছে এসে তুমি যে ধরনের প্রশ্ন আমাকে করেছো, সে ধরনের প্রশ্ন করেছিল। তিনি কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পর আয়াত নাযিল হলো: "তোমাদের কোনো দোষ নেই যদি আল্লাহ অনুগ্রহ অন্বেষণ করো"। তখন রসূলুল্লাহ সা. ঐ লোকটাকে ডেকে আনতে বললেন। সে এলে তাকে এ আয়াত পড়ে শুনালেন এবং বললেন: তোমার হজ্জ শুদ্ধ হয়েছে। -আবু দাউদ। ইবনে আব্বাস রা. কে এক ব্যক্তি বললো: আমি জনসাধারণের বিভিন্ন কাজ মজুরী নিয়ে করে দেই এবং তাদের সাথে হজ্জও করি। আমার কি সওয়াব হবে? ইবনে আব্বাস বললেন: হ্যাঁ, "তারা তাদের কৃতকর্মের ফলের ভাগ পাবে এবং আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী"-বায়হাকি, দার কুতনি।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 বদলী সা.-এর হজ্জ

📄 বদলী সা.-এর হজ্জ


মুসলিম বর্ণনা করেন, মুহাম্মদ বিন আলী বিন হুসাইন বলেছেন: আমরা জাবের বিন আব্দুল্লাহ রা. এর কাছে গেলাম। তিনি সমবেত লোকদের হালহাকিকত জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে আমাকেও জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমি মুহাম্মদ বিন আলী বিন হুসাইন। সংগে সংগে তিনি আমার মাথার দিকে তাঁর হাত বাড়িয়ে দিলেন। আমার বুকে হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন: হে ভাতিজা, তোমাকে স্বাগতম, কী জিজ্ঞাসা করতে চাও করো। তিনি তখন অন্ধ হয়ে গেছেন। আমি তাকে প্রশ্ন করলাম। তখন নামাযের ওয়াক্ত হলো। তিনি আমাদেরকে নামায পড়ালেন। তারপর আমি বললাম আমাকে বলুন, রসূলুল্লাহ সা. কিভাবে হজ্জ করতেন? তখন তিনি হাত দিয়ে কথা বলতে লাগলেন। অর্থাৎ হাত দিয়ে নয় গুণলেন। তারপর বললেন: রসূলুল্লাহ সা. হজ্জ না করেই মদিনায় নয়টি বছর কাটিয়ে দিয়েছে। তারপর দশম বছরে ঘোষণা করা হলো, রসূলুল্লাহ সা. হজ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণা হওয়া মাত্রই মদিনায় বহু লোক সমবেত হলো। প্রত্যেকেরই ইচ্ছা, রসূলুল্লাহর সা. সাথে হজ্জ করবে। আমরা তাঁর সাথে সফরে বেরিয়ে যুল হুলায়ফাতে এলাম। এই সময়ে আবু বকর রা. এর স্ত্রী আসমা বিনতে উমাইস একটি পুত্র সুন্তান প্রসব করলেন, যার নাম রাখা হলো মুহাম্মদ বিন আবু বকর। তিনি রসূলুল্লাহ সা. এর কাছে দূত মারফত জানতে চাইলেন, এখন তিনি কী করবেন? রসূলুল্লাহ সা. বললেন: গোসল করো, রক্তপাত থামানোর জন্য একটা প্রশস্ত কাপড় দিয়ে লজ্জাস্থান বন্ধ করে তার সামনের ও পেছনের দুই প্রান্ত বেঁধে নাও এবং ইহরাম বাঁধো। এরপর রসূলুল্লাহ সা. নামায পড়লেন। নামাযের পর তাঁর উটনী 'কাসওয়ার' পিঠে আরোহণ করলেন। তাঁর উটনী যখন তাঁকে নিয়ে চলা শুরু করলো, তখন মরু প্রান্তরে পৌঁছে আমি তাঁর সামনে, ডানে ও বামে ও পেছনে যতদূর চোখ যায় দৃষ্টি দিলাম, দেখলাম, বিপুল সংখ্যক লোক বাহনে আরোহণ করে ও পদব্রজে চলছে। রসূলুল্লাহ সা. আমাদের মাঝ দিয়ে চলছেন এবং তাঁর ওপর কুরআন নাযিল হচ্ছে। তিনি নাযিল হওয়া আয়াতসমূহের ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। তিনি তদনুসারে যে রূপ আমল করেন, আমরাও তদ্রূপ আমল করে চলছি। তিনি উচ্চস্বরে তালবিয়া পড়তেন :
لَبَّيْكَ اللَّهُ لَبِيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ.
“হে আল্লাহ! আমরা তোমার আহ্বানে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়েছি, তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরিক নেই, আমরা হাজির হয়েছি। সমস্ত প্রশংসা, নিয়ামত ও সাম্রাজ্য তোমারই। তোমার কোনো শরিক নেই।' লোকেরা এই তালবিয়া সমস্বরে পড়তে লাগলো। রসূলুল্লাহ সা. তাদের তালবিয়ার কোনো অংশ ফিরিয়ে দিচ্ছিলেন না। তিনি নিজের তালবিয়া পড়ছিলেন। জাবের রা. বলেন: আমরা হজ্জ ব্যতিত আর কিছু করতে চাইছিলাম না। আমরা ওমরা কী জিনিস তাও জানতামনা। অবশেষে যখন আমরা তাঁর সাথে কাবাগৃহে উপনীত হলাম, তখন তিনি রুকনে ইয়ামানীকে হাত দিয়ে ধরলেন, তিনবার রমল করলেন এবং স্বাভাবিকভাবে হাঁটলেন চারবার। তারপর মাকামে ইবরাহীমে গিয়ে পড়লেন: "তোমরা মাকামে ইবরাহীমে নামায পড়ো।” তিনি মাকামে ইবরাহীমকে নিজের ও পবিত্র কা'বার মধ্যস্থলে রাখলেন এবং সেখানে দুই রাকাত নামায পড়লেন, তাতে সূরা ইখলাস ও সূরা কাফিরূন পড়লেন তারপর রুকনে ইয়ামানীতে ফিরে এলেন, তা হাত দিয়ে ধরলেন, তারপর দরজা দিয়ে বেরিয়ে সাফার দিকে চলে গেলেন।
অতপর যখন সাফার কাছাকাছি পৌঁছলেন, তখন বললেন : إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ "সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলির অন্যতম।" তারপর বললেন: আল্লাহ সাফা দিয়ে শুরু করেছেন। আমিও সাফা দিয়ে শুরু করছি।" অতপর তিনি সাফা দিয়ে শুরু করলেন। সাফার উপর আরোহণ করলেন, সেখান থেকে কা'বা শরিফকে দেখতে পেলেন, কিবলার দিকে মুখ করলেন, আল্লাহর একত্ব ঘোষণা করলেন ও আল্লাহু আকবার বললেন। তারপর বললেন: لا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ .
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তাঁরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি নিজের কৃত প্রতিশ্রুতি পূরণ করেছেন, নিজের বান্দাকে সাহায্য করেছেন এবং শত্রুদলগুলোকে একাই পরাজিত করেছেন।" তারপর দোয়া করলেন। এভাবে তিনবার দোয়া করলেন: তারপর মারওয়ায় নামলেন। তারপর যখন বাতনুল ওয়াদীতে তার দু'পা দাঁড়ালো, তখন তিনি সাঈ করলেন। তারপর আমরা যখন আরোহণ করলাম, তখন তিনি হাঁটতে শুরু করলেন। তারপর যখন মারওয়ায় এলেন, তখন সাফায় যা যা করেছিলেন তাই করলেন। মারওয়ায় শেষ চক্কর দেয়ার পর বললেন আমি যেটা পরে করলাম তা যদি আগে করতাম তাহলে কুরবানির জানোয়ার নিয়ে আসতামনা এবং একে ওমরায় পরিণত করতাম। সুতরাং তোমাদের মধ্যে যার সাথে কুরবানির জন্তু নেই, সে ইহরাম খুলে ফেলুক এবং একে ওমরায় পরিণত করুক। একথা শুনে খাসয়াম গোত্রের সুরাকা বিন মালেক উঠে দাঁড়ালো এবং বললো : হে রসূলুল্লাহ সা., এ ব্যবস্থা কি শুধু এ বছরের জন্য, না চিরদিনের জন্য। তখন রসূল সা. তার এক হাতের আঙ্গুলের মধ্যে অপর হাতের আঙ্গুল ঢুকিয়ে বললেন: হজ্জের মধ্যে ওমরা প্রবেশ করেছে দু'বার। না, বরং এটা চিরদিনের জন্য।”
আলী রা. রসূল সা. এর জন্য ইয়ামান থেকে কোরবানীর উটের পাল সাথে নিয়ে এসে রসূলুল্লাহর সা. সাথে হজ্জে শরিক হলেন। তখন আমরা ফাতেমা রা. কে ইহরাম খুলে ফেলতে ও রঙ্গীন পোশাক পরতে দেখলাম। তিনি চোখে সুরমাও লাগালেন। এতে আলী রা. অসন্তোষ প্রকাশ করলে ফাতেমা বললেন: আমার আব্বা আমাকে এরূপ করতে আদেশ করেছেন। পরবর্তী সময় আলী রা. ইরাকে বলতেন: ফাতেমা যে কাজ করেছে তা রসূল সা.কে জানানোর জন্য এবং রসূল সা. সম্পর্কে ফাতেমা যে কথা বলেছে, তা সঠিক কিনা জিজ্ঞাসা করার জন্য আমি রসূল সা. এর কাছে গিয়েছিলাম। আমি রসূলুল্লাহ সা.কে বললাম, ফাতেমার একাজ আমি অপছন্দ করেছি। রসূলুল্লাহ সা. বললেন: ফাতেমা ঠিক বলেছে, ঠিক বলেছে? তুমি যখন হজ্জের নিয়ত করেছো, তখন কী বলেছো? আলী রা. বলেন: আমি জবাব দিলাম, হে আল্লাহ, তোমার রসূল যে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন, আমি সেই উদ্দেশ্যে ইহরাম বাঁধছি। রসূল সা. বললেন: আমার সাথে তো কুরবানির জন্তু আছে। তাই আমরা ইহরাম, খুলবোনা। জাবের রা. বলেন: যে উটের পাল আলী পাঠিয়েছিলেন তাতে ছিলো একশো উট। এরপর সাহাবিগণ সবাই ইহরাম খুললেন এবং চুল ছেঁটে ফেললেন। কিন্তু রসূলুল্লাহ সা. ও যারা কুরবানির জন্তু এনেছিলেন তারা ইহরাম খুললেননা। জিলহজ্জ মাসের আট তারিখে সবাই মিনা অভিমুখে যাত্রা করলেন এবং হজ্জের ইহরাম বাঁধলেন। রসূল সা. উটে আরোহণ করেছেন এবং মিনায় গিয়ে যোহর, আসর, মাগরিব ও এশা পড়লেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতেই সূর্য উঠলো। রসূল সা. নামেরায় তাঁর জন্য তাঁবু স্থাপনের আদেশ দিলেন। এরপর রসূল সা. যাত্রা করলেন। কুরাইশের কোনো সন্দেহ ছিলনা যে, রসূল সা. মাশআরিল হারামে (মুযদালিফার একটা পাহাড়) অবস্থান করবেন। যেমন কুরাইশরা জাহেলিয়াতের যুগে করতো। * অতপর রসূল সা. মুযদালিফা ছাড়িয়ে গিয়ে আরাফাতে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন নামেরায় তাঁর জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। তিনি সেখানে অবস্থান করলেন। অতপর সূর্য যখন পশ্চিমে ঢলে পড়লো, তখন তাঁর উট কাসওয়াকে আনতে আদেশ দিলেন এবং আরাফাতের ময়দান বাতনুল ওয়াদীতে পৌঁছলেন। সেখান থেকে জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণে তিনি বললেন: "তোমাদের রক্ত ও সম্পদ তোমাদের জন্যে পবিত্র তোমাদের এই দিন, তোমাদের এই শহর এবং তোমাদের এই মাস যেমন পবিত্র। জেনে রাখো জাহেলিয়াতের প্রতিটি জিনিস বাতিল, জাহেলিয়াতের সকল হত্যা বাতিল (অর্থাৎ প্রতিশোধ বাতিল), আমাদেরর সর্বপ্রথম যে হত্যার প্রতিশোধ আমি বাতিল করছি তা হচ্ছে, রবিয়া ইবনুল হারেসের হত্যা। সে বনু সাদের দুধ পালিত ছিলো, হুযাইল তাকে হত্যা করেছিল। জাহেলিয়তের সুদ বাতিল। সর্বপ্রথম যে সুদ আমি বাতিল করছি, তা হচ্ছে, আমাদের সুদ, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ। এ সুদ সম্পূর্ণরূপে বিলুপ্ত। তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা তোমরা তাদেরকে আল্লাহর যিম্মাদারিতে গ্রহণ করেছ। আল্লাহর বাণীর ভিত্তিতে তাদের লজ্জাস্থানকে তোমরা নিজেদের জন্য হালাল করেছ। এখন তাদের উপর তোমাদের অধিকার এই যে, তারা তোমাদের বিছানায় অন্য কাউকে আসতে দেবেনা, যা তোমরা অপছন্দ করো। যদি তা করে, তাহলে তাদেরকে এতোটুকু প্রহার করতে পারো, যা কষ্টদায়ক না হয়। তাদের খাদ্য ও বস্ত্রের সুব্যবস্থা করা তোমাদের কর্তব্য। তোমাদের কাছে আমি এমন একটা জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনো বিপথগামী হবেনা। তা হলো আল্লাহর কিতাব তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তখন তোমরা কী বলবে? লোকেরা বললো: আমরা সাক্ষ্য দেবো, আপনি আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন এবং আমাদের শুভ কামনা করেছেন। তখন রসূলুল্লাহ সা. তার তর্জনী আঙ্গুল আকাশের দিকে তুলে এবং পরক্ষণে তা জনতার দিকে ঘুরিয়ে তাদের প্রতি ইংগিত করে "হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো" তিনবার বললেন। তারপর আযান দেয়া হলো। তারপর ইকামত দেয়া হলো। তারপর তিনি যোহরের নামায পড়ালেন। তারপর পুনরায় ইকামত দেয়া হলো এবং আসরের নামায পড়ালেন। এ দুই নামাযের মাঝে আর কোনো নামায পড়লেন না। *
এরপর রসূলুল্লাহ সা. উটের ওপর আরোহণ করলেন, অবস্থান স্থলে পৌঁছলেন, তাঁর উটনী কাসওয়ার পেট পাহাড়গুলোর দিকে রাখলেন। সমবেত জনতা জমায়েত হওয়ার স্থানকে নিজের সম্মুখে রাখলেন এবং কিবলামুখি হলেন।
সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি আরাফাতে অবস্থান করলেন, তারপর ক্রমান্বয়ে সূর্যের হলুদ রং মিলিয়ে গেলো এবং তিনি উসামাকে নিজের পেছনে বসালেন। রসূলুল্লাহ সা. উটনীকে ধাক্কা দিলেন। লাগাম জোরে টানলেন এবং ডান হাত উঁচিয়ে বললেন: হে জনমণ্ডলী, প্রশান্তি, প্রশান্তি।' যখন পথিমধ্যে কোনো পাহাড়ের কাছে পৌঁছেন, লাগামকে শিথিল করেন। এভাবে চলতে চলতে মুযদালিফায় এলেন। সেখানে এক আযানে ও দুই ইকামতে মাগরিব ও এশার নামায পড়লেন এবং এই দুই নামাযের মাঝে আর মাঝে কিছুই পড়লেন না। তারপর রসূল সা. শুয়ে পড়লেন। অবশেষে ভোর হলো এবং সকাল হয়েছে মর্মে নিশ্চিত হওয়া এক আযান ও এক ইকামতে ফজরের নামায পড়ালেন। তারপর পুনরায় কাসওয়ার পিঠে আরোহণ করলেন এবং মাশআরুল হারামে (মুযদালিফায়) পৌঁছে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। ভোর পুরোপুরি স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি মাশআরুল হারামে অবস্থান করলেন। যখন প্রভাত আরো উজ্জ্বল হলো, তখন সূর্য না উঠতেই উটনীকে ধাক্কা দিলেন এবং ফযলকে পেছনে বসালেন। ফযল ছিলেন খুবই সুদর্শন যুবক। রসূল সা. যখন উটনীকে যাত্রার সংকেতস্বরূপ ধাক্কা দিলেন তখন তার কাছ দিয়ে মহিলারা যেতে লাগলো এবং ফযল তাদের দিকে তাকাতে লাগলো। এ সময় রসূলুল্লাহ সা. তাঁর হাত ফযলের মুখের উপর রাখলেন। ফযল তৎক্ষণাৎ নিজের মুখ অন্যদিকে ফেরালো এবং দেখতে লাগলো। রসূল সা. পুনরায় তার মুখের উপর হাত রাখলেন এবং তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। এভাবে তিনি বাতনে মুহাসসার এলেন। এবার উটকে সামান্য নাড়া দিলেন। তারপর তিনি মধ্যবর্তী রাস্তা ধরে চলতে লাগলেন, যা বড় জামরার উপর দিয়ে বেরিয়েছে (অর্থাৎ আরাফাতে যাওয়ার সময় যে রাস্তা ব্যবহার করেছিলেন। তা থেকে ভিন্ন রাস্তা। ঈদের মতো আরাফাতেও যাওয়া ও আসার পথ ভিন্ন হওয়া সুন্নত)। তিনি গাছের নিকট অবস্থিত জামরায় পৌঁছলেন এবং তার প্রতি সাতটি কংকর নিক্ষেপ করলেন। প্রতিটি কংকর আল্লাহু আকবর বলে নিক্ষেপ করছিলেন এবং বাতনুল ওয়াদি থেকে নিক্ষেপ করছিলেন (অর্থাৎ মিনা, আরাফাত ও মুযদালিফাকে ডান দিকে ও মক্কাকে বাম দিকে রেখে পাথর নিক্ষেপ করেন)। তারপর চলে গেলেন কুরবানির জায়গায়। সেখানে স্বহস্তে তেষট্টিটি জন্তু কুরবানি দিলেন। তারপর আলী রা.কে দায়িত্ব অর্পণ করলেন। আলী রা. অবশিষ্ট কুরবানি দিলেন এবং রসূল সা. কে তার কুরবানিতে শরিক করলেন। তারপর প্রত্যেক উট থেকে খানিকটা গোশত নিয়ে ডেগচিতে করে রান্না করা হলো। রসূল সা. ও আলী রা. তার গোশত ও ঝোল খেলেন। এরপর রসূলুল্লাহ সা. উটে চড়লেন। পবিত্র কাবায় তাওয়াফে এফাযা করলেন এবং মক্কায় যোহরের নামায পড়লেন। তারপর বনু আব্দুল মুত্তালিবের কাছে এসে যমযমের পানি পান করালেন এবং বললেন, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা বালতি ও রশি দিয়ে পানি তোলো। আমার যদি এ আশংকা না থাকতো যে, জনগণ যমযমের পানি পান করানোকে হজ্জের অংশ মনে করে ভিড় করবে এবং তোমাদেরকে পানি পান করানোর কাজ থেকে বিচ্যুত করবে, তাহলে আমি তোমাদের সাথে পানি তুলতাম ও পান করাতাম। কেননা এটা অত্যন্ত সওয়াবের কাজ। এ সময় বনু আব্দুল মুত্তালিব রসূল সা. কে এক বালতি পানি দিলো এবং তিনি তা থেকে পান করলেন।"
আলেমগণ বলেছেন: এটা একটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশাল হাদিস। কাযী ইয়ায বলেছেন : এ হাদিসে যে ফেকাহ সংক্রান্ত বিধিমালা রয়েছে, তার উপর অনেক আলোচনা হয়েছে। এ হাদিস নিয়ে ইবনুল মুনযির একটি বিরাট গ্রন্থ লিখেছেন। যাতে দেড় শতাধিক ফিকহী বিধি রচনা করেছেন। তিনি বলেছেন: বিস্তারিত অনুসন্ধান চালালে আরো বেশি বিধি রচনা করা যেতো।
আলেমগণ বলেছেন: এ হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে, (১) ইহরামের গোসল হায়েয ও নেফাসধারিণী মহিলাদের জন্যও সুন্নত, অন্যদের জন্যতো বটেই। (২) হায়েয ও নেফাসধারিণীদের রক্তস্রাব থেকে শরীর ও পোশাক পবিত্র রাখার জন্য যোনিমুখে বিশেষ ধরনের কাপড় বাঁধা উচিত। (৩) তাদের উভয়ের ইহরাম শুদ্ধ। (৪) ইহরাম ফরয বা নফল নামাযের পরে বাঁধা উচিত। (৫) ইহরামকারিকে উচ্চস্বরে তালবিয়া পড়তে হবে। (৬) রসূলুল্লাহ সা. যে তালবিয়া পড়তেন, তার মধ্যেই সীমিত থাকা উচিত। তবে কিছু বাড়ানোতে ক্ষতি নেই। যেমন উমর রা. বলতেন: হে অঢেল নিয়ামতের মালিক, হে চমৎকার অনুগ্রহের মালিক, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার ভয়ে উপস্থিত এবং তোমার প্রতি আগ্রহী হয়ে উপস্থিত।” (৭) হাজী সাহেবের প্রথমে মক্কায় গিয়ে তওয়াফে কুদুম করা। (৮) তওয়াফের আগে হাজরে আসওয়াদ হাত দিয়ে ধরা। (৯) তওয়াফে কুদুমের প্রথম তিন চক্করে রমল করা অর্থাৎ উভয় রুকনে ইয়ামানীর বাইরে অপেক্ষাকৃত দ্রুত চলা এবং তার পরে স্বাভাবিক গতিতে চলা। (১০) তওয়াফ শেষে মাকামে ইবরাহীমে গিয়ে আয়াত পাঠ করা: وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّى "মাকামে ইবরাহিম (ইবরাহিমের দাঁড়ানোর জায়গা) থেকে একটি জায়গা নামাযের জন্য নির্বাচন করো।" অত:পর মাকামে ইবরাহীমকে নিজের ও কাবা শরিফের মাঝে রেখে দু'রাকাত নামায পড়া উচিত। নামাযের প্রথম রাকাতে সূরা ফাতেহার পর সূরা কাফেরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। (১১) হাদিসটি থেকে এও জানা গেলো যে, মসজিদুল হারামে প্রবেশের সময় যেমন হাজরে আসওয়াদ ধরা সুন্নত, তেমনি বের হবার সময়ও। আলেমগণ একমত হয়েছেন যে, হাজরে আসওয়াদ ধরা সুন্নত। অনুরূপ, তওয়াফের পর সাঈ করবে, যা সাফা থেকে শুরু করবে এবং তার উপরে আরোহণ করবে। কিবলামুখি হয়ে অবস্থান করবে। আল্লাহর যিকর করবে। তিনবার দোয়া করবে। চিহ্নিত দুই স্তম্ভের মাঝে রমল করবে। এই রমল সাঈর সাত চক্করের সকল চক্করে করতে হবে। তওয়াফে কুদুমের মতো শুধু প্রথম তিন চক্করে নয়। সাফার ন্যায় মারওয়ারও উপরে আরোহণ করা চাই এবং যিকর ও দোয়া করা চাই। এগুলো সম্পন্ন করলেই ওমরা পূর্ণ হয়ে যাবে। এরপর চুল ছাঁটলে বা কামালে ইহরাম খুলে যাবে। সাহাবিগণও এভাবেই হজ্জ করেছেন। তাদেরকে হজ্জ ও ওমরা এক সাথে করতে রসূল সা. আদেশ দিয়েছেন। তবে যিনি হজ্জে কেরান করেন, তিনি চুল ছাঁটাইবেনও না, কামাবেনও না। তিনি ইহরাম অব্যাহত রাখবেন। তারপর যিনি উমরা আদায়ের পর ইহরাম খুলেছেন (অর্থাৎ তামাতু হজ্জ করার নিয়ত করেছেন) তিনি জিলহজ্জের অষ্টম দিনে ইয়াওমুত তারবিয়াতে হজ্জের নিয়তে ইহরাম বাঁধবেন। তিনি ও কেরান হজ্জকারী ইহরাম বেঁধে মিনায় যাবেন। মিনায় এই দিনের যোহর থেকে পরদিন ফযর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামায পড়া ও রাত যাপন করা সুন্নত। এটা জিলহজ্জের নবম রাত।
৯ই জিলহজ্জ আরাফা দিবস। এই দিন পাঁচ ওয়াক্ত নামায না পড়ে মিনা থেকে বের না হওয়া এবং সূর্য পশ্চিমে ঢলে পড়ার আগে আরাফাত ময়দানে প্রবেশ না করা সুন্নত। রসূলুল্লাহ সা. যোহর ও আসরের নামায পড়ার পর নামেরাতে অবস্থান গ্রহণ করেছেন, যা আরাফাতের বাইরে অবস্থিত। এ দুই নামায পড়ার আগে তিনি আরাফার ময়দানের অবস্থান স্থলে প্রবেশ করেননি। 'এ দুই নামাযের মাঝখানে কিছু নামায পড়া এবং জনতাকে উদ্দেশ্য করে ইমাম সাহেবের খুতবা দেয়া সুন্নত। এটা হজ্জের অন্যতম সুন্নত খুতবা। দ্বিতীয় সুন্নত খুতবা হলো জিলহজ্জের সাত তারিখে যোহরের নামাযের পর কাবা শরিফের সামনে প্রদত্ত খুতবা। তৃতীয় সুন্নত খুতবা হলো কুরবানির দিনের খুতবা। চতুর্থ সুন্নত খুতবা হলো জিলহজ্জের তেরো তারিখের খুতবা।
হাদিসে আরাফাত সংক্রান্ত কিছু সুন্নত ও আদবের উল্লেখ রয়েছে। তন্মধ্যে রয়েছে হলো:
- যোহর ও আসরের নামায পড়ার পর আরাফাতের ময়দানের অবস্থান স্থলে যাওয়া।
- আরাফাতে বাহনের ওপর অবস্থান করা উত্তম।
- টিলাগুলোর কাছে রসূল সা. এর অবস্থানের জায়গার নিকটে অবস্থান করা।
- কেবলামুখি হয়ে অবস্থান করা।
- সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা।
অবস্থানকালে সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে থাকা, বুক পর্যন্ত হাত তুলে দোয়া করা, সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ধীরে ও শান্তভাবে আরাফাত থেকে প্রস্থান করা, অবস্থানকারী অন্যান্যরা যদি তার আনুগত্য করে তবে তাদেরকে এসব কাজ করার আদেশ দেয়া।
মুযদালিফায় পৌঁছার পর যাত্রাবিরতি করা, মাগরিব ও এশা এশার ওয়াক্তে এক আযানে ও দুই ইকামতে পড়া এবং এ দুই নামাযের মাঝে কোনো নফল না পড়া। এ দুই নামায এক সাথে পড়ার ব্যাপারে সকল আলেম একমত। মতভেদ রয়েছে শুধু তার কারণ সম্পর্কে। কারো মতে, এটা একটা ইবাদত। কারো মতে, সফরে থাকাই এর কারণ। মুযদালিফায় অবস্থানের অন্যতম সুন্নত হলো সেখানে রাত যাপন। এটা যে ইবাদত সে সম্পর্কে কোনো মতভেদ নেই। মতভেদ রয়েছে এটা সুন্নত না ওয়াজিব সে ব্যাপারে। আরেকটি সুন্নত হলো মুযদালিফায় ফজরের নামায পড়া, তারপর সেখান থেকে যাত্রা করা। যাত্রা করার পর মাশআরুল হারামে এসে যাত্রাবিরতি করা ও দোয়া করা। এখানে কিছু সময় অবস্থান করাও ইবাদত।
তারপর প্রভাত অত্যধিক উজ্জ্বল হওয়ার পর সেখান থেকে রওনা হওয়া। বাতনুল মুহাসসারে পৌঁছালে দ্রুত যাওয়া। কেননা ওটা আবরাহা বাদশার হাতিবাহিনীর ওপর আল্লাহর গযব নাযিল হওয়ার স্থান। সেখানে থামাও উচিৎ নয়। ধীরে চলাও বাঞ্ছনীয় নয়।
তারপর যখন জামরাতুল আকাবাতে পৌঁছবে, তখন বাতনুল ওয়াদিতে অবস্থান করবে এবং জামরায় শীমের বীজের আকারের সাতটি নুড়ি পাথর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সময় প্রতিটিতে আল্লাহু আকবর বলবে।
তারপর সেখান থেকে কুরবানির জায়গায় যাবে এবং নিজের সাথে কুরবানির জন্তু থাকলে তা সেখানে কুরবানি করবে। কুরবানির পর মাথার চুল কামাবে। তারপর মক্কায় এসে তওয়াফে যিয়ারত করবে। এরপর তার জন্য ইহরাম দ্বারা যা কিছু হারাম হয়ে গিয়েছিল, তার সবই হালাল হবে, এমনকি স্ত্রী সহবাসও।
তবে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপের পর তওয়াফে যিয়ারত না করলে স্ত্রী সহবাস ব্যতীত আর সব কাজ হালাল হবে। এ হলো রসূল সা. এর হজ্জ। এ হজ্জ যে করবে তাকে এর অনুসরণ করতে হবে। কেননা রসূল সা. বলেছেন: "তোমাদের ইবাদত আমার কাছ থেকে গ্রহণ করো।" তাঁর অনুকরণ ও অনুসরণে হজ্জ সম্পন্ন করলেই সঠিক ও নিখুঁত হজ্জ হবে।
এবার হজ্জের প্রতিটি কাজ সম্পর্কে আলেমদের মতামত ও সকল মযহাবের বিধি বিধান সর্বস্তরে আলোচনা করা যাচ্ছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মীকাত

📄 মীকাত


মীকাত দু'রকমের: সময়ের মীকাত ও স্থানের মীকাত।
সময়ের মীকাত: সময়ের মীকাত বলতে সেই সময়গুলোকে বুঝায় যে সময়ের মধ্যে হজ্জের যাবতীয় কাজ সম্পন্ন করা বাধ্যতামূলক এবং সেই সময়ের বাইরে হজ্জের কোনো কাজ শুদ্ধ হবেনা। এর বিবরণ আল্লাহ কুরআন মজিদে দিয়েছেন:
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَقَالَ الْحَجِّ أَشْمَرٌ مَعْلُومَات .
"ওরা তোমাকে চাঁদ মাসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, ওগুলো হচ্ছে মানুষের জন্য ও হজ্জের জন্য কর্মসূচি নির্ণয়ের সময়।" তিনি আরো বলেছেন: "হজ্জ হলো কয়েকটা নির্ধারিত মাস।" অর্থাৎ হজ্জের সময় কয়েকটা পরিচিত মাস।
আলেমগণ একমত যে, হজ্জের মাস দ্বারা শাওয়াল ও জিলকদ মাসকে বুঝানো হয়েছে। জিলহজ্জ মাস নিয়ে একটু মতভেদ রয়েছে। পুরো জilহজ্জ মাসই হজ্জের সময়, না এর দশ দিন? প্রথমটি ইমাম মালেকের এবং দ্বিতীয়টি ইবনে উমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হানাফী, শাফেয়ী ও আলেমদের অভিমত। ইবনে হাযম মালেকের মতকে অগ্রগণ্য মনে করেন। তিনি বলেন, আয়াতে বলা হয়েছে: "কয়েকটা নিষিদ্ধ মাস।" বহুবচনে ব্যবহৃত কয়েকটা নির্দিষ্ট মাস দ্বারা দুই মাস বুঝানো সম্ভব নয়। তাছাড়া কংকর নিক্ষেপ হজ্জেরই অন্যতম কাজ, যা জিলহজ্জের আওতাধীন। এটা করা হয় জিলহজ্জ মাসের তের তারিখে। আর তওয়াফে যিয়ারত যা হজ্জের অন্যতম ফরয কাজ, এটাও সর্বসম্মতভাবে পুরো জিলহজ্জে মাসে করা যায়। সুতরাং সময়ের মীকাত যে তিন মাস সে ব্যাপারে আর কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ নেই।
উপরোক্ত মতভেদের ফলাফল প্রকাশ পাবে দশই জিলহজ্জের পরে সম্পাদিত হজ্জের কার্যকলাপে। যারা বলে পুরো জিলহজ্জ মাসই মীকাত, তাদের মতানুসারে এই বিলম্বের জন্য 'দম' দেয়া লাগবেনা। আর যারা বলে, জিলহজ্জের দশ তারিখ পর্যন্ত মীকাত সীমাবদ্ধ, তাদের মতানুসারে বিলম্বের জন্য দম দেয়া লাগবে।
হজ্জের মাসগুলো আসার আগে ইহরাম বাঁধা: ইবনে আব্বাস, ইবনে উমর, জাবের ও শাফেয়ীর মতে, হজ্জের মাসগুলোর বাইরে ইহরাম বৈধ হবেনা। (হজ্জের মাসগুলোর বাইরে হজ্জের ইহরাম বাঁধা হলে তা ওমরার ইহরামে গণ্য হবে- হজ্জের জন্য তা যথেষ্ট হবেনা।)
ইমাম বুখারি বলেছেন: ইবনে উমর রা. এর মতে, হজ্জের মাস হচ্ছে শাওয়াল, জিলকদ ও জিলহজ্জের প্রথম দশদিন। আর ইবনে আব্বাসের মতে, হজ্জের মাসগুলোতে ব্যতিত হজ্জের ইহরাম না করা সুন্নত। ইবনে জরির ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন: হজ্জের মাসগুলোতে ছাড়া হজ্জের ইহরাম বাঁধা বৈধ নয়।
হানাফি মালেকী ও হাম্বলী মাযহাবের মতে, হজ্জের মাসগুলোর আগমনের পূর্বে ইহরাম বাঁধা শুদ্ধ, কিন্তু মাকরূহ। শওকানি প্রথমোক্ত মতটিকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেছেন: আল্লাহ তায়ালা হজ্জের কাজগুলো করার জন্য কয়েকটা পরিচিত মাসকে নির্দিষ্ট করেছেন। এই নির্দিষ্ট করার কারণে হজ্জের মাসগুলো আগমনের পূর্বে ইহরাম বাঁধা কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে। ইহরাম হজ্জের একটা কাজ। যিনি দাবি করবেন যে, ঐ মাসগুলোর আগমনের পূর্বে ইহরাম বাঁধা জায়েয, তাকে তার এই দাবির পক্ষে অবশ্যই প্রমাণ দর্শাতে হবে।
স্থানের মীকাত: স্থানের মীকাত হলো সেসব স্থান, যেখান থেকে হজ্জ বা ওমরা করতে ইচ্ছুক ব্যক্তিকে ইহরাম বাঁধতে হয় এবং ইহরাম ব্যতিত কোনো হজ্জযাত্রী বা ওমরা যাত্রীর সেই স্থান অতিক্রম করা জায়েয নয়। রসূলুল্লাহ সা. এই স্থানগুলোকে চিহ্নিত করে দিয়েছেন।
মদিনাবাসির মীকাত হচ্ছে যুলহুলায়ফা যা মক্কা থেকে ৪৫০ কি.মি. উত্তরে। সিরিয়ার জন্য নির্দিষ্ট করেছেন জুহফাকে, যা মক্কা থেকে ১৮৭ কি.মি. উত্তর পশ্চিমে অবস্থিত। এ জায়গাটা মক্কা থেকে ২০৪ কি. মি. দূরে অবস্থিত রাবেগের কাছাকাছি অবস্থিত। জুহফার চিহ্ন মুছে যাওয়ার পর মিশরবাসী, সিরিয়াবাসী এবং মিশর ও সিরিয়ার মধ্য দিয়ে গমনাগমনকারীদের জন্য রাবেগই মীকাতে পরিণত হয়েছে। নাজদবাসীর মীকাত হলো কারনুল মানাযিল (মক্কার পূর্ব দিকে অবস্থিত একটা পাহাড়, যেখান থেকে আরাফাত দেখা যায়। মক্কা থেকে এর দূরত্ব ৯৪ কি. মি.)। আর ইয়ামানবাসীর মীকাত ইয়ালামলাম। মক্কার ৫৪ কি. মি. দক্ষিণে অবস্থিত এটা একটা পাহাড়ের নাম। আর ইরাকবাসীর মীকাত যাতু ইরক। এটি মক্কা থেকে ৯৪ কি. মি. উত্তর পূর্বে অবস্থিত এটি জায়গা।
এ হচ্ছে রসূল সা. কর্তৃক চিহ্নিত ও নির্ধারিত মীকাতসমূহ। এ স্থানগুলো দিয়ে অতিক্রমকারী প্রত্যেকের জন্যই এগুলো নির্ধারিত, চাই তারা সেখানকার অধিবাসী হোক অথবা অন্য কোনো অঞ্চলের অধিবাসী হোক। (উদাহরণ স্বরূপ কোনো সিরিয়াবাসী যদি হজ্জ করতে ইচ্ছুক হয় এবং মদিনায় প্রবেশ করে তবে তার মীকাত হবে যুলহুলায়ফা। কেননা যুলহুলায়ফা হয়েই তাকে যেতে হবে। তার আসল মীকাত রাবেগে যাওয়া পর্যন্ত ইহরাম বিলম্বিত করা তার জন্য বৈধ হবেনা। যদি তা করে তবে গুনাহ হবে এবং অধিকাংশ আলেমের মতে তার ওপর 'দম' (কুরবানি) দেয়া ওয়াজিব হবে।) রসূল সা. দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন: এই মীকাতগুলো এ অঞ্চলগুলোর অধিবাসীদের মধ্য হতে এবং এ অঞ্চলগুলো দিয়ে যাতায়াতকারীদের মধ্য হতে যারা হজ্জ ও ওমরা করতে ইচ্ছুক, তাদের জন্য।" আর যদি কেউ এসব অঞ্চলের অধিবাসী না হয়েও হজ্জ বা ওমরার জন্য মক্কা যেতে ইচ্ছুক হয়, তবে সে এসব স্থান থেকে ইহরাম করবে। আর যে ব্যক্তি মক্কায় থাকে, তার মীকাত তার মক্কাস্থ বাসস্থান। হজ্জ করতে চাইলে সেখান থেকে ইহরাম করবে। আর ওমরা করতে চাইলে তার মীকাত হেরেম শরিফের সীমানার বাইরে। হারাম শরিফ থেকে বেরিয়ে তাকে সেখানে চলে যেতে হবে এবং ইহরাম করে আসতে হবে। অন্তত পক্ষে তাকে 'তানয়ীম' পর্যন্ত যেতে হবে। আর যে ব্যক্তি মক্কা ও মীকাতের মাঝখানে বাস করে তার বাসস্থানই তার জন্য মীকাত। ইবনে হাযম বলেন: যার মক্কা গমনের পথ এসব মীকাতের কোনো একটির মধ্য দিয়েও অতিক্রম করেনা, সে জলপথ বা স্থলপথের যে কোনো জায়গা থেকে ইহরাম করবে।
মীকাতের পূর্বে ইহরাম: ইবনুল মুনযির বলেছেন: আলেমগণ এ ব্যাপারে একমত, যে ব্যক্তি মীকাতের পূর্বে ইহরাম করে, তার ইহরাম বৈধ। তবে মাকরূহ। কেননা সাহাবায়ে কেরামের উক্তি "রসূল সা. মদিনাবাসীর জন্য যুলহুলায়ফাকে মীকাত নির্ধারণ করেছেন" এসব মীকাত থেকে ইহরাম বাঁধার বাধ্যবাধকতা আরোপ করে এবং এতে কোনো হেরফের ও কমবেশি করতে নিষেধ করে। কাজেই হেরফের যদি হারাম নাও হয়। তবে অন্তত তা বর্জন করা শ্রেয় অবশ্যই।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ইহরাম

📄 ইহরাম


ইহরামের সংজ্ঞা: ইহরাম বলা হয় হজ্জ বা ওমরার নিয়ত করাকে অথবা উভয়টার নিয়ত করাকে। এটা হজ্জের রুকন অর্থাৎ ফরয ও অবিচ্ছেদ্য অংগ। কেননা আল্লাহ তায়ালা বলেছেন: وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ .
"তাদেরকে শুধু এই আদেশই দেয়া হয়েছে যেন তারা একান্তভাবে আল্লাহর আনুগত্যের লক্ষ্যেই তাঁর ইবাদত করে।" আর রসূল সা. বলেছেন: নিয়ত দ্বারাই আমল স্থির হয়। প্রত্যেক মানুষ যা নিয়ত করে শুধু তাই পায়।" নিয়তের হাকীকত বা তাৎপর্য নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে (ওযু অধ্যায় দেখুন)। সেখানে বলা হয়েছে নিয়তের স্থান হলো মন। ইবনুল হুমাম বলেছেন: কোনো বর্ণনাকারী রসূল সা.কে একথা বলতে শোনেনি যে, আমি ওমরা বা হজ্জের নিয়ত করলাম।
ইহরামের জন্য কিছু নিয়ম বিধি বা আদব রয়েছে, যা মেনে চলা আবশ্যক। নিম্নে এই নিয়মবিধিগুলোর উল্লেখ করছি:
১. পরিষ্কার পরিচ্ছন্নতা: নখ কাটা, গোঁফ ছাঁটা, বোগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, ওযু বা গোসল করা। গোসল করাই উত্তম। আর দাড়ি ও মাথার চুল পরিচ্ছন্ন করা। এসব কাজ দ্বারাই পরিচ্ছন্নতা অর্জিত হতে পারে। ইবনে উমর রা. বলেছেন: ইহরামের ইচ্ছা করলে এবং মক্কায় প্রবেশ করতে চাইলে গোসল করা সুন্নত। -বাযযার, দার কুতনি, হাকেম।
ইবনে আব্বাস রা. বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন: হায়েয ও নেফাসধারিণীরা ইহরামের গোসলের নিয়তে গোসল করবে। এতেই তার ইহরাম করা ও হজ্জ বা ওমরার সকল কাজ করা বৈধ হবে। তবে হায়েয ও নেফাস থেকে পবিত্র না হওয়া পর্যন্ত কাবা শরিফের তওয়াফ করতে পারবেনা। -আহমদ, আবু দাউদ, তিরমিযি। (এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, মুহদিস অবস্থায় ওযু প্রয়োজন এরূপ অপবিত্রাবস্থায় ইহরাম চলবে।)
২. সেলাই করা কাপড় বর্জন ও ইহরামের দুটো কাপড় পরিধান করা। এই দুটো কাপড়ের একটি হলো, মাথা ব্যতীত দেহের ওপরের অর্ধাংশ আচ্ছাদনকারী চাদর এবং শরীরের নিম্নের অর্ধাংশ আচ্ছাদনকারী সেলাইবিহীন লুঙ্গি। দুটোই সাদা হওয়া বাঞ্ছনীয়। কেননা সাদা কাপড় আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। ইবনে আব্বাস রা. বলেছেন: রসূল সা. ও তার সাহাবিগণ বাহন থেকে নামা, তেল ব্যবহার করা এবং চাদর ও লুংগি পরিধান করার পর রওনা হলেন।-বুখারি।
৩. শরীরে ও পোশাকে সুগন্ধি লাগানো। চাই ইহরামের পরেও তাতে তার প্রভাব অবশিষ্ট থাকুক বা না থাকুক। কোনো কোনো আলেম এটা মাকরূহ মনে করলেও এ হাদিস তাদের অভিমত খণ্ডন করে। আয়েশা রা. বলেন: "ইহরাম অবস্থায় রসূল সা. এর চুলের সিঁথি সুগন্ধি দ্রব্যের কারণে যেভাবে চকচক করছিল, সে দৃশ্য যেনো আমি এখনো দেখতে পাচ্ছি। -বুখারি, মুসলিম। বুখারি ও মুসলিম আয়েশা রা. থেকে আরো বর্ণনা করেন, ইহরামের পূর্বে আমি রসূল সা.কে ইহরামের জন্য এবং কংকর নিক্ষেপের পর তাঁর ইহরাম খোলার জন্য কা'বা শরিফের তওয়াফের পূর্বে আমি তাঁকে সুগন্ধি লাগিয়ে দিতাম।' আয়েশা রা. বলেন: আমরা রসূল সা.-এর সাথে মক্কায় গিয়েছি, তখন ইহরামের সময় আমরা আমাদের কপালকে মেসক দ্বারা সুবাসিত করতাম। তারপর যখন আমাদের কেউ ঘর্মাক্ত হতো, তখন ঐ মেসক তার মুখমণ্ডল দিয়ে প্রবাহিত হতো। রসূল সা. তা দেখতেন। কিন্তু আমাদেরকে নিষেধ করতেন না। -আহমদ ও আবু দাউদ।
৪. দু'রাকাত নামায। ইহরামের সুন্নত হিসেবে নিয়ত করবে। প্রথম রাকাতে সূরা ফাতেহার পর 'কাফেরুন' এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে। ইবনে উমর রা. বলেছেন: রসূল সা. যুলহুলায়ফাতে দু'রাকাত নামায পড়তেন। -মুসলিম। এ সময় ফরয নামায পড়লে আর কোনো নামায পড়ার প্রয়োজন হবেনা, যেমন মসজিদে প্রবেশ করেই কেউ ফরয নামায পড়লে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন হয়না। ইহরাম কয় প্রকার ও কি কি: ইহরাম তিন প্রকার: ১. কিরান, ২. তামাতু ও ৩. ইফরাদ। এই তিন প্রকারের ইহরামের সবকটাই সর্বসম্মত বৈধ।
আয়েশা রা. বলেছেন: বিদায় হজ্জের বছর আমরা রসূল সা.-এর সাথে বের হলাম। তখন আমাদের কেউবা ওমরার জন্য ইহরাম বেঁধেছে। কেউ হজ্জ ও ওমরা উভয়ের জন্য ইহরাম বেঁধেছে, আবার কেউ শুধু হজ্জের জন্য ইহরাম বেঁধেছে রসূল সা. শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধলেন। যে ব্যক্তি শুধু ওমরার জন্য ইহরাম বেঁধেছিল, যা তার তওয়াফ কুদুম অর্থাৎ মক্কায় পৌঁছেই তওয়াফ করে ইহরাম মুক্ত হয়ে গেছে। আর যে ব্যক্তি শুধু হজ্জের ইহরাম বেঁধেছে, অথবা হজ্জ ও ওমরা উভয়ের জন্য ইহরাম বেঁধেছে, সে তাওয়াফে কুদুম দ্বারা ইহরামমুক্ত হয়নি। কেবল ১০ই জিলহজ্জ তারিখে কুরবানি ও চুল কামানোর মাধ্যমেই সে ইহরাম থেকে মুক্ত হতো।' -আহমদ, বুখারি, মুসলিম, মালেক।
কিরান ও তার অর্থ: মীকাত থেকে হজ্জ ও ওমরা উভয়ের উদ্দেশ্য ইহরাম বাঁধা এবং তালবিয়ার সময়ে বলা “লাব্বাইকা বিহাজ্জিন ওয়া উমরাতিন” (হজ্জ ও উমরা উভয়ের উদ্দেশ্যে বান্দা হাজির) এই ইহরামের কারণে ইহরামকারী হজ্জ ও ওমরার যাবতীয় কাজ করা পর্যন্ত ইহরামের অবস্থায় থাকা বাধ্যতামূলক হয়ে যায়।
তামাতু ও তার অর্থ: হজ্জের মাসগুলোতে ওমরা করা ও ওমরা করার বছরেই হজ্জ সমাধা করার নাম তামাত্তু। একে তামাতু (উপকৃত হওয়া) নামকরণ করার কারণ হলো, এ পদ্ধতিতে একজন ইহরামকারী একই বছরের হজ্জের মাসে হজ্জ ও ওমরা উভয় ইবাদত সমাধা করতে পারে নিজ দেশে প্রত্যাবর্তন না করেই। তাছাড়া ইহরামকারী ওমরা শেষে ইহরামমুক্ত হয়ে একজন সাধারণ মানুষের মতো সেলাই করা কাপড় ও সুগন্ধি ইত্যাদি ব্যবহার করতে পারে।
তামাত্তুর পদ্ধতি হলো, মীকাত থেকে শুধু ওমরার জন্য ইহরাম বাঁধতে হয় এবং তালবিয়া পড়ার সময় বলতে হয় : লাব্বাইকা বি উমরাতিন" (ওমরার জন্য বান্দা হাজির)
এ ইহরামের ফলে ইহরামকারীকে মক্কায় পৌঁছা কা'বার তওয়াফ করা, সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা (চক্কর দেয়া) চুল কামানো বা ছাঁটা, অতপর ইহরাম মুক্ত হওয়া এবং ইহরামের কাপড় খুলে স্বাভাবিক কাপড় পরা এবং যা কিছু ইতিপূর্বে ইহরাম দ্বারা তার উপর হারাম হয়েছিল, তা হালাল হয়ে যাওয়া পর্যন্ত ইহরামের অবস্থায় থাকতে হয়। তারপর যখন ৮ই জিলহজ্জ সমাগত হয়, তখন মক্কা থেকে হজ্জের জন্য ইহরাম বাঁধতে হয়।
ফাতহুল বারীতে বলা হয়েছে, অধিকাংশ আলেমের মতে, তামাতু হলো, এক ব্যক্তি কর্তৃক একই সফরে একই বছরের হজ্জের মাসগুলোতে হজ্জ ও ওমরা একসাথে করা এবং প্রথমে ওমরা করা। এই শর্তগুলোর একটিও বাদ পড়লে তামাত্তু হবেনা।
ইফরাদের অর্থ: হজ্জ গমনেচ্ছু ব্যক্তি কর্তৃক মীকাত থেকে শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধা এবং “লাব্বাইক বিহাজ্জ” (হজ্জের জন্য বান্দা হাজির) বলে তালবিয়া পড়ার নাম ইফরাদ। ইফরাদের ইহরামকারী হজ্জের যাবতীয় কাজ সমাধা হওয়া পর্যন্ত ইহরাম অবস্থায় থাকে। এরপর ইচ্ছা করলে সে ওমরা করতে পারবে।
তিন প্রকার ইহরামের মধ্যে কোন্টি উত্তম: সর্বোত্তম ইহরাম কোন্টি তা নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। (আর এই মতভেদের কারণ হলো, রসূল সা. কোন্টি করেছেন তা নিয়ে মতভেদ। তবে বিশুদ্ধ মত হলো, তিনি কিরান করেছেন। কেননা তিনি কুরবানির জন্তু সাথে নিয়ে গেছেন) শাফেয়ী মযহাবের মতে, ইফরাদ ও তামাত্তু কিরানের চেয়ে ভালো। কেননা তামাতু অথবা ইফরাদকারী হজ্জ ও ওমরা দুটোই পূর্ণাংগভাবে আদায় করতে সক্ষম। কিন্তু কিরানকারী শুধু হজ্জের কাজ আদায় করে থাকে। শাফেয়ীগণ আরো বলেছেন: তামাতু ও ইফরাদ সম্পর্কে দু'রকমের মত রয়েছে: একটি মত হলো: তামাতু ভালো। অপর মতে ইফরাদ ভালো। হানাফিগণ বলেন: তামাত্তু ও ইফরাদের চেয়ে কিরান ভালো। আর ইফরাদের চেয়ে তামাতু ভালো। মালেকীদের মতে, তামাতু ও কিরানের চেয়ে ইফরাদ ভালো। আর হাম্বলীদের নিকট তামাত্তু ও কিরান ইফরাদের চেয়ে ভালো। হাম্বলীদের মতটাই জনসাধারণের জন্য সহজতর ও অধিকতর নমনীয়। আর এটাই রসূল সা. নিজের জন্য কামনা করতেন এবং সাহাবিদেরকে করতে আদেশ দিতেন।
মুসলিম জাবের রা. থেকে বর্ণনা করেন, জাবের রা. বলেন: আমরা রসূলের সাহাবিরা শুধুমাত্র হজ্জের জন্য ইহরাম বাঁধতাম। রসূলুল্লাহ সা. জিলহজ্জ মাসের চার তারিখ সকালে এসে আমাদেরকে ইহরাম খোলার আদেশ দিলেন। তিনি বললেন: হালাল হয়ে যাও এবং স্ত্রীদের কাছে যাও। তিনি এটাকে বাধ্যতামূলক করেননি। তবে স্ত্রীদেরকে স্বামীদের জন্য হালাল করে দিয়েছেন। আমরা বললাম: আরাফা দিবসের মাত্র পাঁচদিন বাকি থাকতে আমাদেরকে এ রকম আদেশ কেন দেয়া হলো? আমরা আমাদের স্ত্রীদের কাছে যাবো। তারপর এমন অবস্থায় আরাফায় হাজির হবো যে আমরা তখনো অপবিত্র থাকবো। একথা শুনে রসূল সা. আমাদের সামনে এরূপ ভাষণ দিলেন: তোমরা তো জানো, আমি তোমাদের চেয়েও বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি সত্যবাদী, তোমাদের চেয়ে বেশি পুণ্যবান! আমার সাথে যদি কুরবানির জন্তু না থাকতো, তাহলে আমিও তোমাদের মতো ইহরামমুক্ত হয়ে যেতাম। আমি নিজের ব্যাপারে যদি শৈথিল্যকামী হতাম, তাহলে সাথে করে কুরবানির জন্তু আনতামনা। সুতরাং তোমরা ইহরাম খোলো। অতএব আমরা ইহরাম খুললাম এবং আদেশ শুনলাম ও আনুগত্য করলাম।
সাধারণভাবেও ইহরাম বাঁধা জায়েয
যে ব্যক্তি ইহরামের এই প্রকারভেদ ও বিশদ বিবরণ না জানার কারণে এই তিন ধরনের ইহরামের কোনো একটির নাম উল্লেখ ছাড়াই কেবল আল্লাহর অর্পিত ফরয আদায়ের নিয়ত করে সাধারণভাবে ইহারাম বাঁধে, তার ইহরাম বৈধ ও শুদ্ধ হবে। আলেমগণ বলেন: কেউ যদি শুধু অন্যদের দেখাদেখি ইবাদতের নিয়তে ইহরাম বাঁধে ও তালবিয়া পড়ে, কোনো নাম উল্লেখ না করে এবং মনে মনেও কোনো নির্দিষ্ট ধরনের ইহরামের চিন্তা না করে, ইফরাদ, কিরান বা তামাতু কোনোটারই উল্লেখ না করে, তার হজ্জও শুদ্ধ হবে। সে এই তিনটের যে কোনো একটা করতে পারে।
কিরান ও তামাত্তুকারীর তওয়াফ ও সাঈ এবং হারাম শরিফবাসীর জন্য শুধুই ইফরাদ: ইবনে আব্বাসকে তামাত্তু হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন: বিদায় হজ্জে আনসার, মুহাজির ও রসূলুল্লাহ সা. এর স্ত্রীগণ ইহরাম বাঁধলেন। আমরাও ইহরাম বাঁধলাম। যখন মক্কায় উপস্থিত হলাম, তখন রসূল সা. বললেন: হজ্জের জন্য কৃত তোমাদের ইহরামকে ওমরার জন্যও ইহরামে পরিণত করো। তবে যে ব্যক্তি কুরবানির জন্তুর সাথে করে নিয়ে এসেছে, তার কথা আলাদা। আমরা আল্লাহর ঘরের তওয়াফ করলাম, সাফা ও মারওয়ায় সা'ঈ করলাম; স্ত্রীদের কাছে গেলাম ও পোশাক পরলাম। রসূল সা. বললেন: যে ব্যক্তি কুরবানির জন্তু সঙ্গে করে নিয়ে এসেছে, সে উক্ত জন্তু কুরবানির নির্দিষ্ট জায়গায় না পৌঁছা পর্যন্ত ইহরামমুক্ত হবেনা। তারপর ৮ই জিলহজ্জের সন্ধ্যায় আমাদেরকে হজ্জের ইহরাম বাঁধতে আদেশ দেয়া হলো। হজ্জের কাজগুলো সমাধা করার পর আমরা মক্কায় এলাম এবং কা'বার তওয়াফ করলাম ও সাফা মারওয়ার সা'ঈ করলাম। এ পর্যন্ত আমরা হজ্জ সমাধা করলাম এবং আমাদের ওপর কুরবানির হুকুম অবশিষ্ট রইল। যেমন আল্লাহ বলেছেন:
فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةِ إِذَا رَجَعْتُمْ إِلَى أَمْصَارِكُمْ .
“যে ব্যক্তি ওমরা দ্বারা হজ্জ পর্যন্ত উপকৃত হয়, সে যেন সাধ্যমত কুরবানি করে। যে ব্যক্তি কুরবানি করতে অক্ষম হয়, সে যেন হজ্জের দিনগুলোতে তিন দিন এবং দেশে ফিরে সাত দিন রোযা রাখে।" কুরবানির জন্য ছাগল যথেষ্ট। অতপর তারা এক বছরে দুটো ইবাদত হজ্জ ও ওমরা সমাধা করলেন। আল্লাহ তায়ালা এটা তাঁর কিতাবে ও রসূলের সুন্নতে নাযিল করেছেন আর মক্কাবাসী ব্যতিত সকল মানুষের জন্য বৈধ করেছেন। আল্লাহ বলেছেন:
ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ..
"এ ব্যবস্থা তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের অধিবাসী নয়।" আর যে মাসগুলোকে আল্লাহ হজ্জের মাস হিসেবে চিহ্নিত করেছেন তা হলো শাওয়াল, জিলকদ ও জিলহজ্জ। এই মাসগুলোতে যে ব্যক্তি তামাকু করবে তার উপর কুরবানি অথবা রোযার হুকুম রয়েছে।-বুখারি।
১. এই হাদিস থেকে প্রমাণিত হয় যে, হারাম শরিফের অধিকবাসীদের জন্য তামাত্তু ও কিরান কোনোটা নয়। তারা হজ্জ করলেও ইফরাদ ওমরা করলেও ইফরাদ করবে। (তবে মালেক, শাফেয়ী ও আহমদের মতে, মক্কাবাসী তামাতু ও কিরান করতে পারে। এটা তাদের জন্য মাকরূহ নয়।)
এটা ইবনে আব্বাস ও আবু হানিফার মত। তারা উপরোক্ত আয়াতের বরাত দিয়ে থাকেন। মসজিদুল হারামের অধিবাসী বলতে কি বুঝানো হয়েছে, তা নিয়ে মতভেদ রয়েছে। মালেকের মতে, তারা মক্কাবাসী। তাহাবি এই মতকে অগ্রাধিকার দেন। ইবনে আব্বাস ও তাউস প্রমুখের মতে, এর অর্থ হারাম শরিফ থেকে কসর আদায় করতে হয় যত দূরত্বে তন্মধ্যে ন্যূনতম দূরত্বের অধিবাসী। ইবনে জারির এই মত সমর্থন করেছেন। হানাফীদের মতে, যার পরিবার পরিজন মীকাত বা তার চেয়ে কম দূরে অবস্থান করে। উল্লেখ্য যে, বসবাসের স্থানই ধর্তব্য, জন্মস্থান নয়।
হাদিস থেকে এ-ও জানা যায় যে, তামাত্তুকারীকে সর্বপ্রথম ওমরার জন্য তওয়াফ ও সাঈ করতে হবে। এতে তার তওয়াফে কুদুমের প্রয়োজন থাকবেনা। এরপর আরাফায় অবস্থানের পর তওয়াফে যিয়ারত ও তারপর সা'ঈ করতে হবে।
কিরান সম্পর্কে অধিকাংশ আলেমের মত হলো, তার জন্য হজ্জের কাজগুলোই যথেষ্ট। তাকে আরাফায় অবস্থানের পর শুধু একবার তওয়াফে যিয়ারত করতে হবে এবং একবার সাঈ করতে হবে। এই এক তওয়াফ ও এক সাঈ তার হজ্জ ও ওমরা উভয়ের জন্য যথেষ্ট। যেমন, ইফরাদ হজ্জ আদায়কারীর ক্ষেত্রে হয়ে থাকে। (পার্থক্য শুধু এই যে, কিরানে হজ্জ ও ওমরা উভয়ের নিয়ত করতে হয়। আর ইফরাদে শুধু হজ্জের।)
জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি হজ্জ ও ওমরার জন্য ইহরাম বাঁধে, তার জন্য এক তওয়াফ ও এক সা'ঈ যথেষ্ট। -তিরমিযি।
ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন: যে ব্যক্তি হজ্জ ও ওমরার জন্য ইহরাম বাঁধে, তার জন্য এক তওয়াফ ও এক সা'ঈ যথেষ্ট। -তিরমিযি।
মুসলিম বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. আয়েশাকে বলেছেন: তোমার কা'বায় এবং সাফা ও মারওয়ার তওয়াফ তোমার হজ্জ ও ওমরার জন্য যথেষ্ট।
আবু হানিফার মতে, হজ্জ ও ওমরার জন্য দুটো করে তওয়াফ ও সা'ঈ জরুরি। কিন্তু প্রথমোক্ত মতটি অগ্রগণ্য। কেননা তার প্রমাণ অধিকতর শক্তিশালী।
এ হাদিস থেকে আরো জানা যাচ্ছে, কিরান ও তামাত্তুকারী উভয়ের কুরবানি করা জরুরি। অন্ততপক্ষে একটা ছাগল কুরবানি করতে হবে। এটা করতে অক্ষম হলে হজ্জের ভেতরে তিনটে রোযা এবং দেশে ফিরে আসার পর সাতটা রোযা রাখতে হবে। হজ্জের সময়ে যে তিনটে রোযা রাখতে হবে, তা আরাফার দিনের আগে জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের মধ্যে রাখা উত্তম। কোনো কোনো আলেম, যথা তাউস ও মুজাহিদ, শাওয়ালের শুরুতে রাখাও বৈধ বলে রায় দিয়েছেন। ইবনে উমরের রা. মতে এই তিন রোযা এভাবে রাখা উচিত: ৮ই জিলহজ্জের আগে এক দিন, ৮ই জিলহজ্জ এবং ৯ই জিলহজ্জ। একদিন যদি রোযা না রাখে অথবা ঈদের আগে এর অংশ বিশেষ রাখে, তবে তার জন্য আইয়ামে তাশরিকে বাকি রোযাগুলো রাখা বৈধ। কেননা আয়েশা রা. ও ইবনে উমর রা. বলেছেন: আইয়ামে তাশরিকে রোযা রাখা জায়েয নেই। তবে যে ব্যক্তি কুরবানি দিতে পারেনা তার জন্য জায়েয।-বুখারি।
আর যখন হজ্জের ভেতরে তিনটি রোযা রাখা সম্ভব হয়না, তখন তা পরে কাযা করতে হবে। অবশিষ্ট সাত রোযা দেশে ফিরে এসে রাখতে হবে। কেউ বলেন: নিজের কাফেলার কাছে ফিরলে রাখা যাবে। শেষোক্ত মতানুসারে পথিমধ্যেই রোযা রাখা জায়েয। এই দশটা রোযা এক নাগাড়ে রাখা জরুরি নয়। আর যখন নিয়ত করবে ও ইহরাম করবে, তখন তাকে তালবিয়া পড়তে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00