📄 নিফাসের সংজ্ঞা
নিফাস হলো, নারীর যৌনাংগ দিয়ে সন্তান প্রসবের পর নির্গত রক্ত, চাই তা গর্ভপাতের কারণেই হোকনা কেন?
📄 নিফাসের মেয়াদ
নিফাসের কোনো সর্বনিম্ন মেয়াদ নেই। এমনকি তা এক মুহূর্তও হতে পারে। সন্তান প্রসবের পর যদি কারো রক্তস্রাব হয়ে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়, অথবা মোটেই রক্তস্রাব ছাড়া সন্তান প্রসব হয় এবং নিফাস শেষ হয়ে যায়, তাহলে পবিত্রতা অর্জনকারিণীদের যেমন নামায রোযা ইত্যাদি আদায় করতে হয়, তেমনি তারও আদায় করতে হবে। নিফাসের সর্বোচ্চ মেয়াদ চল্লিশ দিন। উম্মে সালামা রা. বর্ণিত হাদিসে এ কথাই জানা যায়:
উম্মে সালামা রা. বলেছেন: রসূলুল্লাহ সা. এর আমলে নিফাসগ্রস্ত মহিলারা চল্লিশ দিন বসে বসে কাটিয়ে দিতো। (অর্থাৎ নামায রোযা ইত্যাদি আদায় করতোনা)। -নাসায়ী ব্যতিত অন্য সব কটি হাদিস গ্রন্থ। এ হাদিস উদ্ধৃত করার পর তিরমিযি বলেছেন: সাহাবি, তাবেয়ী ও তাদের পরবর্তীদের মধ্য হতে সকল আলেম একমত নিফাসগ্রস্তরা চল্লিশ দিন নামায বর্জন করবে। অবশ্য তার আগে পবিত্রতা অর্জন করলে গোসলান্তে নামায রোযা আদায় করবে। আর চল্লিশ দিন পর রক্ত দেখা গেলে অধিকাংশ আলেমের মতে নামায বর্জন করা চলবেনা।