📘 ফিকাহুস সুন্নাহ > 📄 শরীর ও কাপড় পাক করার নিয়ম

📄 শরীর ও কাপড় পাক করার নিয়ম


শরীর ও কাপড়ে যদি নাপাকি লাগে এবং তা যদি দেখা যায়, যেমন- রক্ত, তবে তা দূর না হওয়া পর্যন্ত পানি দিয়ে ধোয়া ওয়াজিব। ধোয়ার পর যদি কিছু চিহ্ন অবশিষ্ট থাকে, যা দূর করা কঠিন হয়, তবে তা মার্জনীয়। আর যদি দেখা না যায়, যেমন পেশাব, তবে তা ধোয়াই যথেষ্ট হবে- এমনকি যদি একবারও ধোয়া হয় তবে তাতেই চলবে। আসমা বিনতে আবু বকর রা. বলেছেন: এক মহিলা রসূল সা. এর নিকট এসে বললো: "আমাদের একজনের কাপড়ে ঋতুর রক্ত লেগেছে, সে কী করবে? রসূল সা. বললেন: সে আংগুল দিয়ে খুটে ও ঢলে পরিষ্কার করবে, অতপর পানি দিয়ে ধুয়ে ফেলবে। তারপর তা দিয়ে নামায পড়বে।" -বুখারি ও মুসলিম। আর যখন মহিলার কাপড়ের আঁচলে নাপাকি লাগে, তখন মাটিই তাকে পবিত্র করবে। কেননা হাদিসে আছে, “এক মহিলা উম্মে সালামা রা.-কে বললো: আমি আমার কাপড়ের আঁচল লম্বা রাখি এবং ময়লা জায়গা দিয়ে চলাফেরা করি। উম্মে সালামা রা. বললেন: রসূলুল্লাহ সা. বলেছেন: কাপড়ে ময়লা লাগার পরে মাটি লাগলে তা-ই তাকে পাক করে দেবে।” -আহমদ, আবু দাউদ।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ভূমি পবিত্র করার পদ্ধতি

📄 ভূমি পবিত্র করার পদ্ধতি


ভূমিতে নাপাকি লাগলে তার উপর পানি ঢেলে দিলে পাক হয়ে যাবে। কেননা আবু হুরায়রা রা. বলেছেন: "জনৈক বেদুঈন মসজিদে গিয়ে পেশাব করলো। লোকেরা তৎক্ষণাৎ তার উপর আক্রমণ করতে ছুটে গেলো। রসূলুল্লাহ সা. বললেন: ওকে ছেড়ে দাও। ওর পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমাদেরকে তো সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য পাঠানো হয়নি।" -মুসলিম ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত।

ভূমি ও ভূমির সাথে দৃঢ়ভাবে যুক্ত জিনিস যথা গাছ ও ভবনের ভিত শুকালেই পাক হয়ে যায়। আবু কুলাবা বলেছেন: ভূমির শুকানোই তার পবিত্র হওয়া। আয়েশা রা. বলেছেন: 'ভূমির পবিত্রতা তার শুষ্কতা।' ইবনে আবি শায়বা কর্তৃক বর্ণিত। এ হচ্ছে নাপাকি যখন তরল হয় তখনকার কথা। নাপাকি যখন শক্ত দেহধারী হয়, তখন তার অস্তিত্ব অপসারিত ও নিশ্চিহ্ন হওয়া ব্যতিত নাপাকি দূর হয়না।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 যি ইত্যাদি পবিত্র করার উপায়

📄 যি ইত্যাদি পবিত্র করার উপায়


ইবনে আব্বাস কর্তৃক মাইমুনা রা. থেকে বর্ণিত। ঘির মধ্যে পতিত ইঁদুর সম্পর্কে রসূলুল্লাহ সা.-কে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন: "ইঁদুরটি ও তার পাশের অংশ উঠিয়ে ফেলে দাও। তারপর তোমাদের ঘি খাও।"-বুখারি।

হাফেয বলেছেন: ইবনে আবদুল বার সর্বসম্মত মত উদ্ধৃত করে বলেছেন, জমাট পদার্থে যখন কোনো মৃত প্রাণী পড়ে, তখন তা ও তার আশপাশের জিনিস ফেলে দিতে হবে। যদি নিশ্চিত হওয়া যায়, উক্ত মৃত প্রাণীর কোনো অংশ ঐ স্থানের বাইরে যায়নি। অবশ্য তরল পদার্থ সম্পর্কে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমের মতে নাপাকি মিশ্রিত হওয়ার দরুন পুরো জিনিসটাই নাপাক হয়ে যায়। তবে যুহরি ও আওযায়ীসহ একটি দল এর বিপরীত মত পোষণ করেন।⁵

টিকা:
৫. এই দু'জনের মতে তরল পদার্থের বিধি পানির বিধির মতো। নাপাকির মিশ্রণে তার মধ্যে পরিবর্তন ঘটা ব্যতিত তা নাপাক হয়না। পরিবর্তিত নাহলে পাক থাকবে। এ মত ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও বুখারির এবং এটাই সঠিক।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মৃত জন্তুর চামড়া পবিত্র করার উপায়

📄 মৃত জন্তুর চামড়া পবিত্র করার উপায়


মরা প্রাণীর চামড়া বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক দিয়েই পবিত্র হয় দাবাগত অর্থাৎ পাকানো বা পরিশোধনের মাধ্যমে। কারণ ইবনে আব্বাস রা. বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সা. বলেছেন: "চামড়া যখন পাকানো হয় তখন তা পবিত্র হয়।" বুখারি ও মুসলিম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00