📘 ফিকাহুস সুন্নাহ > 📄 নির্বোধের কৃতকর্মসমূহ

📄 নির্বোধের কৃতকর্মসমূহ


হিজর আরোপের আগে নির্বোধ ব্যক্তি যে সব কাজ করে তা বৈধ ও কার্যকর। হিজর আরোপ করার পর তার নিজের সম্পত্তিতে আর কোনো হস্তক্ষেপ বৈধ হবে না। তার ক্রয়, বিক্রয়, ওয়াক্ফ বা স্বীকারোক্তি বৈধ ও কার্যকর হবে না।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 নিজের বিরুদ্ধে নির্বোধের স্বীকারোক্তি

📄 নিজের বিরুদ্ধে নির্বোধের স্বীকারোক্তি


ইবনুল মুনযির বলেন: আমি যতো জন আলেমের মতামত স্মরণ রেখেছি, তারা সবাই একমত যে, নির্বোধ ব্যক্তি নিজের বিরুদ্ধে ব্যভিচার, চুরি, মদপান, অপবাদ বা হত্যার স্বীকারোক্তি করলে তা বৈধ এবং তার উপর হদ্দ কার্যকর হবে। আর যদি তার কাছে কারো কোনো পাওনা আছে মর্মে স্বীকারোক্তি করে তবে তার উপর থেকে হিজর অপসারিত না হওয়া পর্যন্ত তার কাছ থেকে তা দাবি করা যাবেনা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 নির্বোধ ও দেউলের উপর হিজর আরোপের প্রচার

📄 নির্বোধ ও দেউলের উপর হিজর আরোপের প্রচার


নির্বোধ ও দেউলের উপর হিজর আরোপিত হয়ে থাকলে তার ব্যাপক প্রচার মুস্তাহাব, যাতে জনগণ তা জানে, তাদের ব্যাপারে ধোঁকায় না পড়ে এবং মানুষ তাদের সাথে লেনদেন করতে চাইলে জেনে বুঝে করে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অপ্রাপ্ত বয়স্কের উপর হিজর

📄 অপ্রাপ্ত বয়স্কের উপর হিজর


নির্বোধের উপর যেমন তার নির্বুদ্ধিতার কারণে হিজর আরোপিত হয়, তেমনি অপ্রাপ্তবয়স্কের উপরও হিজর আরোপিত হয় এবং তাকে তার ধন-সম্পদে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা হয়, যাতে তার সম্পত্তি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। কেবল দুই শর্তে তাকে তার সম্পত্তিতে হস্তক্ষেপ করার অনুমতি দেয়া যায়। এক: প্রাপ্তবয়স্ক হওয়া; দুই: বুদ্ধিমত্তা লাভ।
সূরা নিসার ৬ নং আয়াতে আল্লাহ্ বলেন: وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ ۖ
'ইয়াতীমদেরকে যাচাই করো যতক্ষণ পর্যন্ত তারা বিয়ের যোগ্য হয়। যদি তাদের মধ্যে ভাল মন্দ বিচারের জ্ঞান দেখতে পাও তবে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও।'এ আয়াতটি সাবিত ইবনে রিফায়া ও তার চাচা সম্পর্কে নাযিল হয়। রিফায়া তার অপ্রাপ্তবয়স্ক ছেলে সাবিতকে রেখে মারা গেলে সাবিতের চাচা রসূল (সা) এর নিকট এসে বললো: আমার এই ভাতিজা ইয়াতিম এবং আমার নিকট লালিত-পালিত হচ্ছে। তার সম্পদ থেকে কতটুকু আমার জন্যে হালাল এবং কবে তার সম্পদ তার কাছে অর্পণ করবো? তখন আল্লাহ্ এ আয়াত নাযিল করলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00