📄 সোনা ও রূপা ব্যতীত অন্যান্য ধাতুর পাত্র
অন্যান্য মূল্যবান পদার্থের পাত্র তৈরি করা বৈধ, চাই তা সোনা ও রূপার চেয়ে বেশি দামেরই হোক না কেন। কেননা যে কোনো জিনিসের মূল অবস্থা হলো হালাল থাকা, যতোক্ষণ তা হারাম হওয়ার প্রমাণ পাওয়া না যায়। সোনা রূপা ব্যতীত অন্য কোনো ধাতু বা পদার্থ হারাম হওয়ার প্রমাণ নেই।
📄 দাঁত ও নাক সোনা দিয়ে বানানো
প্রয়োজন হলে দাঁত ও নাক সোনা দিয়ে বানানো জায়েয। আরফাজা ইবনে আয়াদ সূত্রে তিরমিযি বর্ণনা করেন: 'কুলাবের ঘটনায় আমার নাক আহত হয়। আমি রূপা দিয়ে নাক বানালাম। কিন্তু তাতে আমার নাক ফুলে গেল। তখন রসূলুল্লাহ্ (সা) আমাকে সোনার একটি নাক বানিয়ে নেয়ার আদেশ দিলেন।'
ইমাম তিরমিযি বলেন: একাধিক আলেম তাঁদের দাঁত সোনা দিয়ে বাঁধিয়েছেন বলে জানা গেছে। নাসায়ি বর্ণনা করেন: কিছু সংখ্যক আনসার ও মোহাজির দ্বারা পরিবেষ্টিত অবস্থায় মুয়াবিয়া (রা) বললেন: রসূলুল্লাহ্ (সা) যে রেশম পরিধান করতে নিষেধ করেছেন তা আপনারা জানেন তো? তাঁরা বললেন: জি, হাঁ। তিনি যে ছোট ছোট টুকরো আকারে ব্যতীত সোনা ব্যবহার করতেও নিষেধ করেছেন, তা জানেন? তারা বললেন: জি, হাঁ।
📄 পুরুষদের সাথে মহিলাদের সাদৃশ্য
ইসলাম চায়, মহিলারা স্বতন্ত্র স্বভাব প্রকৃতি নিয়ে থাকুক এবং তাদের বেশভূষায় এই স্বতন্ত্র স্বভাব প্রকৃতির প্রতিফলন ঘটুক। ইসলাম পুরুষের জন্যও তাই চায়। তাই উভয়কে পরস্পরের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছে এবং এটা হারাম ঘোষণা করেছে, চাই এ সাদৃশ্য পোশাকে হোক বা কথায় হোক, চালচলনে হোক বা অন্য কিছুতে হোক। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সা) অভিসম্পাত দিয়েছেন সেই পুরুষকে যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং সেই সব মহিলাকে যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে।' (বুখারি)
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: নারী সদৃশ পোশাক পরিধানকারী পুরুষ ও পুরুষ সদৃশ পোশাক পরিধানকারী নারীকে অভিশাপ দিয়েছেন।' (আবুদাউদ, নাসায়ি, ইবনে মাজা)
📄 ব্যভিচারি হিজড়াদের পোশাক
যে পোশাক মানুষকে অন্যান্য মানুষের চেয়ে বিখ্যাত করে তা হারাম।
১. ইবনে উমর (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি দুনিয়ায় খ্যাতির পোশাক পরবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে লাঞ্ছনাকর পোশাক পরাবেন।'
২. ইবনে উমর (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি অহংকারের সাথে পোশাক মাটিতে গড়িয়ে চলে, আল্লাহ্ তার দিকে তাকাবেননা।' (বুখারি, মুসলিম)
৩. আমর ইবনে শুয়াইব বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'খাও, পান কর, পোশাক পর ও দান করো, অপচয় ও অহংকার করোনা।' (আবুদাউদ, আহমদ, বুখারি)