📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মিথ্যা সাক্ষ্য দান

📄 মিথ্যা সাক্ষ্য দান


মিথ্যা সাক্ষ্য দান সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহগুলোর অন্যতম। কেননা এটা অত্যাচারীর পৃষ্ঠপোষকতা, অত্যাচারিতের অধিকার হরণ, বিচারককে বিপথে চালিত করা, অধিকার বঞ্চিতদের মানসিক যন্ত্রণা সৃষ্টি এবং মানব সমাজে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার নামান্তর। আল্লাহ্ তায়ালা সূরা হজ্জের ৩০ নং আয়াতে বলেন: فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّوْرِه 'তোমরা মূর্তিপূজার অপবিত্রতা বর্জন কর এবং মিথ্যা বলা থেকে দূরে থাক।'
ইবনে উমার (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'মিথ্যা সাক্ষ্যদাতার জন্য আল্লাহ্ দোযখ অবধারিত না করা পর্যন্ত সে পা নাড়াতে পারবে না।' (ইবনে মাজা)।
ইমাম বুখারি ও মুসলিম আনাস (রা) থেকে বর্ণনা করেন: রসূল (সা) কে কবিরা গুনাহ্ কী জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন: আল্লাহ্র সাথে শরিক করা, হত্যা করা, পিতামাতার অবাধ্যতা। তিনি আরো বললেন: সবচেয়ে বড় কবিরা গুনাহ কী তোমাদেরকে বলবো: তা হচ্ছে মিথ্যা বলা, বা মিথ্যা সাক্ষ্য দেয়া। আবু বকর (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'সবচেয়ে বড় কবিরা গুনাহ কী বলবো নাকি? আমরা বললাম: হে রসূল, বলুন। তিনি বললেন: আল্লাহ্র সাথে শরিক করা ও পিতামাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দিয়ে বসেছিলেন। সহসা সোজা হয়ে বসে বললেন: সাবধান, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। কথাটা তিনি এতো বেশি পুনরাবৃত্তি করতে লাগলেন যে, আমরা বলতে লাগলাম, 'আহা, উনি এখন চুপ করলে ভাল হতো।' (মিথ্যা সাক্ষ্য দেয়া ব্যভিচার ও চুরির চেয়েও বড় অপরাধ। এ জন্য রসূলুল্লাহ্ (সা) এটা সম্পর্কে সতর্ক করাকে এত গুরুত্ব দিয়েছেন। কারণ মিথ্যা সাক্ষ্য উচ্চারণে অপেক্ষাকৃত সহজ। লোকেরা একে প্রায়ই হালকা মনে করে থাকে। এর ফলে হিংসা ও বিদ্বেষ ব্যাপক রূপ ধারণ করে, তাই এটিকে এত গুরুত্ব দেয়ার প্রয়োজন ছিলো।)

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি

📄 মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি


ইমাম মালেক, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মতে 'মিথ্যা সাক্ষ্যদাতাকে শাস্তি দিতে হবে এবং সে যে মিথ্যা সাক্ষ্যদাতা, তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। ইমাম মালেক আরো বলেন: সকল বাজারে, জামে মসজিদে ও জনসমাবেশে তাকে মিথ্যা সাক্ষ্যদাতা বলে চিহ্নিত ও প্রচার করতে হবে, যাতে তার শাস্তি হয় ও অন্যরা সতর্ক হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00