📄 বাড়ির আসবাবপত্র নিয়ে বিরোধ
যখন দু' ব্যক্তি বিবাদে লিপ্ত হয়, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা তাদের একজনের পক্ষে, তখন সেটাই আমলে নিতে হবে। এটা হাম্বলি ফকিহদের অভিমত। যেমন স্বামী ও স্ত্রী বাড়ির আসবাব পত্র নিয়ে বিবাদে লিপ্ত, তখন ঐ আসবাবপত্রের মধ্যে যেগুলো পুরুষের উপযোগী তা স্বামীকে এবং যেগুলো মহিলাদের উপযোগী তা স্ত্রীকে দেয়া হবে। আর যেগুলো উভয়ের উপযোগী, তা উভয়ের মধ্যে আধাআধি বণ্টন করে দেয়া হবে। আর যদি উভয়ের মধ্যে মৈত্রী ও সমতা থাকে কিন্তু একজনের প্রাধান্য বেশি থাকে, তাহলে রায় তার পক্ষে যাবে। যেমন একটি জন্তুকে একজন লাগাম ধরে টেনে নিচ্ছে, এবং অপরজন আরোহী, এমতাবস্থায় জন্তুটি আরোহীর বলে গণ্য হবে। কারণ সে অপরজনের চেয়ে অধিক প্রাধান্য ও আধিপত্য বিস্তার করে রেখেছে।
📄 শুধু লিখিত প্রমাণ ও দলিল-দস্তাবেজ
যখন থেকে জনগণ চেকের মাধ্যমে লেনদেন রপ্ত করেছে ও তার উপর আস্থাশীল হয়েছে, তখন থেকে কিছু আলেম হস্তলিখিত প্রমাণাদি গ্রহণ ও তদনুযায়ী কাজ করার পক্ষে ফতোয়া দিয়ে আসছেন। আদালতে এ গুলো গ্রহণ করা হচ্ছে এবং ঋণের চেক, ড্রাফট, ও বাণিজ্যিক দলিলসমূহ অনুমোদিত হচ্ছে, যখন তা কৃত্রিমতা ও জালিয়াতি থেকে মুক্ত থাকে। হস্তলিখিত স্বীকারোক্তি ও জবানবন্দি মৌখিক স্বীকারোক্তি ও জাবনবন্দির পর্যায়ভুক্ত গণ্য হয়ে থাকে। একইভাবে সরকারি দলিল দস্তাবেজ যদি জাল না হয়, তবে তাও গৃহীত হয়ে থাকে।