📄 সাক্ষ্য পেশ করতে অসমর্থ হলে শপথ
যখন বাদী কারো কাছে কোনো হক দাবি করে কিন্তু দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পেশ করতে সমর্থ হয়না, এবং বিবাদী (যার কাছে হক দাবি করা হয়েছে) তা অস্বীকার করে, তখন বিবাদী শপথ করে যা বলবে, তা ছাড়া বাদীর আর কিছু করার থাকে না। ঐ শপথেই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। তবে এটা শুধু স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত দাবির মধ্যেই সীমিত। হুদুদ বা দন্ডবিধি সংশ্লিষ্ট মামলায় এ প্রক্রিয়া কার্যকর হবেনা। বায়হাকি ও তারানি বিশুদ্ধ সনদে বর্ণনা করেন: 'প্রমাণ পেশ করা বাদীর দায়িত্ব আর বিবাদীর দায়িত্ব শপথ করা।'
ইমাম বুখারি ও মুসলিম আশিয়াস ইবনে কায়স সূত্রে বর্ণনা করেন, আশিয়াস বলেন: 'একটা পুকুর নিয়ে এক ব্যক্তির সাথে আমার বিরোধ ছিলো। আমরা এটা রসূল (সা) এর নিকট পেশ করলাম। তিনি আমাকে বললেন: 'হয়- তুমি দু'জন সাক্ষী পেশ করো, নচেৎ তোমার প্রতিপক্ষ শপথ করুক।' আমি বললাম: 'সে খুবই বেপরোয়া মানুষ, শপথ করবে।' রসূল (সা) বললেন: যে ব্যক্তি শপথের মাধ্যমে কোনো মুসলমানের সম্পত্তি আত্মসাৎ করবে, সে যখন আল্লাহ্র সাথে সাক্ষ্যৎ করবে তখন তিনি তার উপর ক্রুদ্ধ থাকবেন।'
ওয়ালে ইবনে হুজুর (রা) থেকে মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা) আল কান্দিকে বললেন: তোমার কি কোনো সাক্ষী-প্রমাণ আছে? সে বললো: না। রসূল (সা) বললেন: তাহলে তোমার প্রতিপক্ষের শপথই তোমার প্রাপ্য। সে বললো: হে রসূল, লোকটি পাপাচারী। যে কোনো শপথ করতে কুষ্ঠিত হবেনা। সে কোনো ন্যায়-অন্যায়ের বাছবিচার করেনা।' রসূলুল্লাহ্ (সা) বললেন: তথাপি তার কাছে তোমার ওটাই একমাত্র পাপ্য।' শপথ একমাত্র 'আল্লাহ্'র নামে অথবা আল্লাহর অন্য কোনো নামেই করতে হবে। রসূলুল্লাহ (সা) বলেন: 'যে ব্যক্তি শপথ করবে সে হয় আল্লাহ্র নামে শপথ করবে, নচেৎ চুপ থাকবে।'
ইবনে আব্বাস (রা) বলেন, রসূলুল্লাহ্ (সা) এক ব্যক্তিকে শপথ করার আদেশ দিয়ে বললেন: 'আল্লাহ্র নামে শপথ কর, যিনি ব্যতীত আর কোনো মা'বুদ নেই, এ মর্মে যে তোমার কাছে তার কিছুই পাওনা নেই।' (আবুদাউদ, নাসায়ি)।
📄 শপথ করার পর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করা হবে কি?
বিবাদী শপথ করলে বাদীর দাবি অগ্রাহ্য হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এরপর পুনরায় যদি বাদী সাক্ষ্য-প্রমাণ নিয়ে হাজির হয়, তাহলে কী করা হবে, সে সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন: গ্রহণ করা হবে না। কেউ বলেন, গ্রহণ করা হবে। আবার কেউ কেউ বলেন: শর্ত সাপেক্ষে গৃহীত হবে। যারা বলেন: গ্রহণ করা হবেনা তারা হচ্ছেন যাহেরি মযহাবের অনুসারী, ইবনে আবি লায়লা ও আবু উবায়েদ এবং ইমাম শওকানি। শওকানি বলেন: 'যেহেতু রসূলুল্লাহ্ (সা) বলেন, হয় তুমি দু'জন সাক্ষী আন, নচেৎ সে শপথ করুক' সেহেতু শপথের পর আর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা যাবেনা। বিবাদীর কাছে যখন শপথ চাওয়া হয় তখন তা অকাট্য ও সুস্পষ্ট হুকুমের ভিত্তিতেই চাওয়া হয়। শপথ করার পর এর বিপরীত যে প্রমাণ উপস্থাপন করা হবে, তা গ্রহণ করা যাবেনা। কারণ তখন শপথ ও প্রমাণ দুটোই কেবলমাত্র ধারণার সৃষ্টি করে। অকাট্য বিশ্বাস কোনোটাতেই অর্জিত হয়না। আর একটি ধারণা দ্বারা আর একটি ধারণাকে খণ্ডন করা সম্ভব নয়।
যারা বলেন, শপথের পরে সাক্ষ্য-প্রমাণ আনলে তা গৃহীত হবে, তারা হচ্ছেন হানাফি শাফেয়ি, হাম্বলি, তাউস, ইব্রাহিম নায়ি, ও বিচারপতি শুরাইহ। তারা বলেন: একজন সত্যবাদীর সাক্ষ্য একজন পাপাচারীর শপথের চেয়ে অগ্রগণ্য, এটা উমর ইবনুল খাত্তাব (রা) এরও মত। তাদের যুক্তি হলো, শপথএকটা দুর্বল প্রমাণ, যা কোনো বিরোধের নিষ্পত্তি করতে পারেনা। কাজেই শপথের পরে সাক্ষ্য-প্রমাণ গৃহীত হবে। কেননা সাক্ষ্য-প্রমাণই আসল। শপথ হচ্ছে সাক্ষ্য-প্রমাণের স্থলাভিষিক্ত। আসল যখন উপস্থিত হয় তখন স্থলাভিষিক্তের কার্যকারিতা থাকেনা।
ইমাম মালেক ও শাফেয়ি মযহাব থেকে ইমাম গাযালি বলেন: শপথের পরে সাক্ষ্য প্রমাণ শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। শর্ত হলো, শপথ পেশ করার পূর্বে সাক্ষ্য-প্রমাণের উপস্থিতি সম্পর্কে সে যদি অজ্ঞ থাকে, তাহলে শপথের পরে সে তার দাবির যথার্থতা সম্পর্কে সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারবে। কিন্তু যেখানে এ শর্ত অনুপস্থিত, এবং তার সাক্ষ্য-প্রমাণ থাকার কথা জানা সত্ত্বেও বিবাদীর শপথ গ্রহণে সম্মত হয়েছে, অত:পর শপথ করার পর সাক্ষ্য-প্রমাণ পেশ করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হবে না। কেননা শপথ নেয়ার মাধ্যমে তার সাক্ষ্য-প্রমাণ পেশের সুযোগ রহিত হয়েছে।
📄 শপথ করতে অস্বীকৃতি
বাদী সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন না করায় বিবাদিকে যখন শপথ করতে বলা হয়, তখন সে শপথ করতে সম্মত না হলে তার এ অসম্মতিকে বিবাদীর দাবির স্বীকৃতি বলে গণ্য করা হবে। কেননা সে অস্বীকৃতি জানানোর ব্যাপারে আন্তরিক হলে শপথ করতে অসম্মত হতো না। শপথ করার এ অসম্মতি সরাসরিও প্রকাশ করা হতে পারে, কিংবা মৌনতা দ্বারাও প্রমাণিত হতে পারে।
এরূপ অবস্থায় বাদীর উপর নিজের দাবির সত্যতার পক্ষে শপথ করার দায়িত্ব আরোপিত হবেনা। কেননা শপথ সব সময় অস্বীকৃতির পক্ষেই হয়ে থাকে। কারণ রসূল (সা) বলেন: যে দাবি করে তার দায়িত্ব প্রমাণ পেশ করা, আর যে অস্বীকার করে তার দায়িত্ব শপথ করা। এটা হানাফি মযহাবের মত এবং ইমাম মালেক, শাফেয়ি ও ইমাম আহমদের দ্বিতীয় মত হলো শুধুমাত্র শপথে অসম্মতি বিবাদীর বিরুদ্ধে রায় দেয়ার জন্য যথেষ্ট হয়। কেননা এটা একটা দুর্বল প্রমাণ। এটিকে সবল করার জন্য বাদীর দাবির সত্যতা সম্পর্কে শপথ করা জরুরি, চাই বিবাদী সেটি চাক বা না চাক। বাদী শপথ করলে তার দাবির স্বপক্ষে রায় দেয়া হবে, নচেৎ তা প্রত্যাখান করা হবে। এর প্রমাণ হিসাবে বলা হয়, রসূল (সা) একজন দাবিদারকে শপথ করতে বলেছিলেন। কিন্তু এই হাদিসটির সনদ বিভিন্ন কারণে দুর্বল। ইমাম মালেকের মতে এই বিধি কেবল অর্থসংক্রান্ত দাবির মধ্যে সীমিত। কিন্তু ইমাম শাফেয়ি বলেন: এটা সকল ধরনের দাবির বেলায় প্রযোজ্য।
যাহেরি মযহাব ও ইবনে আবি লায়লা বিবাদীর শপথে অসম্মতিকে ধর্তব্য মনে করেননা এবং তা দ্বারা কোনো ব্যাপারেই কোনো নিষ্পত্তি করা যায়না বলে মত প্রকাশ করেন। তারা বলেন, বাদীকে শপথ করতে বলা হবেনা। তবে বিবাদী হয় বাদীর দাবি মেনে নেবে, নতুবা অস্বীকার করবে এবং নিজেকে দায়মুক্ত ঘোষণা করে শপথ করবে।
ইমাম শওকানির মতে, শেষোক্ত মতই অগ্রগণ্য। তিনি বলেন: শপথে অসম্মতির ভিত্তিতে বিচার নিষ্পত্তি করা বৈধ নয়। কেননা এতে বড়জোর এতটুকু বিষয় প্রমাণিত হয় যে, শরিয়তের বিধান অনুযায়ী যার শপথ করার দায়িত্ব ছিলো, সে সেটা করেনি এবং সে দায়িত্ব পালন করেনি। এটা না করার অর্থ এ নয় যে, সে বাদীর দাবি মেনে নিয়েছে। এর অর্থ শুধু এ যে, শরিয়তে তার উপর যে দায়িত্ব অর্পণ করেছিল, তা সে পরিত্যাগ করেছে। সুতরাং বিচারকের করণীয় হলো, শপথ করতে অসম্মত হওয়ার পর বিবাদীকে দুটো কাজের একটা করতে বাধ্য করবে: হয় তার যে শপথ করার কথা, তা সে করবে, নচেৎ বাদী যা দাবি করেছে তা মেনে নেবে। এ দুটো কাজের যেটিই সে করবে, তার ভিত্তিতে বিচার নিষ্পত্তি করা যাবে।'
📄 শপথ তলবকারীর নিজের উপর শপথ হবে
বাদী বিবাদীর একজন যখন শপথ করবে, তখন বিচারকের নিয়ত ও শপথ তলবকারীর নিয়তের উপর শপথ হবে, যার দাবি পূরণ ঐ শপথের উপর নির্ভরশীল, শপথকারীর নিয়তের উপর নয়। কেননা ইতিপূর্বে রসূলের এ হাদিস বর্ণিত হয়েছে: 'শপথ তলবকারীর নিয়তের উপর শপথ।' সুতরাং শপথকারী যখন শপথে তার ইচ্ছা গোপন করে, অর্থাৎ তার ব্যবহৃত শব্দ দ্বারা বাহ্যত যা বুঝা যায়, তা থেকে ভিন্ন কোনো অর্থ গোপন করে, তখন সেটা বৈধ হবেনা। কারো কারো মতে, কোনো ব্যক্তি অত্যাচারিত হওয়ার কারণে এটা করতে বাধ্য হলে তার জন্য বৈধ।