📄 স্বীকারোক্তি প্রত্যাহার
স্বীকারোক্তি যখন সকল শর্ত পূরণ করার মাধ্যমে শুদ্ধ হয়, তখন তা স্বীকারোক্তিকারীর জন্য বাধ্যতামূলক হয়ে যায় এবং তা যখন মানুষের কোনো স্বার্থ বা অধিকারের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তা প্রত্যাহার করা তার জন্য বৈধ হয়না। তবে স্বীকারোক্তি যখন আল্লাহর কোনো অধিকারের সাথে সম্পৃক্ত হয়, যেমন ব্যভিচার ও মদপানের শান্তি, তখন তা প্রত্যাহার করা বৈধ। কেননা রসূলুল্লাহ্ (সা) বলেন: 'তোমরা সন্দেহের ভিত্তিতে হুদুদ রহিত কর।' ইতিপূর্বে হুদুদ অধ্যায়ে মায়েযের হাদিস উল্লেখ করা হয়েছে। তবে যাহেরি মযহাব এ মতের বিরোধী। তাদের মতে, স্বীকারোক্তি কোনো অবস্থায়ই প্রত্যাহার বৈধ নয়, চাই আল্লাহ্র হকের সাথে সংশ্লিষ্ট হোক বা বান্দার হকের সাথে।
📄 স্বীকারোক্তি একটি সীমিত প্রমাণ
স্বীকারোক্তি একটি সীমিত প্রমাণ। এ দ্বারা স্বীকারোক্তিকারীর নিজের সংশ্লিষ্টতা ব্যতীত অন্য কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয়না। অন্য কাউকে জড়িয়ে স্বীকারোক্তি করলে তার বিরুদ্ধে স্বীকারোক্তি গৃহীত হবেনা। কিন্তু সাক্ষ্য এর বিপরীত। সাক্ষ্য দ্বারা অন্যের অপরাধও প্রমাণিত হয়। কোনো বাদী যদি একাধিক ব্যক্তির বিরুদ্ধে দাবি করে যে, তাদের কাছে তার কোনো ঋণের অর্থ পাওনা আছে এবং ঐ লোকদের কয়েকজন এই দাবি স্বীকার করে এবং অপর কয়েকজন অস্বীকার করে, তাহলে একমাত্র স্বীকারোক্তিকারী ব্যতীত আর কারো বিরুদ্ধে দাবি প্রমাণিত হয়না। কিন্তু বাদী যদি তার দাবি সাক্ষী দ্বারা প্রমাণিত করে তাহলে সবার বিরুদ্ধেই দাবি প্রতিষ্ঠিত হবে।
📄 স্বীকারোক্তি অবিভাজ্য
স্বীকারোক্তি একটি অখন্ড উক্তি। এর অংশ বিশেষ গ্রহণ করা ও অংশ বিশেষ বর্জন করা বৈধ নয়।
📄 খাপের স্বীকারোক্তি
কোনো ব্যক্তি যখন তার কোনো উত্তরাধিকারীর ঋণের স্বীকারোক্তি করে, তাহলে সে স্বীকারোক্তি যদি সে তার মৃত্যু পূর্ব রোগ শয্যায় থাকা অবস্থায় করে থাকে তবে তা অন্যান্য উত্তরাধিকারী সত্যায়ন না করা পর্যন্ত শুদ্ধ হবেনা। কারণ তার রোগাবস্থায় থাকা দ্বারা বুঝা যায়, সে এই স্বীকারোক্তি দ্বারা তার উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করতে চেয়ে থাকতে পারে। তবে সুস্থাবস্থায় স্বীকারোক্তি করে থাকলে তা বৈধ। সে ক্ষেত্রে উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করার ইচ্ছার সম্ভাবনা নিরেট সম্ভাবনা মাত্র এবং নিছক কল্পনা, যা স্বীকারোক্তির কার্যকারিতা রোধ করেনা।
শাফেয়ি মযহাব মতে সুস্থ মানুষের স্বীকারোক্তি শুদ্ধ। কেননা শুদ্ধতার শর্তাবলী পূর্ণমাত্রায় বিদ্যমান থাকায় কোনো বাধা নেই। মৃত্যু-পূর্ব রুগ্নাবস্থায় যদি কোনো অনাত্মীয়ের জন্য স্বীকারোক্তি করে তাহলে তার স্বীকারোক্তি শুদ্ধ। কেউ কেউ বলেন: এটা এক তৃতীয়াংশ থেকে দেয়া হবে। আর যদি কোনো উত্তরাধিকারীর জন্য স্বীকারোক্তি করে থাকে, তবে স্বীকারোক্তি শুদ্ধ হবে, এটাই শাফেয়ি মযহাবের অগ্রগণ্য মত। কেননা স্বীকারোক্তি তার আয়ুষ্কালের এমন স্তরে পৌঁছেছে, যখন মিথ্যুকও সত্য বলে থাকে এবং পাপীও তাওবা করে। এ চরম অবস্থায় বাহ্যত এটাই প্রতীয়মান হয় যে, স্বীকারোক্তিকারী সঠিকভাবেই স্বীকারোক্তি করেছে এবং কাউকে বঞ্চিত করা তার ইচ্ছা নয়। শাফেয়ি মযহাবের কেউ কেউ এটাকে অশুদ্ধ মনে করেন। কারণ কিছু উত্তরাধিকারীকে বঞ্চিত করা তার ইচ্ছা থাকতেও পারে। তারা আরো বলেন যে, সে যদি সুস্থাবস্থায় একজনের পক্ষে এবং রুগ্নাবস্থায় আরেকজনের পক্ষে স্বীকারোক্তি দেয়, তবে উভয়ে নিজেদের মধ্যে সংশ্লিষ্ট প্রাপ্য বণ্টন করে নেবে, প্রথম জনকে অগ্রাধিকার দেয়া হবে না। ইমাম আহমদ বলেন: রোগী কর্তৃক উত্তরাধিকারীর জন্য কোনো স্বীকারোক্তি জায়েয নেই। ইমাম আওযায়ি ও একদল আলেম সম্পত্তির কিছু অংশ উত্তরাধিকারীর জন্য স্বীকারোক্তি করা রোগীর জন্য জায়েয মনে করেন। কেননা যার মৃত্যু আসন্ন, তার বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করা সুদূর পরাহত ব্যাপার। শরিয়তের বিধান বাহ্যিক অবস্থার উপরই নির্ভরশীল। কাজেই তার স্বীকারোক্তি সম্ভাব্য ধারণার অজুহাতে পরিত্যক্ত হওয়া সমীচীন নয়। তার ব্যাপার আল্লাহ্র হাতে সোপর্দ থাকবে।