📄 সংজ্ঞা
শরিয়তের পরিভাষায় এটা হলো অন্যের দখলে বা তত্ত্বাবধানে থাকা কোনো জিনিসকে নিজের প্রাপ্য বলে উল্লেখ করা। যে দাবি করে তাকে বাদী বা ফরিয়াদি আর যার বিরুদ্ধে দাবি করা হয় তাকে বিবাদী বা আসামি বলা হয়। বাদী যদি তার দাবি সম্পর্কে নীরব থাকে, তাহলে সে দাবিদার গণ্য হবেনা এবং পরিত্যক্ত হবে। আর বিবাদী নীরব থাকলে অব্যাহতি পায় না।
📄 কার দাবি বৈধ
একমাত্র স্বাধীন, সুস্থমস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ও ভালমন্দ বোঝে এমন ব্যক্তির দাবিই বৈধ ও বিবেচনাযোগ্য। ক্রীতদাস, পাগল, অসুস্থমস্তিষ্ক, শিশু ও নির্বোধ ব্যক্তির দাবি বিবেচনার অযোগ্য। এ শর্তগুলো দাবিদারের বেলায় যেমন অপরিহার্য, তেমনি দাবি প্রত্যাখ্যানকারীর বেলায়ও জরুরি।
📄 প্রমাণ ছাড়া দাবির কোনো মূল্য নেই
দাবি প্রতিষ্ঠার জন্য এমন প্রমাণ প্রয়োজন, যা দ্বারা সত্য স্পষ্ট হয়। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'দাবি করলেই যদি মানুষকে যা দাবি করে তা দেয়া হতো, তাহলে বহু লোক মানুষের জান ও মাল সব কিছুই দাবি করে বসতো। তবে যার বিরুদ্ধে দাবি করা হয় তার কর্তব্য শপথ করা।' (আহমদ, মুসলিম)।
📄 বাদীকে প্রমাণ পেশ করতে হবে
দাবির যথার্থতা ও সত্যতা প্রমাণ করার দায়িত্ব বাদীর উপরই অর্পিত। কেননা বিবাদী বা আসামি মূলত দায়মুক্ত ও নির্দোষ। তাকে দোষী প্রমাণ করার দায়িত্ব একমাত্র বাদীর।