📘 ফিকাহুস সুন্নাহ > 📄 বৈধতা

📄 বৈধতা


যে কাজে সফলতার সম্ভাবনা আছে, কিন্তু অনিশ্চিত, সে কাজের জন্যে মজুরিসহ চুক্তি করা প্রয়োজনের খাতিরে জায়েয আছে। যেমন: কেউ ঘোষণা করে দিলো: 'যে ব্যক্তি তার হারানো দ্রব্য বা পালিয়ে যাওয়া জন্তুর সন্ধান দেবে বা এনে দেবে, বা তার জন্য প্রাচীর নির্মাণ করে দেবে বা পানি পাওয়া পর্যন্ত কুয়া খনন করে দেবে, কিংবা তার ছেলেকে কুরআনের হাফেজ বানিয়ে দেবে, রোগীর চিকিৎসা করে আরোগ্য করে দেবে বা অমুক প্রতিযোগিতায় জিতলে তাকে অমুক পুরস্কার বা প্রতিদান দেয়া হবে।' পবিত্র কুরআনে সূরা ইউসুফের ৭২ নং আয়াতে আছে: 'যে ব্যক্তি (বাদশার হারানো পানপাত্র) এনে দেবে, তাকে এক উট বোঝাই মাল দেয়া হবে এবং আমিই তার জামিন।'
তাছাড়া ইতিপূর্বে ইজারা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, রসূল (সা) সূরা ফাতিহার তাবিজ দেয়ার পারিশ্রমিক নেয়ার অনুমতি দিয়েছেন। এই দুটি প্রমাণই এর বৈধতা প্রতিপন্ন করে। এটা প্রয়োজনের খাতিরেই অনুমোদিত হয়েছে এবং অন্যান্য চুক্তিতে যে অজ্ঞতা বৈধ নয়, এখানে বৈধ। একাজটির সফলতা অজানা। এ ধরনের কাজের চুক্তিতে চুক্তির উভয় পক্ষের উপস্থিতি প্রয়োজন নেই, যেমন অন্যান্য চুক্তিতে প্রয়োজন রয়েছে। এটা এমন এক বৈধ চুক্তি, যা এর দু'পক্ষের যে কোনো এক পক্ষের একতরফভাবে বাতিল করার অধিকার রয়েছে। এমনকি যে পক্ষ ঘোষিত কাজ করে দিতে সম্মত হয়েছে, সে ইচ্ছা করলে কাজ শুরু করার আগেও চুক্তি বাতিল করে দিতে পারে, আর যদি নিজের পাওনা ছেড়ে দিতে রাজি থাকে তবে কাজ শুরু করার পরও বাতিল করতে পারে। কিন্তু উদ্যোক্তা পক্ষ অপর পক্ষ কাজ শুরু করার পর চুক্তি একতরফাভাবে বাতিল করার অধিকার রাখেনা।
কোনো কোনো ফকীহ এ ধরনের চুক্তি আদৌ বৈধ নয় বলে মত প্রকাশ করেছে। তাদের মধ্যে ইবনে হাযম অন্যতম। তিনি বলেন: 'অনিশ্চিত-অজ্ঞাত কোনো কাজের চুক্তি করা বৈধ নয়। কেউ যদি বলে: তুমি আমার পালিয়ে যাওয়া ঘোড়াটা এনে দিলে তোমাকে এক দিনার দেব, অথবা তুমি অমুক কাজ করে দিলে তোমাকে এক দিরহাম দেব' অত:পর সে তা নিয়ে এলো, তবে তাকে কিছুই দিতে আদেশ দেয়া হবে না। অবশ্য সে যদি তার ওয়াদা পালন করে তবে তা মুস্তাহাব গণ্য হবে। তবে সে যদি এ জন্যে একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে কাউকে ভাড়া করে বা নিয়োগ করে, অথবা একটা পরিচিত স্থান থেকে তাকে এনে দিতে বলে তাহলে যে মজুরি তার জন্য স্থির করেছে, তা তাকে দিতে হবে। অন্য একদল ফকিহ এ ধরনের চুক্তি করলে তা পালন করা ওয়াজিব বলে রায় দিয়েছেন। তাদের প্রমাণ সূরা মায়িদার প্রথম আয়াতের এ উক্তি: 'হে মুমিনগণ, তোমরা চুক্তিসমূহ পালন কর।' তাছাড়া সূরা ইউসুফের ইতিপূর্বে উল্লেখিত ৭২ নং আয়াতও এর প্রমাণ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00