📄 ফযিলত
আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা সামুরা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন:
১. 'প্রত্যেক নবজাতক তার আকিকার নিকট যিম্মী। (অর্থাৎ তার সুষ্টভাবে বেড়ে ওঠা ও পূর্ণ নিরাপত্তা আকিকার উপর নির্ভরশীল) জন্মের সপ্তম দিনে আকিকার পশু জবাই করা হবে, শিশুর চুল কামানো হবে ও নাম রাখা হবে।'
২. সালমান ইবনে আমর আস্ যাবিব থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: নবজাতকের সাথে থাকবে তার আকিকা। কাজেই তার জন্য পশু জবাই কর ও তার যাবতীয় নোংরামি ও অপবিত্রতা দূর কর।' (পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত)।
📄 ছেলে ও মেয়ের পক্ষ থেকে কি জবাই করতে হবে
ছেলের পক্ষ হতে প্রায় একই বয়সের ও একই ধরনের দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল জবাই করা উত্তম।
উম্মে কারয আল কাবিয়া (রা) বলেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'ছেলের পক্ষ থেকে প্রায় সমবয়সী ও প্রায় সমআকৃতির দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল।' তবে ছেলের পক্ষ থেকে একটা ছাগল দেয়াও জায়েয। কেননা রসূল (সা) হাসান ও হুসাইনের পক্ষে থেকে একটা করে ছাগল জবাই করেছিলেন, যেমন ইতিপূর্বে হাদিসে উল্লেখ করা হয়েছে।
📄 জবাইর সময়
সহজসাধ্য হলে জন্মের সপ্তম দিন, নচেৎ চতুর্দশ দিন, নচেৎ একুশতম দিনে জবাই করা উচিত। তাও সম্ভব না হলে যে কোনো দিন করা যেতে পারে। বায়হাকি বর্ণিত হাদিসে রয়েছে: সপ্তম দিনে, চতুর্দশ দিনে ও একুশতম দিনে জবাই করা হবে।
📄 আকিকা ও কুরবানি এক সাথে করা
হাম্বলিগণ বলেন: আকিকার দিনের সাথে কুরবানির দিন একত্রিত হলে এ দুটোর যে কোনো একটি সম্পাদন করে উভয়টি সম্পাদনের সৌভাগ্য লাভ করা সম্ভব, যেমন ঈদের দিন ও জুমুয়ার দিন একত্রিত হলে এর যে কোনো একটির জন্য গোসল করলে উভয়টির গোসল সম্পন্ন হবে।