📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হিংস্র পশু ও পাখি হারাম

📄 হিংস্র পশু ও পাখি হারাম


ইসলাম যে সব প্রাণী হারাম করেছে, তন্মধ্যে হিংস্র পশু ও পাখি অন্যতম। ইবনে আব্বাস (রা) সূত্রে ইমাম মুসলিম বর্ণনা করেন: প্রত্যেক কর্তন দাঁত বিশিষ্ট হিংস্র পশু ও প্রত্যেক নখরধারী পাখি রসূলুল্লাহ্ (সা) নিষিদ্ধ করেছেন। কর্তন দন্তধারী জন্তু দ্বারা সেই সব জন্তু বুঝায়, যারা মানুষের জান ও মালের উপর দাঁত বের করে আক্রমণ চালায়, যেমন: বাঘ, সিংহ, কুকুর, নেকড়ে বাঘ, চিতা বাঘ, বন্য বিড়াল। এ সব অধিকাংশ ফকিহের মতে হারাম। ইমাম আবু হানিফার মতে গোশত খায় এমন প্রত্যেক জন্তুই হিংস্র জন্তু। হাতি, হায়েনা, বিড়াল, ইঁদুর এ সবই তাঁর নিকট হারাম। ইমাম শাফেয়ির মতে মানুষের উপর আক্রমণ করে এমন জন্তুই নিষিদ্ধ হিংস্র জন্তু, যথা সিংহ ও বাঘ।
ইমাম মালিক মুয়াত্তা গ্রন্থে আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'প্রত্যেক কর্তন দাঁতধারী হিংস্র জন্তু খাওয়া হারাম।' ইমাম মালিক হাদিসটি উদ্ধৃত করার পর বলেন: আমাদের নিকট এটাই কার্যকর মত। ইবনুল কাসেম বর্ণনা করেন, এগুলো খাওয়া মাকরূহ এবং এটাই অধিকাংশ সাহাবির মত। ইমাম শাফেয়ি ও ইমাম আবু হানিফার শিষ্যরা শিয়াল খাওয়ার অনুমতি দিয়েছেন। আর ইবনে হাযম হাতি ও বেজী খাওয়ার অনুমতি দিয়েছেন। বানর খাওয়া হারাম। আবু উমর বলেন: মুসলমানদের এ ব্যাপারে ঐকমত্য রয়েছে যে, বানর খাওয়া জায়েয নেই। কেননা রসূলুল্লাহ্ (সা) ওটা খেতে নিষেধ করেছেন। নখধারী পাখি বলতে সেই সব পাখিকে বুঝানো হয়েছে, যারা তাদের নখর দ্বারা আক্রমণ করে, যেমন চিল, শকুন, ঈগল ইত্যাদি। অধিকাংশ আলিমের নিকট এগুলো হারাম, যদিও তা ময়লা ভক্ষণকারী না হয়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ময়লা ভক্ষণকারী প্রাণী হারাম

📄 ময়লা ভক্ষণকারী প্রাণী হারাম


যে সকল উট, গরু, ছাগল, ভেড়া, মোরগ, মুরগি বা হাঁস ইত্যাদি মল খায়, তার উপর আরোহণ করা, তার গোশত খাওয়া ও তার দুধ পান করা হারাম।
১. ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত: মল ভক্ষণকারী প্রাণীর দুধ পান করতে রসূলুল্লাহ (সা) নিষেধ করেছেন। -ইবনে মাজা ব্যতীত পাঁচটি সহিহ হাদিসগ্রন্থ। তিরমিযির মতে হাদিসটি সহিহ। আবু দাউদের বর্ণনা অনুযায়ী রসূলুল্লাহ (সা) মল ভক্ষণকারী প্রাণীর উপর আরোহণ করতে নিষেধ করেছেন।
২. আম্র ইবনে শুয়াইব (রা) বর্ণনা করেন: রসূলুল্লাহ্ (সা) মল ভক্ষণকারী জন্তু ও গৃহপালিত গাধার গোশত খেতে, ও তার উপর আরোহণ করতে নিষেধ করেছেন। (আহমদ, নাসায়ি, আবুদাউদ)।
তবে এ ধরনের প্রাণীকে কিছুকাল মল থেকে দূরে আটক রাখা হয়, পবিত্র খাবার খাওয়ানো হয়, আর তার ফলে তার গোশত পবিত্র হয়ে যায় এবং তার মলভক্ষণকারী নাম মুছে যায়, তবে হালাল হয়ে যাবে, কেননা হারাম হওয়ার কারণটি দূর হয়ে গেছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 জঘন্য জিনিস হারাম

📄 জঘন্য জিনিস হারাম


এই বিবরণের পাশাপাশি পবিত্র কুরআন একটা সর্বব্যাপী মূলনীতি দিয়ে হারাম নির্ণয়ের উপায় জানিয়ে দিয়েছে। সেটি সূরা আরাফের ১৫৭ নং আয়াতে রয়েছে: وَتُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَيثَ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ
অপবিত্র জিনিসগুলো হারাম করে দেবেন। পবিত্র জিনিস বলে সেই সব জিনিস বুঝানো হয়েছে, যা কোনো নিষিদ্ধকারী ওহির বাণী ছাড়াই মানুষ স্বতস্ফূর্তভাবে পবিত্র মনে করে ও তার প্রতি আকৃষ্ট হয়। মানুষ যদি স্বতস্ফূর্তভাবে অপবিত্র মনে করে তবে তা হারাম।
ইমাম শাফেয়ি ও হাম্বলি মযহাবের মতানুসারে পবিত্র জিনিস হচ্ছে, যা শুধু আরবরা অর্থাৎ জনপদ ও নগরবাসীরা পবিত্র মনে করে ও যার প্রতি আকৃষ্ট হয়, গ্রামবাসী ও বেদুইনরা নয়। তবে 'আদ্দরারিল মুযিয়া' গ্রন্থে বলা হয়েছে, সাধারণ জনগণ যাকে পবিত্র মনে করে, সেটাই পবিত্র, শুধু আরবরা বা অভিজাত এলাকার অধিবাসীরা নয়। উক্ত গ্রন্থে বলা হয়েছে:
'কোনো কারণ বশত: নয় এবং অনভ্যস্ততা বশত:ও নয়, বরং কেবলমাত্র স্বতস্ফূর্তভাবে নোংরা ও অপবিত্র মনে করার কারণে যে প্রাণীকে সাধারণ মানুষ অপবিত্র মনে করে, সেটাই অপবিত্র। আর যদি কিছু লোক অপবিত্র মনে করে এবং কিছু লোক অপবিত্র মনে না করে, তবে অধিকাংশ মানুষের মনোভাবই গ্রহণযোগ্য হবে, যেমন পোকা মাকড় ও বহু জীবজন্তু কোনো নির্দিষ্ট দলিল-প্রমাণ ছাড়াই জনসাধারণ খাওয়া বর্জন করেছে। বস্তুত: এ সব প্রাণী প্রধানত: নোংরা ও অপবিত্র মনে হওয়ার কারণে বর্জিত হয়েছে। এ সব নোংরা ও অপবিত্র জিনিসের মধ্যে থু থু, কফ, বীর্য, গোবর, উকুন ইত্যাদিও অন্তর্ভুক্ত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 পরিযিত যে সব প্রাণী হত্যার আদেশ দিয়েছে তা হারাম

📄 পরিযিত যে সব প্রাণী হত্যার আদেশ দিয়েছে তা হারাম


যে সকল প্রাণীকে রসূলুল্লাহ্ (সা) হত্যা করতে আদেশ দিয়েছেন এবং যে সকল প্রাণীকে রসূলুল্লাহ্ (সা) হত্যার করতে নিষেধ করেছেন, বহু সংখ্যক আলেমের মতে তা হারাম। যে ক'টা প্রাণীকে হত্যা করতে রসূলুল্লাহ্ (সা) আদেশ দিয়েছেন তা হচ্ছে পাঁচটি: চিল, বিচ্ছু, কাক, ইঁদুর ও খেকি কুকুর। বুখারি, মুসলিম, তিরমিযি ও নাসায়ি আয়েশা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: পাঁচটি প্রাণী পাপিষ্ঠ। হারাম শরীফে তাদেরকে হত্যা করা হবে: কাক, চিল, বিচ্ছু, ইঁদুর, ও খেকি কুকুর।'
আর যে ক'টা প্রাণী হত্যা করতে রসূলুল্লাহ্ (সা) নিষেধ করেছেন তা হচ্ছে: পিপঁড়ে, মৌমাছি, হুদহুদ পাখি ও সারাদ পাখি। আবু দাউদ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্ (সা) পিপঁড়ে, মৌমাছি, হুদহুদ ও সারাদ হত্যা করতে নিষেধ করেছেন।
ইমাম শওকানি এ মতটির পর্যালোচনা করে বলেন: 'বলা হয়েছে যে, কয়েকটি প্রাণীকে হত্যা করতে আদেশ দেয়া, যেমন পাঁচটি পাপিষ্ঠ প্রাণীকে এবং কয়েকটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করা, যেমন পিঁপড়ে, মৌমাছি, হুদহুদ, সারাদ, ব্যাঙ, এগুলোই নিষিদ্ধ হওয়াার অন্যতম কারণ। অথচ যে সকল প্রাণীকে রসূল (সা) হত্যা করার আদেশ দিয়েছেন, বা হত্যা করতে নিষেধ করেছেন, সেগুলি খাওয়া নিষিদ্ধ এ কথা শরিয়তের কোনো বাণীতে জানা যায় না। তাই কেবল আদেশ ও নিষেধকে হারাম হওয়ার প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না। এ দুটির মধ্যে কোনো যৌক্তিক বা প্রথাগত বাধ্যবাধকতা নেই। সুতরাং হত্যা করার আদেশ ও নিষেধাজ্ঞাকে হারাম করার মূলনীতি হিসাবে গ্রহণ করার কোনো কারণ নেই। বরং যাকে হত্যা করার আদেশ দেয়া হয়েছে বা হত্যা করতে নিষেধ করা হয়েছে, তা যদি অপবিত্র প্রাণী হয়ে থাকে তবে তাতো সংশ্লিষ্ট আয়াতের আওতায়ই নিষিদ্ধ হবে। অন্যথায় তা হালাল হবে। কেননা আমরা আগেই উল্লেখ করেছি যে, সকল জিনিস মূলত: হালাল, যতোক্ষণ তা হারাম হওয়ার প্রমাণ না পাওয়া যায়।' (মালিকি মযহাবে কাকসহ যাবতীয় পাখি হালাল।)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00