📘 ফিকাহুস সুন্নাহ 📄 যে ব্যক্তি তার সম্পদ অন্যের কাছে পাবে, সে তার অধিকতর হকদার

📄 যে ব্যক্তি তার সম্পদ অন্যের কাছে পাবে, সে তার অধিকতর হকদার


যার সম্পদ জবরদখল হয়েছে, সে যদি তার সম্পদ অন্য কারো কাছে পায় তবে সে-ই ঐ সম্পদের সর্বাপেক্ষা হকদার, যদিও জবরদখলকারী তার কাছে বিক্রয় করে থাকে। কেননা জবরদখলকারী যখন বিক্রয় করেছে, তখন সে ঐ সম্পদের মালিক ছিল না। কাজেই এই বিক্রয় শুদ্ধ ছিলনা। এরূপ ক্ষেত্রে ক্রেতা জবরদখলকারীর কাছ থেকে তার দেয়া মূল্য ফেরত আনতে পারবে। আবু দাউদ ও নাসায়ি সামুরা (রা) থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'যে ব্যক্তি তার হুবহু সম্পদ অন্যের কাছে পাবে, সে ঐ সম্পদের সবচেয়ে বেশি হকদার। আর ক্রেতা বিক্রেতার কাছ থেকে মূল্য ফেরত আনবে।'

📘 ফিকাহুস সুন্নাহ 📄 পার্কি খাঁচার দরজা খুলে দেয়া

📄 পার্কি খাঁচার দরজা খুলে দেয়া


যে ব্যক্তি এমন কোনো খাঁচার দরজা খুলে দেয় যার ভেতরে পাখি রয়েছে এবং তাকে তাড়িয়ে দেয়, সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে দরজা খোলার পর পাখি নিজ থেকে উড়ে গেলে কী হবে সে সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। অনুরূপ পশুর বাঁধন খুলে দেয়ায় সে পালালে সে ক্ষেত্রেও এই মতভেদ প্রযোজ্য। ইমাম আবু হানিফা বলেন, কোনো অবস্থায়ই ক্ষতিপূরণ দেয়া লাগবে না। ইমাম মালেক ও আহমদের মতে দেয়া লাগবে, চাই ভেতরকার পশু বা পাখি তৎক্ষণাৎ বের হোক বা পরে। এ ব্যাপারে ইমাম শাফেয়ির দুটি মত বর্ণিত। প্রথমটি পুরানো মত। সেটি হলো ক্ষতিপূরণ দেয়া লাগবে না। দ্বিতীয় মতটি নতুন। সেটি হলো সংগে সংগে পালালে ক্ষতিপূরণ দিতে হবে, বিলম্বে পালালে দিতে হবে না।

ফন্ট সাইজ
15px
17px