📄 কখন ফেরত দেয়া জরুরি
ধার নেয়া জিনিসের সেবা গ্রহণ সমাপ্ত হওয়ার পর তা ফেরত দেয়া ধারগ্রহীতার অবশ্য কর্তব্য। কেননা আল্লাহ্ বলেছেন: ইন আল্লাহ্ ইয়া'মুরুকুম আন তু'আদ্দু আল-আমানাত ইলা আহলিহা 'আল্লাহ্ হকদারের নিকট আমানত প্রত্যর্পণ করতে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন।' (সূরা নিসা: ৫৮)
আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও, আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে, তুমি তার খেয়ানত করো না।' (আবুদাউদ, তিরমিযি)।
আবুদাউদ ও তিরমিযি আবু উমামা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'ধার অবশ্যই পরিশোধ করতে হবে।'
📄 ধারগ্রহীতার দায়বদ্ধতা
ধারগ্রহীতা যখন ধার চাওয়া জিনিসটি নিজের দখলে নেবে, তখন তা নষ্ট হলে সে তার জন্য দায়ী হবে, চাই সে অবহেলা করুক বা না করুক। এটা ইবনে আব্বাস, আয়েশা, আবু হুরায়রা, ইমাম শাফেয়ি ও ইসহাকের মত। সামুরা (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'যে ব্যক্তি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেছে, সে যতোক্ষণ তা তাকে ফেরত না দেবে ততোক্ষণ তার জন্য দায়ী থাকবে।' কিন্তু হানাফি ও মালিকি মযহাব অনুসারে ধারগ্রহীতা অবহেলা না করে থাকলে দায়ী হবেনা। তাদের প্রমাণ রসূলুল্লাহ্ (সা) এর এই হাদিস: যে ধারগ্রহীতা খিয়ানতকারী নয় সে দায়ী নয়। যে আমানত রক্ষক খিয়ানতকারী নয় সে দায়ী নয়।' (দারু কুতনি)