📄 বাইয়ে সালামে নির্দিষ্ট পণ্যের পরিবর্তে অন্য পণ্য গ্রহণ
বায়য়ে সালামে যে পণ্য বিক্রয়ের চুক্তি হয়েছে, বায়য়ে সালামের চুক্তি বহাল রেখে সেই পণ্যের পরিবর্তে অন্য পণ্য গ্রহণ অধিকাংশ আলিমের মতে বৈধ নয়। কেননা হয়তো সে পণ্যটি হস্তগত করার পূর্বেই তা ঋণের দায়ে বিক্রয় করে দিয়েছে। তা ছাড়া রসূলুল্লাহ সা. বলেছেন: 'যে ব্যক্তি কোনো নির্দিষ্ট পণ্যের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছে, সে যেন প্রদত্ত অগ্রিম অর্থ অন্য জিনিসে স্থানান্তরিত না করে।' (দারা কুতনি, ইবনে উমর থেকে) তবে ইমাম মালেক ও আহমদের মতে এটা বৈধ।
ইবনুল মুন্যির বলেন: ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন: 'যখন তুমি কোনো নির্দিষ্ট মেয়াদের তরে কোনো পণ্যের জন্য অগ্রিম মূল্য দিয়ে দেবে, তখন তা যদি তুমি মেয়াদের মধ্যে হস্তগত কর তবে তো ভালো কথা। নচেৎ তার পরিবর্তে তার চেয়ে নিকৃষ্ট জিনিস গ্রহণ করবে এবং দুবার মুনাফা অর্জন করবে না।' শু বা এটি বর্ণনা করেছেন এবং এটা সাহাবির উক্তি। বস্তুত সাহাবির উক্তি অন্য কোনো আয়াত বা হাদিসের বিরোধী না হলে অকাট্য প্রমাণ হিসাবে গণ্য।
ইবনুল কাইয়্যিম উভয় পক্ষের প্রমাণাদি পর্যালোচনা করার পর এই মতটি অগ্রগণ্য বলে অভিমত ব্যক্ত করে বলেছেন কোনো আয়াত বা হাদিস, এবং কোনো ইজমা বা কিয়াস দ্বারা যে এটা অবৈধ প্রমাণিত হয়নি, তা প্রতিষ্ঠিত। বরঞ্চ কুরআন হাদিস ও কিয়াস এর বৈধতার দাবি জানায়। বস্তুত যে কোনো বিতর্কের মীমাংসার জন্য বিষয়টি আল্লাহ ও তার রসূলের সামনে পেশ করাই শরিয়তের মূলনীতি। বাইয়ে সালামের চুক্তি ইকালা বা অন্য কোনো কারণে বাতিল হয়ে গেলে চুক্তিকৃত পণ্যের পরিবর্তে অন্য পণ্য গ্রহণকে কেউ অবৈধ এবং কেউ বৈধ মনে করেন। শেষোক্ত অভিমত ইমাম শাফেয়ি, কাযী আবু ইয়া'লা ও ইমাম ইবনে তাইমিয়ার। ইবনুল কাইয়্যিম বলেন, শেষোক্ত মতটিই যথার্থ ও সঠিক। কেননা বিকল্প পণ্য গ্রহণ দায়মুক্ত হওয়ার একমাত্র উপায়। ঋণ ও অন্যান্য দায় পরিশোধের মতো এখানেও বিকল্প বৈধ।