📘 Biggan moy quran > 📄 শূকর ও মৃত পশুর মাংস ক্ষতিকর

📄 শূকর ও মৃত পশুর মাংস ক্ষতিকর


শূকর ও মৃত পশুর মাংস ক্ষতিকর

বৈজ্ঞানিক জ্ঞানের উন্নয়নের ফলে পশু-পাখির মাংসের পুষ্টিমান সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাথে সাথে ঐসব পশু সম্পর্কে জানা সম্ভব হয়েছে যাদের মাংস ভক্ষণ করা হলে মানুষের দেহের ভেতরে মারাত্মক রোগ জীবাণু সংক্রমিত হয়। ইউরোপ ও আমেরিকার জনগণের কাছে শূকরের মাংস (swine flesh) অতি প্রিয় খাদ্য। কিন্তু এসব দেশের বিজ্ঞানীরা এখন এ তথ্য প্রমাণ করেছে যে, শূকরের মাংস অবশ্যই নোংরা (foul), দূষিত (polluted) এবং ক্ষতিকর (harmful)। সুমহান কিতাব আল-কোরআন সপ্তম শতাব্দীতে এই তথ্যটি গোটা মানবজাতিকে জানিয়ে দিয়েছে:

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ - فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغِ وَلَا عَادٍ فَلَا اثْمَ عَلَيْهِ - إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ.
He has forbidden you only the dead animals and blood and the flesh of swine and that which is slaughtered as a sacrifice for others than Allah. But if one is forced by necessity without wilful disobedience nor transgressing due limits, then there is no sin on him. Truly Allah is Forgiving and Most Merciful.

তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য হারাম করেছেন, মৃত পশু, রক্ত ও শূকরের মাংস এবং আরো হারাম করেছেন সে সব জন্তুর মাংস যেগুলো আল্লাহপাক ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়। কিন্তু যদি কেউ একান্ত প্রয়োজনে নিরুপায় হয়ে পড়ে এবং না-ফরমানী ও সীমা লংঘন না করে তাহলে তার জন্য কোনো পাপ বিবেচিত হবে না। সত্যিকার অর্থে আল্লাহ পাক মহান ক্ষমাশীল এবং পরম করুণাময়। (বাকারা- ১৭৩)

শূকরের মাংস (Swine flesh): এ আয়াতে শূকরের মাংস মানুষের জন্য হারাম (অবৈধ) ঘোষণা করা হয়েছে। আল-কোরআনের অন্তত ৪টি আয়াতে শূকরের মাংসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। কারণ পরীক্ষা ও পর্যবেক্ষণ দ্বারা প্রমাণ করা হয়েছে যে, ট্রাইকিনিয়াসিস (Trichiniasis) নামের প্যারাসাইট সংক্রমণ শূকরের মাংসের সাহায্যে ছড়িয়ে পড়ে এবং ট্রাইকিনেলা স্পাইরালিস (Trichinella spiralis) নামের ক্ষুদ্রতম গোলাকার কৃমির মাধ্যমে মানুষ আক্রান্ত হয়। এর ফলে দেহের ভাইটাল অর্গ্যানগুলো নষ্ট হয়ে যায় এবং হঠাৎ করে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়।

কাঁচা কিংবা ভালোভাবে সিদ্ধ না হওয়া শূকরের মাংস খেলে এনসিস্টেড (Encysted) কীটাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এ ধরনের শূকরের মাংসে উল্লেখিত কীটাণু থাকে। এ ক্ষুদ্র কীটগুলো এক সপ্তাহ পাকস্থলীতে থাকার পর রক্তের সাথে মাংসপেশীতে প্রবেশ করে এবং সেখানে প্রদাহ কেন্দ্র তৈরি করে। এ রোগ ইউরোপ ও আমেরিকায় বেশ বিস্তৃত এবং শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৫% লোক এ রোগে আক্রান্ত বলে মনে করা হয়।

এটা হিসাব করে দেখা গেছে যে, যুক্তরাষ্ট্রে প্রায় ১০ মিলিয়ন লোক Trichiniasis রোগে আক্রান্ত। এ রোগের চিকিৎসাও তেমন ফলপ্রসূ হয় না। পাতলা পায়খানা ঘটিয়ে অন্ত্রনালী থেকে অন্যসব রোগ জীবাণুকে কার্যকরভাবে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু শূকরের ট্রাইকিনেলা স্পাইরালিস দ্বারা আক্রান্ত হলে তা সম্ভব হয় না। এমনকি এ রোগের নির্দিষ্ট থেরাপিও পাওয়া যায় না।

একবার ট্রাইকিনা (trichinae) জীবাণু পেশী-শিরায় সংক্রমিত হয়ে গেলে সেখান থেকে তাকে আর দূর করা সম্ভব হয় না। তাই চরম পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে মৃত্যু ঘটে। প্রকৃতপক্ষে, এ রোগের জীবাণু হৃদপেশী আক্রমণ করে সেখানে মায়োকার্ডাইটিস (myocarditis) রোগ সৃষ্টি করে এবং এর ফলে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। শূকরের মাংসের ট্রাইকিনা ওয়ার্ম (Trichina worm) ১৫০°C তাপমাত্রায় মারা যায়। তাই আমেরিকা ও ইউরোপের সরকারগুলো শূকরের মাংসকে ১৫০°C তাপমাত্রায় ২০ দিনের অধিক ফ্রোজেন করা না হলে তা বাজারজাত করতে দেয় না। শূকরের মাংসে আর এক ধরণের প্যারাসাইট থাকে। একে বলা হয় টিনিয়া সোলিয়াম (Taenia solium)। এ প্যারাসাইট বা রোগজীবাণুও শরীরের বিভিন্ন অঙ্গে রোগ সৃষ্টি করে। যেমন, মাংসপেশী, হৃদপিণ্ড, মস্তিষ্ক, চোখ, স্নায়ুতন্ত্র ইত্যাদি আক্রান্ত করে মারাত্মক উপসর্গ প্রকাশ করে। বর্তমান বিশ্বে টিনিয়া সোলিয়াম বা টেপওয়ার্ম দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ মিলিয়নেরও বেশি। এদের অধিকাংশই শূকরের মাংস ভক্ষণকারী।

বৈজ্ঞানিক গবেষণা দ্বারা অতি সম্প্রতি 'স্যাটক্সিন' নামক একপ্রকার প্রোটিন শূকরের গোশত থেকে আবিষ্কৃত হয়েছে। চামড়ার বিভিন্ন প্রকার অ্যালার্জি, একজিমা, ফুসফুসে হাঁপানি ইত্যাদি রোগের জন্য এ আবিষ্কৃত প্রোটিন দায়ী। দেখা গেছে খুব সামান্য পরিমাণ স্যাটক্সিন খেলেও দৈহিক অসারতা এবং গ্রন্থিতে ব্যথার সৃষ্টি করতে পারে। শূকরের মাংসে অতি উচ্চ মাত্রায় চর্বি থাকে। তাই নিয়মিত এ মাংস খেলে শরীরে ভিটামিন E এর ঘাটতি দেখা দেয় এবং এ ঘাটতি যৌন গ্রন্থি সমূহের স্বাভাবিক ক্রিয়ায় বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে যৌন দুর্বলতা এবং যৌন অক্ষমতা প্রকাশ পায়।

এ বিষয়টি খুব লক্ষণীয় যে, ইউরোপ ও আমেরিকায় উন্নতমানের অত্যাধুনিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা সত্ত্বেও শূকরের মাংস থেকে সৃষ্ট ব্যাধিগুলো নিবারণ করতে পারছে না। সুতরাং এ মারাত্মক রোগগুলো নিবারণ করতে হলে একটি মাত্র উপায় আছে তাহলো শূকরের মাংস খাওয়া থেকে বিরত থাকা। অর্থাৎ আল্লাহপাকের আদেশের কাছে আত্মসমর্পণ করা।

মৃত প্রাণী (Dead Animals)
আয়াতে ব্যবহৃত শব্দ 'মাইতাহ' অর্থ মৃত পশু। এ শব্দ দ্বারা মৃত পশুর গলিত মাংসকেও (carrion) বোঝানো হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মৃত পশু-পাখির মাংস খাওয়া স্বাস্থ্যসম্মত নয় এবং আইনসিদ্ধ পশু-পাখির গলিত মাংসও স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ একটি প্রাণী যখন আপনা থেকেই মারা যায় তখন কী কারণে মারা গেছে জানা খুব কঠিন ব্যাপার। ঐ প্রাণীটি সাধারণ বিষপানে, কিংবা ভাইরাসের আক্রমণ অথবা কার্বাঙ্কল (anthrax) রোগে মৃত্যুবরণ করতে পারে। পশুর অ্যানথ্রাক্স একটি ছোঁয়াচে রোগ এবং ঐ রোগে মৃত পশুর মাংস হাতে নিয়ে নড়াচড়া করাও বিপদজনক। কারণ এভাবে নড়াচড়া করার ফলে এ রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা (যারা নিবিড়ভাবে ঐ ধর্ম পালন করে) পশু-পাখি আপনা থেকেই মারা গেলে কেবল তাদের মাংস ভক্ষণ করে। কারণ তারা মনে করে জীব হত্যা মহাপাপ।” এ বাণীর পেছনে কোনো বৈজ্ঞানিক সারযুক্তি নেই। দয়াময় আল্লাহ তাআলার আদেশ হলো আইনসিদ্ধ জীবিত পশু-পাখি জবাই করে তাদের মাংস খাওয়া বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত।

রক্ত (Blood): রক্ত বলতে এ আয়াতে চলমান বা প্রবাহমান রক্তের কথা বলা হয়েছে। অর্থাৎ পশু জবাই করলে যে রক্ত পশুর দেহ থেকে নির্গত হয়ে বেরিয়ে আসে। এরূপ রক্তে থাকে বিষাক্ত রাসায়নিক উপাদান, টক্সিন (toxin), ও প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম (pathogenic micro organisms)। রক্তের এসব পদার্থ অবশ্যই ক্ষতিকর। এটা খুবই যুক্তি সঙ্গত যে, প্রবাহিত রক্তের সাথে যদি বিষাক্ত পদার্থগুলো বাইরে বেরিয়ে যায় তাহলে মাংস স্বাস্থ্যপ্রদ হয়ে ওঠে। সেজন্য আল্লাহপাক পশু-পাখিকে তাঁর নামে জবাই করে রক্ত বের করে দেওয়ার আদেশ দিয়েছেন।

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُودَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبْعُ إِلَّا مَا ذَكَيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ - ذُلِكُمْ فِسْقٌ.
Forbidden to you (for food) are: the dead animals, blood, swine flesh and that on which Allah's name has not been mentioned while slaughtering and that which has been killed by strangling or by a violent blow or by a headlong fall or by the goring of horns and that which has been partly eaten by a wild animal - unless you are able to slaughter it (before its death) and that which is sacrificed on stone-altars. Forbidden also is to use arrows seeking luck or decision; that is impiety.

তোমাদের জন্য নিষিদ্ধ (খাদ্য) হলো, মৃত জীব, রক্ত, শূকরের গোশত এবং যাকে আল্লাহপাকের নাম উল্লেখ না করে জবাই করা হয়েছে, যাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, যাকে সজোরে আঘাত করে হত্যা করা হয়েছে, যা উপর থেকে পড়ে মারা গেছে, যা শিং এর আঘাতে নিহত হয়েছে, যাকে বন্যপ্রাণী আংশিকভাবে ভক্ষণ করেছে যদি না তা জবাই করা তোমাদের পক্ষে সম্ভব হয় (তার মৃত্যুর পূর্ব) এবং যা কোনো দেব-বেদীতে উৎসর্গ করা হয়েছে। আরো নিষেধ করা হয়েছে ঐসব পশু সম্পর্কে যা ভাগ্য নির্ধারক তীর দ্বারা বধ করা হয়েছে। এ সবই নিষ্ঠুর পাপ কাজ। [মায়েদা-৩]

মৃত প্রাণীর মাংস বা গলিত মাংস, রক্ত এবং শূকরের মাংস যা আগেই আলোচনা করা হয়েছে। এখন নিষ্ঠুর পদ্ধতিতে প্রাণী হত্যা করে তার গোশত খাওয়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে।

গলাটিপে হত্যা করা (Killed by Strangling): গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা প্রাণীর মাংস খাওয়া যাবে না। কারণ যখন কোনো পশুকে গলা টিপে ধরা হয় তখন সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এর ফলে অতিরিক্ত CO₂ (কার্বন ডাইঅক্সাইড) রক্তে জমে ওঠে এর দ্বারা ক্ষতিকর যৌগিক উপাদান (harmful compounds) গঠিত হয়। এছাড়া রক্ত বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকায় মারাত্মক টক্সিন সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া বের হতে পারে না। সুতরাং গলাটিপে হত্যা করা পশু-পাখির মাংসে বিষক্রিয়া ও ব্যাকটেরিয়া থেকে যায়। যে মাংসে টক্সিন ও ব্যাকটেরিয়া থাকে তা দীর্ঘদিন সংরক্ষণ করাও যায় না, পচন ধরে। আর শ্বাসরুদ্ধ করে হত্যা করা পশুর শরীর থেকে পরবর্তী পর্যায়ে রক্তক্ষরণ করাও সম্ভব হয় না। অতএব এভাবে হত্যা করা প্রাণীর মাংস শরীরের জন্য ক্ষতিকর। তাই আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা অতীব প্রণিধানযোগ্য।

সজোরে আঘাত করে হত্যা করা (Killed by violent blow): ইলেকট্রিক শক দিয়ে, লৌহ দণ্ড দিয়ে কিংবা লাঠি দিয়ে আঘাত করে প্রাণী হত্যা করা একটি নিষ্ঠুর পদ্ধতি। এ প্রক্রিয়ায় পশুকে হত্যা করা হলে তার মধ্য থেকে প্রবাহমান রক্ত বের হতে পারে না। কারণ রক্ত তখনই বের হয়ে আসে যখন হৃদ স্পন্দন সচল থাকে, পশু অবচেতন অবস্থায় থাকে এবং মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ শর্তগুলো জবাই হওয়া পশুর ক্ষেত্রে দেখা যায়। কারণ জবাই হওয়া অবস্থায় যখন পশু পড়ে থাকে তখন তার হৃদপিণ্ডে সংকোচন প্রসারণ অব্যাহত থাকে। মস্তিষ্কে O₂ এর ঘাটতি দেখা দেয়। ফলে পেশী সংকোচন শুরু হয় এবং পেশী সংকোচনের কারণে প্রাণীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। ধমনীতে যে Blood vessels রয়েছে সেই রক্তবাহী নালীতে চাপ সৃষ্টির ফলে রক্ত নির্গত হতে থাকে। নির্গত অবস্থায় কেন্দ্রীয় পরিবহন পদ্ধতির মাধ্যমে রক্ত মস্তিষ্কে যেতে চাইলেও তা যেতে পারে না। কারণ গলায় শিরা উপশিরাগুলো তো তখন কর্তিত অবস্থায় থাকে। তবে যতক্ষণ না পশুটি মারা যাচ্ছে ততক্ষণ তার মস্তিষ্ক কোষ (Cell) থেকে তার পেশীর কাছে এ মর্মে বার্তা যাচ্ছে যে, চাপ দিয়ে রক্ত সঞ্চালিত কর। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রাণী সংজ্ঞাহীন অবস্থায় থাকলেও তার মধ্যে সংকোচন প্রসারণ অব্যাহত থাকে। আর প্রচুর রক্তক্ষরণের কারণে পশু সংজ্ঞাহীন হয়ে পড়ে। এ সময়ে সে কোনো ব্যথা অনুভব করে না। সুতরাং স্বাস্থ্যসম্মত মাংসের জন্য জবাই পদ্ধতি বিজ্ঞানসম্মত। তাই মুসলমানেরা আল্লাহপাকের নামে জবাই করে এবং এ পদ্ধতি অব্যাহত রেখেছে। এখন দেখি, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের জবাই পদ্ধতি সম্পর্কে কী বলছে। ডক্টর অব মেডিসিন, Lord Horder বলেছেন, "I made careful observation of the process called 'Slaughter.' This consists in a clear cutting of all the blood vessels of the neck, together with the windpipe and gullet, in fact, all the soft structures up to the spine. The animal loses consciousness immediately. It is difficult to conceive a more painless and a more rapid mode of death. For a few seconds after the cut, the animal makes no movement. Its body is then convulsed, the convulsive movements continue for about a minute and then cease." ("অর্থাৎ "আমি জবাই পদ্ধতি' ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। এ পদ্ধতিতে পশুর ঘাড়ের সব রক্তনালী, শ্বাসনালী ও অন্ননালীসহ শির দাঁড়ার হাড়ের আগ পর্যন্ত সকল নরম গঠন কেটে ফেলা হয়। এর ফলে পশু সহজেই চেতনা হারায়। এ পদ্ধতির চেয়ে সহজ, ব্যথাহীন ও তাৎক্ষণিক কোনো পদ্ধতি নেই। জবাইয়ের কয়েক মুহূর্ত পরেই পশু আর নড়াচড়া করতে পারে না। এর শরীর তখন দাপাদাপি করতে থাকে। শরীরের এ দাপাদাপি এক মিনিটের মধ্যে স্তিমিত হয়ে যায়।")

খুব ধারালো ছুরি দিয়ে জবাই করা এবং দক্ষতার সাথে ছুরি চালানোর ফলে পশুর যে অবস্থা ঘটে সে অবস্থাকে মূর্ছার সঙ্গে তুলনা করা যায়। এ ধরনের মূর্ছাগত অবস্থা রক্তনালী কাটার দরুন সংগঠিত হয়। রক্তনালী বিচ্ছিন্ন করার কারণে দ্রুতগতিতে রক্ত বের হয় এবং রক্তচাপ কমে যায়। জবাই করার ৯০ সেকেন্ডের মধ্যে প্রাণীর তীব্র মুভমেন্ট আরম্ভ হয় এবং তা ৯০ সেকেন্ড বিদ্যমান থাকে। মূর্ছার প্রাথমিক অবস্থায় পশুর অনুভূতি বিলুপ্ত হয়। এ পর্যন্ত পশু নিধনের যত প্রকার পদ্ধতি চালু আছে তার মধ্যে জবাই পদ্ধতি উৎকৃষ্টতম। এতে পশুর যন্ত্রণা কম হয়। এ সত্যটি সম্পর্কে খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ এর পরিচালক Dr. Leonard Hill বলেছেন, জবাই করা প্রাণী চেতনা হারাবার সঙ্গে সঙ্গে যে মুভমেন্ট শুরু হয় তা থেকে দেখা গেছে যে, অনুভূতি ব্যতিরেকে ঐ পশুর রক্ত নির্গত হচ্ছে। এ বিষয়ে মুভমেন্ট ব্যাপারটি অনেকের কাছে অনুভূতিজাত ঘটনা বলে মনে হবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলার পরেও ঐ দেহ মৃত অবস্থায় নড়াচড়া করে। এটা কি অনুভূতিজাত নড়াচড়া? অনুভূতির সাড়া তো মস্তিষ্ক থেকে প্রেরিত হয়।

পৃথিবীর বহু দেশে ইলেকট্রিক শক দিয়ে পশু হত্যা করে তার মাংস পরিবেশন করা হয়। বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে, এভাবে হত্যা করা পশুর মাংস স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। কারণ ইলেকট্রিক শকে বধ করা প্রাণীর মাংস ফুলে ওঠে, অস্ত্র রক্তাক্ত হয়ে যায় এবং মেরুদণ্ডের হাড় ও কাঁধের দু'দিকের হাড় ফেটে যায়। এ অবস্থায় মাংসের সাথে যে রক্ত থাকে তার দরুন মাংসে পচন ধরে এবং মাংসের স্বাদ নষ্ট হয়। ইলেকট্রিক শকে হত্যা করা পশুর মাংসে পচন ধরার কারণ হলো রক্ত নির্গত হওয়া ব্যতীত ইলেকট্রিক শকের দরুন ল্যাকটিক অ্যাসিডের উচ্চ লেভেলে উত্তরণ। Lactic Acid উচ্চপর্যায়ে উত্তরণের কারণে মাংসের ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা পরিবর্তন হয়ে যায়। আবার জোরালো আঘাতে যদি মস্তিষ্ক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ভলান্টারি মাসল্‌স প্রয়োজনীয় পুষ্টিকর তরল পদার্থ শরীর থেকে বের করে দেয় এবং হৃৎপিণ্ড স্পন্দন থেমে গেলে মস্তিষ্ক বিচ্ছিন্ন হলেও অধিক পরিমাণ রক্ত ক্ষরণ হবে না। নিরাপদ মাংসের জন্য রক্তক্ষরণ খুবই প্রয়োজনীয়।

উপর থেকে পড়ে মারা গেলে (The dead through falling from a height)
যদি কোনো পশু উপর থেকে পড়ে গিয়ে, আঘাত পেয়ে ঘাড় ভেঙে, দারুণ আতঙ্কে কিংবা পানিতে ডুবে গিয়ে মারা যায় তাহলে এসব কারণে সংঘটিত মৃত্যু প্রচণ্ড আঘাতজনিত মৃত্যুর সমতুল্য হবে। পানিতে ডুবে মরা শ্বাসরুদ্ধজনিত মৃত্যুর সমান। তাই উপর থেকে পড়ে মারা যাওয়া পশুর মাংস স্বাস্থ্যকর নয়।

শিং এর গোড়ায় নিহত পশু (Killed by the goring of horns)
যদি কোনো পশু নিজেদের মধ্যে শিং দিয়ে মারামারি করে কিংবা মানুষ দ্বারা প্রভাবিত হয়ে মারামারি ঘটিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে মৃত পশুর মাংসও নিষিদ্ধ। এ ধরণের মৃত্যুও অপঘাত মৃত্যুর সমান। অপঘাত মৃত্যুর ক্ষতিকর তথ্যাবলী আগেই আলোচিত হয়েছে।

বন্যপশুর কামড়ে মারা গেলে (Devoured of wild beasts)
কোনো পশু অন্য কোনো বন্যপশুর কামড়ে মারা গেলে তার মাংস খাওয়া নিষেধ। এ নিষেধ যে সব কারণে যুক্তিসঙ্গত তাহলো আক্রমণকারী পশুর আংশিক কামড়ে বিষ থাকতে পারে এবং শরীরে চলমান রক্ত অধিক পরিমাণে নির্গত নাও হতে পারে। কিন্তু এরূপ পশু যদি জীবিত থেকে যায় এবং তাকে আল্লাহ্‌ পাকের নামে জবাই করা সম্ভব হয় তাহলে সে পশুর মাংস খেতে বাঁধা নেই।

উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, পশু-পাখির মাংস খাওয়ার ব্যাপারে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তা মানবজাতির কল্যাণের জন্যই করা হয়েছে। এটা খুবই স্পষ্ট।

قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَى مُحَرَّمًا عَلَى طَاعِمٍ تَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرِ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغِ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ.
Say (O Mohammad-s:), "I find not in that which has been revealed to me anything forbidden to be eaten by one who wishes to eat it, unless it be carrion, or blood poured forth or swine flesh for that surely is impure or impious meat, which is slaughtered as a sacrifice for others than Allah. But whosoever is forced by necessity without wilful disobedience, nor transgressing due limits, certainly your Lord is oft-forgiving and Most Merciful."

বলুন (হে মুহাম্মদ সঃ), "আমার কাছে যেসব বিধান ওহীর মাধ্যমে আসে তার মধ্যে আমি কোনো নিষিদ্ধ খাদ্য দেখতে পাই না কোনো ভক্ষণকারীর জন্য, যা সে খেতে ইচ্ছা করে। তবে মৃত পশুর গলিত মাংস, অথবা প্রবাহিত রক্ত কিংবা শূকরের মাংস, যা অপবিত্র ও দূষিত, জবাই করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়েছে এ সবই নিষিদ্ধ। তথাপি যদি কোনো ব্যক্তি একান্ত বাধ্য হয়ে (ক্ষুধার তাড়নায়) নিষিদ্ধ মাংস খেয়ে ফেলে অবাধ্যতা বশত নয়, নির্ধারিত সীমা লঙ্ঘন করেও নয় তাহলে নিশ্চিতভাবে জেনে রাখ তোমার প্রভু বড় ক্ষমাশীল এবং পরম করুণাময়। (আনআম - ১৪৫)

He has forbidden for you only dead animal, blood and swine flesh and that which has been immolated in the name of any other than Allah. But he who is driven thereto, neither craving nor transgressing, then Allah is oft-forgiving, Most Merciful.

তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত পশু, রক্ত, শূকরের মাংস এবং যেসব জন্তু আল্লাহর নাম ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়। কিন্তু কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় বশত ঐসবের মাংস খায় তবে তার জন্য ক্ষমা আছে। আল্লাহপাক তো খুবই ক্ষমাশীল, বড়ই মেহেরবান। (নহল- ১১৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00