📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছুর পর্বতের গুহায়

📄 ছুর পর্বতের গুহায়


গুহার কাছে পৌঁছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আবু বকর (রা.) বললেন, একটু অপেক্ষা করুন। গুহায় কোন কিছু থাকলে তার মোকাবেলা আমার সাথেই যা হবার হবে। এরপর তিনি গুহায় প্রবেশ করে তারা পরিষ্কার করলেন। কয়েকটি গর্ত ছিলো, যেগুলো তহবন্ধ ছিঁড়ে বন্ধ করলেন। দু'টি গর্ত বাকি ছিলো, সেগুলোতে পা চাপা দিয়ে প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভেতরে আসার আহ্বান জানালেন। প্রিয় নবী ভেতরে গেলেন এবং আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত আবু বকর (রা.)-কে কিসে যেন দংশন করলো। কিন্তু প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘুম ভেঙ্গে যেতে পারে এ আশঙ্কায় তিনি নড়াচড়া করলেন না। বিষের কষ্টে তাঁর চোখ অশ্রুসজল হয়ে উঠলো, বেখেয়ালে এক ফোটা অশ্রু প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় পড়তেই তিনি জেগে গেলেন। আবু বকর (রা.)-কে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তিনি বললেন, কিসে যেন আমাকে দংশন করেছে।
এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খানিকটা থুথু নিয়ে দংশিত স্থলে লাগিয়ে দিলেন। সাথে সাথে বিষের যাতনা দূর হয়ে গেলো।
এখানে উভয়ে শুক্র, শনি ও রবিবার এ তিনদিন অবস্থান করেন। এ সময়ে হযরত আবু বকরের পুত্র আবদুল্লাহও একই সঙ্গে রাত্রি যাপন করেন। হযরত আয়েশা (রা.) বলেন, আবদুল্লাহ ছিলো খুব বুদ্ধিমান যুবক। সে শেষ রাতে উভয়ের কাছ থেকে চলে আসতো কিন্তু মক্কায় তাকে সকাল বেলাই দেখা যেতো। যে কেউ দেখে ভাবতো, রাতে সে মক্কাতেই ছিলো। সারাদিন উভয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের যেসব কথা শুনতো, সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে এলে সেসব খবর নিয়ে 'গারে ছুরে' চলে যেতো।
এদিকে হযরত আবু বকরের ক্রীতদাস আমের ইবনে যোহায়রা বকরি চরাতেন। রাতের আঁধার গভীর হলে তিনি বকরি নিয়ে তাদের কাছে যেতেন এবং দুধ দোহন করে দিতেন। উভয়ে তৃপ্তির সাথে দুধ পান করতেন। খুব ভোরে আমের বকরি নিয়ে রওয়ানা হতেন। তিন রাতেই তিনি এরূপ করেছিলেন। এছাড়া আমের ইবনে যোহায়রা আবদুল্লাহ ইবনে আবু বকরের মক্কা যাওয়ার চিহ্ন সেই পথে বকরী তাড়িয়ে মুছে দিতেন।

টিকাঃ
১২. এই বক্তব্য ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণনা করা হযেছে। এ বর্ণনায়, একথাও রয়েছে যে, পরবর্তী সময়ের সেই বিষের প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেই বিষের প্রভাবেই তিনি ইন্তেকাল করেন। দেখুন, মেশকাত, ২য় খন্ড, পৃ, ৫৫৬, মানাকেরে আবু বকর শীর্ষক অধ্যায়।
১৩. ফতহুল বারী, ৭ম খন্ড, পৃ. ৩৩৬
১৪. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫৫৩-৫৫৪
১৫. ইবনে হিশাম ১ম খন্ড, পৃ. ৪৮৬

📘 আর রাহিকুল মাখতুম > 📄 কোরায়শদের অভিযান

📄 কোরায়শদের অভিযান


কোরায়শদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা যখন পরিষ্কারভাবে বুঝতে পারলো যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের হাতছাড়া হয়ে গেছেন, তখন তারা যেন উন্মাদ হয়ে গেলো। প্রথমে তারা হযরত আলীর ওপর তাদের ক্রোধ প্রকাশ করলো। তাকে টেনে হিঁচড়ে কাবাঘরে নিয়ে গেলো এবং কথা আদায়ের চেষ্টা করলো। কিন্তু এতে কোন লাভ হলো না। এরপর তারা হযরত আবু বকরের বাড়ীতে গেলো। দরজা খুললেন হযরত আসমা বিনতে আবু বকর। তাঁকে জিজ্ঞাসা করা হলো যে, তোমার আব্বা কোথায়? তিনি বললেন, আমি তো জানি না। এ জবাব শুনে দুর্বৃত্ত আবু জেহেল আসমাকে এতো জোরে চড় দিলো যে, তার কানের বালি খুলে পড়ে গেলো।
এরপর কোরায়শ নেতারা এক জরুরী বৈঠকে মিলিত হয়ে এ সিদ্ধান্ত নিলো যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আবু বকর (রা.)-কে গ্রেফতার করার জন্যে সর্বাত্মক অভিযান চালাতে হবে। মক্কা থেকে বাইরের দিকে যাওয়ার সকল পথে কড়া পাহারার ব্যবস্থা করলো। সেই সাথে ঘোষণা করা হলো যে, যদি কেউ হযরত মোহাম্মদ এবং আবু বকর (রা.)-কে বা দু'জনের একজনকে জীবিত বা মৃত হাযির করতে পারে, তাকে একশত উট পুরস্কার দেয়া হবে। এ ঘোষণা সর্বসাধারণ্যে প্রচারিত হবার পর চারিদিকে বহু লোক বেরিয়ে পড়লো। পায়ের চিহ্ন বিশারদরাও উভয়কে তালাশ করতে লাগলো। পাহাড়ে প্রান্তরে ও উঁচু নীচু এলাকায় সর্বত্র চষে বেড়াতে লাগলো। কিন্তু এতো কিছু করেও কোন লাভ হলো না।
অনুসন্ধানকারীরা 'ছুর' পাহাড়ের গুহার কাছেও পৌঁছুলো। কিন্তু সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ তায়ালা নিজের ইচ্ছাকেই পূর্ণতা দান করেন। সহীহ বোখারীতে হযরত আনাস (রা.) বর্ণনা করেছেন যে, হযরত আবু বকর (রা.) বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে গুহায় ছিলাম, মাথা তুলতেই দেখি, লোকদের পা দেখা যাচ্ছে। আমি বললাম, হে আল্লাহর রসূল, ওরা কেউ যদি একটুখানি নিচু হয়ে এদিকে তাকায়, তবেই আমাদের দেখতে পাবে। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আবু বকর চুপ করো, আমরা এখানে দু'জন নই বরং আমাদের সাথে তৃতীয় হচ্ছেন আল্লাহ তায়ালা। অন্য বর্ণনায় রয়েছে যে, প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আবু বকর এমন দুঃজন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তায়ালা।
মোটকথা অনুসন্ধানকারীরা তখনই চলে গেলো, যখন আল্লাহর রসূল এবং দুর্বৃত্তদের মধে ব্যবধান ছিলো খুব কম— মাত্র কয়েক কদম।

টিকাঃ
১৬. রহমতুল লিল আলামীন ১ম খন্ড, পৃ. ৯৯
১৭. ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৮৭
১৮. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫৫৪
১৯. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫১৬-৫৫৮। এখানে স্মরণ রাখতে হবে যে, হযরত আবু বকরের অস্থিরতা নিজের জীবন রক্ষার জন্য ছিলো না। তিনি প্রিয় নবী (সঃ)-এর জন্য উদ্বিগ্ন ছিলেন। তিনি দুর্বত্তদের পা দেখতে পাচ্ছিলেন, সে সময় তিনি অস্থির হয়ে উঠলেন এবং বললেন, যদি আমি মারা যাই তবে একজন আবু বকর মারা যাবে। কিন্তু আপনি মারা গেলে সমগ্র উম্মত বরবাদ হয়ে যাবে। এ সময়ে রসূল বলেছিলেন, ভয় পেয়ো না, আবু বকর, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন।
২০. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫৫৩-৫৫৫ ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৮৬

📘 আর রাহিকুল মাখতুম > 📄 মদীনার পথে

📄 মদীনার পথে


মক্কার কোরায়শদের নেতৃত্বে পুরস্কারলোভী লোকদের অনুসন্ধান তৎপরতা নিষ্ফল প্রমাণিত হলো। ক্রমাগত তিনদিন অনুসন্ধান করে তারা ক্লান্ত ও হতাশ হয়ে পড়লো। তাদের অনুসন্ধান উৎসাহ স্তিমিত হয়ে এলো। এ অবস্থা লক্ষ্য করে প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আবু বকর (রা.) মদীনার পথে রওয়ানা হলেন। বিভিন্ন পথ সম্পর্কে অভিজ্ঞ আবদুল্লাহ ইবনে আরিকত লাইছির সাথে আগেই চুক্তি হয়েছিলো যে, তিনি পারিশ্রমিকের বিনিময়ে এই দুইজনকে মদীনায় পৌঁছে দেবেন। কোরায়শদের ধর্ম বিশ্বাসের ওপর থাকলেও এ লোকটি ছিলো বিশ্বস্ত। এ কারণে তাকে সওয়ারীও দেয়া হয়েছিলো। তাকে বলা হয়েছিলো যে, তিনদিন পর সে দু'টি সওয়ারীসহ ছুর গুহার সামনে যাবে। সোমবার রাতে ১লা রবিউল আউয়াল মোতাবেক ১৬ই সেপ্টেম্বর ৬২২ ঈসায়ী সালের সোমবার রাতে আবদুল্লাহ ইবনে আরিকত সওয়ারী নিয়ে এলেন। হযরত আবু বকর (রা.) এ সময় তাঁর দুটি উটনী দেখিয়ে বললেন, হে রসূল, আপনি এ দুটির মধ্যে একটি গ্রহণ করুন। রসূল বললেন, হাঁ, তবে মূল্যের বিনিময়ে।
এদিকে আসমা বিনতে আবু বকর (রা.) উটের ওপর বিছানোর বিছানা নিয়ে এলেন। কিন্তু বাঁধার দড়ি আনতে ভুলে গিয়েছিলেন। রওয়ানা হওয়ার সময় হযরত আসমা উটের পিঠে বিছানা রাখার পর দেখা গেলো বাঁধার দড়ি রেখে এসেছেন। তিনি তখন নিজের কোমরবন্দ খুলে সেটি দু'ভাগ করে ছিঁড়ে বিছানা উটের পিঠের সাথে বেঁধে দিলেন, অন্য অংশ নিজের কোমরে বাঁধলেন। এ কারণে তাঁর উপাধি হয়েছিলো 'যাতুন নেতাকাইন'।
এরপর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আবু বকর (রা.) রওয়ানা হলেন। আমের ইবনে যোহায়রাও সঙ্গে ছিলেন। রাহবার আবদুল্লাহ ইবনে আরিকত উপকূলীয় পথে মদীনা রওয়ানা হলেন।
গারে ছুর থেকে বেরোবার পর আবদুল্লাহ প্রথমে ইয়েমেনের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বহুদূর অগ্রসর হলেন। এরপর পশ্চিমাভিমুখী হয়ে সমুদ্রোপকূল ধরে চলতে শুরু করলেন। পরে এমন এক পথে চলতে লাগলেন, যে পথ সম্পর্কে সাধারণ লোকেরা কেউ অবহিত ছিলো না। সে পথে উত্তর দিকে অগ্রসর হলেন। লোহিত সাগরের উপকূলবর্তী এ পথে খুব কম সময়েই লোক চলাচল করতো।
আল্লাহর রসূল এ পথে যেসব স্থান অতিক্রম করেছেন, ইবনে ইসহাক তার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পথ প্রদর্শক যখন তাদের নিয়ে বের হলেন, তখন মক্কার নিম্ন ভূমি এলাকা দিয়ে অতিক্রম করলেন। উপকূল দিয়ে চলার পর আসফানের নীচু এলাকায় বাঁক ঘুরলেন। সানিয়াতুল মুররা দিয়ে তারপর লকফ হয়ে লকফের বিস্তীর্ণ ভূমি অতিক্রম করলেন। এরপর হেজাযের বিস্তীর্ণ ভূমিতে পৌছে এবং সেখান থেকে মুজাহের মোড় দিয়ে শস্যশ্যামল ভূমিতে গমন করেন। তারপর যি কেশরার মাঠে প্রবেশ করে জুদাজাদের দিকে যান এবং সেখান থেকে আজার্দে পৌঁছেছেন। এরপর তাহানের বিস্তীর্ণ এলাকার পাশ দিয়ে যু যালাম অতিক্রম করেন। সেখানে থেকে আবাদি, তারপর ফাজা অভিমুখে রওয়ানা হন। তারপর অবতরণ করেন আজরে। পরে রকুবার ডান পাশ দিয়ে পানিয়াতুল আযেরে গেলেন এবং রিম উপত্যকায় অবতরণ করেন। সবশেষে কোবায় গিয়ে পৌছুলেন।

টিকাঃ
২০. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫৫৩-৫৫৫ ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৮৬
২১. ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৯১, ৪৯২

📘 আর রাহিকুল মাখতুম > 📄 পথের কয়েকটি ঘটনা

📄 পথের কয়েকটি ঘটনা


এক) সহীহ বোখারী শরীফে হযরত আবু বকর সিদ্দিক (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, গারে ছুর থেকে বেরিয়ে আমরা সারারাত ধরে পথ চলেছি, পরদিন দুপুর পর্যন্তও চলেছি। ঠিক দুপুরে রাস্তায় কোন পথচারী ছিলো না। আমরা এ সময় একটা লম্বালম্বি প্রান্তর দেখতে পেলাম। এখানে রোদ নেই। আমরা সেখানে অবতরণ করলাম। নিজের হাতে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শয়নের জন্যে একটি জায়গা সমতল করলাম, এরপর সেখানে চাদর বিছালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরপর বললাম, হে আল্লাহর রসূল, আপনি শয়ন করুন, বিশ্রাম নিন, আমি আশপাশে খেয়াল রাখছি। নবীজী শুয়ে পড়লেন। আমি চারিদিকে নযর রাখলাম। হঠাৎ দেখি একজন রাখাল কিছু সংখ্যক বকরি নিয়ে এদিকেই আসছে। সে প্রান্তরের ছায়ায় আসছিলো। আমি তাকে বললাম, তুমি কার লোক? সে মক্কা বা মদীনার একজন লোকের নাম বললো। আমি তাকে বললাম, তোমার বকরির কি কিছু দুধ হবে? সে বললো, হাঁ। আমি বললাম, দোহন করতে পারি? সে বললো, হাঁ। এ কথা বলে সে একটি বকরি ধরে আনলো। আমি বললাম, মাটি খড়কুটো এবং লোম থেকে ওলান একটু পরিষ্কার করে দাও। পরিষ্কার করার পর একটি পেয়ালায় কিছু দুধ দোহন করে দিলো। আমার কাছে ছিলো একটি চামড়ার পাত্র। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযু এবং পানি পান করার জন্যে সেটি রেখেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। তাঁকে জাগানো সমীচীন মনে করলাম না, কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জাগলেন। দুধের সাথে কিছু পানি মেশালাম, এতে পাত্রের নীচের অংশ ঠান্ডা হয়ে গেলো। তাকে বললাম, আপনি এ দুধটুকু পান করুন। তিনি পান করে খুশী হলেন। এরপর বললেন, এখনো কি রওয়ানা হওয়ার সময় আসেনি? আমি বললাম, কেন নয়? এরপর আমরা আবার রওয়ানা হলাম।
দুই) এ সফরের সময় হযরত আবু বকর (রা.) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে বসতেন। পথচারীদের দৃষ্টি তার দিকেই প্রথমে যেতো, কারণ তাঁর চেহারায় বার্ধক্যের ছাপ ছিলো। তাঁর তুলনায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কমবয়সী মনে হচ্ছিলো। পথচারীদের কেউ যখন জিজ্ঞাসা করতো যে, আপনার সামনে উনি কে? হযরত আবু বকর (রা.) জবাব দিতেন যে, উনি আমাকে পথ দেখান। প্রশ্নকারী বুঝতো যে মরুভূমিতে পথ দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে হযরত আবু বকর সিদ্দিক (রা.) নেকী ও কল্যাণের পথের কথাই বোঝাতেন।
তিন) এই সফরের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে মা'বাদ খোযায়ার তাঁবুতে কিছুক্ষণের জন্যে যাত্রা বিরতি করেন। এই মহিলা খুব বুদ্ধিমতী। নিজের বাড়ীতে আঙ্গিনায় তিনি বসেছিলেন। যাতায়াতকারী পথচারীদের সাধ্যমতো পানাহার করাতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে? মহিলা বললেন, যদি কিছু থাকতো, তবে আপনাদের মেহমানদারিতে ত্রুটি করতাম না। কয়েকটি বকরি আছে, যেগুলো দূরে চারণভূমিতে রয়েছে। এখন দুর্ভিক্ষের সময় চলছে।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ্য করলেন যে, বাড়ীর এক পাশে একটি বকরি বাঁধা আছে। তিনি বললেন, উম্মে মা'বাদ, এ বকরি এখানে কেন? উম্মে মা'বাদ বললেন, এ বকরি খুব দুর্বল, হাঁটতে পারে না। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অনুমতি যদি দাও, তবে ওর দুধ দোহন করি? মহিলা বললেন, হাঁ, যদি দুধ দেখতে পান, অবশ্যই দোহন করুন। এ কথার পর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরির ওলানে হাত লাগালেন। আল্লাহর নাম নিলেন এবং দোয়া করলেন। বকরি সাথে সাথে পা প্রসারিত করে দাঁড়ালো। তার ওলানে ভরা দুধ। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বড় পাত্র নিয়ে সেই পাত্রে দুধ দোহন করলেন। সেই পাত্র ভর্তি দুধ এক দল লোক তৃপ্তির সাথে পান করতে পারতো। দুধ দোহনের পর পাত্রে ফেনা ভরে গেলো। সঙ্গীদের পান করালেন উম্মে মা'বাদ নিজে পান করলেন। এরপর সেই পাত্রে পুনরায় দুধ দোহন করলেন। সেই পাত্র ভর্তি দুধ উম্মে মা'বাদের ঘরে রেখে আল্লাহর রসূল গন্তব্যের দিকে রওয়ানা হলেন।
কিছুক্ষণ পর মহিলার স্বামী বকরির পাল নিয়ে বাড়ী ফিরলো। সেসব বকরিও দুর্বল, পথ চলতে ক্লান্তিতে হাঁপিয়ে ওঠে। উম্মে মা'বাদের স্বামী আবু মা'বাদ দুধ দেখে তো অবাক! জিজ্ঞাসা করলেন, দুধ পেলে কোথায়? সব দুগ্ধবতী বকরি তো আমি চারণ ভূমিতে নিয়ে গেছি, ঘরে তো দুধ দেয়ার মতো বকরি ছিলো না। উম্মে মা'বাদ বললেন, আমাদের কাছে একজন বরকত সম্পন্ন মানুষ এসেছিলেন। তাঁর কথা ছিলো এমন এবং তাঁর অবস্থা ছিলো এমন। সব শুনে আবু মা'বাদ বললেন, এই তো মনে হয় সেই ব্যক্তি, যাকে কোরায়শরা খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা তুমি তার আকৃতি প্রকৃতি একটু বলো। উম্মে মা'বাদ অত্যন্ত আকর্ষণীয়ভাবে চিত্তাকর্ষক ভঙ্গিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় বর্ণনা করলেন। সে বর্ণনা ভঙ্গি শুনে মনে হয় শ্রোতা যেন তাকে চোখের সামনে দেখতে পাচ্ছে। গ্রন্থের শেষ দিকে এইসব বিবরণ উল্লেখ করা হবে। আগন্তুকের ভূয়সী প্রশংসা শুনে সে বললো, আল্লাহর শপথ, এই হচ্ছে কোরায়শদের সেই ব্যক্তি, যার সম্পর্কে লোকেরা নানা কথা বর্ণনা করেছে। আমার ইচ্ছা হচ্ছে তাঁর প্রিয় সঙ্গীদের একজন হবো। যদি কোন পথ পাই, তবে অবশ্যই এটা করবো।
এদিকে মক্কার বাতাসে কবিতার ছন্দে কিছু কথা ভেসে আসছিলো। যিনি কবিতা আবৃত্তি করছিলেন, তাকে দেখা যাচ্ছিলো না। কবিতার অর্থ নিম্নরূপঃ আল্লাহর পুরস্কার লাভ করুন সেই দু'জন, উম্মে মা'বাদের বাড়ীতে যারা করলেন পদার্পণ। ভালোয় ভালোয় থেমেছিলেন, যাত্রা করলেন, ফের সফলকাম হয়েছেন তিনি সঙ্গী, যিনি মোহাম্মদের। হায় কুসাই তোমাদের থেকে নযিরবিহীন সাফল্য এবং নেতৃত্ব নিলেন আল্লাহ কেড়ে। বনু কা'ব-এর সেই মহিলা, আহা কী যে ভাগ্যবান মোবারক হোক মোমেনীনের জন্যে সেই বাসস্থান। বকরির কথা পাত্রের কথা মহিলার কাছে জানতে চাও সেই বকরিও সাক্ষী দেবে, তোমরা বকরির কাছে যাও।
হযরত আসমা (রা.) বলেন আমাদের জানা ছিলো না যে, আল্লাহর রসূল কোনদিকে গেছেন। হঠাৎ একটি জিন মক্কায় এসে এসব কবিতা শোনালো। উৎসাহী জনতা সেই জিনকে পাচ্ছিলো না। তারা শব্দের পেছনে ছুটে যাচ্ছিলো। শব্দ শুনছিলো। এক সময় সেই শব্দ মক্কার উঁচু এলাকায় মিলিয়ে গেলো। সেই কবিতা শুনে আমরা বুঝতে পেরেছিলাম যে, প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিকে গেছেন। স্পষ্টই বোঝা গেলো যে, তিনি মদীনার পথে রয়েছেন।

টিকাঃ
২২. সহীহ বোখারী ১ম খন্ড ৫৫৬
২৩. সহীহ বোখারী, ১ম খন্ড, পৃ. ৫৫৬
২৪. যাদুল মা'য়াদ, ২য় খন্ড পৃ. ৫৩-৫৪ বনু খোজাআ গোত্রের অবস্থানের কথা চিন্তা করলে বোঝা যায় যে, এ ঘটনা প্রিয় নবী (সঃ)-এর মদীনা রওয়ানা হওয়ার দ্বিতীয় দিনে ঘটেছিলো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00