📘 আর রাহিকুল মাখতুম > 📄 রাজনৈতিক পরিস্থিতি

📄 রাজনৈতিক পরিস্থিতি


জাযিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে।
জাযিরাতুল আরবের তিনটি সীমান্ত এলাকার জনগণ ছিলো ভিন্ন ভিন্ন দেশের প্রতিবেশী। এ তিনটি দেশে অশান্তি বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিলো। মানুষরা দাস এবং প্রভু এই দুই ভাগে বিভক্ত ছিলো। সকল প্রকার সুযোগ সুবিধা, নেতা, বিশেষত বিদেশী শাসকদের করতলগত ছিলো। সকল বোঝা ছিলো দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বললে বলা যায় যে, প্রশাসন ছিলো খেত-খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসাবে পরিগণিত হতো। শাসকবর্গ সেই অর্থ সম্পদ নিজের সুখ-সাচ্ছন্দ, আরাম-আয়েশ ঐশ্বর্য এবং বিলাসিতায় ব্যয় করতো। আর জনগণ অন্ধকারে হাত পা ছুঁড়তো। শাসকরা জনগণের ওপর সকল প্রকার যুলুম-অত্যাচার চালিয়ে যেতো, জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করতো। কোন প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিলো না। অসম্মান অবমাননা অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিক্টেটরের মতো আচরণ করতো। মানুষের অধিকার বলতে কোন কিছুই তখন ছিলো না।
এ সকল এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগতো। এসব গোত্রের লোকেরা পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করতো। তারা কখনো ইরাকী, আবার কখনো সিরীয়দের সুরে সুর মেলাতো।
আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহও ছিলো শতধাবিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া বিবাদ, কলহ কোন্দল এবং বংশগত ও ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা চলছিলো।
এসব অশান্তির মধ্যেও বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজের গোত্রের প্রতিই সমর্থন দিতো। এক্ষেত্রে ন্যায়-অন্যায়র ধার ধারতো না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, 'আমি তো গাযিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে, তবে আমিও ভুল পথে চলবো, ওরা যদি সঠিক পথে চলে, তবে আমিও সঠিক পথে চলবো।'
আরবের ভেতর এমন কোন বাদশাহ ছিলো না, যে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করতো। প্রজাদের কারো কোন আশ্রয়স্থল ছিলো না। দুঃখ কষ্ট, সমস্যা সংকট এবং আপদ বিপদে বিশ্বাস এবং নির্ভর করার মতো কেউই ছিলো না।
হেজাযের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাষক হিসাবে তাকে সম্মান করা হতো। হেজাযের শাসক ছিলো প্রকৃতপক্ষে দুনিয়াবী এবং দ্বীনী নেতা। ধর্মীয় নেতা হিসাবে আরবদের ওপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিলো। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন রিনা প্রতিবাদে মেনে নেয়া হতো। কাবাঘর যেয়ারতের জন্যে যারা আসতো, তাদের দেখাশোনা, প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন, বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার ওপর ন্যস্ত থাকতো। কিন্তু সে এমন দুর্বল হতো যে, আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেয়া অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তার থাকতো না। আবিসিনীয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিলো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00