📄 আহলে সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্য
৩০৬- তাঁরা সৎ চরিত্র এবং উত্তম কার্যাবলীর দিকে আহবান করে।
৩০৭- তাঁরা নবী ﷺ এর বাণীর প্রতি বিশ্বাস রাখেন। তিনি ﷺ বলেনঃ মুমিনদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার সেই ব্যক্তি, যে উত্তম চরিত্রের অধিকারী।
৩০৮- আর তাঁরা (আহলে সুন্নাত) মানুষকে উৎসাহিত করে, যে ব্যক্তিসম্পর্ক বিচ্ছিন্ন করে, তার সাথে সম্পর্ক স্থাপন করবে। যে ব্যক্তি কোন জিনিস হতে বঞ্চিত, তাকে প্রদান করবে। আর যে ব্যক্তি অন্যায় করে, তাকে ক্ষমা করে দেবে।
৩০৯- আহলে সুন্নাত মাতা-পিতার সেবা, আত্বীয়তায় সুসম্পর্ক, প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার এবং ইয়াতীম (পিতৃহীন), দরিদ্র ও পথিকের সঙ্গে সদাচরণ আর কৃতদাসের সাথে নম্র ব্যবহার করার উপদেশ দিয়ে থাকে।
৩১০- আর অহংকার, আত্বগৌরব, অত্যাচার ও ন্যায় সঙ্গত হোক বা অন্যায় হোক, মানুষের উপর বাড়াবাড়ী করা হতে নিষেধ করে।
৩১১- আর তাঁরা উত্তম চরিত্রের নির্দেশ দিয়ে থাকেন।
৩১২- এবং নোংরা চরিত্র থেকে নিষেধ করে থাকেন।
৩১৩- আর তাঁরা যা কিছু বলেন অথবা করেন, তার সম্পর্ক এই বিষয়ের সাথে হোক বা অন্য বিষয়ের সাথে হোক, তাতে তাঁরা কুরআন ও সুন্নাহর অনুসারী।
৩১৪- আর তাঁদের পন্থা হল দ্বীনে ইসলাম, যা নিয়ে মহান আল্লাহ নবী মুহাম্মদ ﷺ কে প্রেরণ করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্যঃ
৩১৫- নবী ﷺ এরশাদ করেনঃ নিঃসন্দেহে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, তাদের একটি দল ছাড়া সবগুলো নরকে যাবে, আর সেই দলটি হলঃ "জামাআত”। (আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজা) (সহীহ, সিলসিলা সহীহ-২০৪)।
৩১৬- নবী ﷺ এর হাদীসে তিনি এরশাদ করেনঃ (একটি দল জান্নাতে যাবে) তাঁরা সেই লোক যাঁরা আমার ও আমার সাহাবীগণের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবেন।
(তিরমিযী, হাকেম মুসতাদরাক, সহীহ
(দেখুন সিলসিলা সহীহা আলবানী ২০৩-২০৪)।
সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাআতই একমাত্র হক্বপন্থি দল, যাঁরা খাঁটি ও নির্ভেজাল ইসলামকে শক্তভাবে ধারণ করে রেখেছেন।
৩১৭- আহলে সুন্নাতের মধ্যে শামিল রয়েছেনঃ সিদ্দীকগণ (অতি সত্যবাদী), শহীদগণ এবং সৎ-কর্মশীলগণ।
৩১৮- তাদের মাঝে রয়েছেন হিদায়াত প্রাপ্ত মনিষীগণ এবং মর্যাদা সম্পন্ন ও ফজিলতের অধিকারী ইসলামের উজ্জল তারকাগণ।
৩১৯- তাদের মধ্যে রয়েছেন আল্লাহর অলীগণ। যাঁরা সালাফ-সালেহীনদের উত্তরসূরী ছিলেন।
৩২০-আর তাদের মাঝে রয়েছেন সে সমস্ত ইমামগণ, যাঁদের সততা ও জ্ঞান-গরীমার ব্যাপারে মুসলিম উম্মত একমত হয়েছেন।
৩২১- তাই আহলে সুন্নাত ওয়াল জামাআতই হচ্ছে সাহায্য প্রাপ্তদল, যাদের ক্ষেত্রে নবী ﷺ এরশাদ করেছেনঃ সর্বদা আমার উম্মতের একটি দল ন্যায়ের উপর কিয়ামত পর্যন্ত জয়ী থাকবে। যারা তাদের বিরোধিতা করবে অথবা তাঁদের লাঞ্ছিত করতে চাইবে, তারা তাঁদের কোন ক্ষতি সাধন করতে পারবেনা। (বোখারী মুসলিম) (হাদীস মুতাওয়াতির)
📄 পরিশিষ্ট
পরিশিষ্টঃ
মহান আল্লাহর নিকট কামনা করি যেন তিনি আমাদেরকে তাঁদের (সাহায্যপ্রাপ্ত দলের) অর্ন্তভূক্ত করেন। এবং আমাদের সঠিক পথে পরিচালিত করার পর আমাদের অন্তর সমূহকে বক্র পথে ফিরিয়ে না দেন ও আমাদেরকে তাঁর নিকট হতে অনুগ্রহ প্রদান করেন। নিঃসন্দেহে তিনি পরম দাতা।
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের পালনকর্তা। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ ﷺ এর প্রতি, তাঁর বংশধর, সমস্ত নবী ও রাসূলগণ ও তাঁদের বংশধর এবং সমস্ত সৎকর্মশীলদের প্রতি।
সমাপ্ত
এই কিতাবটি পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক সন ৭৩৬ হিজরীতে দামেস্কের মাদ্রাসা যাহেরিয়ায় লিখা সমাপ্ত হয়।
وصلى الله وسلم على خاتم الأنبياء والمرسلين وعلى آله
وأصحابه أجمعين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين।