প্রথম অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৪৯০

عن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا شرب الكلب في اناء أحدكم فليغتسله سبع مرات. متفق عليه - وفي رواية لمسلم قال طهور اناء أحدكم إذا ولغ فيه الكلب ان يغسله سبع مرات اولاهن بالتراب

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো পাত্রে যখন কুকুর পানি পান করে, তখন সে যেন তা সাতবার ধুয়ে নেয়। [১] মুসলিমের অপর বর্ণনায় আছে, তিনি বলেছেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধুয়ে নেয় এবং এর প্রথমবার মাটি দিয়ে। [2]


মিশকাতুল মাসাবিহ ৪৯১

وعنه قال قام اعرابى فبال فى المسجد فتناوله الناس فقال لهم النبى ﷺ دعوه وهريقوا على بوله سجلا من ماء او ذنوبا من ماء فانما بعثتم ميسرين ولم تبعثوا معسرين. رواه البخاري

তিনি বলেন, একদিন জনৈক বেদুইন মাসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে দিল। লোকেরা তাকে ঘিরে ধরল। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তাকে ছেড়ে দাও এবং প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদের (মানুষের জন্য) সহজ পন্থা অবলম্বনকারী হিসেবে পাঠানো হয়েছে, কঠোরতা সৃষ্টিকারীরূপে নয়। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯২

وعن أنس قال بينما نحن فى المسجد مع رسول الله ﷺ إذ جاء أعرابى فقام يبول فى المسجد فقال اصحاب رسول الله ﷺ مه مه فقال رسول الله ﷺ لا تزرموه دعوه فتركوه حتى بال ثم ان رسول الله ﷺ دعاه فقال له إن هذه المساجد لا تصلح لشيئ من هذا البول والقذر إنما هى لذكر الله والصلاة وقراة القراۤن كما قال رسول الله ﷺ قال وأمر رجلا من القوم فجاء بدلو من ماء فسنه عليه. متفق عليه

তিনি বলেন, একদিন আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মাসজিদে (নাবাবীতে) ছিলাম। এমন সময় জনৈক বেদুইন এসে মাসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহাবীগণ বলে উঠলেন, থাম, থাম। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তাকে প্রস্রাব করতে বাধা দিও না, তাকে তার অবস্থায় ছেড়ে দাও। তাই সহাবীগণ তাকে ছেড়ে দিলেন। সে প্রস্রাব করা শেষ করলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ডেকে বললেন, এ মাসজিদসমূহে প্রস্রাব ও অপবিত্রকরণের কোন কাজ করা জায়িয নয়। বরং এটা শুধু আল্লাহর যিক্‌র, সলাত ও কুরআন পাঠের জন্য। (রাবী বলেন) তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঠিক এ বাক্য বা অনুরূপ কিছু বলেছেন। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাসজিদে উপস্থিত একজনকে নির্দেশ দিলেন সে এক বালতি পানি এনে (প্রস্রাবের উপর) ঢেলে দিল। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৩

وعن أسماء بنت أبى بكر قالت سالت إمرأة رسول الله ﷺ فقالت يا رسول الله أرأيت إحدانا إذا أصاب ثوبها الدم من الحيضة كيف تصنع فقال رسول الله ﷺ إذا اصاب ثوب احدكن الدم من الحيضة فلتقرصه ثم لتنضحه بماء ثم لتصل فيه. متفق عليه

তিনি বলেন, একদিন জনৈক মহিলা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! আমাদের মধ্যে কারও যদি কাপড়ে হায়যের রক্ত লাগে, তখন সে কি করবে? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লেগে গেলে, সে আঙ্গুল দিয়ে তা খুঁটে ফেলবে। অতঃপর পানি ঢেলে ধুয়ে নিবে। তারপর তাতে সলাত আদায় করবে। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৪

وعن سليمان بن يسار قال سالت عائشة عن المنى يصيب الثوب فقالت كنت اغسله من ثوب رسول الله ﷺ فيخرج الى الصلاة واثر الغسل في ثوبه. متفق عليه

তিনি বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাঃ)-কে কাপড়ে লেগে থাকা মানী (বীর্য) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি [আয়িশাহ্‌ (রাঃ)] বললেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাপড় থেকে মানী ধুয়ে দিতাম। তারপর তিনি সলাত আদায়ের উদ্দেশে বের হতেন, অথচ তাঁর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর) কাপড়ে বীর্যের ‘আলামাত দেখা যেত। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৫

وعن الاسود وهمام عن عائشة قالت كنت افرك المنى من ثوب رسول الله ﷺ. رواه مسلم

উভয়ে বলেন, ‘আয়িশাহ্‌ (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (সাঃ-এর কাপড় হতে বীর্য খুঁটে তুলে ফেলতাম। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৬

وبرواية علقمة والاسود عن عائشة نحوه وفيه ثم يصلي فيه

তবে তাতে আরো আছে, “অতঃপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সে কাপড় পড়ে সলাত আদায় করতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৭

وعن ام قيس بنت محصن انها اتت بابن لها صغير لم ياكل الطعام الى رسول الله ﷺ فاجلسه رسول الله ﷺ فى حجره فبال على ثوبه فدعا بماء فنضحه ولم يغسله. متفق عليه

একদিন তিনি তার একটি শিশু নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমাতে উপস্থিত হলেন। (পুত্র শিশুটি মায়ের দুধের বিকল্প খাদ্য গ্রহণে অনুপযুক্ত ছিল)। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে আপন কোলে বসালেন। শিশুটি তাঁর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোলে প্রস্রাব করে দিল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি আনালেন, প্রস্রাবের উপর পানি ঢেলে দিলেন, ধুলেন না। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৮

وعن عبد الله بن عباس قال سمعت رسول الله ﷺ يقول إذا دبغ الاهاب فقد طهر. رواه مسلم

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (কাঁচা) চামড়া যখন পাকা (প্রক্রিয়াজাত) করা হয়, তখন তা পাক হয়ে যায়। [১]


মিশকাতুল মাসাবিহ ৪৯৯

وعنه قال تصدق على مولاة لميمونة بشاة فماتت فمر بها رسول الله ﷺ فقال هلا اخذتم اهابها فدبغتموه فانتفعتم به فقالوا انها ميتة فقال انما حرم اكلها. متفق عليه

তিনি বলেন, (আমার খালা) মায়মূনাহ্‌ (রাঃ)-এর এক মুক্তদাসীকে একটি বকরী দান করা হল। পরে সেটি মারা গেল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার নিকট দিয়ে যাবার সময় বললেন, তোমারা বকরীর চামড়াটা খুলে নিয়ে পাকা করলে না, অথচ এটা কাজে লাগাতে পারতে। তারা বলল, এটা যে মৃত! তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা শুধু খাওয়াই হারাম করা হয়েছে। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০০

وعن سودة زوج النبي ﷺ قالت ماتت لنا شاة فدبغنا مسكها ثم مازلنا ننبذ فيه حتى صار شنا. رواه البخاري

তিনি বলেন, আমাদের একটি বকরী মারা গেলে আমরা এর চামড়াটা পাকা করলাম। অতঃপর আমরা সব সময় এতে ‘নাবীয’ বানাতে থাকি, যা পরবর্তীতে একটা পুরান মশকে পরিণত হল। [১]


মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৫০১

عن لبابة بنت الحارث قالت كان الحسين بن على رضي الله عنهما فى حجر رسول الله ﷺ فبال على ثوبه فقلت البس ثوبا واعطني ازارك حتى اغسله فقال انما يغسل من بول الانثى وينضح من بول الذكر. رواه أبو داوٗد وابن ماجة

তিনি বলেন, হুসায়ন ইবনু ‘আলী (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোলে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিলেন। তখন আমি বললাম, আপনি অন্য কাপড় পরে নিন এবং আমাকে আপনার কাপড়টি দিন, আমি তা ধুয়ে দেই। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উত্তরে বললেন, মেয়েদের প্রস্রাব ধুতে হয়। ছেলেদের প্রস্রাবের উপর পানি ছিটিয়ে দিলেই হয়। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০২

وفى رواية لابى داود والنسائـي عن ابى السمح قال يغسل من بول الجارية ويرش من بول الغلام

আবূ দাউদ ও নাসায়ীর এক বর্ণনায় আবুস্‌ সাম্‌হ হতে এ শব্দগুলো অনুরূপ বর্ণিত হয়েছে যে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মেয়ে শিশুদের প্রস্রাব ধুতে হয়। আর ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০৩

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا وطئ أحدكم بنعله الاذى فان التراب لهٗ طهور. رواه أبو داوٗد ولابن ماجة معناه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন নিজের জুতা দিয়ে অপবিত্র জিনিস মাড়ায়, তখন মাটিই এর জন্য পবিত্রকারী। [১] ইবনু মাজাহ্‌ও অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন।


মিশকাতুল মাসাবিহ ৫০৪

وعن ام سلمة قالت لها امراة اني اطيل ذيلي وامشي فى المكان القذر قالت قال رسول الله ﷺ يطهرهٗ ما بعدهٗ. رواه مالك وأحمد والترمذي وأبو داوٗد والدارمي وقالا المرأة ام ولد لابراهيم بن عبد الرحمن بن عوف

তাঁকে এক মহিলা এসে বলল, আমি আমার কাপড়ের আঁচল নিচে লম্বা করে দেই, আর অপবিত্র জায়গায় চলি, (এখন আমি কী করব?) তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পরের পবিত্র জায়গার মাটি এটাকে পবিত্র করে দেয়। [১] আবূ দাউদ ও দারিমী বলেন, প্রশ্নকারী মহিলা ছিলেন ইব্‌রাহীম ইবনু ‘আবদুর রহমান ইবনু ‘আওফ-এর উম্মু ওয়ালাদ বা সন্তানের মা।


মিশকাতুল মাসাবিহ ৫০৫

وعن المقدام بن معديكرب قال نهى رسول الله ﷺ عن لبس جلود السباع والركوب عليها. رواه أبو داوٗد والنسائـي

তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হিংস্র জন্তুর চামড়া পরতে ও এর উপর আরোহণ করতে নিষেধ করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০৬

وعن ابى المليح بن اسامة عن ابيه عن النبي ﷺ نهى عن جلود السباع. رواه أحمد وأبو داوٗد والنسائـي وزاد الترمذي والدارمي ان تفرش

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হিংস্র পশুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। [১] কিন্তু তিরমিযী ও দারিমীর বর্ণনায় আরো আছে, এবং তা বিছাতে (বিছানা বা গদী হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন) [2]


মিশকাতুল মাসাবিহ ৫০৭

وعن ابي المليح انه كره ثمن جلود السباع. رواه الترمذي

তিনি হিংস্র জন্তুর চামড়ার মূল্য অপছন্দ করতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০৮

وعن عبد الله بن عكيم قال اتانا كتاب رسول الله ﷺ ان لا تنتفعوا من الميتة باهاب ولا عصب. رواه الترمذي وأبو داوٗد والنسائـي وابن ماجة

তিনি বলেন, আমাদের কাছে এ মর্মে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পত্র এসেছে: তোমরা মৃত জীবজন্তুর চামড়া বা রগ দ্বারা ফায়দা উঠাবে না। [১]


মিশকাতুল মাসাবিহ ৫০৯

وعن عائشة ان رسول الله ﷺ امر ان يستمتع بجلود الميتة إذا دبغت. رواه مالك وأبو داوٗد

তিনি বলেন, রসূলুল্লাহ (সা:) মৃত জীবের চামড়া প্রক্রিয়াজাত করার পর এর থেকে উপকৃত হতে নির্দেশ দিয়েছেন।[১]


মিশকাতুল মাসাবিহ ৫১০

وعن ميمونة قالت مر على النبى ﷺ رجال من قريش يجرون شاة لهم مثل الحمار فقال لهم رسول الله ﷺ لو اخذتم اهابها قالوا انها ميتة فقال رسول الله ﷺ يطهرها الماء والقرظ. رواه أحمد وأبو داوٗد

তিনি বলেন, কুরায়শ গোত্রের কিছু লোক গাধার মতো বড় একটি মৃত বকরীকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তোমরা যদি এর চামড়া ছিলে নিতে (তাহলে হয়তো তোমাদের কাজে লাগত)। তারা বলল, এটা তো মৃত(যাবাহ করা নয়)। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, পানি এবং সলম গাছের পাতা এক পবিত্র করে।[১]


মিশকাতুল মাসাবিহ ৫১১

وعن سلمة بن المحبق قال ان رسول الله ﷺ جاء فى غزوة تبوك على اهل بيت فاذا قربة معلقة فسال الماء فقالوا لهٗ يا رسول الله انها ميتة : «فقال دباغها طهورها». رواه أحمد وأبو داوٗد

তিনি বলেন, তাবূকের যুদ্ধের সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি পরিবারের নিকট গেলেন। সেখানে তিনি একটি মশক লটকানো দেখতে পেলেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (তাত্থেকে) পানি চাইলেন। লোকেরা বলল, হে আল্লাহর রসূল! এটা তো মরা (জন্তুর পাকা করা) চামড়া। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটাকে দাবাগত করাই হল এর পবিত্রতা। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية