📄 পুরুষতন্ত্র তন্ত্র
নারীবাদ পুরুষতন্ত্রের বিরোধিতা করে। নারীবাদের ভাষ্যমতে পুরুষতন্ত্র এক অশুভ ব্যবস্থা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে নারীকে শোষণ করে আসছে। সভ্যতার শুরু থেকেই পুরুষরা এমন এক বৈষম্যমূলক সামাজিক কাঠামো গড়ে তুলেছে এবং টিকিয়ে রেখেছে, যার উদ্দেশ্য নারীকে অধীনস্থ করা, শোষণ করা, নির্যাতন করা এবং তাদের ওপর কর্তৃত্ব বজায় রাখা।
কিন্তু একটা বিষয় আমার মাথায় ধরে না, বিভিন্ন জায়গা, সময়, সমাজ ও সভ্যতার পুরুষরা কেন নারীদের পরাধীন করে রাখার জন্য, তাদের ওপর নির্যাতন আর নিপীড়ন চালাবার জন্য ষড়যন্ত্র করবে? পুরুষরা কেন নিজেদের মা, মেয়ে, স্ত্রীদের ওপর নির্যাতন করার জন্যে এত কিছু করবে?
কাউকে নিগৃহীত করার অর্থ কী? সে যা চায় তা থেকে তাকে বঞ্চিত করা। তার প্রাপ্য তাকে না দেয়া, তার ক্ষতি করা। এমন ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। যেমন অনেক স্বামী তাদের স্ত্রীকে নির্যাতন করে। কিন্তু এটা একটা পুরো সমাজজুড়ে কীভাবে হয়? কীভাবে বৈশ্বিকভাবে হয়? হাজার হাজার বছর ধরে হয়? এটা কীভাবে সম্ভব?
নারী কি এতই বোকা?
পুরুষ কি এতই বোকা?
নিজের পরিবারে এমন একটা নীলনকশা বাস্তবায়ন করা পুরুষের অবস্থান থেকে অযৌক্তিক। নিজ পরিবারের নারীদের নির্যাতন করা, ক্রমাগত তাদের বঞ্চিত করা পুরুষের জন্য লাভজনক না। কোনো পরিবার এভাবে দীর্ঘদিন চলতে পারে না। যেসব পরিবারের কর্তারা স্বৈরাচারের মতো আচরণ করে সেগুলো কখনোই টেকসই হয় না। সবাই পালানোর পথ খোঁজে। পরিবার একটা সামষ্টিক কাঠামো। ক্রমাগত যুলুম করে গেলে এই কাঠামো কার্যকরী রাখা তো যায়ই না, টিকিয়েও রাখা যায় না। এটুকু বোঝার মতো বুদ্ধি কি পুরুষের নেই? নাকি কেবল আধুনিক মানুষ এটা বুঝতে পেরেছে, বাকি সব যুগের মানুষ গর্দভ ছিল?
উল্টো দিক থেকে চিন্তা করুন। নারীবাদীদের বক্তব্য অনুযায়ী, আবহমানকাল থেকে নারী ভিকটিম। শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ জুড়ে সে কেবল পুরুষের হাতে নির্যাতিত হচ্ছে। এই ধারণা কি নারীজাতির সক্ষমতা ও বুদ্ধিমত্তার প্রতি অপমানজনক না? পুরো মানব-সভ্যতাজুড়ে নারীরা এতই বোকা, এতই মূর্খ এবং এতই দুর্বল ছিল যে তারা এই নির্যাতন সয়ে গেছে। নিজেদের নির্যাতিত মনে করেনি, নির্যাতন বন্ধের চেষ্টাও করেনি। কিন্তু আধুনিক বুদ্ধিমান নারীবাদীরা এসে এই পুরুষতন্ত্রের বাস্তবতা ধরতে পেরেছে।
এ ধরনের ধারণা কি আদৌ যৌক্তিক মনে হয়? মানুষকে শোষণ করা কি খুব সহজ কোনো কাজ? মোটেই না। এটা আসলে বেশ কঠিন একটা প্রক্রিয়া। পুরুষতন্ত্রের অবস্থান থেকে বিষয়টা একবার দেখার চেষ্টা করুন। আজকের আরব বিশ্বের দিকে তাকান। সেখানকার স্বৈরাচার শাসকেরা নিজেদের ক্ষমতা কীভাবে টিকিয়ে রেখেছে?
ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্যে বিপুল পরিমাণ অর্থ, সম্পদ, শ্রম, তাদের ব্যবহার করতে হচ্ছে। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ, ক্রমাগত প্রপাগ্যান্ডা, মানুষের ওপর নজরদারি-জনগণের ওপর নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য করতে হচ্ছে নানান কসরত। আজ প্রায় ৬০-৭০ বছর ধরে এই শাসকেরা ক্ষমতায়। তবু দেখুন কী পরিমাণ প্রতিরোধের মুখোমুখি তাদের হতে হচ্ছে। বিভিন্ন সময় বিক্ষোভ আর অশান্তি হচ্ছে। ওরা জানে একটু ঢিল দিলে, একটু অমনোযোগী হলে প্রাসাদ থেকে ওদের জায়গা হবে সোজা রাস্তার পাশের নর্দমায়। তাই প্রতিনিয়ত এই শোষণ আর যুলুমের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হচ্ছে। প্রতিনিয়ত সজাগ থাকতে হচ্ছে। পুরো বিশ্বের ইতিহাসজুড়েই এমনটা দেখতে পাবেন। শোষণ এবং নির্যাতন সহজাতভাবে অস্থিতিশীল। একে টিকিয়ে রাখতে খরচ করতে হয় প্রচুর শক্তি ও সম্পদ। তারপরও শেষ রক্ষা হয় না। ক্ষমতা অনির্দিষ্টকাল টিকিয়ে রাখা যায় না। একসময়-না-একসময় মযলুম প্রতিশোধ নেয়ই। কাজেই হাজার হাজার বছর ধরে চলা অত্যাচারী পুরুষতন্ত্রের এই ধারণা বিশ্বাসযোগ্য না।
প্রথমত, পুরুষরা নিজেদের এমন পরিস্থিতিতে কেন ফেলবে? নিজের শয্যাসঙ্গিনীদের সাথে দ্বন্দ্ব চালিয়ে যাওয়া, ক্রমাগত সংঘাতের মাধ্যমে তাদের 'বিদ্রোহ' দমন করে পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখা-এই কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কেন যাবে?
দ্বিতীয়ত, আসলেই যদি এমন কোনো কাঠামো থেকে থাকে তাহলে সেই কাঠামো টিকিয়ে রাখার মতো সম্পদ, উপকরণ, কোথা থেকে আসবে? পরিবারের অর্থ, সম্পদ, তথ্য, ইত্যাদি স্ত্রী-র কাছ থেকে সব সময় সরিয়ে রাখা তো অনেক কঠিন হবার কথা। বিচ্ছিন্নভাবে এটা হয়তো হতে পারে, কিন্তু সিস্টেম্যাটিকভাবে, বৈশ্বিক মাত্রায় এটা কীভাবে করা সম্ভব?
ঐতিহাসিক সত্য হলো পরিবার ও সমাজে নারীপুরুষ সব সময় ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে এসেছে। কিন্তু পরিবারে নারীর ভূমিকা এক প্রাচীন ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য নারীকে শোষণ করা-এই বক্তব্য শুধুই আধুনিক নারীবাদের। পরিবারে নারী ও পুরুষের ঐতিহ্যগত ভূমিকা নারীর প্রতি বৈষম্যমূলক-এ কথা শুধু নারীবাদীরাই এনেছে। কিন্তু তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। শিশু লালনপালন ও তাদের শিক্ষা দেয়া নারীর ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভূমিকার অন্তর্ভুক্ত। ব্যবসা বা কৃষিকাজ করা পুরুষের। এই দুইয়ের মধ্যে একটাকে কেন অন্যটার তুলনায় মৌলিকভাবে দুর্বল গণ্য করা হবে এবং কিসের ভিত্তিতে এই উপসংহার টানা হবে, সেটা পরিষ্কার না।
ব্যাপারটা এভাবে বলা যায়-
নারীবাদীরা বলতে চায় পুরুষরা অন্য পুরুষদের সাথে ষড়যন্ত্র করে নিজের পরিবারের সদস্যদের (মা, মেয়ে, বোন, স্ত্রী) শোষণ করার কাঠামো তৈরি করেছে। কিন্তু মানুষের ব্যাপারে আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং আত্মরক্ষার সহজাত প্রবৃত্তির ব্যাপার আমরা যা জানি, তার সাথে এই দাবি মেলে না।
আপনি যদি একজন নারী হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন তো-আপনার বাবা, ভাই, সন্তান কিংবা স্বামী কি আপনার স্বার্থের ওপর অপরিচিত কিছু পুরুষের স্বার্থকে প্রাধান্য দেবে কারণ, 'পুরুষরা সব ভাই ভাই?"
উত্তর যদি 'হ্যাঁ' হয়, তাহলে আপনার বাবা, ভাই, সন্তান কিংবা স্বামী সম্ভবত মানসিকভাবে অসুস্থ সাইকোপ্যাথ। কিন্তু বিশ্বের অধিকাংশ পুরুষ এমন না। বাকি পুরুষদের সাথে মিলে দুনিয়ার সব নারীকে শোষণ করার ষড়যন্ত্র তারা করে না; বরং নিজের পরিবারের জন্য, পরিবারকে রক্ষার জন্য, পরিবারের স্বার্থের জন্য তারা জীবনভর কাজ করে যায়।
আপনি যদি পুরুষ হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন-
কিছু অপরিচিত পুরুষের জন্য আপনি কি নিজের মা, মেয়ে, বোন কিংবা স্ত্রীর স্বার্থ জলাঞ্জলি দেবেন?
উত্তর যদি 'হ্যাঁ' হয়, তাহলে আপনি সম্ভবত মানসিকভাবে অসুস্থ সাইকোপ্যাথ। নারীদের শোষণ করার বৈশ্বিক কোনো ষড়যন্ত্রের অংশ না।
📄 নারীবাদ কি মুসলিম নারীদের ইসলামত্যাগের কারণ?
নিঃসন্দেহে। এর অসংখ্য প্রমাণ আছে। নারীবাদ কীভাবে মুসলিম নারীদের ধর্মত্যাগের দিকে নিয়ে যায় সেটা বোঝা আসলে কঠিন না। নারীবাদ লিবারেল-সেক্যুলার দর্শনের অংশ। লিবারেল-সেক্যুলারিসম ধর্মকে আক্রমণ করে। নারীবাদও ধর্মকে আক্রমণ করে। ইনফ্যাক্ট, ধর্মকে আক্রমণ করার ক্ষেত্রে লিবারেল-সেক্যুলারিসমের প্রধান হাতিয়ারগুলোর অন্যতম হলো নারীবাদ। যেসব মুসলিমরা নারীবাদী ধ্যানধারণা রাখে তাদের যে ইসলামের ব্যাপারে অনেক, অনেক আপত্তি থাকবে, এতে অবাক হবার কিছু নেই।
কাজেই মুসলিম নারীদের ইসলামত্যাগের পেছনে নারীবাদের ভূমিকা নেই বলাটা হাস্যকর। কালোদের প্রতি শ্বেতাঙ্গ বর্ণবাদীদের ঘৃণার পেছনে বর্ণবাদী আদর্শের কোনো ভূমিকা নেই বলাটা কি হাস্যকর না? যে বলে শ্বেতাঙ্গ বর্ণবাদীদের আদর্শ আর তাদের বর্ণবাদী ঘৃণার মধ্যে কোনো সম্পর্ক নেই, সে আসলে শ্বেতাঙ্গ বর্ণবাদ কী, তা-ই বোঝে না।
নারীবাদকে সমর্থন করা মুসলিমদের অবস্থাও অনেকটা এ রকম। মুসলিমদের ঈমানের ওপর নারীবাদের ক্ষতিকর প্রভাব তারা অস্বীকার করতে চায় কারণ তারা নারীবাদের ইতিহাস জানে না। যদি তাদের জিজ্ঞেস করেন, নারীবাদ কী? তারা আপনাকে স্কুল-কলেজে শেখা কিংবা পত্রিকার পাতা থেকে মুখস্থ করা কোনো উত্তর শুনিয়ে দেবে। যখন নারীবাদের ইতিহাস নিয়ে প্রশ্ন করবেন, তখন জনপ্রিয় কিছু বই কিংবা গবেষণার কথা তোতাপাখির মত আওড়ে যাবে। এটা অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটেনের সরকারি কর্মকর্তাদের লেখাজোখা পড়ে উপমহাদেশে ব্রিটিশ শাসন সম্পর্কে জানার মতো। সে আপনাকে রেললাইন আর সতীদাহ প্রথার কথা শোনাবে কিন্তু নীলচাষ, গণহত্যা, জালিওয়ানওয়ালাবাগের কথা এড়িয়ে যাবে। বাস্তবতা হলো ধর্মকে, বিশেষ করে ইসলামকে আক্রমণ করার জন্য লিবারেল-সেক্যুলারিসম যেসব অস্ত্র সবচেয়ে বেশি ব্যবহার করেছে নারীবাদ তার অন্যতম।
নারীবাদী আর তাদের সমর্থক পুরুষরা যেসব মুখস্থ উত্তর দেয় সেগুলো নিয়ে কিছু কথা বলি। ওরা বলে, নারীবাদের কারণে মুসলিম নারীরা ইসলাম ত্যাগ করছে না। তারা ইসলাম ত্যাগ করছে মুসলিম পুরুষদের দুর্ব্যবহার আর অত্যাচারের কারণে। এই ধরনের কথা যারা বলে তারা সাধারণত নিজেদের বক্তব্যের পক্ষে তিন ধরনের প্রমাণ আনে-
১। ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা শোনা কথা। (আমি শুনেছি, আমার চেনা একজন, ইত্যাদি)
২। মসজিদে নারীর কম উপস্থিতি।
৩। মুসলিম সমাজে নেতৃত্বের অবস্থানে নারীদের অনুপস্থিতি।
লক্ষ করুন, মুসলিম পরিবারে জন্ম নেয়া অনেক নারী আজ কেন ইসলাম নিয়ে হতাশ, তার কোনো ব্যাখ্যা এসব 'প্রমাণ' থেকে পাওয়া যায় না। যেহেতু আজ আগের চেয়ে বেশি নারী ইসলাম ত্যাগ করছে তাই ওপরের যুক্তি অনুযায়ী এখন ১,২,৩ এর পরিমাণ বেশি হবার কথা। অর্থাৎ আগের চেয়ে এখন বেশি মহিলা ঘরে নির্যাতিত হচ্ছে, মসজিদে আগের চেয়ে কম নারী আসতে পারছে এবং নেতৃত্বের অবস্থানে নারীদের সংখ্যা আগের তুলনায় কমছে। কিন্তু এর কোনোটাই সত্য না। ৫,১০, ২০, ৫০ কিংবা ১০০ বছর আগের চেয়ে আজ নারী নির্যাতন বেশি হচ্ছে—এমন কোনো প্রমাণ নেই; বরং নারীবাদীদের যুক্তি অনুযায়ী নারী নির্যাতন এখন কম হবার কথা। কারণ, 'নারীবাদের আলো' পাবার সৌভাগ্য আগের প্রজন্মগুলোর হয়নি, কিন্তু বর্তমান প্রজন্ম নারীবাদের মাধ্যমে অনেক কিছু শিখেছে। তাই আজকের চাইতে আমাদের বাপদাদাদের প্রজন্মে নারী নির্যাতন বেশি হবার কথা। আর আমাদের মা-দাদিদের প্রজন্মে ইসলাম ত্যাগের হারও বেশি হবার কথা। কিন্তু বাস্তবতা হলো, তাদের প্রজন্মে ইসলাম নিয়ে কোনো আপত্তি ছিল না। কিন্তু আজ আছে। কাজেই অত্যাচার বেশি হচ্ছে তাই বেশি নারী ইসলাম ত্যাগ করছে, এই কথার কোনো যৌক্তিকতা নেই।
একইভাবে অন্য যেকোনো সময়ের চেয়ে মসজিদে এবং নেতৃত্বের অবস্থানে আজ নারীদের উপস্থিতি বেশি (এটা ইসলামের দিক থেকে ভালো না মন্দ, সেটা ভিন্ন আলোচনা)। নারীবাদীরাও এটা স্বীকার করে। শুধু স্বীকার করে না, নারীর 'ক্ষমতায়নের' কৃতিত্বও তারা দাবি করে। যদি মসজিদ কিংবা নেতৃত্বের অবস্থানে নারীদের অনুপস্থিতি ইসলাম ত্যাগের কারণ হয় তাহলে আজ সেই হার কি কম হবার কথা না? অথচ সেটা বাড়ছে। কেন?
আমরা বরং দেখছি একদিকে মসজিদে ও নেতৃত্বের অবস্থানে নারীদের উপস্থিতি বাড়ছে অন্যদিকে ইসলাম ত্যাগের হারও বাড়ছে। কেবল সমানুপাতিক সম্পর্কের ওপর ভিত্তি করেই কিন্তু বলা যায়, নারীদের ইসলাম ত্যাগ বন্ধ করার জন্য আমাদের উচিত নারীবাদের আবির্ভাবের আগের সময়টাতে ফিরে যাওয়া।
সত্যি করে বলুন তো, আপনার চেনা কয়জন নারী কয়েক বছর আগে ধার্মিক কিংবা নিদেনপক্ষে ধর্মভীরু ছিল, কিন্তু এখন নারীবাদী বুলি আওড়ায়? শরীয়াহ, উলামা আর ইসলাম নিয়ে সমালোচনা করে?
আলহামদুলিল্লাহ, এমন অনেক বোন আছেন যারা স্রোতের বিপরীতে গিয়ে নারীবাদী চিন্তাকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু সার্বিকভাবে পশ্চিমা বিশ্বে থাকা মুসলিম নারীদের অবস্থান দিন দিন খারাপ হচ্ছে। যে দাবি করে নারীবাদের সাথে এর কোনো সম্পর্ক নেই সে কল্পজগতে আছে।
প্রশ্ন হলো, ইসলাম ত্যাগের কারণ তাহলে কী? শালীনতা এবং নম্রতা হারিয়ে যাবার ব্যাখ্যা কী? ঈমান হারানোর কারণ কী?
নারীবাদী তত্ত্বের প্রথম ভিত্তি হলো নারী এবং পুরুষের মধ্যে সবকিছু সম্পূর্ণ এক হতে হবে। এই মূলনীতি মেনে নিলে স্বাভাবিকভাবেই ইসলামের অনেক কিছুই মেনে নেয়া সম্ভব না। কেননা, ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান না। ইসলাম নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ভূমিকা নির্ধারণ করে।
কোন মুসলিম নারী যখন মনে করে নারীর পোশাকের ব্যাপারে বিধিবিধান আসলে নারীকে নিয়ন্ত্রণ করার কূটকৌশল-তখন সে অবশ্যই ওই ধর্মের প্রতি নেতিবাচক ধারণা রাখবে, যে ধর্ম শালীনতা এবং নম্রতার ওপর গুরুত্ব দেয় এবং কঠোরভাবে পর্দার বিধান মেনে চলাকে বাধ্যতামূলক করে। যখন কোনো মুসলিম নারী মেনে নেয়, নারীকে অধীনস্থ করে রাখার জন্য পুরুষরা ইতিহাসজুড়ে পুরুষতন্ত্র নামের এক বৈশ্বিক ষড়যন্ত্র চালিয়ে আসছে, তখন সে তো ওই ধর্মকে মেনে নিতে পারবে না, যে ধর্ম শিক্ষা দেয়-
পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাযাতকারিণী ওই বিষয়ের, যা আল্লাহ হিফাযাত করেছেন। [তরজমা, সূরা আন-নিসা, ৩৪]
আর অতীত এবং বর্তমানের আলিমদের অধিকাংশ পুরুষ। কাজেই নারীবাদের আদর্শে দীক্ষিত কেউ ইসলামকে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক।
তবে এর দায় শুধু নারীদের না। যেসব পুরুষ (বিশেষ করে ধার্মিক পুরুষ) নারীবাদী বিভিন্ন ধ্যানধারণা প্রচার এবং সমর্থন করে, তাদের ওপরও এর দায় বর্তায়। এই ধরনের পুরুষরা ক্রমাগত বলে, 'মুসলিম পুরুষরা হলো আবর্জনা।' সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো এরা নারীবাদী ধ্যানধারণার একধরনের ধর্মীয় বৈধতা তৈরির চেষ্টা করে। এদের কারণেই নারীবাদের ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পায়। যখনই কেউ নারীবাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, এই পুরুষরা অর্থহীন চেঁচামেচি জুড়ে দেয়। ভুল যুক্তি, ফ্যালাসি আর ব্যক্তি আক্রমণের পসরা খুলে হাজির হয়।
এই ধরনের পুরুষরা, বিশেষ করে পশ্চিমের অনেক দাঈরা, সমস্যার অংশ। এই লোকগুলোর সমর্থন না থাকলে মুসলিম নারীবাদ নামের বস্তু অনেকে আগেই মুখ থুবড়ে পড়ত।
📄 পুরুষতন্ত্র নিয়ে বিতর্ক
২০১৫-তে নারীবাদ নিয়ে এক বিতর্কে অংশ নেয়ার প্রস্তাব এসেছিল। বিতর্ক হবার কথা ছিল আমাদের এলাকার এক মসজিদে। অনুষ্ঠানের মাসখানেক আগে সোশ্যাল মিডিয়াতে ঘোষণাও দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে অনুষ্ঠান বাতিল করে দেয়া হলো। কেন হলো, তা আজ পর্যন্ত আমাকে জানানো হয়নি। আয়োজকরা কেন এই বিতর্ক বাতিল করেছিলেন, এই সিদ্ধান্ত কাদের ছিল, আমার জানা নেই। এ রকম ঘটনা আগেও হয়েছে। আমার ধারণা সামনে আরও হবে।
বিতর্কের প্রস্তুতি হিসেবে আমি কিছু নোটস তৈরি করেছিলাম। সেই নোটস অনুযায়ী আমার মূল অবস্থান সংক্ষিপ্তভাবে নিচে তুলে ধরছি। এ অবস্থানকে অনেকের কাছে অগ্রহণযোগ্য এমনকি আপত্তিকরও মনে হয়, তা তো বুঝতেই পারছেন। কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। অনেক প্রশ্নকে আজ অস্বস্তিকর, কিংবা অসুবিধাজনক মনে হয়, কিন্তু ইসলামের এবং মুসলিমদের স্বার্থে এ প্রশ্নগুলো তোলা জরুরি। যেসব ধ্যানধারণার প্রভাবে মুসলিমরা সন্দেহ এবং সংশয়ে পড়ছে- সেগুলো নিয়ে অবশ্যই অ্যাকাডেমিকভাবে আলোচনা করার সুযোগ থাকা উচিত। কিন্তু দুঃখজনকভাবে, এই আলোচনাগুলো হোক এটা অনেকে চান না। যারা এ প্রশ্নগুলো তোলে, তাদের কথা বলার সুযোগ দেয়া হয় না।
যাই হোক, আমার ইচ্ছা ছিল ওই বিতর্কে নারীবাদের বিপক্ষে ঐতিহাসিক এবং দার্শনিক বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরার। বিশেষ করে নারীবাদীদের নিজেদের লেখা থেকে বিভিন্ন বিষয় দেখানো। এ ছাড়া নারীবাদীরা হিংস্রভাবে মুসলিম আলিমদের আক্রমণ করে, তাই আলিমদের সমর্থনেও আমি কিছু কথা প্রস্তুত করেছিলাম।
এমন কিছু পয়েন্ট এখানে তুলে ধরছি।
নারীবাদের দ্বিতীয় পর্যায়ের শুরুর সময় থেকে একটা ধারণা বেশ প্রচার পেয়েছে। ধারণাটা সংক্ষেপে এ রকম-
প্রত্যেক সমাজে কিছু ক্ষমতার সম্পর্ক এবং লেনদেন থাকে। বিভিন্ন আর্থসামাজিক শ্রেণি, বর্ণ এবং গোত্রের মতো দুই লিঙ্গের মধ্যেও থাকে ক্ষমতার বোঝাপড়া। সমাজের বিভিন্ন শ্রেণি এবং রাজনৈতিক শক্তি যেমন একে অপরের সাথে শক্তির জন্য প্রতিযোগিতা করে, তেমনি নারীপুরুষও শক্তির জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। আর এই ক্ষেত্রে প্রত্যেক সমাজে শক্তির একটা ভারসাম্যহীনতা আছে। প্রত্যেক সমাজে পুরুষ নারীর ওপর কর্তৃত্ব করে। নারীর ওপর পুরুষের কর্তৃত্বের এই কাঠামোটা হলো পুরুষতন্ত্র।
নারীবাদের ভাষ্য অনুযায়ী-পুরুষ যে সব সময় সচেতনভাবে নারীকে শোষণ করার চেষ্টা করছে, তা না। যদিও অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। পুরুষতান্ত্রিক ব্যবস্থা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। বর্তমানে এই কর্তৃত্ব অনেক ক্ষেত্রেই অপ্রকাশ্য। পুরুষতান্ত্রিক ব্যবস্থার ফলে এমন এক অনমনীয় কাঠামো তৈরি হয়েছে, যা নারীদের শোষণ করছে। তাই নারীবাদ বলে, এই পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব।
এই কথাগুলো ধর্মের ক্ষেত্রেও খাটে। নারীবাদীরা মনে করে প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা পুরুষতান্ত্রিক এবং তারা নারীর প্রতি দমনমূলক দৃষ্টিভঙ্গি লালন করে।
এ ক্ষেত্রে মুসলিম নারীবাদীরা কিছুটা আপত্তি করে। তারা বলে স্রষ্টা পুরুষতান্ত্রিক নন। নারীকে তিনি পুরুষের অধীন করতে চান না। ইসলাম সাম্যবাদী ধর্ম। ইসলাম নারী ও পুরুষের সমানাধিকারের ধর্ম। সমস্যা হলো, মুসলিম পুরুষরা ইসলামকে পড়েছে পুরুষতান্ত্রিক চোখে। এভাবে তারা ইসলাম পড়েছে, বুঝেছে, শিখেছে এবং শিখিয়েছে। ফলে মুসলিমদের মধ্যে এমন বিভিন্ন বিধান আর প্রথা তৈরি হয়ে গেছে যেগুলোর মাধ্যমে মুসলিম নারীকে শোষণ করা হচ্ছে।
এই অবস্থান থেকে মুসলিম নারীবাদীদের মধ্যে একেকজন একেকদিকে আলোচনা নিয়ে যায়।
বহুবিবাহ কি ইসলামের অংশ নাকি পুরুষতান্ত্রিক সংযোজন?
নারীর ব্যাপারে কিছু কিছু হাদীস কি সত্যিকারের ইসলামের প্রতিনিধিত্ব করে, নাকি এগুলো পুরুষতন্ত্রের বানানো?
নারীদের ব্যাপারে পূর্ববর্তী আলিমগণ যেসব কথা বলেছেন সেগুলোতে কি ইসলামের সঠিক ব্যাখ্যা ফুটে উঠেছে? নাকি পুরুষতন্ত্রের লেন্সের কারণে তাদের বিবেচনাবোধ প্রভাবিত হয়েছে?
ইসলামের এমন শত শত দিক আছে, যা আধুনিক নারীবাদের চোখে সমস্যাজনক। নারীবাদের দর্শন অনুযায়ী ইসলামের এই দিকগুলো প্রমাণ করে ইসলাম নারীকে পরাধীন করে এবং শোষণ করে কিংবা নিদেনপক্ষে বঞ্চিত করে।
এ ধরনের বিষয়গুলো মুসলিম নারীবাদীদের জন্য সংকট তৈরি করে। যেহেতু তারা দাবি করে ইসলাম নারী ও পুরুষকে সমানাধিকার দেয়-তাই এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করার বিভিন্ন উপায় তাদের বের করতে হয়।
আমার মতে নারীবাদ-সেক্যুলার কিংবা মুসলিম-ভ্রান্ত। লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে সামাজিক সংঘর্ষের এই ধারণা বুদ্ধিবৃত্তিক এবং প্রমাণের দিক থেকে ত্রুটিপূর্ণ। কেবল নারীদের অধীন করে রাখার জন্য পুরুষরা একটা বৈশ্বিক কাঠামো তৈরি করেছে ও টিকিয়ে রেখেছে-এ দাবির কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তাত্ত্বিক বিশ্লেষণের মানদণ্ডেও এই দাবি টেকে না।
হ্যাঁ, ইতিহাসে প্রায় সব সমাজ ও সভ্যতায় কর্তৃত্ব ছিল পুরুষের হাতে, সত্য। কিন্তু এই কর্তৃত্ব ছিল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ-সবার কল্যাণের জন্য। নারীকে অধীন করে শুধু পুরুষের স্বার্থসিদ্ধির জন্য না।
নারীবাদীদের যে অবস্থানগুলোর কথা এতক্ষণ বললাম সেগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আসা স্বাভাবিক। কেউ যখন বিশ্বাস করে ১৪০০ বছরের ইসলামী ইলমের সিলসিলা পুরুষতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত, তখন তার ঈমানের ওপর এর প্রভাব কেমন হবে? অতীত ও বর্তমানের সব সমাজ পুরুষতন্ত্র দ্বারা আক্রান্ত, এমন দাবির জ্ঞানতাত্ত্বিক তাৎপর্য কী? এ থেকে মানবপ্রকৃতি এবং মানুষের স্রষ্টার ব্যাপারে কী উপসংহার পাওয়া যায়? নারী ও পুরুষের সম্পর্ক, পারিবারিক সহিংসতাসহ যে সমস্যাগুলো মুসলিম সমাজে আছে, সেগুলোর ব্যাখ্যা হিসেবে নারীবাদের এই পুরুষতন্ত্র তত্ত্ব কতটা উপযুক্ত?
এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো-দুনিয়ার সব পুরুষ মিলে নারীকে শোষণ করার এক বৈশ্বিক কাঠামো তৈরি করেছে-নারীবাদের দেয়া এই পুরুষতান্ত্রিক তত্ত্ব একজন মুসলিমের ঈমানের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই তত্ত্ব সব ধর্ম এবং ধর্মীয় কর্তৃপক্ষকে পুরুষতন্ত্রের অংশ মনে করে। যারা অর্থ দাঁড়ায় ধর্ম হলো নারীকে অধীন বানিয়ে রেখে পুরুষের স্বার্থসিদ্ধির আরেকটা উপকরণমাত্র।
এমন কথা যারা বিশ্বাস করে তারা বিভিন্ন ভ্রান্ত ধারণা পোষণ করবে এবং একসময় ইসলাম ত্যাগ করবে, এটাই স্বাভাবিক। তাই মুসলিম নারীদের মধ্যে এই বিষাক্ত আদর্শের প্রচার হতে দেখা হতাশাজনক। নারীবাদ এবং এর সব সংস্করণ ইসলামের সাথে সাংঘর্ষিক। মুসলিম নারীবাদীরা দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু তাতে বাস্তবতা বদলায় না। এই সাংঘর্ষিকতা খুব সহজে প্রমাণ করা যায়।
নারীবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক। কারণ—
ক) দর্শন হিসেবে নারীবাদকে গ্রহণ করতে হলে আগে নারীবাদীদের প্রিয় ‘পুরুষতন্ত্র তত্ত্ব’ (Patriarchal Thesis)-কে মেনে নিতে হবে। পুরুষতন্ত্র তত্ত্ব হলো এই বিশ্বাস যে-সভ্যতার শুরু থেকেই পুরুষরা এমন এক বৈষম্যমূলক সামাজিক কাঠামো গড়ে তুলেছে এবং টিকিয়ে রেখেছে, যার উদ্দেশ্য নারীকে অধীন করা, শোষণ করা, নির্যাতন করা এবং তার ওপর কর্তৃত্ব বজায় রাখা।
খ) ‘পুরুষতন্ত্র তত্ত্ব’ মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এ দুয়ের মধ্যে কোনোভাবেই সমন্বয় করা সম্ভব না।
গ) সুতরাং নারীবাদ মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক।
পুরুষতান্ত্রিকতার তত্ত্ব কেন ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষাক্ত?
১) পুরুষতান্ত্রিকতার এই তত্ত্ব নবুওয়্যাতের ধারাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। সব নবী-রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষ ছিলেন। তবে ইবনু হাযমসহ আরও কয়েকজন আলিম বলেছেন নারীদের মধ্যে কেউ কেউ ওয়াহি পেয়েছিলেন। অল্প কয়েকজনের এ মতকে যদি আমরা গ্রহণও করি তাহলেও উপসংহার হলো, অধিকাংশ, প্রায় ৯৯% নবী-রাসূল ছিল পুরুষ। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যদি পুরুষতন্ত্র তত্ত্বকে আমরা মেনে নিই, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নবী-রাসূলগণ (আলাইহিমুস সালাতু ওয়াস সালাম) কি নারীর ওপর আধিপত্য ও কর্তৃত্ব করার জন্য তৈরি এই বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক কাঠামোর অংশ ছিলেন?
২) পুরুষতান্ত্রিকতার তত্ত্ব আলিমদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। ইসলামী ইতিহাসের অধিকাংশ আলিম ছিলেন পুরুষ। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সম্মানিতরা ছিলেন পুরুষ। তাদের সবারই এমন অনেক অবস্থান ছিল যেগুলো আধুনিক নারীবাদের দর্শন অনুযায়ী ‘চরম মাত্রার বিষাক্ত নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক বাকওয়াস’ ছাড়া আর কিছুই না।
এসব আলিম ও ইমামগণ কি নারীর ওপর আধিপত্য ও কর্তৃত্ব করার জন্য তৈরি বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক কাঠামোর অংশ ছিলেন?
৩) ‘পুরুষতন্ত্র তত্ত্ব’ ইসলামী আকীদাহকেও প্রশ্নবিদ্ধ করে। পুরুষতন্ত্র যদি মানবজাতির জন্য এত বিপুল পরিমাণ দুঃখ-কষ্টের কারণ হয়ে থাকে, এতই বিষাক্ত, ধ্বংসাত্মক এবং গভীরে প্রোথিত সমস্যা হয়ে থাকে-তাহলে কুর'আনে কেন এ নিয়ে কিছুই বলা হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন এ বিষয়ে কিছু বললেন না? নারীবাদীদের মতে মানব-ইতিহাসের সবচেয়ে খারাপ শক্তিগুলোর মধ্যে পুরুষতন্ত্র অন্যতম। অথচ এই মারাত্মক বিষয়টার বর্ণনা দেয়ার মতো একটা শব্দও কেন আরবী ভাষায় নেই? মানবজাতিকে এই ভয়ংকর অভিশাপ, শোষণ আর নির্যাতনের ব্যাপারে সতর্ক করে একটি আয়াত, এক লাইন হাদীসও এল না কেন?
এই নিয়মতান্ত্রিক শোষণ ও নির্যাতনের ব্যাপারে কুরআন-সুন্নাহ যদি নিশ্চুপ থাকে, তাহলে কীভাবে কুরআন ও সুন্নাহকে পরিপূর্ণ দিকনির্দেশনা মনে করা সম্ভব?
যৌক্তিকভাবেই একজন ফেমিনিস্টের মনে ইসলামের ব্যাপারে এই প্রশ্নগুলো উদয় হতে বাধ্য। আর এ কারণেই নারীবাদীরা বিভ্রান্তির বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে এদের অনেকেই ইসলাম ত্যাগ করে।
শুরুটা হয় 'অশুভ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি লালনের কারণে' ইসলামী ইতিহাসের আলিমদের ত্যাগ করা দিয়ে। তারপর তারা নবী-রাসূলগণকে (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আক্রমণ করা শুরু করে। যেমন আমিনা ওয়াদুদ নামের এক মহিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম-কে নিয়ে কটূক্তি করেছে। তারপর তারা খোদ কুরআনের সমালোচনা করা শুরু করে-
* আল্লাহ কেন কুরআনে নিজের ব্যাপারে পুরুষবাচক সর্বনাম ব্যবহার করলেন?
* কেন আল্লাহ প্রথমে আদমকে, একজন পুরুষকে, সৃষ্টি করলেন?
* কেন আল্লাহ সূরা নিসার ৩৪ নম্বর আয়াত নাযিল করলেন?
পুরুষতন্ত্র তত্ত্ব নারীবাদের আদর্শিক ভিত্তিপ্রস্তর। আর এ তত্ত্ব সহজাতভাবেই একজন মুসলিমের মধ্যে বিশ্বাসের বিপর্যয় তৈরি করে। ফলে অনেক মুসলিম নারীবাদী ধাপে ধাপে নানা গোমরাহীপূর্ণ অবস্থান গ্রহণ করা শুরু করে, একসময় তাদের অনেকেই ইসলাম ত্যাগ করে মুরতাদে পরিণত হয়।
যারা দাবি করে ইসলাম ও নারীবাদের মধ্যে সমন্বয় সম্ভব, তারা দয়া করে ওপরের তিনটি পয়েন্টের জবাব দেবেন। আপনাদের হাতে সম্ভাব্য উত্তর সীমিত। ব্যাপারটা আরেকটু সহজ করার জন্য সম্ভাব্য উত্তরগুলোর লিস্ট আমি দিয়ে দিচ্ছি।
আপনি বলতে পারেন-
১) পুরুষতান্ত্রিকতার তত্ত্বে বিশ্বাস না করেও-অর্থাৎ সভ্যতার সূচনালগ্ন থেকেই নারীকে অধীন ও শোষণ করার জন্য পুরুষতন্ত্র কাজ করছে-এ তত্ত্বে বিশ্বাসী না হয়েও নারীবাদী হওয়া সম্ভব, অথবা,
২) পুরুষতন্ত্র তত্ত্ব আসলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে না।
কোনটা বেছে নেবেন?
সংস্কারপন্থী, প্রগতিবাদী এবং হাদীস অস্বীকারকারী জাতীয় যেসব লোক আছে; ইসলামী ইতিহাসের আলিমদের সম্পূর্ণভাবে ত্যাগ করতে যাদের সমস্যা নেই, তারা দু-নম্বরকে বেছে নেবে। কিন্তু সঠিক আকীদাহর ওপর থাকা সাধারণ মুসলিমরা এ সত্য স্বীকার করতে বাধ্য যে পুরুষ-নিয়ন্ত্রিত ইলমী সিলসিলা ছাড়া আমরা কুরআন পেতাম না, সুন্নাহ পেতাম না, ইসলাম সংরক্ষিত হতো না-যেহেতু সাহাবা রাদ্বিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন, হাদীস বর্ণনাকারী, আলিম, মুহাদ্দিস, মুফাসসির, এবং ফক্কিহদের প্রায় ৯৯% পুরুষ।
যদি আলিমদের ছুঁড়ে ফেলেন, তাহলে ইসলামকেও ছুঁড়ে ফেলতে হবে। আলিমরা নবীদের (আলাইহিস সালাতু ওয়াস সালাম) ওয়ারিশ। যদি কেউ দাবি করে, সারা বিশ্বজুড়ে ইসলামের আলিমরা সিস্টেম্যাটিকালি নারীর বিরুদ্ধে ছিলেন, তাঁরা নারীদের ব্যাপারে না-ইনসাফি করেছেন-তাহলে সে আলিমদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং কার্যত ইসলামকেই প্রশ্নবিদ্ধ করছে।
আমার মতে এটা নারীবাদ ও ইসলামের সহজাত সংঘর্ষের একটি যৌক্তিক পর্যালোচনা। কেউ দ্বিমত পোষণ করলে যৌক্তিক খণ্ডন উপস্থাপন করতে পারে। তবে আবেগ ও বুলি-সর্বস্ব ন্যাকামি, অ্যাড হমিনেম ঘ্যানঘ্যানানি আর রূপকথার রাজপুত্রসুলভ অভিনয় গ্রাহ্য করা হবে না।
বি.দ্র. কিছু অস্পষ্টতা দূর করা যাক।
***
অবশ্যই পুরুষতন্ত্রের অস্তিত্ব আছে। অ্যানথ্রোপোলজিকাল বা নৃতাত্ত্বিক অর্থে ইসলাম একটি পুরুষতান্ত্রিক ধর্ম। ইসলামী আইনে বংশপরিচয় নির্ধারিত হয় পিতৃপরিচয় দ্বারা। সামাজিক ও পারিবারিক কাঠামোর কর্তৃত্ব থাকে পুরুষের হাতে, সেটা গোত্রপতি, স্বামী, পিতা কিংবা অন্য কোনো পুরুষ হতে পারে। কিন্তু নারীবাদের প্রচারিত 'পুরুষতন্ত্র'-এর ধারণা আর অ্যানথ্রোপোলজিকাল বা নৃতাত্ত্বিক অর্থে পুরুষতন্ত্রের ধারণার মধ্যে পার্থক্য আছে। নারীবাদ দাবি করে এ সবগুলো কাঠামো সহজাতভাবে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ।
নারীবাদীদের দাবি হলো, পুরুষ এসব পুরুষতান্ত্রিক কাঠামো গড়ে তুলেছে নারীর স্বার্থের বিনিময়ে পুরুষের সুবিধা নিশ্চিত করার জন্য। অর্থাৎ, নিষ্পাপ, সাদাসিধে, দুর্ভাগা নারীদের আটকে রেখে শোষণ করার জন্য একদল শয়তান লোক ক্রমাগত চক্রান্ত করে চলেছে। সভ্যতার শুরু থেকে এই চক্রান্ত চলে আসলেও মাত্র কয়েক দশক আগে নারীবাদীদের কল্যাণে এই কাপুরুষোচিত মহা-ষড়যন্ত্রের বাস্তবতা মানবজাতির সামনে প্রকাশিত হয়েছে। সেই থেকে পুরুষতন্ত্র নামের এই শয়তানী চক্রান্ত নস্যাৎ করার জন্যে দুঃসাহসী নারীবাদীরা খেয়ে-না-খেয়ে যুদ্ধ করে যাচ্ছে।
পাগলের প্রলাপ মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক।
আরেকটা মুসলিম প্রজন্ম যেন এই বিষাক্ত আদর্শের কারণে নষ্ট না হয়, তা নিশ্চিত করার জন্য নারীবাদের আবিষ্কৃত এই পুরুষতন্ত্র তত্ত্বের খণ্ডন করা মুসলিম চিন্তাবিদ, দাঈ এবং আলিমদের দায়িত্ব।
এটা করার বিভিন্ন উপায় আছে। প্রথমত, আমাদের স্বীকার করতে হবে যে এমন অনেক পুরুষ আছে, যারা নারীদের ওপর নির্যাতন চালায়। এমন অনেক সামাজিক প্রথা, আচার আছে, যা নারীর সাথে যুলুম করে। এমন অনেক মানুষ আছে, যারা ইসলামের দোহাই দিয়ে এসব যুলুমকে বৈধতা দেয়ার চেষ্টা করে। এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। পারিবারিক সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, নিজ ঘরে এবং সমাজে নারীর মতকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা, যৌন নিপীড়নসহ বিভিন্ন বিষয় এড়িয়ে যাওয়া বা ধামাচাপা দেয়া-এসবই বাস্তব। এই যুলুম এবং না-ইনসাফীগুলোর অস্তিত্ব আছে এবং সব সমাজেই এগুলোর বিরুদ্ধে কথা হওয়া দরকার। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে এই সমস্যাগুলোর কারণ কি পুরুষতন্ত্র নামের কোনো কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্ব? দুনিয়ার সব পুরুষ মিলে গোপনে চক্রান্ত করে এসব করছে? নাকি এগুলোর কারণ হলো কিছু স্বার্থপর, অজ্ঞ, নির্যাতনকারী মানুষ-যারা পুরুষ?
টিকাঃ
[৬১] পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাযাতকারিণী ওই বিষয়ের, যা আল্লাহ হিফাযাত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, বিছানায় তাদের ত্যাগ করো এবং তাদের (মৃদু) প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান কোরো না। নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান। [তরজমা, সূরা নিসা, ৩৪]
📄 শরীয়া কি স্বামীর জন্য স্ত্রীকে নির্যাতন করা সহজ করে দেয়?
প্রশ্ন-ইসলামী শরীয়াহ স্ত্রীকে নির্যাতন করা কেন সহজ করে দেয়?
উত্তর-আজকের সামাজিক ও রাজনৈতিক কাঠামো, মুসলিম দেশগুলোতে বিদ্যমান বিভিন্ন আঞ্চলিক কুসংস্কার, প্রথা, জাহেলি সামাজিক সংস্কার এবং আচার মিলে এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে একজন অত্যাচারী স্বামীর জন্য স্ত্রীর ওপর যুলুম করা, তার হক্ক নষ্ট করা এবং নির্যাতন করা সহজ। এ কথা বলা যেতে পারে। কিন্তু মুসলিম ইতিহাসের অধিকাংশ সময়ের ক্ষেত্রে এ অভিযোগ সঠিক না।
যখন ইসলামী শাসন ছিল, সমাজে ইসলামী মূল্যবোধ ছিল এবং সামাজিক কাঠামো ভিন্ন ছিল তখন নির্যাতন, যুলুম এবং হক্ক নষ্ট করার ব্যাপারটা এত সহজ ছিল না। অতীতে পরিবার এবং সামাজিক বন্ধন ছিল বিস্তৃত। পরিবারগুলো ছিল একান্নবর্তী। আত্মীয়তার বন্ধনকে মানুষ অনেক বেশি গুরুত্ব দিত। আজ সমাজ বিভক্ত ছোট ছোট বিচ্ছিন্ন পরিবারে। আগে যখন নির্যাতন হতো তখন নির্যাতিত নারী একাকী থাকত না। তার পেছনে থাকত তার অভিভাবক, তার একান্নবর্তী পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এমনকি পুরো গ্রামের মানুষের সমর্থন। একজন নারী এই সাপোর্ট নেটওয়ার্কগুলোর ওপর ভরসা করতে পারতেন।
অন্যদিকে ঘরের স্ত্রীর সাথে সম্মান ও ইনসাফের সাথে আচরণ করা স্বামী এবং তার পরিবারের স্বার্থের সাথেও যুক্ত ছিল। কারণ, যেসব পরিবারে নির্যাতন হয় সেই পরিবারগুলোতে তীব্র ধরনের পারিবারিক কলহ এবং অস্থিরতা থাকে। অস্থির পরিবারের সন্তান সুস্থির হয় না। পরিবার, বংশ এবং গোত্রকে শক্তিশালী করার জন্য সুস্থিত, মজবুত মানসিক গঠনের সন্তান দরকার। কাজেই অযথা এসব ঝামেলায় না গিয়ে ইনসাফ করাই ছিল বুদ্ধিমানের কাজ। আজকের মতো নারী তখন দুর্বল অবস্থানে ছিল না।
কিন্তু আধুনিক সমাজে নির্যাতনকারী স্বামীর আগ্রাসনের বিরুদ্ধে একাকী নারীকে সহায়তার জন্য তেমন কোনো কাঠামো নেই। সাহায্য ও সমর্থনের জন্য আধুনিক নারীকে নির্ভর করতে হয়ে সরকারি প্রতিষ্ঠানের ওপর। আর সরকারি প্রতিষ্ঠানও সব সময় সাহায্য করতে পারে না। আগে যেখানে নারী নিজের পরিবার, বংশ, গোত্রের ওপর নির্ভর করতে পারত, সেখানে আজ তাকে নির্ভর করতে হচ্ছে শীতল, অলস এবং অদক্ষ আমলাতন্ত্রের ওপর। আজ তাকে দীর্ঘসূত্রতার মধ্যে দিয়ে যেতে হয় অথচ আগে খুব তাড়াতাড়ি এবং কার্যকরভাবে পারিবারিক সংকটগুলোর সমাধানের চেষ্টা করা যেত। হাজার হাজার বছর ধরে এভাবেই সমস্যাগুলোর সমাধান হয়ে এসেছে।
কিন্তু আধুনিক সমাজ বর্ধিত পরিবার এবং সাপোর্ট সিস্টেমকে ভেঙে দিয়ে সে জায়গায় বসিয়েছে আমলাতন্ত্র, এনজিও আর কর্পোরেশানগুলোকে। ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য পারিবারিক বন্ধন এবং বর্ধিত পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো। অন্যদিকে পরস্পর বিচ্ছিন্ন আধুনিক নিউক্লিয়ার ফ্যামিলি দুর্বল করেছে ব্যক্তি, পরিবার, সমাজ-সবাইকেই। পূর্ব ও পশ্চিমের সমাজগুলোর আজকের দুর্দশা থেকে নিউক্লিয়ার ফ্যামিলির বাস্তবতা এবং বর্ধিত পরিবারের গুরুত্ব বোঝা যায়।
তাই আসল প্রশ্ন হলো, আমারা কি নানান সমস্যায় জর্জরিত, মুমূর্ষু আধুনিক সমাজের সাথে খাপ খাওয়ানোর ইসলামের সংস্কার করব? নাকি ইসলামের সাথে খাপ খাওয়ানোর জন্য এই সমাজের সংস্কারের মনোযোগী হব? ওইসব সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠান ফিরিয়ে আনব, যা পূর্ববর্তী সমাজগুলোকে স্থিতিশীলতা ও নিরাপত্তা দিয়েছিল?