📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ কারী মুহাম্মাদ তৈয়েব ইবন হাফিয মুহাম্মাদ আহমাদ ইবন মুহাম্মাদ কাসেম নানুতুবী (১৪০০ হিজরী)

📄 শাইখ কারী মুহাম্মাদ তৈয়েব ইবন হাফিয মুহাম্মাদ আহমাদ ইবন মুহাম্মাদ কাসেম নানুতুবী (১৪০০ হিজরী)


শাইখ কারী মুহাম্মাদ তৈয়ব রাহিমাহুল্লাহ, যিনি উপমহাদেশের বিখ্যাত দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুহাম্মাদ কাসেম নানুতুওয়ী এর নাতি ছিলেন, দেওবন্দ মাদরাসার মুহতামিম ছিলেন। আকীদাগতভাবে তিনি মাতুরিদী আকীদাহ'র লোক ছিলেন। কিন্তু তিনি শারহুল আকীদাতিত ত্বাহাওয়ী গ্রন্থে বিভিন্ন স্থানে আল্লাহ তা'আলার গুণাবলি সম্পর্কে সালাফে সালেহীনের মতকেই প্রাধান্য দেন। যার মাধ্যমে তাদের বক্তব্যের খণ্ডনও হয়ে যাবে বর্তমান সময়ে যারা সালাফদের বক্তব্যকে নিজেদের বিভ্রান্ত মতের সপক্ষে নেয়ার জন্য অপব্যাখ্যা করে থাকে। তারা তাদের সর্বজন শ্রদ্ধেয় এ আলেম দীনের বক্তব্য গ্রহণ করেও হকের পথে ফিরে আসতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে, ইন্নাহা লা তা'মাল আবসার, ওয়ালাকিন তা'মাল কুলুবিল্লাতি ফিস সুদূর। আমরা নিম্নে তাঁর কিছু বক্তব্য তুলে ধরার প্রয়াস পাব, তিনি বলেন,
إلا أن أسماء الأعضاء والأركان وإن أطلقت عليه سبحانه في الكتاب والسنة، مثل اليد والوجه والقدم والأصابع والأنامل والعين والساق، والخاصرة وغير ذلك، لكن ليس معناها كمعاني الأعضاء البشرية، بل معناها كما يليق بشأنه، فكما أن ذاته ليس كذواتنا وصفاته ليس كصفاتنا، وأفعاله ليس كأفعالنا، هكذا مسميات جميع هذه الأسماء ليست بمسمياتنا، فالطريق الأسلم أن تحمل هذه الأسماء على معانيها الحقيقية، ويقال كما قال الإمام مالك رحمه الله : إن معناها معلوم، والكيف مجهول، والإيمان بها واجب، والسؤال عنها بدعة؛ لأنه لا يدرك كنهها ولا يحاط بها علماً ولا يحيطون بشيء من علمه إلا بما شاء».
"আল্লাহ তা'আলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কুরআনে কারীমে উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে যেগুলোর বিবরণ এসেছে যেমন- হাত, পা, মুখ, আঙ্গুল, আঙ্গুলের অগ্রভাগ, পিণ্ডলী ইত্যাদি যদিও এগুলোর আলোচনা সাধারণভাবে এসেছে এর অর্থ এই নয় যে, এগুলো মানবাঙ্গের মতই। বরং এর অর্থ হলো আল্লাহ তা'আলার শানে এগুলো যেমন হওয়া দরকার ঠিক তেমনই আছে। সুতরাং তাঁর সত্তা যেমন মানব সত্তার মতো নয় এবং তাঁর কাজ কর্ম যেমন আমাদের কাজ কর্মের মত নয়, ঠিক তেমনিভাবে তাঁর শানে ব্যবহৃত অঙ্গের নামগুলোও আমাদের অঙ্গের মত নয়। তাই আমাদের জন্য সবচেয় বেশি নিরাপদ হবে যে, এই শব্দ গুলোর ব্যবহারিক অর্থই আমরা উদ্দেশ্য নিবো। সাথে সাথে ইমাম মালেক রাহিমাহুল্লাহ যেমনটি বলেছেন আমরাও তাই বলবো যে, এই শব্দগুলোর ব্যবহারিক অর্থ আমাদের জানা থাকলেও এগুলোর আকার আকৃতি, ধরন, প্রকৃতি আমাদের জানা নেই। তবুও এর উপর ঈমান আনা ওয়াজিব। এ ব্যাপারে প্রশ্ন করা বিদ'আত। কারণ এগুলোর পূর্ণ পরিচিতি জানা এবং বুঝা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যদি আল্লাহ তা'আলা এ ব্যাপারে কোনো জ্ঞান দান করেন তাহলে তা ভিন্ন কথা”। (৭৭৭)
তিনি আরও বলেন,
(لقوله تعالى: ليس كمثله شيء وهو السميع البصير) (الشورى : ١١)، هذا النفي عام في الذات وفي الصفات وفي الأفعال وفي جميع الشؤون كما مر فذاته ليست كذاتنا، وصفاته ليس كصفاتنا، وهكذا الأفعال والشؤون وجميع المتشابهات. فهو يعلم لا كعلمنا ، ويقدر لا كقدرتنا ويرى لا كرؤيتنا، ويسمع لا كسمعنا، وهكذا يعرج لا كعر وجنا، وينزل لا كنزولنا، ويضحك لا كضحكنا، ويستوي على العرش لا كاستوائنا على عروشنا، لأنه ليس كمثلنا، فليس له مثل ولا مثال، ولله المثل الأعلى وهو العزيز الحكيم.
"আল্লাহ তা'আলা বলেন- ليس كمثله شيء وهو السميع البصير এই আয়াতে আল্লাহর সাদৃশ্যতাকে অস্বীকার করা হয়েছে। তা তাঁর জাত তথা সত্তা, গুণাবলি, কাজকর্ম, এমনকি সর্ববিষয়ে ব্যাপকভাবে তাঁর সাদৃশ্যতাকে অস্বীকার করা হয়েছে, যা পূর্বের আলোচনা দ্বারা স্পষ্ট হয়েছে। সুতরাং তিনি সত্তার অধিকারী, কিন্তু তাঁর সত্তা আমাদের সত্তার মতো নয়। তিনি গুণাবলির অধিকারী, কিন্তু তাঁর গুণাবলি আমাদের গুনাবলীর মত নয়। তিনি কর্ম সম্পাদনকারী, কিন্তু তার কর্ম সম্পাদন আমাদের কর্ম সম্পাদনের মতো নয়। এমনকি সাদৃশ্যপূর্ণ যত বিষয় আছে সর্ব ক্ষেত্রে তিনি মাখলুক থেকে ব্যতিক্রম। যেমন কোনো বিষয়ে তাঁর জানা আর মানুষের জানা এক নয়। তিনি শক্তি-সাধ্যের অধিকারী, তবে তা মানুষের মত নয়। তিনি দেখেন, তবে তাঁর দেখা আর মানুষের দেখা সমান নয়। তাঁর শোনা, তার উপরে উঠা, নিচে নামা এবং তাঁর হাসি ও তাঁর 'আরশের উপর উঠা এর কোনো কিছুই মানুষের মতো নয়। কারণ তাঁর সত্তাই তো আমাদের সত্তার মতো নয়। মোটকথা, তাঁর কোনো সাদৃশ্যতাও নেই সমকক্ষও নেই। তিনিই তাঁর উত্তম দৃষ্টান্ত। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।" (৭৭৮)
তিনি আরও বলেন,
والمذهب المنصور إثبات صفة الغضب والرضا، والعداوة والولاية، والحب والبغض، ونحو ذلك، الله تعالى كإثبات السمع والبصر والحياة والقدرة والعلم والكلام وغيرها، وهي حقيقة فيه تعالى، لا مجاز، لكن لا ندري كيفيتها، ولا يجوز التأويل الذي يصرفها عن حقائقها اللائقة بالله تعالى، فالغضب والرحمة وغيرهما، وإن أطلقت على الإنسان كما تطلق على الله جل ذكره، لكن هذا الاشتراك لفظي، لا من حيث المعنى، فيثبت معنى الرضا والغضب فيه جل ذكره، كما يليق بشأنه.
"সঠিক মাযহাব হলো, আল্লাহ তা'আলার জন্য ক্রোধ ও সন্তুষ্টি, শত্রুতা ও বন্ধুত্ব, ঘৃণা ও ভালোবাসা ইত্যাদি সাব্যস্ত করা, এ সব গুণাবলি আল্লাহ তা'আলার ক্ষেত্রে শ্রবণ ও দর্শন, জীবন ও শক্তি, জ্ঞান ও কালাম বা কথা ইত্যাদি সাব্যস্ত করার মতই। আর এ গুণাবলি বাস্তব অর্থেই আল্লাহ তা'আলার জন্য প্রযোজ্য। রূপক অর্থে নয়। কিন্তু এর ধরন ও প্রকৃতি আমাদের জানা নেই। তাই এর এমন কোনো তা'ওয়ীল করা, যা আল্লাহ তা'আলার শানে ব্যবহৃত বাস্তব অর্থকে পরিবর্তন করে দেয়, তা বৈধ নয়। সুতরাং ক্রোধ ও দয়া এবং এ ছাড়াও অন্যান্য গুণাবলি
যেমনিভাবে আল্লাহ তা'আলার জন্য তা উল্লেখ করা হয়, কিন্তু খালেক ও মাখলুকের ক্ষেত্রে এ গুণাবলির প্রয়োগ সমান অর্থে নয়। বরং তা শুধু 'ইশতিরাকে লফযী' শব্দগত সংযুক্তিতা বা মিল, অর্থগতভাবে নয়। তাই আল্লাহ তা'আলার ক্ষেত্রে ক্রোধ ও সন্তুষ্টি তাঁর শান অনুযায়ীই সাব্যস্ত হবে।" (৭৭৯)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ মুহাম্মাদ মুহিকল্পুল্লাহ শাহ রাশেদী সিন্ধী (১৪০৩ হিজরী)

📄 শাইখ মুহাম্মাদ মুহিকল্পুল্লাহ শাহ রাশেদী সিন্ধী (১৪০৩ হিজরী)


প্রখ্যাত আলেমে দীন শাইখ মুহিব্বুল্লাহ শাহ রাশেদী রাহিমাহুল্লাহ, মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ, আল্লাহর পথের আহ্বানকারী, তিনি তাঁর 'ফাতাওয়া রাশেদিয়া' গ্রন্থে আল্লাহ তা'আলার 'আরশের উপরে থাকার ব্যাপারে কুরআনে কারীমের আয়াতসমূহ নিয়ে আসার পর বিস্তারিতভাবে সালাফে সালেহীনের মত বর্ণনা করেন। (৭৮০)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ সায়েযাদ বাদীউদ্দীন শাহ রাশেদী সিন্ধী (১৪১৬ হিজরী)

📄 শাইখ সায়েযাদ বাদীউদ্দীন শাহ রাশেদী সিন্ধী (১৪১৬ হিজরী)


উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখ শাহ মুহিব্বুল্লাহ শাহ রাশেদী আস-সিন্ধী এর ভাই, শাইখ বাদীউদ্দীন শাহ রাশেদী সিন্ধী রাহিমাহুল্লাহ 'তাওহীদে খালেস' নামক গ্রন্থে আল্লাহ তা'আলার 'আরশের উপর উঠার বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন এবং দলীল-প্রমাণাদি দিয়ে সাব্যস্ত করেছেন। (৭৮১)

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 শাইখ আবুল হাসান আলী আন-নাদওয়ী (১৪২০ হিজরী)

📄 শাইখ আবুল হাসান আলী আন-নাদওয়ী (১৪২০ হিজরী)


প্রখ্যাত আলেমে দীন শাইখ সাইয়্যেদ আবুল হাসান আলী আন-নাদওয়ী রাহিমাহুল্লাহ অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি শাইখ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলাওয়ীর সঠিক উত্তরসূরী ছিলেন। শাহ সাহেবের মত তিনিও ইলমুল কালামের ক্ষতিকর দিক সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, আকীদাহ'র উৎস নির্ধারণে ভুল হওয়ার কারণেই যত খারাপ ও অশুদ্ধ আকীদাহ মুসলিমদের মাঝে প্রচার-প্রসার লাভ করে। যদি তারা নবীদেরকে আকীদাহ'র উৎস মনে করত তাহলে আর এত সন্দেহ ও ভুলে পতিত হতো না। যদি কুরআন ও সুন্নাহ'র আকীদাহ গ্রহণ করা হয়, তাহলে আল্লাহ তা'আলাকে 'আরশের উপরে বলতেই হয়। যেমন তিনি বলেন,
إن أجل علم أخذ عن الأنبياء عليهم صلوات الله وسلامه معرفة الله تعالى وعلم ذاته وصفاته وأفعاله، وذلك علم يختص بالأنبياء عليهم الصلاة والسلام؛ إذ هو علم ليست له وسائل وآلات، ومعلومات أولية وتجارب عند البشر، ولا يتناوله القياس ولا يفيد فيه الذكاء والفطنة، لفقدان أساس القياس، وتعالى الله عن الأشباه والنظائر، وسموه وتقدسه عن التشبه والتمثل، ولبعده عن كل ما عرفه البشر وألفه وجربه في عالم الحس والمادة ....
وكان الناس فى ذلك فريقين: فريق اعتمد فى ذلك على الأنبياء والرسل وعلومهم صلى الله عليهم، الذين أكرمهم الله بالنبوة وخصهم بمعرفته وتكليمه ورسالاته، وجعلهم واسطة بين الحق والخلق، في معرفة ذاته وصفاته وطرق مرضاته، أفردهم باليقين الذي ليس فوقه يقين، ونور ليس بعده نور....
وفريق اعتمد في ذلك على ذكائه وعلمه وتجاربه ومواهبه، وأطلق عنان العقل وأرخض جواد القياس، وتناول ذات الله وصفاته بالدراسة والبحث والتحليل والتجربة كهيئة كيمياوية، أو قوة طبيعية أو طاقة نباتية، وقالوا: هو كذا، وليس كذا، وكان قولهم ليس كذا أكثر من قولهم هو كذا، والنفى دائماً إذا فقد اليقين وعدم النور، أسهل من الإثبات والتقرير، وجاءت نتائج بحثهم وتقريرهم، أكثرها سلوب.... فجاءت فلسفتهم الإلهية، كما سموها.. آراء متضاربة، وتخمينات ما أنزل الله بها من سلطان، ولم يقم عليها دليل أو برهان، ولم تؤيدها تجربة أو وجدان.
وكان في مقدمة هذا الفريق وعلى رأسه، اليونان، لم يكن علم الإلهيات بجاهلهم، فجاهدوا في غير جهاد ومشوا بين شوك وقتاد، ففى بحر لجى يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض ليس معهم نور يهديهم أو دليل يرشدهم، أو مقدمات ومعلومات أولية يتوصلون بها إلى المجهول.
وكان ضغثا على إبالة، أنهم كانوا أصحاب وثنية عتيقة عميقة عريقة، وأصحاب أساطير وخرافات، تغلغلت في فلسفتهم وشعورهم وأدبهم ودياناتهم، لهم فلسفة وثنية خاصة عن الأفلاك والعقول، توارثوها جيل بعد جيل، فجاءت فلسفتهم الإلهية مزيجاً من الفلسفة والوثنية....
وقد قلدهم عامة النظار والباحثين من الأمم.... وهذا داء البشر القديم....
ولا يستغرب ذلك عن الأمم التي أفلست في ثروتها الدينية من القديم وضيعت الهدى والنور، ولكنه غريب من علماء المسلمين الذين أكرمهم الله بالرسالة المحمدية على صاحبها الصلاة والسلام، والكتاب الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد، فخضع كثير منهم هذه الفلسفة.... وأخضع كثير منهم الآيات القرآنية أو أولوها تأويلاً شديداً وفسروها تفسيراً يطابق ما ثبت وتقرر في الفلسفة اليونانية الإلهية....
وكان أكثر ما دهوا به وأوتوا من قبله هو «اللوازم الفاسدة»،... ففروا من إثبات كثير من الصفات والأفعال؛ لأنها يلزم منها ما يختص بالحدث، ويثبت ما به الجسم وما يتنزه عنه (القديم)، كل ذلك قياساً على الإنسان وعلى تجاربهم المحدودة؛ إذ لا يتصور ولم يجرب وجود هذه الصفات إلا بهذه اللوازم، وفاتهم أنها صفات إلهية، يمكن وجودها بغير هذه اللوازم، وهكذا مال فريق منهم إلى نفي الصفات، وكان أحسنهم حالاً من تأولها أو فسرها تفسيرها كاد يؤدي إلى التعطيل، وفاتت أو كادت تفوت حكمة الصفات....
وكان المسلمون في حاجة إلى نوابغ مستقلين في التفكير، مجتهدين متمسكين، ثائرين مؤمنين هدامين بنائين، يجمعون
بين العلم الواسع العميق للكتاب والسنة، والنظر الدقيق والعلم الغزير للمناهج الكلامية والمذاهب الفلسفية. ويواجهون الفلسفة وآراء الفلاسفة القدماء وجها لوجه، يؤمنون بالقرآن كما أنزل، ويؤمنون بالله كما وصف نفسه من غير تحريف ولا تأويل، ويفسرون ذلك كله تفسيراً يقره العقل والمنطق ويؤيده العلم والبرهان...
وكان منهم ومن أشهرهم شيخ الإسلام الحافظ ابن تيمية الحراني الدمشقي في القرن الثامن، فقد جمع - كما شهد به أعلام هذه الأمة ونطق به كتبه - بين الإيمان القوي بكل ما جاء به الرسول ونطق به الكتاب، والاقتناع بعقيدة السلف الصالح، والاطلاع الواسع، الذي لا يرام فوقه، على ما دون في صحائف هذه الأمة في الماضي، والعلم الدقيق العميق بفلسفة اليونان ومنطقهم، والمذاهب التي نشأت في الإسلام بتأثير الفلسفة اليونانية في قليل أو كثير، والنقد القوي الحر الجريء لمناهجها وبحوثها....
"আম্বিয়ায়ে কিরামের মারফত মানুষ যেসব বিদ্যা ও মর্মজ্ঞান পেয়েছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ ও জরুরী জ্ঞান হলো আল্লাহ তা'আলার যাত, সিফাত ও আফ'আল তথা তাঁর সত্তা, গুণাবলি ও কর্মসমূহের ব্যাপারে জ্ঞান। এ জ্ঞানের উৎস ও কেন্দ্রস্থল হচ্ছেন আম্বিয়ায়ে কিরামই। এ জ্ঞানের উপায়-উপকরণ, এর প্রাথমিক জ্ঞাতব্য বিষয় ও অভিজ্ঞতা সবকিছুই মানবীয় আওতার ঊর্ধ্বে। কিয়াস ও বুদ্ধিবৃত্তির কোনো ভিত্তি নেই এখানে।
আল্লাহর কোনো নজীর নেই, তাঁর মতো বলতেও কিছু নেই। তিনি সব ধরনের উদাহরণ ও সাদৃশ্য হতে মুক্ত ও পবিত্র। সবকিছু থেকে তিনি অনেক ঊর্ধ্বে। মানুষ যা ধারণা করতে পারে, যা প্রত্যক্ষ করতে সক্ষম এবং যা সে অনুভব করতে সামর্থ, যেগুলোকে সে বস্তুগত ও অনুভবময় পৃথিবীতে কাজে লাগায় সেই সব ধরনের ধারণা, দেখা ও অনুভবেরও ঊর্ধ্বে। এখানে বুদ্ধি, যুক্তি, মেধা ও ধীশক্তি কিছুই সাহায্য করতে পারে না। বুদ্ধির ঘোড়া দাবড়ানোর ময়দান এ নয়। যুক্তি ও অভিজ্ঞতার ঘুড্ডি উড়ানোর আকাশও নয়।
এ জ্ঞানকে সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয়া হয়েছে। কারণ মানুষের সর্বকালের কল্যাণ ও সৌভাগ্য এর ওপরই নির্ভরশীল। আমল ও আকীদাহ, আখলাক ও তামাদ্দুন, কৃষ্টি ও সংস্কৃতির মূল বুনিয়াদ এ-ই। এরই মাধ্যমে মানুষ নিজের হাকীকত ও মূল সম্পর্কে অবহিত হতে পারে, বিশ্বজগতের কুহেলিকার জট খুলতে পারে, জীবনের রহস্য উদ্‌ঘাটন করতে পারে, বিশ্বপ্রকৃতিতে নিজের মর্যাদা ও অবস্থান নির্ণয় করতে পারে। এরই আলোকে স্বজাতিয়দের সাথে নিজের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, স্বীয় জীবন পথ সম্পর্কে সিদ্ধান্ত নিতে এবং সম্পূর্ণ আস্থা, অন্তর্দৃষ্টি ও পরিষ্কার ধারণার সাথে নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ণয় করতে সে সক্ষম হয়ে ওঠে।
আর তাই সকল জাতি ও গোষ্ঠির, সর্বযুগে ও সর্বশ্রেণিতে এই জ্ঞানকে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে। জীবনকে যারা উদ্দেশ্যহীন বলে মনে করে না, পরিণাম সম্পর্কে যারা সচেতন, যারা মুখলেস ও আন্তরিক, এই ধরনের সমস্ত মানুষই এই জ্ঞানের প্রতি গভীর আগ্রহ ও অনুরাগ পোষণ করেন। ইচ্ছা-অনিচ্ছা, চেতন বা অচেতন যেভাবেই হোক না কেন, এই জ্ঞান থেকে বঞ্চিত থাকা এমন এক বঞ্চনা যার পর বঞ্চনা বলতে আর কিছুই থাকে না। এ এমন এক ধ্বংস ও বরবাদী যার থেকে বড় ধ্বংস ও বড় বরবাদী বলতে আর কিছুই নেই।
এ বিষয়ে মানুষের শ্রেণি দু'টি:
এক. একটি শ্রেণি, যারা এ জ্ঞানার্জনের পথে মাধ্যম হিসেবে সেসব পয়গাম বাহক সত্তাদের ওপর নির্ভর করেছে, যাদরকে মহান আল্লাহ নবুওয়াত, বাণী ও রিসালাতের সুমহান দায়িত্ব ও মর্যাদায় অভিষিক্ত করেছেন, যাদের দিয়েছিলেন তাঁর নিজের সত্তার সঠিক মারিফাত ও পরিচয়। স্বীয় সন্তুষ্টির কাজগুলো সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য তাঁদেরকে তিনি মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন, সুদৃঢ় বিশ্বাস ও ইয়াকীনের বিপুল সম্পদ তিনি তাদের দান করেছিলেন যার বেশির কোনো কল্পনাও করা যায় না। সে নূর ও অন্তর্জোতি তিনি তাদের দিয়েছিলেন, যার চেয়ে অন্তর্দৃষ্টিসম্পন্ন ও আস্থাভাজন জ্যোতি আর হতে পারে না কখনো।
দুই. অপর শ্রেণি হলো তারা, যারা আপন মেধা ও জ্ঞানের ওপরই পুরোপুরি নির্ভরশীল, এ গণ্ডির মধ্যেই তাদের চিন্তাধারা সীমাবদ্ধ। নিজের বিবেক বুদ্ধিকে তারা লাগামহীন করে ছেড়ে দিয়েছে। সব জায়গায় তারা যুক্তি ও অনুমানের ঘোড়া দাবড়িয়ে বেড়ায়। আল্লাহর সত্তা, গুণাবলি, তাঁর সত্তা ও গুণাবলির অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রেও তারা সব নিষ্ফল ও অনর্থক বিশ্লেষণ ও ব্যবচ্ছেদ করতে লেগে যায়, যেমনভাবে কোনো রাসায়নিক ল্যাবরেটরিতে প্রকৃতিজ বা উদ্ভিজ্জ কোনো বস্তুর করা হয়ে থাকে। আল্লাহ তা'আলা সম্পর্কেও এরা 'তিনি এমন' বা 'তিনি এমন নন' জাতীয় কথা বেধড়কভাবে বলতে শুরু করে। আবার এদের কাছে 'তিনি এমন' জাতীয় কথার তুলনায় 'তিনি এমন নন' জাতীয় কথার পরিমাণ অনেক বেশি। এটি একটি বাস্তব সত্য, বিশ্বাস ও সত্যের জ্যোতি থেকে যখন কোনো মানুষ বঞ্চিত হয়ে যায় তার কাছে কোনো কিছুর 'না' করা তা 'হ্যাঁ' ও প্রমাণ করার তুলনায় অধিকতর সহজ হয়ে যায়। আর তাই দেখা যায়, গ্রীক দার্শনিকদের আল্লাহতত্ত্বে অধিকাংশ পর্যালোচনা ও গবেষণার পরিণাম নেতিবাচক। কিন্তু কোনো ধর্ম ও আদর্শ, কোনো তাহযীব ও তামাদ্দুন এবং কোনো জীবনব্যবস্থা অনর্থক বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। আম্বিয়ায়ে কিরামের অভ্যাস তা নয়। এ তাঁদের শান ও মর্যাদা থেকে অনেক দূরের। তাঁরা তো অনুভূতি, বুদ্ধির অগম্য হাকীকত ও সত্যসমূহ সম্পর্কেও রাখেন প্রত্যক্ষশীল দর্শনেন্দ্রিয় ও শোনার মতো শ্রবণেন্দ্রিয়।
গ্রীক দার্শনিকদের ইলাহতাত্ত্বিক দর্শন পরস্পরবিরোধী চিন্তাধারা, ধারণা ও অনুমানের নিশ্চিদ্র এক কণ্টকাকীর্ণ জঙ্গল বলেই প্রতীয়মান হয়। মানুষকে এ বনে পথ হারিয়ে কেবলই চক্কর কাটতে হয়। এ যেন এক বিরাট গোলকধাঁধাঁ, যাতে একবার ঢুকলে আর বেরুবার পথ পাওয়া যায় না। মেধা, প্রজ্ঞা, দার্শনিক রহস্যপ্রিয়তা, কাব্যচর্চা, জ্ঞান ও কৌশলে যেসব দার্শনিক ছিলেন অধিক প্রসিদ্ধ, এ শ্রেণির মধ্যে তাদেরকেই বেশি আগুয়ান বলে পরিলক্ষিত হয়। কিন্তু ইলাহ তত্ত্বে মেধা, প্রজ্ঞা ইত্যাদি কোনোটিরই বিন্দুমাত্র দখল নেই। তাদের সকল প্রয়াস ও শ্রম নিষ্ফল ও পাহাড় কেটে কুয়া খননের নামান্তর বৈ অন্য কোনো পরিণাম বয়ে আনেনি। অন্তহীন সমুদ্রের বিপুল আঁধারে এর ডুবে সারা হচ্ছে। কুরআনের এ আয়াতটিতে এদের যে চিত্রটি আঁকা হয়েছে এর চেয়ে যথার্থ ও সুন্দর আর কিছু হতে পারে না। আল্লাহর বাণীটি হচ্ছে, “গহীন সমুদ্রের আঁধার, ছেয়ে রেখেছে তা ঢেউ, তার উপর আরেক ঢেউ, ঢেউয়ের উপরে আবার মেঘ। বিপুল আঁধার, এক আঁধারের পরতে আরেক আঁধার। যদি বের করে নিজের হাত তবে তা-ও যেন দেখা যায় না! আল্লাহ যার জন্য নির্ধারণ করেননি কোনো আলো তখন তার আর আলো কোথায়?” [সূরা আন-নূর: ৪০]
এদের কাছে হিদায়াতের কোনা আলো ছিল না, যথার্থ জ্ঞান ও মা'রিফাতেরও কোনো রৌশনী
ছিল না। এতদসম্পর্কে তাদের কোনোরূপ পূর্ব অভিজ্ঞতা, অনুভূতি ও উপলব্ধি, এর প্রাথমিক পূর্বশর্তসমূহের পরিচয় বা বুনিয়াদী জ্ঞান যেগুলোর মাধ্যমে লাভ হয় অজানা বিষয়টির জ্ঞান – কোনো কিছুরই আশ্রয় তাদের ঘটেনি।
অধিকন্তু এরা ছিল পুরোনো ঝুরঝুরে শির্ক ও বিদ'আতের শিকার। এদের ধমনীতে ছিল শির্ক ও বিদ'আতের প্রবাহ। ভিত্তিহীন ও বাজে কিসসা-কাহিনী ও কিংবদন্তির ওপর ভিত্তি করে গঠিত বিশ্বাস ছিল তাদের সবকিছুর বুনিয়াদ।
তাদের দর্শন, তাদের কাব্য ও কবিতা, সাহিত্য ও সংস্কৃতি, ধর্ম ও রীতিনীতি সর্বক্ষেত্রে এ শির্ক ও পৌত্তলিকতার ছিল সুস্পষ্ট প্রভাব। তাদের দেহ ও মনে সর্বত্রই ছিল এর জোরালো মিশ্রণ। সৌরচক্র ও তথাকথিত দশটি আকল সম্পর্কে তাদের ছিল এক শির্কী আকীদামূলক দর্শন। এ ছিল গ্রীক প্রতীমা-দর্শন ও মিথলজির এক মিকশ্চার। তারা নিজেদের চিন্তা-ভাবনা ও কাল্পনিক ধ্যান-ধারণা ও কুসংস্কারগুলোকে গালভরা ও ভারিক্কী নামে অভিহিত করে পেশ করত এবং দার্শনিক ও শাস্ত্রীয় পোশাকের ছদ্মাবরণে তা ঢেকে রাখত।
সাধারণভাবে পৃথিবীর প্রায় সকল সম্প্রদায়ের চিন্তাবিদ, ধর্মতাত্ত্বিক ও দার্শনিকরা গ্রীক দার্শনিকদেরই অনুসরণ করেছে। তাদের প্রভাবে অন্যান্য সকল জাতির প্রায় সকলেই হীনমন্যতা ও পরাজিত মানসিকতার শিকারে পরিণত হয়ে পড়েছিল এবং চোখ বুজে তাদের সবকিছুর ওপর আস্থাশীল হয়ে ওঠে। এরা তাদের গবেষণাপ্রসূত সকল ধারণাকে একটা স্বীকৃত সত্য বলে বিশ্বাস করে বসে। এগুলো সম্পর্কে আর কোনো রূপ আলোচনা ও প্রশ্নের কোনো অবকাশ নেই বলে ধারণা করতে থাকে। আর কেউ যদি এগুলো সম্পর্কে আলোচনা করে বা প্রশ্ন তোলে তবে তাকে তারা অকাট্য মূর্খ ও গোঁড়া ও জেদী বলে মনে করতে থাকে।
যে সকল সম্প্রদায় ও দল সুদূর অতীত থেকেই সঠিক ধর্মীয় পুঁজি হারিয়ে ফেলেছে, হিদায়াত থেকে ও আল্লাহর নূর তথা জ্যোতি থেকে বঞ্চিত যারা, তাদের বেলায় তো এ ধরনের হীনমন্যতার শিকার হওয়া ততটা বিস্ময়ের নয়। বিস্ময় ও আশ্চর্য্য হলো, সেসব তথাকথিত মুসলিম পণ্ডিত ও চিন্তাবিদদের জন্য, যাদের আল্লাহ দান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মতো বিরাট নি'আমত এবং আল্লাহর কালামের মতো গৌরবজনক সম্পদ। এতদসত্ত্বেও তারা শিকার হলো এ মানসিকতার। এ মহান কিতাব ও এ মহান আদর্শের অন্যতম বৈশিষ্ট্যই হলো, "বাতিল এতে পারে না আসতে, না সামনে থেকে আর না পেছন থেকে; এ তো মহাপ্রাজ্ঞ ও প্রশংসিত সত্তার নিকট থেকে অবতীর্ণ।” [সূরা হা-মীম- আস-সাজদাহ: ৪২]
পরবর্তীতে মুসলিম জাহানের বেশ কিছু একাডেমী ও জ্ঞানচর্চার কেন্দ্র এ গ্রীক দর্শনকে পুরোপুরি মেনে নেয় এবং এর ওপর এমনভাবে আলোচনা ও গবেষণায় লিপ্ত হয়ে পড়ে, এ যেন কিছু স্বীকৃত সত্য ও পরীক্ষিত কতিপয় বাস্তব অভিজ্ঞতালব্ধ বিষয়। কল্পনাশক্তি ধারণা ও সংস্কারগুলোকে এরা সঠিক বলে ধারণা করে নেয়। এদের অনেকেই এগুলোর সমর্থনে কুরআনের আয়াতও ব্যবহার শুরু করে এবং মনগড়া ও অর্থহীন ব্যাখ্যা দিতে থাকে এবং এমন সব তাফসীর এরা করে যাতে তাদের তথাকথিত 'স্বীকৃত দর্শন' ও 'প্রমাণিত সত্য' গুলোর সাথে কুরআনের সাযুজ্য প্রকাশ পায়।
তাদের চিন্তার মূলনীতি ছিল 'ওয়াজিবুল উজুদ' বা 'অবশ্যম্ভাবী অস্তিত্বশীল সত্তা' যিনি হবেন, তাঁকে এ ধারণার জন্য ক্ষতিকর বিষয়াদি থেকে অবশ্যই পবিত্র হতে হবে। এরূপ চিন্তাধারার
কারণেই মূলত এদের অধিকাংশ ভুলত্রুটি সংঘটিত হয়েছে। কারণ অবশ্যম্ভাবী অস্তিত্বশীলতার জন্য ক্ষতিকর ধারণা বলতে তারা যে বিষয়গুলোকে বুঝিয়েছে এর অধিকাংশই ছিল তাদের উর্বর মস্তিষ্কপ্রসূত কতক উদ্ভট ধারণা। আর কেবল এর ওপরই ভিত্তি করে তারা আল্লাহর বহু গুণবাচক নাম, গুণ ও কর্মকে স্বীকৃতি দেয়নি। এদের ধারণায় এগুলো দ্বারা আল্লাহর সাথে 'হুদুছ' বা অনিত্যতা ও অনাদিত্বতার আরোপ ঘটে বা কোনোটি দ্বারা আল্লাহর 'দেহশীল' হওয়া বুঝায় কিংবা অনাদি ও অবশ্যম্ভাবী সত্তা যেসব বিষয় থেকে পবিত্র হতে হবে, সেগুলো আরোপিত হয় ইত্যাদি। এসব নুকতা আবিষ্কারের বুনিয়াদ হলো, মূলত এরা আল্লাহকেও মানুষের মতো এবং তাঁকে নিজেদের সীমাবদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে ধারণা করে বসে। কেননা এদের একজন কল্পনাও করতে পারে না বা একজনের এ অভিজ্ঞতা লাভও কখনো হয় না যে, সংশ্লিষ্ট অবস্থায় সংযোজন ছাড়াও এ গুণাবলির অস্তিত্ব লাভ সম্ভব। এরা ভুলে গিয়েছিল, এগুলো হচ্ছে আল্লাহর গুণ; এগুলো কোনো অবস্থার সাথে সংশ্লিষ্ট হওয়ার মুখাপেক্ষী নয়; কোনো কিছুর পাবন্দী এগুলোর জন্য জরুরী নয়। এদের মধ্যে অনেকে আল্লাহর সিফাত ও গুণাবলির সম্পূর্ণ অস্বীকার করে বসে। আবার তাদের মধ্যে অনেকেই এ সিফাতগুলোর রূপক অর্থ করে বা এর মধ্যে নানা অপব্যাখ্যার আশ্রয় নেয়, চূড়ান্ত বিশ্লেষণে এর ধরনের দূরবর্তী ব্যাখ্যাও অস্বীকারেরই নামান্তর। এতে আল্লাহর সিফাতসমূহের হিকমত বিনষ্ট হয়ে যায়।
রুচি ও প্রবণতার তারতম্য অনুসারে অনেকেই উক্ত পথে যাত্রা শুরু করে এবং ক্রমে ক্রমে 'ইলমে কালাম' নামে এক শাস্ত্রের উদ্ভব হয় এবং এতদসংক্রান্ত আলোচনা-পর্যালোচনাও বিস্তৃত থেকে বিস্তৃততর হতে থাকে।
তখন মুসলিম সমাজে একজন প্রাজ্ঞ জ্ঞানীর প্রয়োজন তীব্রভাবে অনুভূত হতে থাকে, যিনি কুরআন, সুন্নাহ এবং সালাফ ও মহান পূর্বসূরীদের অনুসৃত আকীদা ও নীতির ওপর বুনিয়াদ রাখবেন স্বীয় আকীদাহ ও চিন্তাধারার, ঐগুলোকেই যিনি গ্রহণ করবেন মূল ভিত্তি হিসেবে; সাধারণ বিজ্ঞান, দর্শন ও এর ওপর ভিত্তি করে উদ্ভাবিত কালামশাস্ত্র ভক্তের দৃষ্টিতে নয়, বরং সমালোচকের নিরাসক্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করবেন, যিনি দেখবেন এ এমন একটি বিষয়, যার কিছু অংশ গ্রহণ করা যায় আর কিছু অংশ প্রত্যাখ্যানও করা যায়। তিনি স্বাধীনভাবে এর একাডেমিক ও শাস্ত্রীয় বিশ্লেষণ করবেন, হীনমন্যতা ও পরাজিত মানসিকতার লেশমাত্র চিহ্ন থাকবে না এতে। কুরআনের ওপর তার ঈমান হবে তদ্রূপ যেরূপ তা নাযিল হয়েছিল। আল্লাহর সিফাত ও কার্যাবলী সম্পর্কে কোনোরূপ তা'ওয়ীল (রূপক ব্যাখ্যা) এবং তাহরীফ বা বিকৃতি সাধন ব্যতিরেকেই তিনি ঠিক তেমনিভাবে তা স্বীকার করে নেবেন যেমন স্বয়ং আল্লাহ তা'আলা সেগুলো সম্পর্কে বলেছেন। ...
এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, নেতৃস্থানীয় উলামায়ে কিরামের সাক্ষ্যানুযায়ী অষ্টম হিজরী শতকের সুপ্রসিদ্ধ আলিম শাইখুল ইসলাম হাফিয ইবন তাইমিয়্যাহ আল-হাররানী (মৃত্যু ৭২৮ হিজরী) অন্যতম। তাঁর রচনাবলি তাঁর এ মর্যাদার জ্বলন্ত সাক্ষী। যে সত্য ও মূল্যবোধসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, আল্লাহর কালামে যেসব মূল্যবোধ ব্যক্ত করা হয়েছে, এসব কিছুর ওপর যেমন তার পরিপূর্ণ ও দ্বিধাহীন ঈমান ও সুদৃঢ় প্রত্যয় ছিল, ইসলামের প্রথম যুগে প্রচলিত এবং সালাফে সালেহীন ও সুমহান মর্যাদার অধিকারী পূর্বসূরীদের অনুসৃত আকীদাহ সম্পর্কে যেমন তিনি ছিলেন সশ্রদ্ধ আস্থা ও স্বতৃপ্ত উপলব্ধির অধিকারী; তেমনি ছিলেন তখন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে দর্শন ও কালামশাস্ত্রের যতটুকু চর্চা
ছিল সে দরিয়ার একজন সুকৌশলী ও সুদক্ষ সাঁতারু।
তিনি গ্রীক দর্শন, তর্কশাস্ত্র ও চিন্তাধারার সুগভীর, বিস্তৃত ও তুলনামূলক অধ্যয়ন করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে যে দর্শন চিন্তা মুসলিমদের পরাজিত মস্তিষ্ককে প্রভাবিত করে রেখেছিল, সেসব কিছু তিনি একজন তীক্ষ্ণধী সমালোচকের দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। যেসব দর্শন অনেকের কাছেই স্বীকৃত হয়ে আসছিল তিনি সেসবের স্বাধীন ও শক্তিশালী সমালোচক ছিলেন।"(৭৮২)
তিনি আরও বলেন, إن للعالم صانعاً قديماً، لم يزل ولا يزال... وهو الكبير المتعال، متصفاً بجميع صفات الكمال، منزها من جميع صفات النقص والزوال، وهو خالق الجميع المخلوقات .... لا يحل في غيره، ولا يتحد بغيره .. وهو فوق العرش، مرئي للمؤمنين يوم القيامة ....
"নিশ্চয় জগতের একজন স্রষ্টা রয়েছেন, যিনি সর্বপ্রথম, সর্বদা আছেন ও সর্বদা থাকবেন... তিনি সবকিছুর চেয়ে বড়, সবকিছুর উপরে, যাবতীয় পূর্ণতার গুণে গুণান্বিত, যাবতীয় ত্রুটিযুক্ত গুণ ও বিনষ্ট হওয়ার গুণ থেকে পবিত্র। তিনি সকল সৃষ্টিকুলের স্রষ্টা... তিনি কখনও কারও অভ্যন্তরে প্রবেশ করেন না, কারও সাথে একাকার হয়ে যান না।... তিনি 'আরশের উপর, কিয়ামতের দিন তিনি ঈমানদারদের জন্য দৃশ্যমান হবেন”। (৭৮৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00