📄 এর যথার্থতা
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ সম্পর্কে আরেকটি কথা রয়ে গেছে। একদন্ড বিরতি দিয়ে সে বিষয়টির ওপরও চিন্তা করে নেয়া বাঞ্ছনীয়। যারা কোরআন মজীদকে চিন্তা-ভাবনার বিষয় বলে মনে করেন না, সাধারণত তাঁরা-
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرُ
(আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্যে সহজ করেছি। তবে আছে কি কেউ, যে এর দ্বারা উপদেশ গ্রহণ করবে?) এ আয়াতটির দ্বারা প্রমাণ উত্থাপন করেন। এ আয়াতকে প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে তাঁরা বলেন, কোরআন মজীদ একটা সাদাসিধে, সহজ-সরল গ্রন্থ। ওয়ায-নসীহত সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো এতে একান্ত সহজ ভাষায় বাতলে দেয়া হয়েছে। আল্লাহ্ তাআলা নিজেই এর প্রশংসা উপলক্ষে বলেছেন, 'আমি একে উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত সহজ করেছি।' তা হলে এর একেকটি সূরা নিয়ে আট আট বছর যাবত মাথা ঘামানোর কি প্রয়োজন ছিল? আরবী বাক্যের অর্থ বুঝতে পারে এমন যেকোন লোকই নির্বিঘ্নে কোরআন মজীদের আয়াতসমূহের অর্থ ও উদ্দেশ্য বুঝতে পারে। কেন খামাখা বিভিন্ন রেওয়ায়েত, উদ্ধৃতি, তফসীর, শানে নযুল প্রভৃতি বিষয়ের শরণাপন্ন হতে হবে? এই বিভ্রান্তি নিরসনের উদ্দেশে এখানে সংক্ষেপে-
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرْ
আয়াতটির যথার্থ মর্ম বলে দেয়া বাঞ্ছনীয় মনে করি।
কোরআন মজীদের সহজবোধ্যতা প্রমাণ করার উদ্দেশেই এ আয়াতটি উপস্থাপন করা হয়। কিন্তু আশ্চার্যের বিষয়, তারা নিজেরাও আয়াতটির প্রকৃত মর্ম সম্পর্কে গভীরভাবে লক্ষ্য করেননি। আয়াতটির যে অর্থ সাধারণভাবে প্রচলিত ও প্রসিদ্ধ তা হচ্ছে, কোরআন মজীদ উপদেশ গ্রহণ করার জন্যে খুবই সহজ গ্রন্থ। কথাটি স্বস্থানে যথার্থ। কিন্তু এ আয়াতের উদ্দেশ্য তা নয়। এতে সন্দেহ নেই যে, তফসীর গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এ ধরনের কিছু কিছু মতও উদ্ধৃত করা হয়েছে, যাতে ভুল বুঝাবুঝির উদ্ভব হতে পারে। যেমন, কেউ কেউ বলেছেন, কোরআন মজীদ মুখস্থ করার জন্যে সহজ। অবশ্য সঙ্গে সঙ্গে আয়াতটির ব্যাখ্যায় প্রাচীন মনীষীবৃন্দের এমন উদ্ধৃতির অবতারণাও করা হয়েছে যা প্রকৃত তত্ত্ব-তথ্যের প্রতি ইঙ্গিত করে। কিন্তু ভাষার দৈন্যের দরুন অধিকাংশ অনুবাদকই আয়াতটির প্রকৃত মর্ম তুলে ধরতে পারেননি। কারণ, অনেক সময় আরবী ভাষায় ছোট একটি শব্দ যে বিপুল ও বিস্তারিত অর্থ ব্যক্ত করে, অন্যান্য বহু ভাষার গোটা একটি বাক্যও তা প্রকাশ করতে পারে না। কাজেই এমন সব ক্ষেত্রে অনুবাদক- বৃন্দকে বাধ্য হয়েই এমন কোন শব্দ বেছে নিতে হয় যাতে মোটামুটিভাবে উদ্দেশ্যটা ধরে নেয়া যায়।
এ ধরনের একটা জটিলতা আলোচ্য আয়াতেও রয়েছে। অতএব এর দুটি শব্দ للذكر 3 يسرنا সম্পর্কে আমরা কোরআন ও আরবী অভিধানের আলোকে মোটামুটি বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব।
ব্যাখ্যাতাগণ يسرنا )ইয়াস্সারনা) শব্দটির মর্ম বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। মুজাহিদ هوناه )একে সহজ করে দিয়েছি) এবং ইবনে যায়েদ بیناه (একে বিকশিত করে দিয়েছি) বলেছেন। অন্য ভাষায় যারা অনুবাদ করেছেন তাঁরা বলেছেন, একে সহজ করে দিয়েছি। কিন্তু পন্ডিত মনীষীরা জানেন, এ সব' ব্যাখ্যাতার কোনটাই এমন নয়, যা এ শব্দটির প্রকৃত মর্ম তুলে ধরতে পারে কিংবা শব্দটির যাবতীয় দিকগুলো নির্দেশ করতে পারে। বেশীর চেয়ে বেশী এটুকু বলা যায় যে, এতে শব্দটির মর্মার্থ মোটামুটি ব্যক্ত হয়েছে।
بسر -এর মূল আভিধানিক অর্থ হচ্ছে কোমলতা ও আনুগত্য। এ থেকেই تيسر যার অর্থ, কোন বস্তুকে কোন উদ্দেশের জন্য সম্পূর্ণ উপযোগী, সুষম, বিন্যস্ত ও অনুকূল করে নেয়া। যেমন, বলা যাবে- يسر الفرس এর অর্থ হবে ঘোড়াটিকে গদি, রেকাব ও লাগাম প্রভৃতিতে সাজিয়ে আরোহণের সম্পূর্ণ উপযোগী করে ফেলেছে।
يسرناقته للسفر اذا ارحلها - ويسر الفرس للغز واذا اسرجه والجمه .
আ'রাজ মোআন্নার কবিতা:
قمت اليه با للجام ميسرا هنالك * يجريني الذي كنت اصنع .
আমি আমার ঘোড়াটির দিকে এগিয়ে গেলাম, তখন সে ছিল লাগাম দ্বারা সম্পূর্ণ তৈরী। এমনি সময়েও আমার সহানুভূতির প্রাপ্য পরিশোধ করল।
অর্থাৎ, যে বস্তুর দ্বারা যে কাজ করার কিংবা যে উদ্দেশ্য সাধন করার থাকে তাকে সে উদ্দেশে এমন উপযোগী ও অনুকূল করে নেয়া, যাতে কেউ তার দ্বারা উদ্দেশ্য আদায় করতে চাইলে উত্তমভাবে তা পেতে পারে। এমনি সে উদ্দেশ্য সাধনের জন্যে এর চাইতে কোন ভাল ও সহজ পন্থা আর একটিও থাকবে না। এখান থেকেই এ শব্দটিতে 'পারঙ্গম' ও বিচক্ষণ করে তোলার অর্থও সৃষ্টি হয়। মাদারিস ইবনে রুবাই-এর কবিতা:
. ونعين فاعلنا على ما نابه - حتى نيسره لفعل السيد .
আমাদের নেতাকে যেসব জটিলতার সম্মুখীন হতে হয়, আমরা সেগুলোর নিরসনে তাকে সাহায্য করি। এমনকি তাকে নেতৃত্বের কাজের জন্য পারঙ্গম ও বিচক্ষণ করে দেই।
للذكر অর্থ কোন কোন অনুবাদক 'উপদেশ গ্রহণ করার জন্যে' করেছেন। আবার অনেকে অর্থ করেছেন 'বুঝার জন্যে'। আমাদের মতে দ্বিতীয় অর্থটিই শব্দের প্রকৃত মর্মের সাথে বেশী ঘনিষ্ঠ। বলতে গেলে মূল শব্দের এটাই যথার্থ প্রতিশব্দ। ذکر (যিকর)-এর প্রকৃত অর্থ স্মরণ করা এবং বর্ণনা করা। কোরআন মজীদে শব্দটি আম্মানী গ্রন্থকে বুঝাবার জন্যও ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে, فَاسْتَلُوا أَهْلَ الذِّكْرِ (আসমানী গ্রন্থের যারা অধিকারী তাদেরকে জিজ্ঞেস কর)। স্বয়ং কোরআন মজীদের জন্যেও এর ব্যবহার দেখা যায়। যেমন- وَهُذَا ذِكْرٌ مُبَارَكَ أَنْزَلْنَاهُ (আর এটা হচ্ছে মহিমান্বিত ‘যিক্র,’ যা আমি অবতীর্ণ করেছি)। তাছাড়া কোরআন মজীদের গুণবাচক হিসেবেও ব্যবহৃত হয়। যেমন, বলা হয়েছে- الْقُرْآنَ ذِي الذِّكْرِ যিক্র সম্বলিত কোরআনের কসম।
কোরআনকে ذكر শব্দের দ্বারা বুঝাতে গিয়ে একটি বিশেষ তাৎপর্যের প্রতি ইংগিত করা উদ্দেশ্য।
আমরা ওপরে উল্লেখ করেছি যে, আল্লাহ্র শিক্ষা আপাদমস্তক মানব প্রকৃতিরই বর্ণনা ও বিকাশ। আল্লাহ্ আম্বিয়া ও রসূলগণের মাধ্যমে আসমানী গ্রন্থ -পুস্তিকা অবতরণ করে যে শিক্ষা দিয়েছেন তা এমন কোন বিষয় নয়, যা মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়ে থাকবে, বরং তা স্বয়ং মানুষের মনেরই প্রতিধ্বনি, তার আত্মারই সংগীত এবং মানুষের প্রকৃতিরই স্বীকৃতি। আর সেসব মৌলিক বাস্তবতাকেই আল্লাহ্ নবী-রসূলের মাধ্যমে বিকশিত করেছেন। সে কারণেই ফِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا (এই আয়াত)-কে مذکر (স্মারক দানকারী) এবং তাঁদের শিক্ষা ও আমন্ত্রণ-আহ্বানকে ذِكْرِى ও تَذْكِيرٌ (অর্থাৎ, স্মারক) শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে।
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى (অতএব স্মরণ করিয়ে দাও যদিই বা এই স্মারক কোন উপকার সাধন করে)। কারণ, বাস্তবপক্ষে আল্লাহ্র শিক্ষা স্মারক ছাড়া আর কিছুই নয়। ধর্ম ও আদর্শের এই গোটা ব্যবস্থাটা মানুষের বাইরে থেকে অঙ্কুরিত হয়নি, বরং এর বীজ তাদের প্রকৃতিতেই প্রোথিত ছিল। আল্লাহ্ তাআলা তাঁর বিশেষ বান্দাদের মাধ্যমে তার সেচের ব্যবস্থা করেছেন আর তাতেই সেটা বিরাট মহীরুহে পরিণত হয়েছে। ভূমি যেমন প্রজনন ও প্রবর্ধনের সমস্ত ক্ষমতা সমৃদ্ধ, কিন্তু বৃষ্টির মুখাপেক্ষী; যা বর্ষিত হওয়ার সাথে সাথে তার সুপ্ত সমৃদ্ধি বিকশিত হয়ে ভূপৃষ্ঠে বিস্তৃত হয়ে পড়ে, তেমনিভাবে মানব প্রকৃতিও জ্ঞান-বিজ্ঞান এবং বুদ্ধি-বিবেচনার যাবতীয় গুণাবলীতে ভরপুর। কিন্তু তার বিকাশ ও ফলশ্রুতি একটি আসমানী বৃষ্টির মুখাপেক্ষী। যখন সে বৃষ্টি বর্ষিত হয়, তখন তার প্রতিটি অংশ স্বর্গের জন্যও ঈর্ষণীয় হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে এ বৃষ্টি না হলে মানব প্রকৃতি একটি মৃত ভূখন্ডের মতই হয়ে পড়ত। নৈতিক ও আত্মিক জীবনের সমস্ত নিদর্শন থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়ে যেত। এই আসমানী বৃষ্টিই হচ্ছে আল্লহ্ কর্তৃক অবতীর্ণ কিতাব কোরআনে হাকীম।
কোরআনের বিভিন্ন নামের মধ্যে تذکره এবং نور এমন দুটি নাম-যা অত্যন্ত পরিষ্কারভাবে সেই সত্যটির প্রতি ইঙ্গিত করে, যা ওপরে উল্লেখ করা হল।
تذکره অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। তার মানে কোরআনে হাকীম আমাদিগকে যাই কিছু শিক্ষা দেয়, তা সম্পূর্ণভাবে আমাদের প্রকৃতি মোতাবেক হওয়ার ফলে এমনভাবে মনে বসে যায়, যাতে মনে হয়, আমাদেরই বিস্তৃত পাঠ স্মরণ করিয়ে দিচ্ছে। এমন কোন কথাই সে বলছে না যা আমাদের জন্যে অদ্ভুত, বিরল কিংবা স্কুল।
'নূর' অর্থ হচ্ছে 'আলো' বা জ্যোতি। আলো বা জ্যোতি বস্তুকে দর্শনীয় করে তোলে। অন্য কথায় যার অর্থ দাঁড়ায়, মানব প্রকৃতির স্তরের পর স্তর পর্দার অন্তরালে প্রকৃত জ্ঞান ও দর্শনের যে মণি-মুক্তা, পদ্মরাগ লুকিয়ে আছে, আল্লাহ্ কিতাবের জ্যোতি বিকিরিত হয়ে সেগুলো চোখের সামনে তুলে ধরে।
এই ব্যাখ্যার দ্বারা প্রতীয়মান হয় যে, ذکر শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই যাবতীয় জ্ঞান-দর্শনের উৎসমূল। শব্দটি এ সত্যের প্রতিই ইঙ্গিত করে যে, প্রকৃত জ্ঞান অর্জনের পথ হচ্ছে এই যে, মানুষ সে পাঠগুলোর যথাযথ অনুশীলন করে নেবে, যা তাদেরকে সৃষ্টিলগ্নে পড়ানো হয়েছে, কিন্তু তারা তা ভুলে রয়েছে। 'মারেফাত' বা আল্লাহ্র পরিচয় লাভ এবং হেকমত বা অভিজ্ঞানের সমস্ত রহস্য আল্লাহ্ আমাদের প্রকৃতির অভ্যন্তরে গচ্ছিত রেখেছেন, কিন্তু আমরা হয় সেগুলো বিস্মৃত হয়ে আছি, না হয় সেগুলো আমাদের দৃষ্টির অন্তরালে লুকিয়ে রয়েছে।
আমরা সেগুলো স্মরণ করতে অথবা নিজের স্মৃতির সামনে তুলে আনতে চেষ্টা করব। এই হচ্ছে সেগুলোকে ফিরে পাওয়ার পথ। এ কাজে আমাদের সাহায্য করার উদ্দেশে, আমাদেরকে পথ দেখাবার জন্যে আল্লাহ্ রাব্বুল আলামীন নবী-রসূল পাঠিয়েছেন, বিভিন্ন কিতাব নাযিল করেছেন এবং সব শেষে নাযিল করেছেন কোরআন মজীদ, যা স্মরণ করিয়ে দেয়ার উদ্দেশে সর্বাধিক উপযোগী, সবচেয়ে বেশী কার্যকর এবং সমস্ত গ্রন্থের শেষ গ্রন্থ। এদিক দিয়ে কোরআন মজীদ নিঃসন্দেহে অত্যন্ত সহজ গ্রন্থ। জ্ঞান ও দর্শনের সর্বোচ্চ শীর্ষে আরোহণ করার জন্য এর চাইতে সহজ-সরল পথ দ্বিতীয় একটি নেই। সবচাইতে বেশী নিকটবর্তী, সবচেয়ে বেশী সমতল, সবচেয়ে বেশী নিরাপদ পথ এটাই। অন্যান্য পথে রয়েছে ভ্রষ্টতা, রয়েছে গোলযোগ, রয়েছে দুর্গম গিরিসংকট, দূরতিক্রম্য সাগর-সমুদ্র, রয়েছে ভয়াবহ মরু-প্রান্তর। কিন্তু কোরআন মজীদের যে পথ, তা সম্পূর্ণ ভয়মুক্ত। আল্লাহ্ তাআলা পর্যন্ত পৌঁছার জন্যে আল্লাহ্ কর্তৃক উন্মোচিত পথ এটাই। সেজন্যে এতে কোনরকম বক্রতা নেই; এটাই সেরাতে মুস্তাকীম। এই হচ্ছে অমর ধর্ম। মানুষের অথবা শয়তানের কোন রকম হস্তক্ষেপই এর সরলতাকে বাঁকিয়ে দিতে পারে না; পারেনি, পারবে না। এ পথ যে অবলম্বন করবে আল্লাহ্র সান্নিধ্য সে পাবেই। কিন্তু এর অর্থ কখনো এই নয় যে, এ পথের পথিক দূরত্ব অতিক্রম করার এবং পাথেয় সাথে নেয়ার যে পরিশ্রম তা থেকেও অব্যাহতি পেয়ে যাবে এবং বিনা পদক্ষেপে, বিনা পরিশ্রমে আপন গন্তব্যস্থানে পৌঁছে যাবে।
এই ত সেদিনও সাগরে পালের নৌকা চলত এবং সাগরের যাত্রীরা জীবনবাজি রেখে এ যাত্রাপথ অতিক্রম করত। এখন সে জায়গাটি দখল করে নিয়েছে বাষ্পীয় জাহাজ। ফলে সামুদ্রিক সফরের অশেষ কষ্টের অনেকটা অবসান হয়েছে। কিন্তু সাগর তবুও সাগরই রয়ে গেছে; ডাঙ্গা হয়নি। এমনি অবস্থা আমাদের আত্মিক ও নৈতিক জগতের। কোরআন মজীদ অবতীর্ণ হওয়ার পূর্বে আমরা আল্লাহ্ মারেফাতের সাগর যেন পালের নৌকার সাহায্যে পাড়ি দিতাম এবং এ সফরে অসংখ্য ভয়-শঙ্কা, অগণিত বিপদাপদের সম্মুখীন হতে হত। কিন্তু কোরআন মজীদ নাযিল করে আল্লাহ্ এ সাগরের জন্যে এমন নৌযান পাঠিয়ে দিলেন, যা উৎকর্ষের সর্বশেষ নির্দশন। সে মহাদেশসমূহের সীমান্তগুলো মিশিয়ে দিয়েছে। সাগরের যাবতীয় ভয়-শঙ্কাকে জয় করে নিয়েছে। উত্তাল তরঙ্গমালা, প্রচন্ড ঝড়-জলোচ্ছ্বাস আর বরফের বিশাল চটানকে পরাজিত করেছে। এসব কিছুই হয়েছে, কিন্তু সাগর আজও সাগরই থেকে গেছে; নিজের বাড়ীর আংগিনা হয়ে যায়নি।
সুতরাং কোরআন মজীদের 'সহজ' হওয়ার অর্থ শুধু এই যে, কোন শিক্ষার্থী যদি এর নির্দেশানুযায়ী প্রকৃত সত্যে পৌঁছতে চায়, তা হলে আল্লাহ্ তাআলার তরফ থেকে সাহায্য পাবে। কারণ, সে যে পথ ধরেছে আল্লাহ্ নিজেই তার উন্মোচন করেছেন। তার চেয়ে সরল-সমতল পথ আর দ্বিতীয়টি নেই। হযরত কাতাদা (রাঃ) (هل من مدكر হাল মিম মুদ্দাকির)-এর ব্যাখ্যা প্রসংগে নিম্নলিখিত শব্দ সমষ্টিতে এ বাস্তবতার প্রতিই ইঙ্গিত করেছেন। هل من طالب علم فيعان عليها আছে কি এমন কোন জ্ঞান-সাধক যাকে সাহায্য করা যেতে পারে?
এ তাৎপর্যের প্রতিই তফসীরে কাশাফ প্রণেতা এভাবে ইঙ্গিত করেন-
يجوز ان يكون المعنى ولقد هياناه للذكر من يسر ناقته للسفر اذا رحلها يسر فرسه للغز واذا اسرجه والجمه .
অর্থাৎ, এর এ অর্থও হতে পারে যে, আমি যিকর (জ্ঞানার্জন)-এর জন্যে কোরআন মজীদকে উপযোগী করে দিয়েছি। যেমন, প্রচলিত বাগধারা রয়েছে- يسر ناقته للسفر ويسر فرسه )স উটনীকে সফরের জন্যে এবং ঘোড়াকে যুদ্ধ ক্ষেত্রের জন্য উপযোগী করেছে)।
বিস্তারিত এই বর্ণনার দ্বারা পরিষ্কার হয়ে যায় যে, সাধারণভাবে এ আয়াতের যে অর্থ করা হয় এবং তা থেকে যে মর্ম উদ্ধার করা হয়, তা সঠিক বা যথার্থ নয়। যে প্রেক্ষাপটে আয়াতটি উল্লেখ করা হয়েছে, তার প্রতি লক্ষ্য করলেও সে বাস্তবতাই প্রকাশ পায়, যে সম্পর্কে আমরা ইংগিত করেছি। আয়াতটি সূরা ক্বামারে বারংবার পুনরাবৃত্তি করা হয়েছে। সূরা ক্বামারে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হল, কাফেররা আল্লাহ্ তাআলার কেয়ামত অনুষ্ঠান সংক্রান্ত ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং দাবী করে যে, আযাব যদি আসারই হয়ে থাকে তা হলে তার একটা নিদর্শন আমাদের কাছে আসুক; আমরা তাকে একটু চোখেই দেখে নিই! তারপরেই না হয় ঈমান আনব। এরই উত্তরে আল্লাহ্ তাআলা বললেন, ইতিপূর্বে বহু জাতি এমনিভাবে আযাব যাজ্ঞা করেছে এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। কারণ, আযাবের নিদর্শন দেখার পরেও ঈমান ও হেদায়াতের পথ তাদের জন্য উন্মুক্ত হয়নি। মানুষ নিজের বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবে, এই হল ঈমান ও হেদায়াতের পথ। যখন তারা জ্ঞান-বুদ্ধির নেতৃত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, তখন আর তাদের জন্য ঈমান ও সত্যের লক্ষ্যে পৌঁছার কোন পথই থাকেনি। বুদ্ধি-বিবেচনা অকেজো করে দেয়ার দরুনই তারা আসমান-যমীনের অসংখ্য নিদর্শনকেও মিথ্যা প্রতিপন্ন করেছে, অগণিত বিস্ময়কর বিষয়কে মিথ্যা জ্ঞান করেছে, সীমাহীন অলৌকিক মু'জেযা থেকে চোখ বন্ধ করে নিয়েছে। তা হলে যারা এমনি হাজারো প্রকৃষ্ট বিষয় অস্বীকার করেছে, কেমন করে তারা এটাকে মেনে নেবে? যে সুতীব্র আলোকচ্ছটায় ধাঁধিয়ে যাবার ফলে তারা সেগুলো অস্বীকার করেছিল সে ধাঁধার কারণেই এটাকেও অস্বীকার করবে। এ কারণে আয়াত ও মু'জেযাসমূহের দাবী সম্পূর্ণ নিরর্থক। তারা যদি ঈমান গ্রহণ করতে চায় আর এ ওয়াদা যদি শুধু উপহাস-কৌতুক না হয়ে সত্যিকারভাবে তাদের মনের স্বীকৃতি হয়, তা হলে জ্ঞান-বিবেচনার পথই গ্রহণ করে নিক। জ্ঞান অর্জনের জন্যে আমি কোরআন মজীদকে পূর্ণাংগ ও উপযোগী করেছি। তাতে যাবতীয় প্রশ্নের সমাধান রয়েছে। প্রতিটি সন্দেহ-সংশয়ের মীমাংসা রয়েছে। প্রতিটি মানসিক ব্যাকুলতার সান্ত্বনা রয়েছে। একে গ্রহণ করলেই সে প্রতিটি লক্ষ্যে পথ প্রদর্শন করবে, প্রতিটি জটিলতার সমাধান দেবে।
📄 সহজতার কয়েকটি দিক
'তাইসীর' ব সহজতার প্রকৃত তাৎপর্য সম্পর্কে অবহিত হয়ে যাবার পর এবার লক্ষ্য করা যেতে পারে, আল্লাহ্রাব্বুল আলামীন কোরআনকে জ্ঞান ও মারেফাত কিংবা আল্লাহ্ পরিচিতি লাভের জন্য কর্তভাবে উপযোগী করেছেন।
১. এ প্রসংগে সর্বপ্রথম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোরআন মজীদের প্রকৃষ্ট আরবী ভাষায় নাযিল হওয়া। আল্লাহ্ কোরআন মজীদের এ বৈশিষ্ট্য সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করেছেন। সূরা ইউসুফে বলা হয়েছে: إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا আমি কোরআনকে আরবী কোরআন বানিয়ে অবতীর্ণ করেছি। كِتَابٌ فُصِّلَتْ آيَاتُهُ قُرْآنًا عَرَبِيًّا . (এমন গ্রন্থ, যার নিদর্শনগুলোকে আরবী কোরআন আকারে বিশ্লেষণ করা হয়েছে )1( وَهُذَا لِسَانَّ عَرَبِى تُمُبِينٌ )আর এটা প্রকৃষ্ট আরবী ভাষা।( - (সূরা নাহল)
কোরআনের সর্বপ্রথম লক্ষ্য ছিল আরবরা। তাদের জন্যে সবচেয়ে বেশী প্রয়োজন ছিল কোরআনের আরবী ভাষায় নাযিল হওয়া। তা না হলে কোরআনের দ্বারা উপকৃত হওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হত। তখন এই প্রশ্ন হতে পারত, কোরআন মজীদকে তাদের জন্য পরিপূর্ণভাবে খুলে দেয়া হয়নি। কারণ, তার ভাষা আজমী অথচ তারা হল আরব, আরবী আর আজমীর কি সম্পর্ক? সূরা ফুসসিলাতে বর্ণিত হয়েছে- لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ أَعْجَمِيٌّ وَعَرَبِي (তারা আপত্তি উত্থাপন করত যে, কোরআনের আয়াতগুলেকে কেন খুলে দেয়া হল না? ভাষণ আজমী ভাষায়, অথচ শ্রোতা আরবী!) সে জন্যেই কোরআন আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে। তাও এমন আরবী যা ‘মুবীন’ বা প্রকৃষ্ট। সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন। কোন রকমের জটিলতা নেই। যেকোন শ্রেণীর লোক অতি সহজে বুঝতে পারে। কোন সংকীর্ণতা বা সীমাবদ্ধতা নেই; কোন গোত্র, কোন দল কিংবা কোন শ্রেণীর বর্ণনারীতি, শব্দ, বাগধারার সাথে বিশেষভাবে যুক্ত নয়, বরং আরবের ভাষাবিদদের যে রীতি, কোরআন সেভাবেই অবতীর্ণ। যা সবাই বুঝতে পারত, যার বাগ্মিতা সম্পর্কে সবাই ছিল একমত। সুতরাং কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়াটা আরবদের হিসেবে অত্যন্ত প্রকৃষ্ট ও সহজ ছিল।
কোন কোন আয়াতে এরও ব্যাখ্যা রয়েছে। বলা হয়েছে-
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ - وَتُنْذِرَ بِهِ قَوْمًا لداً
অর্থাৎ, আমি তাকে উপযোগী বানিয়েছি তোমাদের ভাষায়, যাতে তোমরা তার মাধ্যমে আল্লাহভীরুদেরকে সুসংবাদ এবং হটকারীদেরকে অবহিত করে দিতে পার। সূরা জাসিয়ার এক আয়াতে এরশাদ হয়েছে-
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
আর আমি তাকে তোমার রসনায় সুদৃঢ় করেছি, যাতে তারা স্মারক গ্রহণ করে।
কেউ হয়ত বলতে পারে, এই সহজবোধ্যতা আরবদের জন্যে হয়েছে আরবী ভাষায় কোরআন নাযিল হওয়ায়; অনারব আজমীদের তাতে কি ফায়দা হল? প্রশ্নটি যথার্থ। এই تیسیر বা সহজীকরণের ব্যাপারটি বিশেষ করে আরবদের সাথেই যুক্ত, যারা কোরআনের প্রাথমিক শ্রোতা বা লক্ষ্য এবং যাদেরকে আল্লাহ্ অন্যান্য জাতিসমূহের হেদায়াতের মাধ্যম বানিয়েছেন। কিন্তু বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে বুঝা যাবে, কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়ার মধ্যে تیسیر সহজীকরণ-এর সাধারণ দিকটিও রয়েছে। এর বিশদ ব্যাখ্যা হচ্ছে এই যে, কোরআন মজীদের পক্ষে যেকোন দেশে অথবা যেকোন একটা জাতিতে কোন একটা বিশেষ ভাষায় অবতীর্ণ হওয়া ছিল অবশ্যম্ভাবী; অপরিহার্য। সরাসরি পৃথিবীর সমস্ত জাতির প্রতি এবং প্রচলিত সমস্ত ভাষায় অবতীর্ণ হওয়াটা কিছুতেই সম্ভব ছিল না। তা ছাড়া এমন হওয়াটা গোটা পৃথিবীর জন্য মঙ্গলকরও হত না। ইসলাম একটা বিশ্বজনীন একত্ববাদের আমন্ত্রণ জানায়। এতদুদ্দেশেই পৃথিবীর জন্য সর্বশেষ যে বিধান, যে বাণী, যে আহবান ঘোষণা করা হবে তার কেন্দ্র কোন একটা জাতি, কোন একটা স্থান, কোন একটা সত্তা এবং কোন একটা ভাষাকে করাই ছিল জরুরী। আল্লাহ্র অভিজ্ঞান জাতিসমূহের মধ্যে বনী ইসরাঈলকে, স্থানসমূহের মধ্যে ইবরাহীমের আবাসভূমিকে, লোকসমূহের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ্ (সঃ)-কে, ভাষাসমূহের মধ্যে প্রকৃষ্ট আরবী ভাষাকে নির্বাচিত করেছে। বস্তুত আজকের বিশ্ব এই সত্য অস্বীকার করতে পারে যে, এই নির্বাচন ছিল একান্ত উত্তম নির্বাচন। ধর্মের নিগূঢ় তত্ত্ব ও তথ্য, হেকমতের ধারা ও মর্ম এবং আলমে গায়েব (অদৃশ জগতের) গোপন রহস্য বর্ণনা করার জন্যে আরবী ভাষা ছাড়া আর কোন ভাষা এমন উপযোগী হতে পারত না। কাজেই কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়া যেমন আরবদের জন্যে রহমত বা অনুগ্রহ ছিল, তেমনিভাবে কোন কোন দিকের প্রেক্ষিতে গোটা বিশ্বের জন্যেই রহমত বটে।
২. تیسر বা সহজীকরণের দ্বিতীয় দিকটি হচ্ছে, কোরআন মজীদের অল্প অল্প করে নাযিল হওয়া। যদি গোটা কোরআন মজীদ একবারে নাযিল হয়ে যেত, তা হলে তার শিক্ষাসমূহ মানব মনে বদ্ধমূল হতে পারত না। অতি গভীর বিষয়সমূহ তখনই মনের গভীরে শিকড় গেড়ে নিতে পারে, যখন তা ধীরে ধীরে পাঠ করে শেখানো হয়। তেমনিভাবে তা মন-মস্তিষ্কে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করে এবং একেকটা বিষয় অনুশীলনের মাধ্যমে পরিপক্বতা লাভ করে। আল্লাহ তাআলা কোরআন মজীদের ব্যাপারে তাই করেছেন। তাকে একবারে নাযিল করেননি; বরং ধীরে ধীরে, সময় ও অবস্থার তাগিদ অনুসারে এবং প্রয়োজনের ভিত্তিতে নাযিল করেছেন। আর যখন কাফেররা প্রশ্ন তুলেছে যে, কোরআনও তওরাতেরই মত একবারেই নাযিল হয়ে যায় না কেন; অল্প অল্প করে কেন অবতীর্ণ হচ্ছে? তখন তাদের উত্তরে বলা হয়েছে- ذلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا - (فرقان) এমন হওয়ার কারণ হল, এভাবে আমি তোমাদের অন্তরকে দৃঢ় করে নিই এবং কোরআনকে থেমে থেমে অবতীর্ণ করি। সূরা বনী ইসরাঈলের এক আয়াতে বলা হয়েছে- لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْرٍ - যাতে তুমি এটা মানুষকে থেমে থেমে শুনাতে পার।
প্রত্যেকেই বুঝতে পারে যে, যিক্র তথা জ্ঞানার্জনের সবচাইতে সহজ এবং যথার্থ পদ্ধতি এটাই। আর সেজন্যেই কোরআন মজীদেও সে পদ্ধতিই অবলম্বিত হয়েছে।
৩. সূরা হূদের শুরুতে কোরআন মজীদের সহজীকরণ বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ দিক এভাবে বর্ণনা করেছেন—
كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٌ خَبِيرٍ
(এটা) এমন কিতাব, যার আয়াতসমূহকে পূর্বাহ্নে সুগঠিত করা হয়েছে। অতঃপর একজন অভিজ্ঞানসম্পন্ন, সর্ববিষয়ে পরিজ্ঞাত সত্তার পক্ষ থেকে তার বিশ্লেষণ করা হয়েছে।
এ আয়াতের দ্বারা বুঝা যায়, কোরআন মজীদ প্রথমে ঈমান ও ধর্মের মৌলনীতিসমূহের শিক্ষা দিয়েছে। অতঃপর দিয়েছে আনুষঙ্গিক বিষয়সমূহের বিস্তারিত বিবরণ। শিক্ষাদানের এই পদ্ধতি মানব প্রকৃতির জন্য সর্বাধিক অনুকূল। সেজন্য কোরআনও এ পদ্ধতিই গ্রহণ করেছে। মক্কায় অবতীর্ণ সূরাগুলোতে ধর্মের সমস্ত মৌলিক নীতিসমূহের শিক্ষা, তওহীদ, রেসালাত, আখেরাত প্রভৃতি বিষয় অতি সংক্ষিপ্তভাবে এবং ব্যাপক বাক্যের মাধ্যমে বলা হয়েছে। তখন এগুলোর সবিস্তার বিশ্লেষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। এসব মৌলিক নীতিমালা মানুষের মন-মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যাওয়ার পরে এর আনুষঙ্গিক বিষয়ের প্রতি দৃষ্টি দেয়া হয় এবং মদীনায় অবতীর্ণ সূরাসমূহে সেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা-বিশ্লেষণ একান্ত মানব প্রকৃতির জন্যে সম্পূর্ণ গ্রহণযোগ্য এবং ধর্মীয় বিধানসমূহের তত্ত্ব ও তথ্যসমূহ অতি উত্তমভাবে প্রকাশ করার মত করে অবতীর্ণ করা হয়েছে। এ কারণে এটাও সহজীকরণের অন্তর্ভুক্ত।
৪. تيسير বা সহজীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, একই বিষয়কে বিভিন্ন পদ্ধতিতে বলা, যাতে সে বিষয়টি উত্তমভাবে শ্রোতাদের মনে বসে যায়। কোরআন মজীদের পরিভাষায় একে تصریف آیات বলা হয়। কোরআন এ বিষয়টি একাধিক জায়গায় উল্লেখ করেছে। সূরা আনআমের এক আয়াতে বর্ণিত হয়েছে—
انْظُرْ كَيْفَ نُصَرِفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
লক্ষ্য কর, আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের প্রমাণগুলোকে কেমন করে বর্ণনা করি। তবুও তারা বিমুখতা অবলম্বন করে।
)انظر كَيْفَ نُصَرِفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ (انعام
লক্ষ্য কর, কেমন করে আমি আমার দলিল-প্রমাণসমূহকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে করে তারা উপলব্ধি করে।
কোরআনের গবেষণা ও পর্যালোচনা দ্বারা تصریف ایات )তাসরীফে আয়াত( -এর এ অর্থ বুঝা যায় যে, কোন কোন সময় একই বিষয়কে বিভিন্ন পদ্ধতিতে এবং বিভিন্ন যুক্তি-প্রমাণের মাধ্যমে বর্ণনা করা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করাই 'তাসরীফে আয়াত'। আয়াতে কোরআনের ক্ষেত্রে শব্দটি تصريف رياح )তাসরীফে রিয়াহ্) থেকে নেয়া হয়েছে। তাহলে 'তাসরীফে রিয়াহ্'-এর তাৎপর্যটা কি? বায়ু একই, কিন্তু তার রূপধারণের কোন শেষ নেই। কখনও করুণা, কখনও শান্তি, কখনও মৃদুমন্দ চলে আর কাননে ফুল ফুটায়, ক্ষেতে ফসল পাকায়। কখনও লু হয়ে দেখা দেয় এবং পুষ্পোদ্যান আর শস্যভূমিকে ঊষর মরুভূমিতে পরিণত করে চলে যায়। কখনও মেঘমালাকে নিজের কাঁধে বয়ে নিয়ে আসে, যাতে খরাতপ্ত যমীন পানিতে থৈ থৈ করতে থাকে, কখনও সেগুলোকে হাঁকিয়ে নিয়ে যায় আর তাতেই কৃষকের, সাধারণ মানুষের তথা পৃথিবীবাসীর জন্যে থাকে অসংখ্য কল্যাণ। সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আবার বছরের বিভিন্ন মাসে না জানি সে কতভাবে রূপ বদলায়! তার প্রতিটি রূপবদলই সৃষ্টি জগতের জীবন ও তার প্রবৃদ্ধির জন্যে একান্ত প্রয়োজন। কখনও সে হয় ঊষ্ণ, কখনও শীতল, কখনও শুষ্ক, কখনও আর্দ্র। কখনও প্রচন্ড ঝঞ্ঝা ও ঘূর্ণির ভয়ঙ্কর রুদ্রমূর্তিতে আত্মপ্রকাশ করে, কখনও প্রভাতীর মনোহারী সৌরভ হয়ে। পরওয়ারদেগারে আলম বায়ুর এই বিবর্তনের কথা বিভিন্ন স্থানে আলোচনা করেছেন। সূরা জারিয়াত ও সূরা মুরসালাতে তার এই বিবর্তন-বিস্ময়ের শপথও নিয়েছেন।
হুবহু এমনি অবস্থা কোরআন মজীদে আল্লাহ্ তাআলার আয়াতসমূহেরও। কোন কোন সময় একই আয়াত এত বিবিধ দিক সংরক্ষণ করে যে, তার সবগুলো বক্তব্যে প্রকাশ করা সম্ভব নয়। আর একই বিষয় বা বক্তব্য এত বিভিন্নরূপে প্রকাশিত হয়েছে যা গুনে শেষ করা কঠিন হয়ে দাঁড়ায়। একে কোরআন মজীদ تصريف )তাসরীফ) বা বিবর্তন শব্দে প্রকাশ করেছে। এর একটা উদাহরণ দেয়া বাঞ্ছনীয়। সূরা আরাফের এক জায়গায় বৃষ্টির উদাহরণ দিয়েছেন:
هُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بَشَرًا بَيْنَ يَدَى رَحْمَتِهِ -
আর তিনিই (সে সত্তা) যিনি বায়ুগুলোকে স্বীয় রহমতের পূর্বে পাঠান সুসংবাদ বানিয়ে।
আর বৃষ্টির এই একটা উদাহরণেই নিম্নোক্ত তিনটি বাস্তবতার প্রতি ইঙ্গিত করেছেন।
১. আশা-নিরাশায় শুধু আল্লাহকেই স্মরণ করা উচিত। তাঁর থেকে কখনও নিরাশ হওয়া উচিত নয়। তাঁর রহমত বা করুণা সর্বক্ষণ মানুষের অতি নিকটে। কখনও দেখা যায়, দীর্ঘ দিন বৃষ্টি হচ্ছে না। সারা শস্যক্ষেত্র জ্বলে যাচ্ছে; আকাশের দিকে তাকালে বৃষ্টির চিহ্নটি দেখা যায় না, হঠাৎ কোনখান থেকে ভেসে আসে একটা ছোট্ট মেঘখন্ড মুহূর্তে চারদিকে পানি থৈ থৈ করতে থাকে আর সমস্ত নিরাশা আশায় রূপান্তরিত হয়ে যায়। তাই বলা হয়েছে:
ادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ .
আশা হোক, নিরাশা হোক, যেকোন অবস্থায় তাঁকেই ডাক। আল্লাহর রহমত তাঁর বান্দাদের নিকটেই রয়েছে।
২. কেয়ামতে যারা অবিশ্বাসী তারা অবাক যে, এটা কেমন করে হবে। মানুষ যখন পচে-গলে যাবে সে আবার কবর থেকে ওঠে আসবে! অথচ এতে এতটুকুও বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা অহরহ এরূপ প্রত্যক্ষ করি। গোটা শস্যক্ষেত্র জ্বলে-পুড়ে গেছে, ঘাসের একটা কুটোও কোথাও নজরে পড়ে না। এমনি সময় হঠাৎ বৃষ্টি হয়ে যায়, আর কয়েকদিনের মধ্যেই দেখা যায়, সমগ্র ভূমিতলে শ্যামল বনাত বিছিয়ে গেছে।
كَذَالِكَ سُقْتُهُ لِبَلَدٍ مَّيْتِ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ نُخْرِجُ الْمَوْتَى .
আমি এই মেঘমালাকে কোন শুষ্ক ভূমির দিকে হাঁকিয়ে নিয়ে যাই এবং সেখানে পানি বর্ষাই। তারপর তা থেকে সৃষ্টি করে দেই সব রকমের ফল। এভাবেই মৃতকেও তুলে দাঁড় করাব।
বৃষ্টি হয় যমীনের সব অংশেই, কিন্তু তার ফলাফল ও ক্রিয়া সব জায়গায় একই রকম হয় না। পাঠকবৃন্দ হয়ত দেখে থাকবেন, যে ভূমি উর্বর ছিল, বৃষ্টির সাথে সাথে সেগুলো আপন বুকে লুকিয়ে রাখা সমস্ত ভান্ডার উজাড় করে দিয়েছে। আর যে যমীন ছিল লোনাযুক্ত, তাতে হয় কোন কিছু গজালই না, আর যদি গজিয়ে থাকেও তা এমন বস্তু নয়, মানুষ যার ফল-ফসল খাবে। বরং এমন জিনিসই সে বের করল যাতে মানুষকে দুঃখই পোহাতে হবে। এমন অবস্থা আকাশের আধ্যাত্মিক বৃষ্টিরও। যমীনের মওসুমের মতই তারও একটা মওসুম আসে। আর সে মওসুমে আল্লাহ্ আসমান থেকে হেদায়াত অবতীর্ণ করেন যার আবেদন সাধারণভাবে সবারই জন্যে হয়ে থাকে, কিন্তু তার কল্যাণ সবাই নিজ নিজ যোগ্যতা অনুসারেই প্রাপ্ত হয়। যার প্রকৃতি সৎ, সে ত এই বৃষ্টিতে যথার্থ আশীর্বাদ লাভ করে, কিন্তু যে লোক সৎপথ ভ্রষ্ট, এ বৃষ্টিতে তার সে ভ্রষ্টতায় স্ফীতি ঘটে। সুতরাং-
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُ بِإِذْنِ رَبِّهِ وَالَّذِي خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا -
- যে ভূমি উর্বর আল্লাহ্র কৃপায় তার চারা যথেষ্ট পরিমাণে গজায়। আর যে জমি খারাপ তাতে খুব কমই গজায়। লক্ষ্য করার বিষয়, বৃষ্টির একটিমাত্র উদাহরণে কেমন সব তাৎপর্য বেরিয়ে এসেছে। এসব ফলাফলের প্রতি ইঙ্গিত করার পর এরশাদ হচ্ছে-
كَذلِكَ نُصَرِّفُ الْآيَاتِ لِقَوْمٍ يَشْكُرُونَ
এমনি করে আমি আমার নিদর্শনসমূহকে বিবর্তিত করে ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রকারে বর্ণনা করি কৃতজ্ঞ লোকের জন্য। এই বিবর্তনের সম্পর্ক কোরআনের শিক্ষা কিংবা তার সহজবোধ্যতায় একান্ত পরিষ্কার। এ ব্যাপারে কোন বিশেষ আলোচনা নিষ্প্রয়োজন। এই বিবর্তন সম্পর্কে কোরআন মজীদের নিজের বিশ্লেষণ অনুযায়ী তার অর্থ হচ্ছে, লোকেরা যাতে বুঝে এবং স্মরণ করে সে জন্যেই এমন ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করা। বলা হয়েছে-
وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا -
আর আমি এই কোরআনে আমার প্রমাণগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছি, যাতে মানুষ স্মারক গ্রহণ করে। কিন্তু এ বিষয়টি তাদের ঘৃণাই বৃদ্ধি করেছে। আরো বলা হয়েছে-
انظر كيفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ .
লক্ষ্য কর, আমি কেমন করে নিজের নিদর্শনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে করে মানুষ বুঝে।
কোরআনের সহজীকরণের কয়েকটি দিক বর্ণিত হল। এগুলো ছাড়া আরও বহু বিষয় রয়েছে, যা কোরআন মজীদের ভেতর থেকে আহরণ করে নিয়ে তুলে দেয়া যেত, কিন্তু এর চাইতে বিস্তারিত আলোচনার জন্য এটা উপযুক্ত স্থান নয়।
যা হোক, বর্ণিত ব্যাখ্যা-বিশ্লেষণে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে, 'তাইসীরের' আয়াত দ্বারা সাধারণভাবে যে অর্থ নেয়া হয়, তা সঠিক নয়। জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞানের কোন গ্রন্থ সম্পর্কে যদি বলা হয় যে, বইটি জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞান লেখার জন্য অত্যন্ত সহজ, তবে তার অর্থ এই নয় যে, জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানে আদপেই এখন আর কোন জটিলতা রইল না। বরং এর অর্থ হবে এই যে, এসব বিষয় শিক্ষাদানের উদ্দেশে ভালর চেয়ে ভাল যে পদ্ধতি অবলম্বন করা যেতে পারত, এ গ্রন্থটি সেসব নিয়ম-পদ্ধতিতে প্রণীত। এমনিভাবে কোরআন মজীদ সম্পর্কে যে কথাটি বলা হয়েছে, তা 'যিক্র' অর্থাৎ জ্ঞানার্জন, উপদেশ ও প্রমাণ গ্রহণের জন্যে অত্যন্ত সহজ। তার অর্থ এই নয় যে, এতে ধর্মীয় জ্ঞান জনের জন্য চিন্তা-ভাবনা; গবেষণা-পর্যালোচনার যেসব চেষ্টার প্রয়োজন ছিল, তা আর রইল না। বরং এর মর্ম হচ্ছে, এই মহান জ্ঞান অর্জন করার জন্যে এমন একটি গ্রন্থের আবির্ভাব ঘটেছে যা সর্বোত্তম নিয়ম-পদ্ধতির মাধ্যমে আল্লাহ্র বান্দাদেরকে আল্লাহ্ প্রদত্ত ধর্মের নিগূঢ় তাৎপর্য, তত্ত্ব ও তথ্যসমূহ শিক্ষা দেয়।
📄 যাকে সংবোধন করা হয় তার সংবোধনের ভিত্তিতে কোরআনের জটিলতা
আলোচনার শুরুতেই আমরা লেখেছি, কোন একটি বক্তব্য কারো জন্য খুবই সহজ এবং কারো জন্য খুবই জটিল হতে পারে। কোরআন মজীদের ক্ষেত্রে এদিক দিয়েও লক্ষ্য করা প্রয়োজন। বলাবাহুল্য, রসূলুল্লাহ (সঃ)-এর আমলের মুসলমানদের জন্যে কোরআন মজীদ ছিল যথেষ্ট সহজবোধ্য। কিন্তু সে সহজবোধ্যতা 'পরবর্তী যুগের লোকদের জন্যে রয়নি। কারণ, তারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনাবলী, আপন যুগের প্রচলিত নিয়ম-রীতি এবং নিজের জাতির বিশ্বাস ও কার্যকলাপ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। কোরআন যেকোন বিষয়ে যেকোন ইশারা-ইঙ্গিত করেছে, সঙ্গে সঙ্গে তারা তা বুঝে নিতে পারতেন। এমনকি সেসব আয়াতসমূহ বুঝতেও তাঁদের কোন জটিলতার সম্মুখীন হতে হত না, যাতে কোন বিশেষ ঘটনা কিংবা কোন বিশেষ ব্যক্তি সম্পর্কে অতি সংক্ষেপে ও সূক্ষ্ম ইশারা বা ইঙ্গিত করা হত। কোন একটি আয়াত অবতীর্ণ হল আর তার কোন একটা শব্দে তাঁরা কোন বিশেষ ইঙ্গিত-সংকেতের গন্ধ পেলেন কি না পেলেন, সাথে সাথে তার যথার্থ লক্ষ্যের প্রতি অংগুলি নির্দেশ করে দিতেন এবং উদ্দেশ্যের গভীরতা পর্যন্ত এমনভাবে পৌঁছে যেতেন যেন রাখাঢাকা কোন বিষয়ই ছিল না। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করা যাক। কোরআন মজীদের বহু আয়াত আছে, যাতে আবু লাহাব সম্পর্কে অত্যন্ত সূক্ষ্মভাবে 'ইঙ্গিত করা হয়েছে। সেসব আয়াতে যে ব্যক্তিত্ব প্রচ্ছন্ন রয়েছে, তার প্রতি সাহাবায়ে কেরামের দৃষ্টি যত সহজে পড়তে পারত, তত সহজে আমাদের দৃষ্টি সেদিকে ধাবিত হতে পারে না। তাঁরা আকার-অবয়ব সম্পর্কে ভাল করে জানতেন বলে অদৃশ্য রসনা থেকে কোন একটি কথা নিঃসৃত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে তার উদ্দেশ্য বুঝে নিতেন। কোন কোন আয়াতে সাহাবাদের কারো কোন বিশেষ প্রশংসা অথবা কারো কোন বিশেষ কাজের নিন্দা করা হলে তা কোরআন অবতরণকালের লোকেরা যত সহজে ধরে নিতে পারতেন, পরবর্তী শতাব্দীসমূহের লোকদের পক্ষে সে বিষয়টি যে তত সহজে ধরে নেয়া সম্ভব নয়, তা বলা নিষ্প্রয়োজন।
আমল-আকীদার ব্যাপারটিও একই রকম। কোরআন মজীদে এমন একটি সূরাও হয়ত নেই, যাতে সেযুগের বিশ্বাস কিংবা কাজ-কর্ম সম্পর্কে আলোচনা করা হয়নি। কিন্তু যেভাবে প্রসিদ্ধ কোন বিষয় বর্ণনা করা হয়, তেমনি সংক্ষিপ্তভাবে সেগুলোর প্রতি ইঙ্গিত করে দেয়া হয়েছে; বিস্তারিত বর্ণনারীতি তাতে অবলম্বন করা হয়নি। যেমন, সূরা আনআমে আরবদের কোন কোন কাজ বা আমল ও বিশ্বাস বা আকীদা সম্পর্কে বর্ণনা করা হয়েছেঃ
وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهُذَا لِشُرَكَاتِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُو إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ - وَكَذَالِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتَلَ أَوْلَادِهِمْ شُرَكَاءَهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ - وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ - وَقَالُوا هَذِهِ أَنْعَامَ وَحَرْثٌ حجرٌ لا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامَ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامُ لا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاهُ عَلَيْهِ - سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ . وَقَالُو مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ لِذُكُورِنَا وَمُحَرَّمَ عَلَى أَزْوَاجِنَا وَإِن يَكُن مَّيْتَةٌ فَهُمْ فِيهِ شُرَكَاءُ سَيَجْزِيهِمْ وَصَفَهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ . قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمُ سَفَهَا لِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ - (١٤١ - ۱۳۷ আনআম)
আর তারা আল্লাহ্র সৃষ্ট ফসল ও চতুষ্পদ পশুসমূহের মধ্যে একটা অংশ সাব্যস্ত করল এবং নিজেদের ধারণা অনুযায়ী বলল, এটা হচ্ছে আল্লাহর জন্যে আর এটা আমাদের (অন্যান্য) অংশীদারদের জন্যে। বস্তুত যে অংশটি তাদের অংশীদারদের জন্যে সাব্যস্ত তা আল্লাহ্ পেতে পারেন না, আর যে অংশটি আল্লাহ্র জন্যে তা তাদের অংশীদাররা পেতে পারে। কি যে মন্দ সিদ্ধান্ত! তেমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের অংশীদাররা তাদের সন্তানদের- কে হত্যা করার বিষয়টিকে উত্তম করে দেখিয়েছে, যাতে তাদেরকে ধ্বংসে পতিত করা যায় এবং যাতে তাদের ধর্মকে তাদের কাছে সন্দিগ্ধ করে তোলা যায়। আর যদি আল্লাহ্ চাইতেন, তা হলে তারা এমনটি করতে পারত না। সুতরাং তাদের এবং তাদের নিন্দাবাদ ছেড়ে দাও। আর তারা বলে, এই চতুষ্পদ এবং ফসল অস্পৃশ্য; এগুলো খেতে পারবে না, কিন্তু আমরা যদি ইচ্ছা করি তবে তা স্বতন্ত্র কথা। নিজেদের ধারণা অনুযায়ী আরও কিছু চতুষ্পদ জীব রয়েছে, সেগুলোর পিঠ হারাম এবং কিছু চতুষ্পদ রয়েছে, যাতে আল্লাহ্ নাম নেয়া হয় না, আল্লাহ্র প্রতি নিন্দাচ্ছলে। আল্লাহ্ তাদের নিন্দাবাদের শীঘ্রই তাদেরকে প্রতিফল দেবেন। আর তারা বলে, এই চতুষ্পদের পেটে যে বাচ্চাটি রয়েছে, তা পুরুষদের জন্যে নির্ধারিত এবং আমাদের স্ত্রীদের জন্য হারাম। আর যদি তা মৃত জন্মায়, তা হলে তারা তাতে সমান সমান অংশীদার হবে। আল্লাহ শীঘ্রই তাদেরকে (স্বকল্পিত) বিশ্লেষণের বদলা দেবেন। নিঃসন্দেহে তিনি অভিজ্ঞানসম্পন্ন, জ্ঞানী। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বোকামির দরুন কোন রকম জ্ঞান-বুদ্ধি ছাড়াই নিজেদের সন্তানদের হত্যা করে দিয়েছে এবং আল্লাহ্ তাদেরকে যে জীবিকা দান করেছেন, সেগুলোকে আল্লাহ্র প্রতি বিদ্বেষবশত হারাম করেছে। এরা ভ্রষ্ট হয়ে গেছে; সরল পথে নেই।
এ আয়াতগুলোতে কিছু কাল্পনিকতা ও কুসংস্কারের বিষয় বর্ণনা করা হয়েছে। এর বর্ণনাভঙ্গি সংক্ষিপ্ত ও ইংগিতপূর্ণ। এতে পরিষ্কার বুঝা যাচ্ছে, যাদেরকে এই কাহিনী শোনানো হচ্ছে তারা সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিফহাল। কাজেই ভাষালংকারের দাবী ছিল যেন এর বিস্তারিত বর্ণনা দেয়া না হয়। কিন্তু পরবর্তীদের জন্যে, যারা সে যুগটি শেষ হয়ে যাবার পর এসেছে, ঐসব সংক্ষিপ্ত ইঙ্গিত যথাযথ বুঝে ওঠা খুব একটা সহজ ব্যাপার নয়। সে সমস্ত বিষয়ের বিস্তারিত বিবরণ দিতে গেলে তাদের মনে বহু প্রশ্ন দেখা দেবে, যার উত্তর দিতে গিয়ে সে যুগের ধ্যান-ধারণা, বিশ্বাস ও কার্যকলাপ সম্পর্কে ওয়াকিফহাল হওয়া অপরিহার্য।
ব্যাপারটি আরও একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেয়া যায়। সূরা আনফালে বলা হয়েছে : وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ الأَمْكَاءٌ وَتَصْدِيَةٌ
খানায়ে কা'বার সামনে তাদের নামায তালি বাজানো আর শীষ দেয়া ছাড়া আর কিছুই ছিল না।
আজকের দিনে আরবদের সে এবাদত-উপাসনার স্বরূপ কল্পনা করাটা যথেষ্ট কঠিন। কিন্তু যে যুগে কোরআন নাযিল হয়েছিল, তখনকার লোকদের জন্যে এর চাইতে সাধারণ ও জানা বিষয় আর দ্বিতীয় একটিও হতে পারত না। তারা শুধু যে নামাযের পরিপূর্ণ রূপ ও তাৎপর্য জানতেন তাই নয়, বরং ইসলামের আবির্ভাবের পূর্বে নিজেরাও এ নামাযই পড়তেন।
আরো একটি উদাহরণ সূরা আ'রাফ থেকে নেয়া যায়। বলা হয়েছে: وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا أَبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ .
আর যখন কোন অশ্লীল কাজ করে, তখন বলে, আমরা আমাদের বাপ-দাদাকে এ কাজ করতে দেখেছি। তা ছাড়া আল্লাহ্ আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। বলে দাও, আল্লাহ্ অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর প্রতি এমন কাজের অপবাদ আরোপ করছ, যার ব্যাপারে তোমাদের জানা নেই?
কোরআন নাযিল হওয়ার যুগে যারা উপস্থিত ছিলেন, তাঁরা বুঝেছেন, মক্কাবাসীর উলঙ্গ অবস্থায় খানায়ে কা'বা তওয়াফের সাথে আয়াতটি সম্পৃক্ত। অথচ এতে উলঙ্গ হয়ে তওয়াফ করার কথা কোথাও উল্লেখ নেই। বেশীর চেয়ে বেশী সূক্ষ্ম একটা ইঙ্গিত রয়েছে মাত্র। কিন্তু বক্তব্যের আনুপূর্বিক ধারাটা এমন ছিল যে, যারা মক্কাবাসীর সে অবস্থা সম্পর্কে অবগত ছিলেন, তাদের ধারণা শুধু সেদিকেই ধাবিত হতে পারত। অবশ্য পরবর্তী যুগের লোকদের বিষয়টি যথাযথ বুঝতে গিয়ে বিরাট জটিলতার সম্মুখীন হতে হয়েছে। তার কারণ, তাদের সামনে ছিল শুধুমাত্র বক্তব্যের আনুপূর্বিক যোগসূত্র; সে অবস্থা ও পরিবেশ তাঁদের সামনে ছিল না, যদ্দরুন এ আয়াতটি অবতীর্ণ হয়েছিল। যদিও শব্দাবলী এবং বক্তব্যের আনুপূর্বিক যোগসূত্র যথার্থ উদ্দেশের প্রতি পথনির্দেশের জন্য অপর্যাপ্ত নয়, তবুও সেই সংগে পরিবেশ এবং পরিস্থিতিরও যদি সাহায্য পাওয়া যায়, তা হলে প্রকৃত বাস্তবতা আপনিই সামনে এসে যায়।
উল্লিখিত আয়াতটির সাথে সাথেই বলা হয়েছে:
يُبَنِّى أَدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لا يُحِبُّ الْمُسْرِفِينَ - قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرزق - (اعراف ۳۱ - ৩২)
হে আদম সন্তানগণ! প্রত্যেকবার মসজিদে সমবেত হওয়ার সময় তোমরা উত্তম সজ্জা গ্রহণ করে নাও এবং পানাহার কর আর অপব্যয় করো না। কারণ, আল্লাহ অপব্যয়ীকে পছন্দ করেন না। তাদেরকে জিজ্ঞেস কর, কে হারাম করল আল্লাহ্র সাজ সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র রুজিকে, যা তিনি বান্দাদেরকে দান করেছেন?
এ আয়াতটিও উপরোল্লিখিত বিষয়ের সাথেই সম্পৃক্ত। এতে উলঙ্গ তওয়াফ করার আসল দর্শনটা বুঝা যাচ্ছে যে, আরবদের এই বোকামিসুলভ কাজটি তাদের অন্যান্য বহু কাজের মতই প্রকৃতপক্ষে একটা আবেগ নির্ভর আচরণ ছিল। এই নির্লজ্জ কাজটি তারা এজন্যে গ্রহণ করেছিল যে, তারা একে বৈরাগ্য ও পরহেযগারী বলে ধারণা করত। তাদের ধারণায় পোশাক-পরিচ্ছদ হল দাম্ভিকতা ও শোভ-সৌন্দর্যের বস্তু-সামগ্রী। কাজেই তারা তওয়াফের সময় তা খুলে ফেলত, যাতে আল্লাহর ঘরের তওয়াফ সেই পার্থিব মলিনতা থেকে পবিত্র থাকে। কোরআন মজীদ উল্লিখিত আয়াতে তাদের সে ধারণার খন্ডন করেছে যে, আল্লাহ্-ভক্তির এহেন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত যে, আল্লাহ যেসব নেয়ামত বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন, সেগুলো মানুষ নিজের জন্যে হারাম করে রাখবে। বরং এই নেয়ামতসমূহের দ্বারা উপকৃত হওয়া উচিত। কারণ, সেগুলো সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহ্ বান্দাদের উপকার সাধন। অবশ্য অপব্যয় নাজায়েয। এ থেকে বেঁচে থাকা কর্তব্য।
বলাবাহুল্য, উক্ত আয়াতের যথার্থ মর্ম অনুধাবন করতে পারা উলঙ্গাবস্থায় তওয়াফ করার দর্শনটির অবগতির ওপর নির্ভরশীল, যদিও এই দর্শনটি আয়াতের শব্দাবলী থেকেই বেরিয়ে আসছে। বরং এ বিষয়টি মেনে নেয়া ছাড়া আয়াতটির কোন যথার্থ ব্যাখ্যা করাই সম্ভব নয়। কিন্তু এর শব্দগুলোতে এমন ব্যাপকতা রয়েছে, যদি বিষয়গুলো সামনে না থাকে এবং বক্তব্যের পরিবেশ-পরিস্থিতির প্রতি লক্ষ্য না করে, তা হলে আয়াতটির যথার্থ উদ্দেশ্য পর্যন্ত পৌছুতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু যাঁদের সামনে এসব কার্যকলাপ এবং দর্শন উভয়টিই রয়েছে, তাঁদের পক্ষে আয়াতটি বুঝতে গিয়ে কি অসুবিধা থাকতে পারত? উপাখ্যান যেহেতু নিজেদেরই ছিল, তাই কথাটি মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে তার যাবতীয় তাৎপর্য আয়নার মত সামনে এসে উপস্থিত হয়ে গেল। এমনি করে সূরা বাকারায় হজ্জের আহকাম বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে:
فَإِذَا قَضَيْتُمُ مُّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللهَ كَذِكْرِكُمْ أَبَاءَكُمْ أَوْ أَشَدُّ ذِكْرًا . (بقرة - ٦٠٠)
- হজ্জের যাবতীয় ফরযগুলো যখন সম্পাদন করে ফেলবে তখন আল্লাহকে স্মরণ করো, যেমন করে স্মরণ করতে নিজেদের পিতা-পিতামহের কথা, বরং তার চেয়েও বেশী করে স্মরণ করো।
পূর্ববর্তী ওলামা-মনীষীদের কাছ থেকে আমাদের কাছে كذكر كم اباءكم এর যে ব্যাখ্যা এসে পৌঁছেছে, তাতে বলা হয়েছে:
وكانوا اذا قضوا مناسكهم وقفوا بين المسجد بمنى وبين الجبل فبعد دون فضائل اباء هم ويذكرون محاسن ايامهم .
হজ্জের আরকান ও ফরযসমূহ সম্পাদন শেষে লোকেরা মিনায় অবস্থিত মসজিদ এবং পাহাড়ের মাঝামাঝি এক জায়গায় বসে পড়ত এবং নিজেদের পিতা- পিতামহের গৌরব ও তাদের কৃতিত্বের কথা বর্ণনা করত।
আয়াতের শব্দাবলী যদিও উল্লিখিত বিবরণের দিকে ইঙ্গিত করেছে, কিন্তু এই ইঙ্গিত ধরে নেয়া তাদের পক্ষে সহজ নয় যারা পরিস্থিতি, ঘটনাস্থল এবং আরবদের রুচি সম্পর্কে পুরোপুরিভাবে ওয়াকিফহাল নয়। অবশ্য যারা কোরআন নাযিলের সময় উপস্থিত ছিলেন এবং তখনকার পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন, তাঁদের পক্ষে বিষয়টি বুঝা মোটেই কঠিন নয়।
তেমনিভাবে যেকোন কালের কথা ও বক্তব্য তখনকার অসংখ্য কৃষ্টিগত, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের সাথে জড়িত থাকে। ফলে সে কথাটির প্রকৃত সৌন্দর্য, তার যথার্থ বলিষ্ঠতা তখনও পর্যন্ত উপলব্ধি করা যায় না, যতক্ষণ না সে কথা বা বক্তব্যের পরিবেশ নিজের আশেপাশে তৈরী করে নেয়া যায়। যেমন, কোরআনের এক জায়গায় বলা হয়েছে:
إِنَّمَا اتَّخَذْتُمْ مِنْ دُونِ اللَّهِ أَوْثَانًا مُوَدَّةً بَيْنَكُمْ فِي الْحَيَوةِ الدُّنْيَا ثُمَّ يَوْمَ الْقِيمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَ يَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّن نَّاصِرِينَ -
তোমরা আল্লাহকে ছেড়ে পারস্পরিক বন্ধুত্বের জন্য পার্থিব জীবনে অন্য আশ্রয় বানিয়ে নিয়েছ। অতঃপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে অভিসম্পাত করবে। বস্তুত তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তোমাদের কোন সহায় থাকবে না।
ا مُوَدَّةً بَيْنَكُمْ فِي الْحَيَوةِ الدُّنْيَا - এ আয়াতে ( سُورَةً প্রয়োজন। এতে তৎকালীন রাজনীতির একটা মৌলিক বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা বুঝতে না পারলে আয়াতটির ব্যাখ্যায় কোন কোন অতি গুরুত্বপূর্ণ দিক আবরণমুক্ত হতে পারে না।
আরব এবং অন্যান্য পৌত্তলিক জাতিসমূহে পৌত্তলিকতাটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান ও বিশ্বাসই ছিল না, বরং তাদের যাবতীয় রাজনৈতিক এবং সামগ্রিক সম্পর্কও এরই সাথে জড়িত ছিল। ভিন্ন ভিন্ন গোত্রের পৃথক পৃথক মূর্তি ছিল এবং প্রচলিত নিয়ম ছিল। কোন্ গোত্র যখন অন্য কোন গোত্রের সাথে ঐক্য স্থাপন করতে চাইত, তখন তারা সে গোত্রের মূর্তির উপাসনায় অংশ নিত। আবার যখন কোন গোত্র অপর গোত্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইত, তখন এই বিচ্ছিন্নতার ঘোষণা করে দিত। এরপরে পারস্পরিক সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেত। লক্ষ্য করার বিষয়, যাঁদের সামনে বাস্তব এই পরিস্থিতি বিদ্যমান ছিল, তাদের পক্ষে এ আয়াতের মর্ম উপলব্ধি করতে কি অসুবিধা হতে পারে? শুনল আর বুঝে নিল। কিন্তু আমরা, যতক্ষণ পর্যন্ত সে সময়কার রাজনীতি সম্পর্কে সম্যক অবগত হতে না পারব, এই শব্দসমষ্টির তাৎপর্য কিংবা এতে যে বলিষ্ঠতা রয়েছে তার কি বুঝব?
এ বিষয়টিরই বিশ্লেষণকল্পে সূরা বাকারার সে আয়াতটিও একটি চমৎকার উদাহরণ, যা মদ্যপান ও জুয়ার নিষেধাজ্ঞা প্রসংগে অবতীর্ণ হয়েছে। বলা হয়েছে:
وَيَسْتَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمَ كَبِيرٌ وَ مَنَافِعُ لِلنَّاسِ وَاثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا - (بقره - ২১৯)
তারা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এগুলোতে মহাপাপ রয়েছে এবং মানুষের জন্যে কিছু উপকারিতাও বটে। তবে সেগুলোর পাপ উপকারিতার তুলনায় অনেক বেশী।
এ আয়াতটি সম্পর্কে একটি সাধারণ ভুল বুঝাবুঝি রয়েছে। মানুষ মনে করে, মদ্যপান ও জুয়ার যে উপকারিতার কথা কোরআন স্বীকার করেছে, সেগুলো তাদের চিকিৎসা বিষয়ক এবং ব্যক্তিগত। অথচ কথাটি কোনক্রমেই ঠিক নয়। কোরআন যে উপকারিতার কথা স্বীকার করেছে, তা হচ্ছে তাদের কৃষ্টিগত, নৈতিক ও সামাজিক উপকারিতা। কোন বস্তুর চিকিৎসা বিষয়ক এবং ব্যক্তিগত উপকারিতা একে তো কোরআনের আলোচ্য বিষয় নয়, দ্বিতীয়ত যদি মদে কিছু উপকারিতা থেকেও থাকে, তবে দুনিয়ার এমন কোন্ ক্ষতিকর বস্তুটি রয়েছে, যাতে উপকারিতারও একটা না একটা দিক বিদ্যমান নেই? তা হলে মদ আর জুয়ার ভেতরে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য কোরআন মজীদকে সেগুলোর হারাম হওয়ার কথা ঘোষণা করতে গিয়ে সেগুলোর উপকারিতার বিষয়টিও স্বীকার করতে হবে? অন্যান্য বহু বস্তু হারাম করা হয়েছে। সেগুলো কি সম্পূর্ণভাবেই উপকারিতা বিবর্জিত ছিল? তা যদি না হয়ে থাকে, তবে সেগুলোর সম্পর্কে এই স্বীকৃতি দেয়া হল না কেন? শূকরের মধ্যে কি উপকারিতার কোন একটি দিকও ছিল না?
আমাদের মতে এ ধারণা সম্পূর্ণ ভুল। এ ভুলের সংশোধনকল্পে অবশ্য আয়াতে উল্লিখিত نفع ও اثم (নাফা ও ইম্) দুটি শব্দের তুলনাই যথেষ্ট। যদি বিষয় দুটির ব্যক্তিগত উপকারিতা-অপকারিতার প্রতি ইঙ্গিত করা উদ্দেশ্য হত, তাহলে نفع (নাফা) বা উপকারিতার বিপরীতে ضرر (জরর) বা অপকারিতা কিংবা এরই সমার্থক কোন শব্দ আসত। اثم (ইম্) পাপ শব্দটি আসত না, যা কিনা আরবী ভাষায় দৈহিক অপকারিতা অথবা তার অর্থে ব্যবহৃত হয় না, বরং নৈতিক স্খলন বুঝাবার জন্যে ব্যবহৃত হয়।
কারও মনে হয়ত প্রশ্ন দেখা দিতে পারে, মদ বা শরাব এবং চিকিৎসা কিংবা ব্যক্তিগত উপকারিতার বিষয়টি তো সহজই ছিল যে, তার কোন কোন দিক ছিল মোটামুটিভাবে জানা। কিন্তু সেগুলোর সাংস্কৃতিক এবং সামাজিক উপকারিতা আবার কি, যা কোরআন স্বীকার করে নিয়েছেঃ এ প্রশ্নের যথার্থ উত্তর আজ কালকার লোকদের জন্য সম্যকভাবে হৃদয়ঙ্গম করা যথেষ্ট কষ্টকর। কারণ, যে মদ্যপান ও জুয়া খেলা আমাদের সামনে রয়েছে, তা আপাদমস্তক ক্ষতিকর ও হাঙ্গামা সৃষ্টির কারণ। এতে উপকারিতার সামান্যতম সম্ভাবনাটিও নেই। এগুলো শরীর, মন, ব্যক্তি, সমাজ সবার জন্যেই সমানভাবে অভিশাপ। অবশ্য আরবদের মধ্যে মদ্যপান ও জুয়ার সাংস্কৃতিক এবং নৈতিক দিক দিয়ে একটি গুরুত্ব ছিল।
তাদের সমাজে এতদুভয় দুরাচারই সদাচারের পথ ধরে ঢুকত। তারা এ দুটি জিনিসকেই মেহমানদারী বা আতিথেয়তা এবং দানশীলতার সবচেয়ে বড় উপকরণ বলে জানত। সে কারণেই তারা সেসব লোককে অত্যন্ত হেয় দৃষ্টিতে দেখত, যারা মদ্যপান এবং জুয়া থেকে বিরত থাকত। যারা তৎকালীন সংস্কৃতি সম্পর্কে অবগত তারা আমাদের এই বিবৃতি অস্বীকার করতে পারেন না। জাহেলিয়াত আমলের যেকোন কবির কবিতা পড়লেই দেখা যাবে, তারা সে দুটি জিনিসকেই সবচেয়ে বড় নেকীর কাজ হিসেবে উপস্থাপন করবেন, যাকে আমাদের বর্তমান সমাজে সবচাইতে খারাপ বলে মনে করা হয়। কারণ, গরীবদের সহায়তা, আত্মীয়-বন্ধুদের আপ্যায়ন-অভ্যর্থনা, বেওয়া-বিধবাদের পৃষ্ঠপোষকতা এবং অনাথ-এতীমদের সাহায্যের সবচেয়ে বড় ব্যবস্থা এ দুটি বিষয়ের মাঝেই নিহিত ছিল।
আরবের অতিথিপরায়ণ এবং সুরাসক্তদের রীতি ছিল, শীতের সময়ে যখন আরবে প্রায়ই দুর্ভিক্ষ দেখা দিত, তখন তারা মদ্যপানের আসর বসাত এবং শরাবের নেশায় বিভোর হয়ে বহু মূল্যবান উট জবাই করে সেগুলোর মাংস একত্রে স্তূপীকৃত করে সেগুলোকে বাজিতে লাগিয়েই জুয়া খেলত এবং যারা জিতত তারা মাংসগুলো গরীব- দুঃখীদের মাঝে বিতরণ করে দিত।
জুয়া এবং শরাবের এই ছিল মহিমা, যার ভিত্তিতে কোরআনে যখন সেগুলো হারাম ও নিষিদ্ধ হওয়ার নির্দেশ অবতীর্ণ হয়, তখন মানুষ অবাক হয়ে যায় যে, এমন একটা জনহিতকর উপকারী বিষয়কে ইসলাম হারাম করল কেন? কোরআন তাদের উত্তরে এ বিষয়টি অবশ্য স্বীকার করে নিল যে, শরাব এবং জুয়ায় কোন কোন সাংস্কৃতিক ও সামাজিক উপকারিতা অবশ্যই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এ সত্যটিও প্রকাশ করে দিয়েছে যে, এগুলোর সাংস্কৃতিক অপকারিতার তুলনায় এগুলোর উপকারিতার দিকটা অতি নগণ্য। সে কারণেই এগুলোকে নিষিদ্ধ ও হারাম করা যাচ্ছে।
এ বিষয়টিও স্মরণ রাখার যোগ্য যে, কোরআন মদ-জুয়ার আলোচনা অতিথি পরায়ণতার শিক্ষা প্রসঙ্গে করেছে, যাতে অত্যন্ত পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, এ জিনিসগুলো আরবদের মধ্যে দুরাচার নয় বরং মহদাচারের অন্তর্ভুক্ত ছিল। তারা এগুলো শুধু ভোগ-বিলাস ও খেলাধুলা হিসেবেই গ্রহণ করেনি, বরং সমাজের একটা বিরাট মহিমা মনে করে গ্রহণ করেছিল।
এখন চিন্তা করা প্রয়োজন যে, এসব উপাখ্যান যাদের জানা ছিল, তাদের ( قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ ) (বলে দাও, এগুলোতে মহাপাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু উপকারিতাও আছে।)-এর প্রকৃত তাৎপর্য পর্যন্ত পৌঁছতে জটিলতাটা কি ছিল, কিন্তু পরবর্তী যুগে যখন এ সমস্ত বিষয় দৃষ্টির অন্তরাল হয়ে গেছে, তখন ব্যাখ্যার এ দিকটি কেমন করে মানুষের সামনে আসতে পারত?
বিষয়টি আরও অধিক বিশ্লেষণের প্রয়োজন মনে করলে সূরা নূরে লক্ষ্য করা যেতে পারে। তাতে সামাজিক সংস্কারের ব্যাপারে বেশ কতিপয় নির্দেশ বর্ণিত হয়েছে। বাহ্যত সেগুলো বুঝতে কোন অসুবিধা নেই। কিন্তু গভীরভাবে তলিয়ে সেগুলোর উদ্দেশ্য হৃদয়ঙ্গমের চেষ্টা করতে গেলে তৎকালীন সমাজের অবস্থা সম্পর্কে মনে প্রশ্ন জাগে এবং মনে হয়, বক্তব্য তার বিশ্লেষণের জন্য এসব বিষয়ে অবগতির অপেক্ষা রাখে। এমনকি কোন কোন ক্ষেত্রে যে পর্যন্ত বিস্তারিতভাবে পরিস্থিতিটি সামনে না আসে, মনের সন্দেহ দূর হয় না। তেমনি সূরা বারাআত প্রভৃতিকে হৃদয়ঙ্গম করতে হলে সে যুগের রাজনৈতিক পটপরিবর্তন, বিপ্লব -আন্দোলন এবং সমস্ত ধর্মীয় দলগুলো সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন হয়ে পড়ে, যা ইসলামের আর্বিভাবের ফলে সৃষ্টি হয়েছিল।
যা হোক, প্রত্যেক যুগের বাণীতেই সে যুগের সংস্কৃতি, নৈতিকতা, রাজনীতি ও ধর্মের এমন সব তাৎপর্য নিহিত থাকে, যেগুলো জানা ছাড়া সেই বাণীর বহু গুণ-বৈশিষ্ট্য ও সূক্ষ্মতা পরিষ্কারভাবে বিকশিত হতে পারে না। বস্তুত এ বিষয়টি শুধু কোরআনের বেলায়ই প্রযোজ্য নয়, বরং যেকোন বাণীর বেলায়ই তাই। হোমার এবং শেক্সপিয়ারকে পরিপূর্ণভাবে বুঝতে হলেও তাই করতে হয়। বহু বাহ্যিক বিষয়ের সাহায্যে নিজেদের চারপাশে হোমার ও শেক্সপিয়ারের পরিবেশ সৃষ্টি করে নিতে চেষ্টা করি আমরাও। হোমার-শেক্সপিয়ার তো তবুও বহু প্রাচীন কাহিনী। তাদের সংস্কার আর আমাদের সংস্কারের ব্যবধান শুধু যুগেরই নয়, বরং উভয়ের বর্ণ-গোত্র এবং/দেশ-আবাসও বিভিন্ন। মীর এবং গালেবকেই ধরা যাক। তাঁরা তো আমাদের এ উপমহাদেশেরই কবি ছিলেন, কিন্তু তাঁদেরকে বুঝতে গিয়ে কি আমাদের সেসব বিষয়গুলোর মুখাপেক্ষী হতে হয় না।
আল-ইসলাহ-এর প্রথম সংখ্যায় ইমাম হামীদুদ্দীন ফারাহী (রঃ) প্রণীত 'কোরআনের বিন্যাস ও সংবিধান' শীর্ষক প্রবন্ধের নিম্নোদ্ভূত কয়েকটি লাইন গভীর মনোযোগসহ পড়া যেতে পারে।
১. কোরআন যে যুগে নাযিল হয়েছিল, তার সম্যক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আমাদের অবহিত হওয়া প্রয়োজন।
২. আমাদের জানা প্রয়োজন, তখনকার ইহুদী, খ্রীস্টান, মুর্শিক ও অন্যান্যদের ধর্ম- বিশ্বাস কি ছিল।
৩. আমাদের প্রয়োজন আরবের সাধারণ সংস্কার-কুসংস্কারগুলো আবিষ্কার করা।
৪. আমাদের জানা প্রয়োজন, কোরআন নাযিল হওয়ার সময় নতুন কি কি ঘটনা ঘটেছিল এবং তাতে আরবদের বিভিন্ন দলের মধ্যে কি ক্রিয়া -প্রতিক্রিয়া হয়েছিল। কি কি দেশী ও সামাজিক ঝগড়া সৃষ্টি হয়েছিল এবং গোটা আরবে কি আলোড়ন ঘটে গিয়েছিল?
৫. আমাদের আরও জানা দরকার, তখন আরবের সাহিত্য রুচি কি ছিল। তারা কোন্ ধরনের কথাবার্তা শুনতে এবং বলতে অভ্যস্ত ছিল। তখনকার আসর-বৈঠকে তাদের বক্তব্য কেমন করে উপস্থাপন করত। রহস্যজনক ও সংক্ষিপ্ত বিষয়সমূহ এবং ভাষার অলঙ্কার ও গঠন প্রভৃতি ব্যাপারে কোন্ প্রণালীকে তারা কেমন করে ব্যবহার করত?
৬. এবং অতঃপর আমাদের এ কথাও জানতে হবে যে, আরবদের ধারণায় নৈতিকতার ভাল ও মন্দের মাপকাঠি কি ছিল?
📄 পূর্ববর্তী মনীষীদের তফসীর রীতি
উল্লিখিত কারণেই পূর্ববর্তী প্রবীণ ওলামা-মনীষীদের তফসীরের রীতি ছিল এই যে, তাঁরা সর্বপ্রথম কোরআনকে কোরআনের সাহায্যে বুঝতে চেষ্টা করতেন। তারপর কোন জটিলতা থেকে গেলে সেগুলোর সমাধান অনুসন্ধান করতেন হুযূর আকরাম (সঃ)-এর বাণী ও তাঁর কাজকর্মে। তারপরেও যদি কোন বিষয়ের কোন দিক বিশ্লেষণসাপেক্ষ রয়ে গেলে তার সমাধানের উদ্দেশে সাহাবায়ে কেরামের বর্ণনা-বিবৃতির সাহায্য নিতেন। কারণ কোরআন মজীদ সেসব লোকের অবস্থা ও ঘটনাবলীর ওপর অবতীর্ণ হয়েছে এবং যাদেরকে সে সর্বপ্রথম সম্বোধন করেছে, তাঁরা কোরআন মজীদের তত্ত্ব-রহস্য এবং তার ইঙ্গিত ও তাৎপর্যসমূহ যত সুন্দরভাবে বুঝতে পারতেন, তেমনটা আর কারও পক্ষে, বিশেষত, যাদের তখনকার অবস্থা সম্যকভাবে জানা নেই, সম্ভব ছিল না। সুতরাং আল্লামা সুয়ূতী তাঁর 'এক্কান'-এ তফসীরের নিয়ম বর্ণনা প্রসঙ্গে বলেন:
আলেমগণ বলেছেন, কেউ যদি কোরআন মজীদের তফসীর করতে চায়, তা হলে প্রথমে কোরআন মজীদের মাধ্যমেই তার তফসীর করা উচিত। এতে এক জায়গায় যে বিষয়ের বর্ণনা দুর্বোধ্যভাবে, রয়েছে অন্যত্র তার ব্যাখ্যা করে দেয়া হয়েছে। আর যে বিষয়টি একখানে সংক্ষিপ্ত অন্যত্র তা বিস্তারিত বলা হয়েছে। ইবনে জাওযী (রঃ) একটি গ্রন্থ রচনা করেছেন। তাতে কোরআনের সেসব আয়াতের ব্যাপারে প্রশ্ন করেছেন যেগুলো এক জায়গায় দুর্বোধ্য অন্যত্র বিস্তারিত। কিন্তু আমি দুর্বোধ্য বিষয়গুলোর ব্যাপারে সেগুলোর উদাহরণসমূহের প্রতি ইঙ্গিত করেছি। কোথাও তাতে ফল না হলে (অর্থাৎ কোরআনের তফসীর কোরআনেরই দ্বারা সম্ভব না হলে) সুন্নত বা হাদীসে তার তফসীর সন্ধান করতে হবে। কারণ, সুন্নত হল কোরআনের ব্যাখ্যাতা বা মুফাসসের। হযরত ইমাম শাফেয়ী (রঃ) বলেছেন, মহানবী (সঃ)-এর যাবতীয় সিন্ধান্তই পবিত্র কোরআন থেকে উদ্ভাবিত। 'আল্লাহ্ বলেছেন ا نا انزلنا اليك الكتاب....। হুযুর বলেন, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং তার সাথে তারই মত আরেকটি জিনিস অর্থাৎ সুন্নত। অতএব সুন্নতেও যখন তার ব্যাখ্যা পাওয়া যাবে না, তখন সাহাবাদের বাণীর প্রতি লক্ষ্য করতে হবে; তাঁরাই কোরআনের বিষয়ে সবচেয়ে বেশী অবগত। কারণ, তাঁরা কোরআনের অবতরণকালের সমস্ত অবস্থা ও রীতি-পদ্ধতিসমূহ স্বয়ং দেখেছেন। তদুপরি তাঁরা পরিপূর্ণ জ্ঞান-বুদ্ধি ও নেক আমলের গুণেও বিভূষিত ছিলেন।
তফসীরের এ রীতিটি সম্পূর্ণ প্রকৃতিগ্রাহ্য। আসল জিনিস হল কোরআনের শব্দাবলী এবং তার নিজের ব্যাখ্যা। তারপর মহানবী (সঃ)-এর সুন্নত। আর তৃতীয় পর্যায়ে সাহাবায়ে কেরামের বাণীসমূহ।
এতে এই সত্যটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে, যাঁরা মহানবী (সঃ)-এর ব্যাখ্যা এবং সাহাবায়ে কেরামের বাণীসমূহের আলোকে কোরআন মজীদ বুঝতে চান, তাঁরা কোরআনের শব্দমালার গুরুত্ব বাতিল করতে চান না। ওপরে আমরা যেসব মতামত ও বাণী উদ্ধৃত করেছি, তাতে তফসীরের জন্য কোরআনের শব্দাবলী এবং তার ব্যাখ্যা-বিশ্লেষণই মূল ভিত্তি সাব্যস্ত হয়। বলা হয়েছে (القرآن يفسر بعضه بعضا) কোরআনের এক অংশ অপর অংশের ব্যাখ্যাদান করে)। অবশ্য কোন বিষয় যদি কোরআন মজীদের বর্ণনাতে পরিষ্কার না হয়, তবে কি করতে হবে? যেকোন স্বাধীন চিন্তা-চেতনাসম্পন্ন লোকও এ প্রশ্নের এ উত্তরই দেবেন যে, এ ধরনের জটিলতার ক্ষেত্রে সবচাইতে উত্তম পথের সন্ধান দিতে পারে মহানবীর হাদীস ও সাহাবায়ে কেরামের বাণীসমূহ। যাঁর প্রতি কোরআন নাযিল হয়েছে এবং যাঁদের সংশোধন ও প্রশিক্ষণের উদ্দেশে অবতীর্ণ হয়েছে, তাঁরা একে যতটা উত্তমভাবে বুঝতে পারেন, ততটা অন্য কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই পথনির্দেশের পন্থা কি হবে?
তা হবে এই যে, একটি আয়াতের ওপর তার শব্দাবলীর আলোতে পরিপূর্ণভাবে লক্ষ্য করতে হবে, কোরআন মজীদে যে সমস্ত আয়াত উল্লিখিত আয়াতের অনুরূপ, সেগুলোর আলোকেও তা ভাল করে দেখে নিতে হবে, পূর্বাপর আয়াতের সাথে তার সামঞ্জস্য এবং ব্যাকরণিক গঠন- প্রকৃতির দিক দিয়েও বিচার-বিবেচনা করতে হবে। কিন্তু এই সমস্তের পরেও পুরোপরি সন্তুষ্টি না এলে বুঝতে হবে, আয়াতের শব্দাবলী আরও একটা কিছু চাইছে। কিন্তু সে বিষয়টি যদি সাধারণভাবে অনুধাবন করা না যায় তবে এক্ষেত্রে আমরা মহানবী (সঃ)-এর হাদীস এবং সাহাবায়ে কেরামের বাণীর শরণাপন্ন হই। আর তাতে যদি এমন কোন বিষয় পেয়ে যাই, যাতে সে আয়াতের সমস্ত জটিলতা পরিষ্কার হয়ে যায়, তারপরে আর আয়াতের শব্দগুলোর মর্ম উদ্ধারের জন্য অন্য কোন কিছুর অপেক্ষা থাকে না। ব্যাকরণিক গঠন ও অগ্রপশ্চাৎ সম্পর্কের যাবতীয় চাহিদাই পূর্ণ হয়ে থাকে, তবে সে বিষয়টি যদি যথার্থ ও বিশুদ্ধভাবে উদ্ধৃত হয়ে থাকে, তা হলে আমরা তা গ্রহণ করব।
পক্ষান্তরে আয়াতের শব্দাবলী কোন ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখুক আর নাই রাখুক, কোন কথা রেওয়ায়েতের সংগ্রহে দেখতে পেলেই খামাখাই এনে তার সাথে লাগিয়ে দেব না অথবা গঠন ও আনুপূর্বিক সংযোগ, সামঞ্জস্যপূর্ণ আয়াত, হাদীস ও সাহাবায়ে কেরামের বাণীর প্রকাশ্য বিরোধী হলে তা গ্রহণ করব না। এ ধরনের বাড়াবাড়ির কারণেই মানুষের মধ্যে হাদীস ও পূর্বর্তী বর্ণনাসমূহের প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি হয়েছে এবং এমন সব ধারণার বিস্তার ঘটেছে, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করে এসেছি। যাঁরা অনুসন্ধান -গবেষণা করেন, কোন কালেই তাঁদের এ ধর্ম ছিল না। তাঁরা কোরআনের তফসীরের ব্যাপারে সর্বদা কোরআনকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন।
অবশ্য কোন বিষয় বিশ্লেষণসাপেক্ষ হলে এবং সঠিক হাদীস ও পূর্ববর্তী বর্ণনার দ্বারা তার বিশ্লেষণ হয়ে গেলে তাঁরা তাতেই সন্তুষ্ট থাকতেন। আর এটা এমন একটা ব্যাপার যার বৈধতা সম্পর্কে কারো কোন দ্বিমত নেই।
এখন রইল, এই হাদীস অথবা 'আসার'গুলোকে একান্তভাবেই শুদ্ধ ও প্রমাণিত হতে হবে; মওজু বা জাল হলে চলবে না। বস্তুত এটাও এমন একটা বিষয়, যার ব্যাপারে কারো কোন দ্বিমত নেই। আমাদের ওলামা সম্প্রদায় নিজেরাও বিষয়টির গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এতকানে আছেঃ
তফসীরের কয়েকটি উৎস রয়েছে। তন্মধ্যে চারটি মূলনীতিস্বরূপ। প্রথমত, সেসব উদ্ধৃতি, যা মহানবী (সঃ) থেকে বর্ণিত হয়েছে এবং এটাই অগ্রগণ্য। কিন্তু এতে দুর্বল ও মওজু থেকে বেঁচে থাকা ওয়াজিব। কারণ, এ ধরনের রেওয়ায়েত সংখ্যা বিপুল। সে কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, তিনটি বিষয় আছে, যার কোন আমল নেই; তফসীর, মালাহেম ও মাগাজী।
একথা কেউই বলেন না যে, শুদ্ধাশুদ্ধ সব রকমের রেওয়ায়েতের ওপরই বিশ্বাস করতে হবে। বরং সবাই বলেন যে, পরিপূর্ণ যাচাইয়ের পর যেসব রেওয়ায়েতই গ্রহণযোগ্য বেরোবে এবং বর্ণনা ও ব্যবহারের সমস্ত মূলনীতিতে যাচাই করার পর যথার্থভাবে প্রমাণিত হয়ে যাবে, শুধু সেসব রেওয়ায়েতই গ্রহণ করা যেতে পারে। আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই মত স্থির করেছি যে, শুদ্ধ রেওয়ায়েত এবং কোরআনের মধ্যে কোন বিরোধ নেই; বরং কোরআন মজীদের সবচেয়ে উত্তম তফসীরই হচ্ছে শুদ্ধ রেওয়ায়েত, প্রমাণিত 'আসার' এবং মহানবী (সঃ) যা কিছু করেছেন, যা কিছু বলেছেন তার সবই কোরআন থেকে নির্গত। ওপরে প্রসঙ্গক্রমে হযরত ইমাম শাফেয়ীর একটি উদ্ধৃতি বর্ণিত হয়েছে যে, হুযুর (সঃ) যত বিচার-মীমাংসা করেছেন, সবই কোরআন মজীদ থেকে নেয়া হয়েছে। বলা হয়েছে:
قال الشافعي (رح) كلما حكم به رسول الله صلى الله عليه وسلم فهو مما فهمه من القرآن .
এমতাবস্থায় কোরআন এবং হাদীসের মাঝে বিরোধ হবে কেমন করে? সাধারণত মানুষ হাদীসের বিরাট সংগ্রহের মধ্যে শুধু এতটুকু অংশকেই কোরআন সম্পর্কিত বলে মনে করে, যা 'তফসীর পরিচ্ছেদ' শিরোনামে সংযোজিত রয়েছে। আর বাকী অংশকে কোরআনের সাথে সম্পর্কহীন বলে মনে করে। পক্ষান্তরে হাদীস সম্পূর্ণভাবেই কোরআনের জ্ঞান। হাদীসের ওপর যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, তাহলে হাদীস ও কোরআনের যে গভীরতর সম্পর্ক, তা অতি পরিষ্কারভাবে সামনে এসে যায়।
তথাপি হাদীসের মান মূলের মত নয় বরং শাখার মত। মূল হচ্ছে কোরআন মজীদ। এটি যেমন পূর্ববর্তী সমস্ত কিতাবসমূহের জন্য কষ্টি পাথরের মত, তেমনিভাবে পরবর্তী সমস্ত কিতাবের জন্যও। কখনও কোন রেওয়ায়েত এবং আয়াতের মধ্যে কোন রকম বিরোধ দেখা দিলে আয়াতের কোন রকম রূপক বিশ্লেষণ করা চলবে না, কিন্তু, রেওয়ায়েতের ব্যাখ্যা করা চলবে। আয়াত যথাস্থানে বহাল থাকবে। কোরআন গবেষকদের রীতি সব সময়ই তাই ছিল। মসুখ বা রহিতকরণ সম্পর্কে ইমাম শাফেয়ী (রঃ)-এর মত ফেকাহশাস্ত্রের মূলনীতি বিষয়ক সমস্ত কিতাবেই বর্ণিত রয়েছে। তাঁর মতে সুন্নাহ্ কখনই কোরআন মজীদের কোন আয়াতকে রহিত করতে পারে না। অবশ্য এ মতের বিরোধীরা এ বিষয়টি নিয়ে তাঁর প্রচুর সমালোচনা করেছেন। এমনকি 'মুসাল্লামুস্ সুবৃত' গ্রন্থের ব্যাখ্যাতা একে অন্যায় বাড়াবাড়ি পর্যন্ত বলেছেন। কিন্তু প্রকৃত ও যথার্থ মত এটাই।
'ফেকাহশাস্ত্রের মূলনীতি' গ্রন্থে ইমাম সাহেবের যুক্তি-প্রমাণাদি উদ্ধৃত রয়েছে। এ শাস্ত্রে তাঁর নিজেরও রচনা রয়েছে। তাতেও তিনি নিজ মতামত সম্পর্কে যুক্তি-প্রমাণ উত্থাপন করেছেন। আল্লামা আমুদীও তাঁর কিতাবে প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছেন। বরং ইমাম আহমদ ইবনে হাম্বল (রঃ) এবং অধিকাংশ আলেমের মতও তাই, যাঁরা হাদীস ও রেওয়ায়েতের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হয়ে থাকেন। কাজেই ফেকাহশাস্ত্রের ওলামা ও তর্কশাস্ত্রের পন্ডিতদের মত আলাদা হতে যাবে কেন?
যা হোক, হাদীসসমূহকে এই মর্যাদায় রেখে যদি কোরআন মজীদ বুঝতে চেষ্টা করা হয়, তা হলে তাতে কোরআন বুঝার ব্যাপারে যথেষ্ট মূল্যবান সাহায্য লাভ হবে। কোন রকম জটিলতাই সৃষ্টি হবে না। আমাদের মতে, হাদীসকে উল্লিখিত মর্যাদা থেকে বাড়িয়ে দেখা অনেকটা বাড়াবাড়ি এবং এর চাইতে নীচে নামানো দুর্ভাগ্য ও আত্মপ্রবঞ্চনার শামিল। যারা ইদানীং হাদীসসমূহকে বাদ দিয়ে কোরআন বুঝতে চান, তাঁদের তুলনা সেই যৌবনোন্মত্ত চপল যুবকের মত, যে কোন নৌকা-ভেলা ছাড়াই মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে আর মনে মনে ধারণা করে, সাঁতরেই এ সাগর পাড়ি দেবে! এই দুঃসাহস বাহ্হ্বার যোগ্য হতে পারে, কিন্তু প্রকারান্তরে তা আত্মহত্যারই নামান্তর, যা আল্লাহ কখনই ক্ষমা করবেন না।