📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 ৮ নং আমল : আখেরাতের মোরাকাবা করুন

📄 ৮ নং আমল : আখেরাতের মোরাকাবা করুন


মাঝে মধ্যে আখেরাতের মোরাকাবা করবেন। অর্থাৎ এভাবে চিন্তা করবেন যে, আজ আমি যে গুনাহগুলোতে লিপ্ত, কেয়ামতের দিন তো আল্লাহ আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন যে, বান্দা! এ গুনাহ-টা কেন করলি? দরজা-জানালা বন্ধ করে দিয়ে তুমি মনে করেছিলে যে, তোমাকে কেউ দেখে-নি। আমিও কি দেখি-নি? তুমি কি মনে করেছ যে, আমার দেখা মাখলুকের চোখের চেয়ে দুর্বল? এভাবে আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন করবেন। রাসূলুল্লাহ ﷺ তো বলেছেন—

مَا مِنْكُمْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ

তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার রব কথাবার্তা বলবেন না। তার ও তার রবের মাঝে কোনো দোভাষী এবং এমন কোনো পর্দা থাকবে না, যা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ৩১

চিন্তা করুন, সেদিন আমরা কী উত্তর দিবো? সেদিন যদি আল্লাহ সরাসরি জিজ্ঞেস করেন, বান্দা! রাতের দুইটা বাজে কেন তুই অশ্লীলতার ভেতর ডুবে গিয়েছিলি? কেন তুই এমন জিনিসের চর্চা করেছিলি, যেখানে পৌত্তলিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ প্রেম ও নগ্নতাসহ কত শত অপরাধের চর্চা ও শিক্ষা ছিল? তখন আমরা কী উত্তর দিবো? এভাবে চিন্তা করলেও ইনশাআল্লাহ আলোচ্য গুনাহ থেকে মুক্তি লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।

টিকাঃ
৩১ সহিহ বুখারী: ৬৯৩৫

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 ৯ নং আমল : ভাবুন, আমার ওপর পাহারাদার আছে

📄 ৯ নং আমল : ভাবুন, আমার ওপর পাহারাদার আছে


মাঝে মধ্যে অন্তরে এই ভাবনা জাগিয়ে তুলবেন যে, আমার ওপর পাহারাদার আছে। আল্লাহ তাআলা পাহারাদার ফেরেশতার মাধ্যমে আমার ভালো-মন্দ প্রতিটি আমল সংরক্ষণ করে রাখছেন। ইমাম আহমদ ইবনু হাম্বল রহ. একজন কবির কাছে একটি কবিতা শুনে দরজা বন্ধ করে খুব কেঁদেছিলেন। কবিতাটি ছিল এই—

إِذَا مَا خَلَوْتَ الدَّهْرَ يَوْمًا فَلَا تَقُلْ خَلَوْتُ وَلَكِنْ قُلْ عَلَيَّ رَقِيبُ

যদি তুমি দিনের কিছু সময় একাকী কাটাও, তখন একথা বলো না যে, আমি নির্জনে একাকী সময় কাটিয়েছি; বরং বলো, আমার পেছনে সদা সর্বদা একজন পাহারাদার ছিল। আল্লাহ তাআলা বলেন—

مَا يَلْفِظُ مِنْ قَوْলٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। ৩২

টিকাঃ
৩২ সূরা কাফ : ১৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00