📄 মু’জিজা : ১৪৬: কুরআন মাজিদের মত দশটি সূরা রচনা করে নিয়ে আস
নাকি তারা বলে, সে এটি রটনা করেছে? বল, ‘তাহলে তোমরা নিদেনপক্ষে দশটি সুরা বানিয়ে নিয়ে আস এবং আল্লাহ ছাড়া যাকে পার (তোমাদের সাহায্যের জন্য) ডেকে নিয়ে আস, যদি তোমরা সত্যবাদী হও। (হূদ, ১১ : ১৩)
আমরা এ ক্ষেত্রে মুসলমান ও কুরআনের বিপক্ষে মক্কাবাসীদের বিদ্বেষ ও শত্রুতার কথা একটু স্মরণ করি। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে, কুরআন নাজিলের সময় সকল আরব, বিশেষত যারা মক্কায় ছিল, কুরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তারা কুরআনের বাণীকে মিটিয়ে দিতে এবং মুসলমানদেরকে সমূলে উৎখাত করতে প্রাণান্তকর চেষ্টা করে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথী-সঙ্গীগণসহ মদিনায় হিজরত করা পর্যন্ত তাদের এ তৎপরতা অব্যাহত থাকে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে কতিপয় যুদ্ধেও লিপ্ত হয়। এতে তাদের কিছু পরাজয়, অপমান ও জান-মালের ক্ষয়-ক্ষতি গুণতে হয়। তারা তাদের একজন কবিকে ডেকে কুরআন মাজিদের চ্যালেঞ্জ গ্রহণ করে কুরআন মাজিদের মত কিছু আয়াত রচনা করিয়ে নিলে এসকল ভোগান্তি এবং জান-মালের ক্ষয়-ক্ষতি সহজে এড়াতে পারত। তবে বাস্তবতা হল, আরবরা কুরআন মাজিদের চ্যালেঞ্জের মুকাবিলা করতে সক্ষম হয় নি, না এর অবতরনকালে, আর না বিগত চৌদ্দশ বছরের দীর্ঘ সময়ে।
📄 মু’জিজা : ১৪৭: কুরআন মাজিদের মত একটি বাণী তৈরি কর
তারা কি বলে, সে এটা বানিয়ে বলছে? বরং তারা ঈমান আনে না। অতএব তারা যদি সত্যবাদী হয় তবে তাঁর অনুরূপ একটি বাণী নিয়ে আসুক। (তূর, ৫২ : ৩৩-৩৪)
কুরআন মাজিদ একটি জীবন্ত মু’জিজা, যা তাঁর ভাষা, যুক্তি উপস্থাপন, অতীত ও ভবিষ্যতের ঘটনার বর্ণনা, শ্রোতাদের ওপর তার প্রতিক্রিয়া, সতর্কবাণী ও সুসংবাদ পরিবেশন, তাঁর অন্তহীন জ্ঞান-ভান্ডার, মানব জীবনের ওপর তার প্রভাব এবং মানব ইতিহাস বিনির্মাণে এর ভূমিকা— সর্বত্র পরিব্যপ্ত। এই আয়াতগুলি মানব জাতিকে কুরআন মাজিদের মত একটি বাণী রচনার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। এ পর্যন্ত কোনো মানুষই কুরআন মাজিদের মত একটি বাণী রচনা করতে পারে নি। এ থেকে বুঝা যায়, কুরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এক আসমানি গ্রন্থ। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামক একজন মানুষের রচিত নয়।
📄 মু’জিজা : ১৪৮: কুরআন মাজিদের একটি অসঙ্গতি খুঁজে বের কর
তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। (নিসা, ০৪ : ৮২)
আসুন আমরা মানব ইতিহাসের একটি সাধারণ ঘটনা স্মরণ করি। যখন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর ওপর কুরআন মাজিদ অবতীর্ণ হয়, একদল কাফির সর্বদা এর বিরুদ্ধাচরণ করে আসে। তারা তাদের সর্বশক্তি দিয়ে একথা প্রমাণ করার চেষ্টা করে যে, কুরআন মাজিদ সর্বশেষ আসমানি গ্রন্থ নয়। বলাবাহুল্য, তারা উপর্যুক্ত আয়াতটি পড়েছে। বিগত চৌদ্দশ বছরে কোনো ব্যক্তিই এ যাবৎ পুরো কুরআন মাজিদে একটি বৈপরীত্য খুঁজে বের করতে পারে নি।
যদি বর্তমান সময়ের বাইবেলের ভার্সন থেকে কিছু উদ্ধৃতি দেয়া হয় তবে পাঠকবৃন্দ বিষয়টি ভালভাবে হৃদয়াঙ্গম করতে পারবেন। বাস্তব কথা হল, বর্তমান সময়ের বাইবেলে এত বেশি বৈপরীত্য ও অসঙ্গতি বিদ্যমান এবং তা এত ভালভাবে প্রমাণিত যে, খ্রিস্টানদের প্রতিটি দলই তা স্বীকার করে নেয়। নিম্নে বর্তমান বাইবেলের কিছু সুপরিচিত অসঙ্গতি তুলে ধরা হল :
‘ম্যাথিউ ১০ : ২-৪— এর মধ্যে বারোজন ঈসায়ি ধর্ম প্রচারকের যে নাম দেয়া হয়েছে তা ‘লুক’ ৬ : ১৪-১৬— এর মধ্যে প্রদত্ত নামগুলি থেকে ব্যতিক্রম। আর স্যামুয়েল ৬ : ২৩ অনুসারে সল (Saul) এর কন্যা মৃত্যুর সময় কোনো ছেলে সন্তান রেখে যান নি। পক্ষান্তরে স্যামুয়েল ২১ : ১ অনুসারে তিনি পাঁচ সন্তান রেখে যান। অনুরূপভাবে জুডাস (Judas)-এর মৃত্যু সম্পর্কে বাইবেল দু’টি ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে। ম্যাথিউ ২৭ : ৫ বলে, ‘আর গীর্জার রূপার টুকরোগুলো নিক্ষেপ করে তিনি নিষ্ক্রান্ত হন এবং चले গিয়ে নিজেকে ফাঁসিতে ঝুলান।’ এ্যাক্ট ১ : ১৮ বলে, ‘এই লোকটি তাঁর দুষ্টামির পুরস্কার নিয়ে একটি মাঠ ক্রয় করে এবং অধোমুখে পতিত হয়ে মাঝখানে ছিঁড়ে আর ফেটে যায়। তার সকল নাড়ি-ভূঁড়ি দ্রুতবেগে বের হয়ে পড়ে।’ বাইবেলের নিম্নোক্ত বাক্যটিতে অন্য একটি অসঙ্গতি দেখা লক্ষণীয়। ম্যাথিউ ১২ : ৪০ অনুসারে যীশুখ্রিস্ট বলেন, ‘যেহেতু যোনাহ (Jonah) তিমিমাছের পেটে তিনদিন তিনরাত ছিল, তাই মানব সন্তানও মাটির অভ্যন্তরে তিনদিন তিনরাত থাকবে।’ যীশুকে দাফন করা হয় শুক্রবার সন্ধ্যায় এবং উত্তোলন করা হয় রবিবার সকালে, কেবল একদিন দুইরাত্রি পর; তিনদিন তিনরাত পরে নয়। বাইবেলের এটিও একটি অসঙ্গতি যে, লুক ২৪ : ৫১ অনুসারে যীশুর আরোহণ সংঘটিত হয় কবর থেকে উত্তোলনের দিন। পক্ষান্তরে Acts (এ্যাক্টস) ১ : ৩-৯ বলে, তা সংঘটিত হয় কবর থেকে উঠানোর চল্লিশ দিন পর। অধিকন্তু জেনেসিস (Genesis) ৬ : ৩ বলে, প্রভু মানুষের জীবনকালের ব্যাপ্তি ১২০ বছরের মধ্যে সীমাবদ্ধ করেছেন। পক্ষান্তরে জেনেসিস (Genesis) ১১ : ১০-৩২ বলে, কিন্তু অতি শীঘ্রই মানুষ ১৪০-৬০০ বছর জীবন লাভ করবে। তাছাড়া এক্সোডাস (Exodus) ৪ : ২২ অনুসারে প্রভুর প্রথম পুত্র হল জ্যাকব (Jacob)। কিন্তু ‘জারমিয়াহ’ (Jermiah) ৩১ : ৯ অনুসারে এফ্রাইম (Ephraim)।
এই হল, আধুনিক বাইবেলে বিদ্যমান সুস্পষ্ট অসঙ্গতি, যা একজন সাধারণ পাঠকও লক্ষ করতে সক্ষম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এ পর্যন্ত কেহ সমগ্র কুরআন মাজিদে একটি সামান্য অসঙ্গতিও আবিষ্কার করতে পারে নি। কুরআন মাজিদকে আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ গ্রন্থ বলতে বর্তমানযুগেও যারা নারাজ তাদের জন্য এ চ্যালেঞ্জ এখনও উন্মুক্ত।
📄 মু’জিজা : ১৪৯: কুরআন মাজিদের সংরক্ষণ
নিশ্চয় আমি (আল্লাহ) কুরআন নাজিল করেছি, আর আমিই তাঁর হেফাজতকারী। (হিজর, ১৫ : ০৯)
আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (ক্বামার, ৫৪ : ১৭, ২২, ৩২, ৪০)
যেসব উপায়ের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সংরক্ষণ প্রক্রিয়া নিশ্চিত করেছেন তার মধ্যে একটি হল, তিনি ঈমানদারদের জন্য কুরআন মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন। বস্তুত কুরআন মাজিদই একমাত্র ধর্মগ্রন্থ যা তাঁর অনুসারীরা মুখস্থ করে থাকে। প্রতিটি মুসলিম সমাজে প্রচুর সংখ্যক ব্যক্তি কুরআন অবতরণের প্রথম দিন থেকে তা সম্পূর্ণরূপে মুখস্থ করে আসছে। পাঁচ বছরের ছোট শিশু থেকে নিয়ে ৫০ বছরের বৃদ্ধ পুরুষ-মহিলা পর্যন্ত আল্লাহ তাআলার কিতাবের প্রতি ভালবাসা ও ভক্তি নিয়ে পুরো কুরআন মুখস্থ করে থাকে। যে ব্যক্তি কুরআন মাজিদ মুখস্থ করেন তাঁকে ‘হাফিজ’ বলা হয়। এটি একটি বিস্ময়কর ব্যাপার যে, একজন হাফিজ কেবল পুরো কুরআন মাজিদই মুখস্থ করে না, বরং সে কুরআন মাজিদের সকল যতিচিহ্ন, প্রতিটি শব্দ ও বাক্যের বর্ণসমূহ পর্যন্ত মুখস্থ করে নেয়। মুসলমানরা সারা বিশ্বে রমজান মাসে পুরো কুরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করে থাকে। অধিকাংশ মুসলিম সমাজ তারাবির নামাজের ব্যবস্থা করে, যেখানে একজন হাফিজের মাধ্যমে পুরো কুরআন মাজিদ তেলাওয়াত করানো হয়। সে সর্বদা হাফিজদের একটি দলের সঙ্গে সংযুক্ত থাকে, যারা তাঁর তেলাওয়াতকে পরীক্ষা করে। এটি কুরআন মাজিদের একটি অনন্য রহস্য ও অনুপম মু’জিজা। যদি একটি পুরো গ্রন্থ মুখস্থ করা মানুষের দ্বারা সম্ভব হত, নিদেনপক্ষে কিছু সংখ্যক লোক হলেও তাদের পবিত্র-কিতাবগুলো মুখস্থ করে নিত। যেহেতু, আল্লাহ তাআলা তাদের কিতাবগুলো সংরক্ষণের প্রতিশ্রুতি দেন নি, তাই তিনি সেসব কিতাবের অনুসারীদেরকে তা মুখস্থ করার ক্ষমতা দেন নি।
যাহোক, আল্লাহ তাআলা কুরআন মাজিদ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এভাবে তাঁর অনুসারীদেরকে তা মুখস্থ করার ক্ষমতা দান করেছেন। যে কোনো ধরনের বিকৃতি ও বিচ্যুতি থেকে কুরআন মাজিদের নিরাপদ থাকা এবং তার বিশ্বাসীদের দ্বারা তা মুখস্থ করা মানব জাতির জন্য একটি ওপেন চ্যালেঞ্জ।