📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা-৮৭: নদী ও সমুদ্রের পানির মিশ্রণ

📄 মু’জিজা-৮৭: নদী ও সমুদ্রের পানির মিশ্রণ


তিনিই সমান্তরালে দুই পানির ধারা প্রবাহিত করেছেন। একটি সুস্বাদু ও মিষ্ট আর অপরটি লবণাক্ত ও বিস্বাদযুক্ত। আর তিনি উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য অন্তরায়। (ফুরকান, ২৫ : ৫৩)

এই আয়াতের একটি ব্যাখ্যা হল, কুরআন মাজিদ এখানে সাগরের পানির সঙ্গে নদীর পানির মিশ্রণের বিবরণ দিচ্ছে। উভয় প্রকারের পানি দেখতে একই; কিন্তু নদীর পানি সুমিষ্ট ও সুস্বাদু এবং সমুদ্রের পানি লবণাক্ত ও বিস্বাদ। তাছাড়া কোনো মানুষই এই দুই ধরনের পানির স্রোতের মাঝে এমন সূক্ষ্ম বিভেদরেখা টানতে সক্ষম নয়।

আমাদের আরও স্মরণ রাখতে হবে, পুরো আরব উপদ্বীপে কোনো নদী বলতে নেই। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এমন ব্যাপার প্রত্যক্ষ করার কোনো ধরনের সুযোগ ঘটে নি। বলাবাহুল্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কোনো বিষয়ে যথাযথ ধারণা বা কল্পনা করতে পারেন না, যা তিনি তাঁর পুরো জীবনে কখনো প্রত্যক্ষ করেন নি। এই আয়াতটি কুরআন মাজিদ প্রকৃতিগতভাবে আসমানি গ্রন্থ হওয়ার এক অনন্য স্মারক।

কুরআন মাজিদের উপরোক্ত আয়াত বলে, ‘আল্লাহ তাআলা দুইটি সমুদ্রকে সমান্তরালে প্রবাহিত করেছেন....এবং উভয়ের মাঝখানে একটি অন্তরায় রয়েছে।’ বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন, উভয় প্রকারের পানির স্রোতের মধ্যে লবণাক্ততা, ঘনত্ব, ও তাপমাত্রার তারতম্য রয়েছে। তারা এও আবিষ্কার করেছেন, যখন পানি ওপরের স্রোত থেকে নিচের স্রোতে প্রবেশ করে কিংবা বিপরীতক্রমে প্রবাহিত হয়, তখন তৎক্ষণাৎ তার অবস্থা অন্য স্রোতের পানি অনুসরণে বদলে যায়। এভাবে সেখানে দু’ধরনের পানি স্বাধীনভাবে মিশে যায়; কিন্তু উভয় স্ব স্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে। বিজ্ঞানীরা তা আবিষ্কারের শত শত বছর পূর্বে কুরআন মাজিদ এমন একটি জটিল বিষয় শনাক্ত করেছে।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা-৮৮: লুত সম্প্রদায়ের আজাব

📄 মু’জিজা-৮৮: লুত সম্প্রদায়ের আজাব


যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লুতের কাছে আগমন করল, তখন তাদের কারণে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন এবং তাঁর মন তাদের (রক্ষার) ব্যাপারে সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে এবং আপনার পরিবার বর্গকে রক্ষা করবই। আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আজাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। আমি (আল্লাহ) তাতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। (আনকাবুত, ২৯ : ৩৩-৩৫)

এই আয়াতসমূহে লুত আলাইহিস সালাম-এর সম্প্রদায়ের ওপর নাজিলকৃত আযাবের উল্লেখ রয়েছে। তারা সমকামিতার মত জঘন্য অপরাধে অভ্যস্ত ছিল। ফলে আল্লাহ তাআলা তাদের জনপদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন।
আয়াতগুলিতে স্পষ্ট নিদর্শন বলতে ‘সাদুম’ ও ‘গোমরাহ’ সম্প্রদায়ের জনপদগুলির ধ্বংসাবশেষকে বুঝানো হয়েছে, যা সম্প্রতি মৃত সাগরের কাছে আবিষ্কৃত হয়েছে। ভৌগলিকরা দেখতে পেয়েছেন, অঞ্চলটি প্রচুর পরিমাণে গন্ধে ভর্তি। ফলে সমগ্র অঞ্চলটিতে প্রাণী বা উদ্ভিদ কোনো ধরনের জীবনের অস্তিত্ব নেই। পুরো এলাকা সর্বাঙ্গীন ধ্বংসের একটি নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এভাবে এটি সকল যুগের মানুষের জন্য আল্লাহর শাস্তির একটি উজ্জ্বল নিদর্শন হয়ে আছে। বলাবাহুল্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো অঞ্চলটি পরিদর্শন করেন নি। জনপদগুলির ধ্বংসের তথ্য জানার মত তাঁর কোনো মাধ্যম ছিল।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা-৮৯: সা’দুম ও গোমরাহ সম্প্রদায়ের জনপদ

📄 মু’জিজা-৮৯: সা’দুম ও গোমরাহ সম্প্রদায়ের জনপদ


আপনার প্রাণের কসম (হে নবী,) নিশ্চয় তারা (লুত সম্প্রদায়) আপন নেশায় উদ্দেশ্যহীনভাবে ঘুরপাক খাচ্ছিল। অতঃপর সূর্যোদয়ের প্রাক্কালে একটি বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। অতঃপর আমি (আল্লাহ) তাদের (সাদুম গোত্রের) জনপদগুলিকে উল্টে দিলাম এবং তাদের ওপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য নিদর্শনাবলি রয়েছে। আর নিশ্চয় তা (জনপদগুলি) রাজপথের পাশেই বিদ্যমান। নিশ্চয় এতে ঈমানদের জন্য নিদর্শনাবলি রয়েছে। (হিজর, ১৫ : ৭২-৭৭)

এই আয়াতগুলিতে কুরআন মাজিদ ধ্বংসপ্রাপ্ত জনপদগুলির অধিক সুনিশ্চিত অবস্থানস্থলের নির্দেশনা প্রদান করে। এতে বর্ণিত হয়েছে সেগুলি রাজপথের পাশে অবস্থিত।
ভৌগলিকরা সম্প্রতি আবিষ্কার করেছে, জনপদগুলি মৃত সাগরের দক্ষিণ পূর্বে, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একটি রাজপথের পাশে অবস্থিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাঁর ভূগোল সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না, তথাপি এই আয়াতগুলি এমন এক বাস্তবতার কথা বলে যা কেবল সাম্প্রতিক ভূগোল বিশারদদের দ্বারাই আবিষ্কৃত হয়েছে।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা-৯০: ‘আইকা’র অধিবাসী

📄 মু’জিজা-৯০: ‘আইকা’র অধিবাসী


অতঃপর ভূমিকম্প তাদের (অসতর্ক অবস্থায়) পাকড়াও করল। তারপর তারা তাদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল। সেসব লোক যারা শুয়াইব আলাইহিস সালাম-কে মিথ্যাবাদী বলেছিল, মনে হয় যেন তারা সেখানে বসবাসই করেনি। যারা শুয়াইবকে মিথ্যাবাদী বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত। (আরাফ, ০৭ : ৯১-৯২)
আর নিশ্চয় আইকার অধিবাসীরা ছিল জালিম। অতএব আমি (আল্লাহ) তাদের থেকে প্রতিশোধ নিলাম। আর এ (জনপদ) দু’টি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান। (হিজর, ১৫ : ৭৮-৭৯)

‘আইকা’ ছিল সেই সম্প্রদায় যেখানে নবী শুয়াইব আ. প্রেরিত হয়েছিলেন। ভৌগলিকরা সম্প্রতি এই জনপদ আবিষ্কার করেছেন সৌদি আরবের তাবুক শহরের সন্নিকটে। এখনও যে কেহ (এই ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করে) কুরআন মাজিদের এই আয়াতের বাস্তবতা প্রত্যক্ষ করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ছিলেন একজন ভৌগলিক, না ছিলেন কোনো পর্যটক। এটি অধিক সুস্পষ্ট যে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর এই তথ্য অবতীর্ণ করেছেন। অতঃপর যা তিনি কুরআন মাজিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00