📄 হিফজ করার মাধ্যমে মৌখিক বর্ণনা
নবী মুহাম্মদ সা. ছিলেন পূর্ণাঙ্গ কুরআন মাজিদের প্রথম হাফিজ (মুখস্থকারী)। যখনই কুরআনের কোনো আয়াত নাজিল হত তিনি তা আত্মস্থ করে নিতেন। মাঝেমাঝে ওহি অবতীর্ণ হওয়ার সময় তিনি আয়াতগুলি দ্রুত পুনরাবৃত্তি করতেন পাছে যেন ভুলে না যান। আল্লাহ তাআলা তখন এত দ্রুততার সঙ্গে জিহ্বা না নাড়ানোর জন্য বললেন এবং আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করলেন যে, তিনি নিজেই কুরআন মাজিদ তাঁর স্মৃতিতে সংরক্ষিত করে দেবেন। কুরআনের ভাষায় :
‘তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্বে। অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। (কিয়ামা, ১৬ : ১৯)
আপনার প্রতি আল্লাহর ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। (ত্বা-হা, ২০ : ১১৪)
এই আয়াতগুলি পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে, কুরআনের যে অংশই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর নাজিল হত, তা আল্লাহ তাআলা কর্তৃক তাঁর মনে সংরক্ষিতও হয়ে যেত। এটি তাঁকে মানুষের কাছে কুরআন মাজিদকে হুবহু সেরকমভাবে ব্যক্ত করতে সক্ষম করেছে যেমনটি তিনি আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করেছেন।
হাদিসের গ্রন্থসমূহ থেকে জানা যায় যে, রমজান মাসে রাসুলুল্লাহ সা. পুরো কুরআন মাজিদ ফেরেশতা জিব্রাইলকে তেলাওয়াত করে শুনাতেন। অতঃপর তিনি জিব্রাইল আ. থেকে পুরো কুরআন মাজিদের তেলাওয়াত শুনতেন। এও বর্ণিত আছে যে, যে বছর রাসুলুল্লাহ সা. ইন্তেকাল করেন সে বছর তিনি পুরো কুরআন মাজিদ দুইবার তেলাওয়াত করেন এবং জিব্রাইল আ. থেকে দুইবার তেলাওয়াত শ্রবণ করেন। এভাবে আল্লাহ তাআলা তাঁর মনোনীত প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্মৃতিতে কুরআন মাজিদের সংরক্ষণকে আরও বেশি সুনিশ্চিত করেন।
রাসুল সা. তাঁর সাহাবিদেরকেও কুরআন মাজিদ তেলাওয়াত এবং মুখস্থ করার নির্দেশনা দিয়েছেন। এমন অসংখ্য হাদিস রয়েছে যাতে কুরআন মাজিদ শেখা ও শিখানোর ফজিলত বর্ণিত হয়েছে। নিচে একটি হাদিস উল্লেখ করা হল, যা মহান সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত। রাসুল সা. ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে কুরআন মাজিদ শিখে ও শিক্ষা দেয়।’ (বুখারি)
এই শিক্ষার ফলস্বরূপ অসংখ্য সাহাবি সমগ্র কুরআন মাজিদ হিফজ করেছেন। ইতিহাস এমন অনেক সাহাবির নাম সংরক্ষণ করে রেখেছে যারা পুরো কুরআন মাজিদ হিফজ করেছিলেন। তাছাড়া দৈনিক পাঁচওয়াক্ত ফরজ নামাজে কুরআনের তেলাওয়াত করা একটি অপরিহার্য বিষয়। এ কারণে সকল সাহাবি তাদের প্রাত্যহিক নামাজ আদায়ের জন্য একটি বিশেষ অংশ মুখস্থ করেছিলেন।
অধিকন্তু রাসুলুল্লাহ সা.ও প্রাত্যহিক নামাজ আদায়কালে উচ্চস্বরে কুরআন মাজিদ তেলাওয়াত করতেন। এভাবে একটি উল্লেখযোগ্য পরিমাণ সাহাবায়ে কিরাম প্রতিদিন তিন ওয়াক্ত নামাজ, যাতে উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করা হয়- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তেলাওয়াত শ্রবণ করতেন। বহুসংখ্যক সাহাবি কুরআন মুখস্থ করার জন্য এটি ছিল বাড়তি সহায়ক।
রমজান মাসে সাহাবায়ে কিরামের যুগে তারাবির নামাজ পড়ার রীতি ছিল। তারাবির নামাজের একটি সাধারণ চিত্র হল, যে ব্যক্তি তা পড়িয়ে থাকেন তিনি সচরাচর একজন হাফেজ হয়ে থাকেন। তিনি তারাবির নামাজের মধ্যে পুরো কুরআন মাজিদের তেলাওয়াত খতম করে থাকেন। এই রীতিটি প্রত্যেক যুগে অসংখ্য মুসলমানকে পুরো কুরআন মাজিদ হিফজ করতে সাহায্য করেছে। বস্তুত প্রত্যেক মুসলিম সমাজেই চাই তা ছোট কিংবা বড় সব সময় এমন কিছু লোক আছে যারা পুরো কুরআন মাজিদ মুখস্থ করেছে। এসব লোক তাদের স্ব-স্ব সমাজ বা এলাকায় প্রতি বছর তারাবির নামাজ পড়িয়ে থাকেন এবং রমজান মাসে তিরিশ দিনের ভেতরেই তারাবির নামাজে পুরো কুরআন মাজিদ খতম করেন।
এসকল পদ্ধতিতেই প্রথম দিকে কুরআন মাজিদ সংরক্ষিত হয়েছিল, কেবল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্মৃতিতেই নয় বরং একটি বড় সংখ্যক সাহাবিদের অন্তরেও। তখন থেকে এই ধারা সারা পৃথিবীতে সকল মুসলিম প্রজন্মের মধ্যে চলে আসছে। প্রত্যেক মুসলমান সমাজ ও গোত্রে প্রত্যেক মুসলিম প্রজন্মে এমন অসংখ্য নারী-পুরুষ ছিল যারা পুরো কুরআন মাজিদ মুখস্থ করেছিল। এসকল লোক বাচনিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে কুরআন মাজিদ বর্ণনা করেন। বস্তুত মানব ইতিহাসে কুরআন মাজিদই একমাত্র গ্রন্থ যা তার প্রতি বিশ্বাসীরা মুখস্থ করে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাচনিকভাবে বর্ণনা করে। ফলশ্রুতিতে কুরআন মাজিদের বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতার ব্যাপারে কখনও কোনো প্রশ্ন ওঠে নি।
📄 লিখিত প্রামাণ্য বর্ণনা
হাদিস ও ইতিহাস গ্রন্থসমূহ থেকে প্রমাণিত, যখনই রাসুল সা. কুরআনের কোন ওহি লাভ করতেন তিনি একজন কাতিব বা লেখককে ডাকতেন এবং তা লিখে নিতে বলতেন। একই সাথে কুরআনের কোন আয়াত কোন জায়গায় রাখতে হবে তাও সুনির্দিষ্টভাবে বলে দিতেন। দৃষ্টান্তস্বরূপ, তিনি লেখককে বলে দিতেন কোন সুরায় কোন আয়াতগুলো লিপিবদ্ধ করতে হবে। অতঃপর তিনি সুরার হুবহু সেই স্থানটি বলে দিতেন যেখানে অবতীর্ণ আয়াতগুলি সন্নিবেশিত করতে হবে। যেমন : অমুক সুরার অমুক আয়াতের আগে বা পরে। লেখক তখন কুরআনের অবতীর্ণ আয়াতগুলি খেজুর গাছের ছাল কিংবা পশুর চামড়া বা উটের হাড্ডিতে লিখে নিতেন অতঃপর তিনি আয়াতগুলি রাসুল সা. কে পড়ে শুনাতেন এবং তাঁর লিখা ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে নিতেন। ঐতিহাসিকগণ ও হাদিসের বিভিন্ন গ্রন্থাবলি ৪০ জনেরও অধিক কুরআনের ওহি লেখকের নাম রেকর্ড করেছে। তন্মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলেন জায়েদ বিন साबित রা.।
উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের প্রসিদ্ধ ঘটনা আল কুরআন লিখিত আকারে সংরক্ষণ করার একটি সমুজ্জ্বল প্রমাণ, এ থেকে বুঝা যায় মক্কায় আংশিকভাবে লিখিত কুরআন ছিল সচরাচর, এমনকি যখন রাসুল সা. সবেমাত্র তাঁর মিশন শুরু করেছিলেন তখনও। বর্ণিত আছে, একদা উমর রা. রাসুল সা.- কে হত্যা করার উদ্দেশ্যে ক্রোধান্বিত অবস্থায় বের হন। রাসুলের সা. বাড়ি যাওয়ার পথিমধ্যে কারও সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং সে তাঁকে জানায় যে, তাঁর বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। উমর রা. দ্রুতবেগে তাঁর বোনের বাড়িতে উপনীত হলেন এবং তাদেরকে কি যেন পড়তে দেখলেন। উমরের বোন তা লুকিয়ে ফেললেন। তখন উমরের সন্দেহ রইল না যে, তারা কুরআন তেলাওয়াত করছিল, তিনি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন এবং উভয়কে প্রহার করতে লাগলেন। এরই মধ্যে তাঁর তাঁর বোন মাটিতে পড়ে যান এবং তাঁর দেহ থেকে রক্ত ঝরতে শুরু করে। উমর রা. সম্বিৎ ফিরে পান এবং বুঝতে পারেন যে, তিনি তাঁর বোনকে আঘাত দিয়েছেন, তখন তিনি বোনকে অনুরোধ করলেন তারা যা পড়ছিল তা দেখাতে। বোন বললেন, তারা কুরআন তেলাওয়াত করছিলেন এবং অপবিত্র অবস্থায় তিনি তা স্পর্শ করতে পারেন না। তিনি তাঁকে বললেন গোসল করে নিজেকে পবিত্র করতে। উমর সম্মত হলেন এবং লিখিত কপিটি নিয়ে পাঠ করলেন। তাতে সুরা ‘ত্বা-হা’র কিছু আয়াত লিখিত ছিল। উমর তা পড়ে এত গভীরভাবে আলোড়িত হলেন যে, দ্রুত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাড়ির দিকে ছুটে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ইতিহাস ও হাদিসের গ্রন্থসমূহে সুলিখিত প্রামাণ্য এই ঘটনা থেকে বুঝা যায়, মক্কায় কুরআনের লিখিত কপি সুলভ ছিল, এমনকি যখন মুসলমানদের ধর্ম পালন ও ইসলাম প্রচারের স্বাধীনতা ছিল না তখনও।
উল্লেখযোগ্য সংখ্যক হাদিস থেকে জানা যায়, মদিনাতেও কুরআন মাজিদের লিখিত কপি সহজলভ্য ছিল। তন্মধ্যে একটি হাদিসে এসেছে, ‘যখন লোকেরা মদিনায় আসত. তাদেরকে কুরআনের কপি সরবরাহ করা হত, যাতে তারা নিজে নিজে কুরআন মাজিদ পড়ে ইসলাম সম্পর্কে জানতে পারে।’ (সূত্র: হাদিসের একটি প্রাচীন গ্রন্থ ‘সহিফায়ে হুমাম ইবনে মুনাব্বিহ’)
আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুল সা. ইরশাদ করেন— ‘সফরে তোমার সঙ্গে কুরআন নিয়ে যাবে না, পাছে তা আবার কোনো শত্রুর হাতে পড়ে যায় (যে তার অসম্মান করবে)।’ (মুসলিম)
হাদিস ও ইতিহাসের বেশ কিছু গ্রন্থ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিদায় হজ্জের বিস্তারিত বিবরণ উদ্ধৃত করেছে, যেখানে তিনি প্রায় এক লক্ষ চব্বিশ হাজার (১,২৪,০০০) মুসলমানের সমাবেশে ‘বিদায় ভাষণ’ প্রদান করেছিলেন। রাসুল সা. বলেন, ‘আমি তোমাদের কাছে দু;টি জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা সেগুলি দৃঢ়ভাবে আঁকড়ে ধর, তবে তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না। (তা হল) আল্লাহর কিতাব এবং তাঁর রাসুলের সা. সুন্নাহ বা জীবনাদর্শ।’ এই ভাষ্য পরিষ্কারভাবে নির্দেশ করছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইন্তেকালের পূর্বে কুরআন মাজিদ একটি কিতাব বা গ্রন্থের আকারে সাহাবায়ে কেরামের কাছে সুলভ ছিল। নয়তো তিনি এটিকে একটি গ্রন্থ বলে উল্লেখ করতেন না।
বস্তুত কুরআন মাজিদও একথার সাক্ষ্য দেয় যে, তা সব সময় একটি গ্রন্থের আকারে সুলভ ছিল। ‘নিশ্চয় এটি সম্মানিত কুরআন, যা আছে এক সুরক্ষিত গ্রন্থে। যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেহ একে স্পর্শ করে না। এটি জগতসমূহের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। (ওয়াকিয়া, ৫৬ : ৭৭-৮০) এই আলোচনা থেকে যা পরিষ্কারভাবে সামনে আসছে তা হল, রাসুলুল্লাহ সা-এর জীবদ্দশাতেই কুরআন মাজিদ লিখিত আকারে সংরক্ষিত ছিল। আর তা মক্কা ও মদিনায় মুসলিম-অমুসলিম সকলের কাছে সুলভ ছিল।
📄 প্রথম খলিফা আবু বকর রা.-এর শাসনামল (১০-১৩ হি. মোতাবেক ৬৩২-৬৩৫ খ্রি.) :
যখন রাসুল সা. চলে গেলেন, আবু বকর রা. প্রথম খলিফা মনোনীত হলেন। তাঁর খেলাফতকালে ৯ম হিজরি মোতাবেক ৬৩৩ ঈসায়ি) তে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। একটি উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন, যাতে ৭০ (সত্তর) জন কুরআন মাজিদের হাফিজও ছিল। এসময় উমর রা. আবু বকর রা. কে পরামর্শ দিলেন এবং কুরআন মাজিদকে একটি পূর্ণাঙ্গ গ্রন্থেররূপে দাপ্তরিকভাবে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরলেন। উল্লেখ্য যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় কুরআন মাজিদ একটি একক গ্রন্থে বই আকারে সংকলিত ছিল না, তার কারণ; রাসুল সা. জানতেন না, কখন কুরআন মাজিদের সর্বশেষ আয়াতগুলি অবতীর্ণ হবে এবং কুরআনের কোন স্থানে সেগুলিকে রাখা হবে। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের পরিসমাপ্তির সঙ্গেই কুরআন অবতরনের ধারা সম্পূর্ণ হবে।
আবু বকর রা. কুরআন মাজিদের প্রধান লেখক জায়েদ ইবনে साबित রা. কে নির্দেশ দিলেন বিভিন্ন আয়াতের বিচ্ছিন্ন লিখিত কপিগুলো সংগ্রহ করে একটি একক গ্রন্থেররূপে বাঁধাই করতে। অতঃপর জায়েদ রা. ঘোষণা দিলেন, যাদের কাছে কুরআন মাজিদের কোনো লিখিত অংশ আছে তারা যেন সেগুলো তাঁর কাছে নিয়ে আসে। তিনি কুরআনের লিখিত কপিগুলো গ্রহণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করলেন। যখন কেহ কুরআন মাজিদের কোনো বিশেষ অংশ নিয়ে আসত, তখন তিনি তা অন্যান্য লিখিত অংশের সঙ্গে মিলিয়ে দেখতেন। তারপর ঘোষণা দিতেন, কুরআনের এমন একটি লিখিত অংশ তাঁর কাছে নিয়ে আসা হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ- তিনি ঘোষণা করতেন, তিনি কুরআন মাজিদের ৬নং সুরার ১০-১৫নং আয়াতগুলির একটি লিখিত কপি হাতে পেয়েছেন। তখন তিনি অন্যদের বলতেন, এই আয়াতগুলি তাঁদের স্মৃতি থেকে তেলাওয়াত করতে। এভাবে কুরআনের লিখিত কপির নির্ভরযোগ্যতা যাচাই করতেন। কমপক্ষে দু’জন ব্যক্তি তাদের হিফজের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট লিখিত কপির সত্যতার পক্ষে সাক্ষ্য দেয়া ব্যতিরেকে তিনি তা গ্রহণ করতেন না। এভাবে তিনি কুরআনের সকল আয়াত একটি গ্রন্থাকারে সেই ক্রমানুসারে সন্নিবেশিত করলেন যেভাবে রাসুল সা. তা লিপিবদ্ধ করিয়েছিলেন। কুরআনের এই কপিটি তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রী হাফসা রা.-এর কাছে সংরক্ষণ করা হয় যা লিখিত কুরআনের অফিসিয়াল কপি হিসেবে ব্যবহৃত হত।
📄 তৃতীয় খলিফা উসমান রা.-এর শাসনামল (২৪-৩৫ হি. মোতাবেক ৬৪৪-৬৫৫ খ্রি.) :
তৃতীয় খলিফা উসমান রা.-এর শাসনামলে ইসলাম দূর-দূরান্তে বিস্তার লাভ করে। নওমুসলিমরা বিভিন্ন আঞ্চলিক উচ্চারণে কুরআন মাজিদ পড়তে শুরু করে। তখন মুসলমানদের মধ্যে কুরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে চরম বৈসাদৃশ্য দেখা দেয়। তখন উসমান রা. কুরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে অভিন্নতা আনয়নের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি জায়েদ বিন साबित রা. এবং আরও তিনজন সাহাবিকে কুরাইশের স্থানীয় ভাষায় কুরআন মাজিদ পুনর্লিখনের জন্য নিযুক্ত করলেন। এটি সেই গোত্রের ভাষা যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন। জায়েদ রা. কুরআন মাজিদের সেই প্রথম কপিটি আনিয়ে নিলেন যা রাসুলুল্লাহ সা.-এর স্ত্রী হাফসা রা.-এর তত্ত্বাবধানে সুরক্ষিত ছিল।
কুরআনের এই কপির ওপর ভিত্তি করে কুরাইশের স্থানীয় ভাষায় তিনি সাতটি (নতুন) কপি লিপিবদ্ধ করলেন। পরে উসমান রা. এই কুরআনের একটি করে কপি ছয়টি ভিন্ন ভিন্ন প্রাদেশিক রাজধানীতে প্রেরণ করেন। একটি কপি রাখেন মদিনায়। তিনি এই আদেশও জারি করেন যে, কুরআনের বাকি সকল কপি যেন নষ্ট করে ফেলা হয়। অধিকন্তু কুরআন মাজিদের প্রতিটি কপির সঙ্গে উসমান রা. একজন করে দক্ষ ক্বারিও প্রেরণ করেন যারা কুরাইশের স্থানীয় ভাষায় তেলাওয়াত করতে পারতেন। এটি কুরআনের পঠন ও লিখনের ক্ষেত্রে পুরো মুসলিম বিশ্বে একটি পরিপূর্ণ অভিন্নতা ও ঐক্য নিয়ে আসে। এই কপিসমূহের দু’টি এখনও বিদ্যমান রয়েছে। একটি রাশিয়ার তাসখন্দে এবং অপরটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। বাস্তবতা হল, বিগত চৌদ্দশ বছরে কুরআন মাজিদে কোনো ধরনের পরিবর্তনই আসে নি। যা বর্তমান বিশ্বে বিদ্যমান যে কোনো কপির সঙ্গে কুরআনের এই কপিগুলো মিলিয়ে দেখার মাধ্যমে নিরূপণ করা যেতে পারে।