সহিহ বুখারী অঃ->খুমুস (এক পঞ্চমাংশ) বাব->দারুল হরবে যে সকল খাদ্যদ্রব্য পাওয়া যায়। হাঃ-৩১৫৫

(‘আবদুল্লাহ) ইব্‌নু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, খায়বারের যুদ্ধের সময় আমরা ক্ষুধায় কষ্ট ভোগ করছিলাম। খায়বার বিজয়ের দিন আমরা পালিত গাধার দিকে এগিয়ে গেলাম এবং তা যবহ্‌ করলাম। যখন তা হাঁড়িতে ফুটছিল তখন রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর ঘোষণা দানকারী ঘোষণা দিল : তোমরা হাঁড়িগুলো উপুর করে ফেল। গাধার গোশত হতে তোমরা কিছুই খাবেনা। ‘আবদুল্লাহ (ইব্‌নু আবূ আওফা) (রাঃ) বলেন, আমরা বললাম, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ কারনে নিষেধ করেছেন, যেহেতু তা হতে খুমুস বের করা হয়নি। (রাবী বলেন) আর অন্যরা বললেন, বরং তিনি এটাকে অবশ্যই হারাম করেছেন। (শায়বানী বলেন), আমি এ ব্যাপারে সা‘ঈদ ইব্‌নু যুবায়র (রাঃ) -কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নিশ্চিতই তিনি তা হারাম করে দিয়েছেন।


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->খাইবার [৪৭]-এর যুদ্ধ হাঃ-৪২২০

ইবনু আবী আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

(তিনি বলেন) খাইবারের দিন আমরা ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, আর তখন আমাদের পাতিলগুলোতে (গাধার গোশত) টগবগ করে ফুটছিল। রাবী বলেন, কোন কোন পাতিলের গোশত পাকানো হয়ে গিয়েছিল। এমন সময়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন, তোমরা (গৃহপালিত) গাধার গোশত থেকে একটুও খাবে না এবং তা ঢেলে দেবে। ইবনু আবী আওফা (রাঃ) বলেন, ঘোষণা শুনে আমরা পরস্পর বলাবলি করলাম যে, যেহেতু গাধাগুলো থেকে খুমুস (এক-পঞ্চমাংশ) বের করা হয়নি এ কারণেই তিনি সেগুলো খেতে নিষেধ করেছেন। কেউ কেউ বললেন, তিনি চিরদিনের জন্যই গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কেননা গাধা অপবিত্র জিনিস খেয়ে থাকে। [৩১৫৫] (আ.প্র. ৩৮৯৯, ই.ফা. ৩৯০২)


সহিহ মুসলিম অঃ->শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল বাব->গৃহপালিত গাধা খাওয়া হারাম হাঃ-৪৯০৪

‘আলী ইবনু মুসহির শাইবানী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে গৃহপালিত গাধার গোশ্‌ত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, খাইবারের দিন আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছিল। এখন আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গেই ছিলাম। শহরের বাইরে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। সুতরাং আমরা সেগুলো যাবাহ করলাম। আমাদের ডেগ্‌চীসমূহ যখন টগবগ করছিল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করল, ডেগ্‌চীগুলো উল্টিয়ে ফেলে দাও এবগ গাধার গোশ্‌তের সামান্য অংশও খেয়ো না। আমি বললাম, কোন্‌ ধরনের গাধার গোশ্‌ত হারাম? রাবী বলেন, আমরা নিজেরা এ বিষয়ে আলোচনা করলাম এবং বললাম, একেবারেই হারাম অথবা গনীমাতের এক পঞ্চমাংশ বাদ না দিয়ে রান্না করার কারণেই তা হারাম করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৫, ই.সে. ৪৮৫৬)


সহিহ মুসলিম অঃ->শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল বাব->গৃহপালিত গাধা খাওয়া হারাম হাঃ-৪৯০৫

সুলাইমান শাইবানী (রহঃ) থেকে বর্নিতঃ

আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই। অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাঁপিয়ে পড়লাম এবং সেগুলো যাবাহ করলাম। যখন এর গোশ্‌ত ডেগচীতে টগবগ করছিল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করল যে, ডেগ্‌চীগুলো উল্টিয়ে ফেলে দাও এবং গাধাগুলোর গোশ্‌ত একটুও খেয়ো না। রাবী বলেন, তখান কিছু লোক বললো, যেহেতু গনীমাতের এক পঞ্চমাংশ বের করা হয়নি তাই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা হারাম করেছেন। অন্যরা বলল, না, তা চিরকালের জন্যই নিষিদ্ধ করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৬, ই.সে. ৪৮৫৭)