সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->ভোরবেলা সফরে বের হওয়া হাঃ-২৬০৬

সাখর আল-গামিদী (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “হে আল্লাহ! আপনি আমার উম্মাতকে ভোরের বরকত দান করুন”। তিনি কোন ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথমভাগেই পাঠাতেন। বর্ণনাকারী সাখর (রাঃ) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথমভাগে (ভোরে) পাঠাতেন, ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->সকাল বেলায় বরকত হওয়ার আশা করা। হাঃ-২২৩৬

সাখর আল-গামিদী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।” তিনি ক্ষুদ্র বা বৃহৎ সামরিক বাহিনী অভিযানে পাঠাতে চাইলে দিনের প্রথম ভাগেই তাদেরকে পাঠাতেন। রাবী (উমারা বিন হাদীদ) বলেন, সাখর (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক পণ্য দিনের প্রথম ভাগেই পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হন এবং তার সম্পদে প্রাচুর্য আসে। [২২৩৬] তাহকীক আলবানীঃ “হে আল্লাহ্‌! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন” বাক্যটি সহীহ। তবে (আরবি) কথাগুলো দুর্বল।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->সকাল বেলায় বরকত হওয়ার আশা করা। হাঃ-২২৩৮

ইবনু উমার(রাঃ) থেকে বর্নিতঃ

নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “হে আল্লাহ! আমার উম্মতের ভোরবেলায় বরকত দান করুন”। [২২৩৮]


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->সকালে ব্যবসায়ের কাজে বের হওয়া হাঃ-১২১২

সাখ্‌র আল-গামিদী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “হে আল্লাহ্‌! আমার উন্মাতের ভোর বেলার মধ্যে তাদেরকে বারকাত ও প্রাচুর্য দান করুন।” বর্ণনাকারী বলেন, যখন তিনি কোথাও কোন ক্ষুদ্র অথবা বৃহৎ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতেন, তখন তাদেরকে দিনের প্রথম অংশেই পাঠাতেন। সাখ্‌র (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ীদের পাঠাতে ইচ্ছা করলে তাদেরকে দিনের প্রথম অংশেই পাঠাতেন। ফলে তিনি অনেক সম্পদের মালিক হন। সহীহ্‌, ‘তিনি ক্ষুদ্র অথবা বৃহৎ বাহিনী দিনের প্রথম অংশেই প্রেরণ করতেন’ অংশটুকু যঈফ রাওযুন নাযীর (৪৯০), সহীহ্‌ আবূ দাঊদ (২৩৪৫), বেচা-কেনার হাদীস, যঈফা (৪১৭৮)