'আবদুল্লাহ্ ইব্নু যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দু'আ করলেন। অতঃপর কিব্লামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দু' রাক'আত সালাত আদায় করলেন। ইমাম বুখারী (রহঃ) বলেন, ইব্নু 'উয়াইনাহ (রহঃ) বলতেন, এ হাদীসের বর্ণনাকরী 'আবদুল্লাহ্ ইব্নু যায়দ (রাঃ) হলেন আযানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবী। কিন্তু তা ঠিক নয়। কারণ ইনি হলেন, সেই 'আবদুল্লাহ্ ইব্নু যায়দ ইব্নু 'আসিম মাযিনী, যিনি আনসারের মাযিন গোত্রের লোক।
‘আব্বাদ ইব্নু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইসতিস্কার জন্য ঈদগাহের ময়দানে গমন করেন। তিনি কিব্লামুখী হলেন, অতঃপর দু’রাক’আত সালাত আদায় করলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন। সুফিয়ান (রহঃ) বলেন, আবূ বকর (রাঃ) হতে মাস’ঊদ (রাঃ) আমাদের বলেছেন, তিনি (চাদর পাল্টানোর ব্যাপারে) বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন।
‘আব্বাদ ইবনু তামীম (রাঃ) থেকে তাঁর চাচার সূত্রে থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতের নির্ধারিত স্থানে গিয়ে ইস্তিস্ক্বার দু‘আ করলেন এবং ক্বিবলামুখী হয়ে তাঁর চাদরটা উল্টিয়ে দিলেন। অতঃপর দু’ রাক‘আত সলাত আদায় করলেন। (ই.ফা. ১৯৪১, ই.সে. ১৯৪৮)
আব্দুল্লাহ ইব্ন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির দোয়া করার জন্য সালাতের স্থান অভিমুখে রওয়ানা হলেন, তখন তিনি কিবলা অভিমুখী হলেন ও তাঁর (পরিধেয়) চাদর উল্টিয়ে দিলেন এবং দু’রাকআত সালাত আদায় করলেন।