সহিহ বুখারী অঃ->আহকাম বাব->রাগের হালতে বিচারক বিচার করতে এবং মুফ্তী ফাত্ওয়া দিতে পারবেন কি? হাঃ-৭১৫৮

আবদুর রাহমান ইব্‌নু আবূ বাক্রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আবূ বকরাহ (রাঃ) তাঁর ছেলেকে লিখে পাঠালেন- সে সময় তিনি সিজিস্তানে অবস্থান করছিলেন- যে তুমি রাগের হালতে বিবদমান দু’লোকের মাঝে ফায়সালা করো না। কেননা, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, কোন বিচারক রাগের হালতে দু’জনের মধ্যে বিচার করবে না। [মুসলিম ৩০/৭, হাঃ ১৭১৭, আহমাদ ২০৪০১] (আধুনিক প্রকাশনী- ৬৬৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৭২)


সহিহ মুসলিম অঃ->বিচার বিধান বাব->রাগাম্বিত অবস্থায় বিচারকের বিচার করা নিন্দনীয় হাঃ-৪৩৮২

‘আবদুর রহমান ইবনু আবূ বাক্‌রাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমার পিতা আমাকে একটি পত্র লেখালেন। তখন আমি সিজিস্তানের বিচারক ‘আবদুল্লাহ ইবনু আবূ বাক্‌রাহ্‌ (রহঃ)-কে লিখলাম যে, আপনি রাগাম্বিত অবস্থায় দু’জনের মধ্যে বিচার ফায়সালা দেবেন না। কেননা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, কোন বিচারক যেন রাগাম্বিত অবস্থায় দু’জনের মধ্যে বিচার না করেন। (ই. ফা. ৪৩৪১, ই. সে. ৪৩৪১)