সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->কৃতদাস ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে হাঃ-৩৫০৮

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুনাফা ঝুঁকির অনুগামী। হাসানঃ ইবনু মাজাহ (২২৪২)।


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->কৃতদাস ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে হাঃ-৩৫০৯

মাখলাদ ইবনু কুফাক আল-গিফারী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি এবং কতিপয় লোকের যৌথ মালিকানায় একটি গোলাম ছিলো। কতিপয় অংশীদারের অনুপস্থিতিতে আমি তাকে কাজে নিয়োগ করলে সে আমার জন্য কিছু উপার্জন করে আনলো। আমার এক অংশীদার এই আয়ে তার অংশ দাবি করে কোন এক বিচারকের কাছে মোকদ্দমা দায়ের করলো। বিচারক আমাকে অংশীদারের অংশ ফেরত দিতে নির্দেশ দিলেন। আমি ‘উরওয়াহ ইবনু যুবাইরের কাছে এসে বিষয়টি জানালাম। ‘উরওয়াহ বিচারকের কাছে এসে তাকে ‘আয়িশাহ (রাঃ) এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ফায়সালা শুনালেনঃ মুনাফা ঝুঁকির সাথে সম্পৃক্ত। হাসান: এর পূর্বেরটি দেখুন।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->আয় ভোগ দায় বহনের সাথে যুক্ত। হাঃ-২২৪৩

আয়িশাহ(রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি একটি গোলাম খরিদ করে তার দ্বারা কিছু উপার্জনও করে। অতঃপর গোলামের মধ্যে কিছু দোষ পেয়ে সে তা ফেরত দেয়। বিক্রেতা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ! সে আমার গোলাম দ্বারা কিছু উপার্জনও করেছে। রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ উপার্জন ভোগ দায় বহনের সাথে যুক্ত। [২২৪৩]