সা’দ ইবনু ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-এর নিকট বসা ছিলেন। এমন সময় খাব্বাব (রাঃ) (মাকসূরাহ্ ওয়ালা) এসে উপস্থিত হলেন এবং বললেন, হে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার! আপনি কি আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর কথা শুনছেন না? তিনি বললেন, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি জানাযার সাথে ঘর থেকে বের হয় এবং জানাযার সলাত আদায় করে, অতঃপর দাফন করা পর্যন্ত জানাযার সাথে থাকে, তাকে দু’ ক্বীরাত্ব সাওয়াব দান করা হবে। প্রতিটি ক্বীরাত্ব উহুদ পাহাড় সমতুল্য সাওয়াব লাভ করবে। ইবনু ‘উমার (রাঃ) এ কথা যাচাই করার জন্য খাব্বাবকে ‘আয়িশা (রাঃ)-এর নিকট পাঠিয়ে দিলেন। খাব্বাব (রাঃ) চলে গেলে ইবনু ‘উমার (রাঃ) মাসজিদের কাঁকর থেকে এক মুষ্টি কাঁকর হাতে নিলেন এবং খাব্বাব ফিরে না আসা পর্যন্ত তা হাতে নিয়ে নড়াচড়া করছিলেন। খাব্বাব ফিরে এসে বললেন, ‘আয়িশা (রাঃ) বলেছেন, আবূ হুরায়রাহ্ (রাঃ) ঠিকই বলেছেন। ইবনু ‘উমার (রাঃ) তাঁর কঙ্কর জমিনের উপর ছুঁড়ে মেরে বললেন, আমরা অবশ্যই বহু সংখ্যক ক্বীরাত্ব বরবাদ করে দিয়েছি। (ই.ফা. ২০৬৩, ই.সে. ২০৬৮)