সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->(জুমু‘আর) সলাতের পূর্বে দু’টি খুতবাহ্‌ এবং এর মাঝে জালসাহ্‌ (বৈঠক) প্রসঙ্গে হাঃ-১৮৮১

জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়ানো অবস্থায় খুত্‌বাহ্‌ দিতেন, অতঃপর বসতেন, অতঃপর দাঁড়িয়ে আবার (দ্বিতীয়) খুত্‌বাহ্‌ দিতেন। যে ব্যক্তি তোমাকে অবহিত করেছে যে, তিনি বসা অবস্থায় খুত্‌বাহ্‌ দিতেন, সে মিথ্যা বলেছে। আল্লাহ্‌র শপথ! আমি নিশ্চয়ই তাঁর সাথে দু’হাজারেরও অধিকবার সলাত আদায় করেছি (জুমু‘আর পাঁচ ওয়াক্ত সলাত)। (ই.সা.১৮৬৬, ই.সে.১৮৭৩)


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->দুই খুতবার মাঝখানের বসা অবস্থায় চুপ থাকা হাঃ-১৪১৭

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি যে, তিনি জুমু’আর দিনে দাঁড়ানো অবস্থায় খুতবা দিতেন তারপর বসতেন, যে বসাতে কথা বলতেন না। পুনরায় দাঁড়িয়ে যেতেন এবং দ্বিতীয় খুতবা দিতেন। অতএব, যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করে যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসাবস্থায় খুতবা দিতেন তা হলে সে মিথ্যা বলল।