‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেনঃ তুমি বলো- “আল্ল-হুম্মাহ্দিনী ওয়া সাদ্দিদ্নী ওয়ায্কুর বিল্হুদা হিদা-ইয়াতাকাত্ তারীকা ওয়াস্ সাদা-দি সাদা-দাস্ সাহ্ম”, অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন।” তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।” (ই.ফা. ৬৬৬৩, ই.সে. ৬৭১৬)
আবূ বুরদাহ (রহঃ) হতে ‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেন দু’আ করার সময় তুমি বলবে (অর্থ) “হে আল্লাহ্! আমাকে হিদায়াত দিন এবং এ পথে দৃঢ় রাখুন, আর হিদায়াতের মাধ্যমে আমাকে স্মরণে রাখুন, সোজা পথে পরিচালিত করুন, তীরের মত সোজা পথে চালিয়ে স্মরণে রাখুন।” তিনি (‘আলী) বলেন, তিনি আমাকে এই আঙ্গুলে বা এই আঙ্গুলে অর্থাৎ শাহাদাত ও মধ্যমা আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেন এবং কাস্সী ও মীসারা (দু’ প্রকার রেশমী বস্ত্র) পরিধান করতে নিষেধ করেন। আবূ বুরদাহ (রহঃ) বলেন, আমরা ‘আলী (রাঃ)-কে বললাম, কাস্সী কি? তিনি বলেন, সিরিয়া অথবা মিসর হতে আমাদের এখানে আমদানীকৃত কাপড়, যাতে কমলা লেবুর মত ডোরাকাটা থাকতো। আর মীসারা হলো স্ত্রীদের দ্বারা তাদের স্বামীদের জন্য উৎপাদিত জিনিস।