সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় হাঃ-৩৩৫৯

আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

যায়িদ আবূ ‘আইয়াশ (রহঃ) তাকে জানিয়েছেন, তিনি সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-কে বার্লির বিনিময়ে গম কেনা-বেচা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সা’দ (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, উভয়ের মধ্যে কোনটি অধিক উত্তম? তিনি বললেন, গম। বর্ণনাকারী বলেন, সা’দ (রাঃ) যায়িদকে এর বিনিময় করতে নিষেধ করলেন। তিনি (সা’দ) বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট পাকা খেজুরের বিনিময়ে খুরমা ক্রয় করা সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ পাকা খেজুর শুকানো হলে কি ঘাটতি হয়? সাহাবীগণ বললেন, হাঁ। অতঃপর তিনি এরূপ বিনিময় করতে নিষেধ করলেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইসমাঈল ইবনু উমাইয়্যাহ এ হাদীস মালিকের অনুরূপ বর্ণনা করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (২২৬৪)।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রয় করা। হাঃ-২২৬৪

সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিতঃ

যুহরা গোত্রের মুক্ত দাস যায়দ আবূ আইয়্যাশ সাদ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)- কে যবের বিনিময়ে সাদা গম ক্রয় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। সাদ (রাঃ) তাকে বলেন, এ দু’টির মধ্যে কোনটি উত্তম? তিনি বলেন, সাদা গম। সা’দ (রাঃ) আমাকে এরুপ লেনদেন করতে নিষেধ করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে শুকনা খেজুরের সাথে তাজা খেজুরের বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করেনঃ তাজা খেজুর শুকালে কি কমে যায়? লোকজন বলেন, হাঁ। তিনি এ জাতীয় লেনদেন করতে নিষেধ করেন। [২২৬৪]


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->মুহাকালা ও মুযাবানা ধরণের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হাঃ-১২২৫

আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ আইয়্যাশ যাইদ (রহঃ) বার্লির বিনিময়ে গম বিক্রয় করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সা’দ (রাঃ)-কে প্রশ্ন করলেনঃ তখন তিনি (সা’দ) বললেন, এ দু’টির মধ্যে কোনটি অপেক্ষাকৃত উত্তম? তিনি (যাইদ) বললেন, গম। তারপর তিনি (সা’দ) এ ধরণের বিক্রয় করা নিষেধ করলেন তিনি আরও বললেন, আমি তাজা খেজুরকে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রয় করা যায় কি-না সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রশ্ন করতে শুনেছি। তিনি তাঁর পাশের লোকদের প্রশ্ন করলেন যে, খেজুর শুকালে কি (ওজনে) কমে যায়? তারা বললেন, হ্যাঁ। তারপর এ ধরণের বিক্রয়কে তিনি নিষিদ্ধ করে দিলেন। সহীহ্‌, ইবনু মা-জাহ (২২৬৪)


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->তাজা খেজুরের পরিবর্তে খোরমা ক্রয় করা হাঃ-৪৫৪৫

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

তাজা খেজুরের পরিবর্তে খোরমা খরিদ করার ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করা হলে তিনি তাঁর আশেপাশের লোকদের বলেন, তাজা খেজুর শুকালে কি কমে যায়? তারা বলেন, হ্যাঁ। তখন তিনি তা থেকে নিষেধ করেন।