শা’বী (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘আদী ইবনু হাতিম (রাঃ) ছিলেন আমাদের প্রতিবেশী, ব্যবসায়ের অংশীদার এবং ‘নাহ্রাইন’-এ আমাদের সহকর্মী। আমি তাঁকে বলতে শুনেছি, তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করেছিলেন যে, আমি আমার কুকুরকে (শিকারের উদ্দেশে) ছেড়ে থাকি এবং পরে আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই, সেটির সাথে শিকারও দেখতে পাই। আমি অবহিত নই কোন্ কুকুরটি শিকার ধরেছে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি তা খাবে না। কেননা তুমি কেবল তোমার কুকুর ছাড়ার সময়ই আল্লাহ্র নাম নিয়েছ; অন্যটির উপরে আল্লাহ্র নাম নাওনি। (ই.ফা. ৪৮২৬, ই.সে. ৪৮২৭)
আদী ইব্ন হাতিম (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করলামঃ আমি আমার কুকুর ছাড়ার পর, আমার কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পাই, ফলে আমি বুঝতে পারি না, কোন কুকুর শিকার করেছে? তিনি বললেনঃ তুমি ঐ শিকার খাবে না। কেননা তুমি তো তোমার কুকুরের উপর বিসমিল্লাহ্ পড়েছ; অন্য কুকুরের উপর পড়নি।