সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->(মৃতের শোকে) গাল থাপড়ানো, জামা ছিঁড়ে ফেলা এবং জাহিলী যুগের ন্যায় উচ্চৈঃস্বরে বিলাপ করা হারাম হাঃ-১৮৯

‘আবদুর রহমান ইবনু ইয়াযীদ ও আবূ বুরদাহ্‌ ইবনু আবূ মূসা (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ মূসা আশ’আরী (রাঃ) বেহুশ হয়ে পড়েন। তাঁর স্ত্রী উম্মু ‘আবদুল্লাহ চিৎকার করে কাঁদতে কাঁদতে তাঁর নিকট আসলেন। তারা বলেন, অতঃপর তিনি জ্ঞান ফিরে পেলেন এবং বললেন, তুমি কি জান না? তারপর তিনি তাঁকে এ হাদীস শোনান যে, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি সে ব্যক্তি থেকে বিচ্ছিন্ন যে ব্যক্তি মাথার কেশ মুণ্ডন করে, চিৎকার করে কান্নাকাটি করে এবং জামা-কাপড় ছিঁড়ে ফেলে (ই.ফা. ১৯০; ই.সে. ১৯৬)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->শোকে মুখমন্ডল ক্ষতবিক্ষত করা এবং জামা ছেঁড়া নিষেধ হাঃ-১৫৮৬

আব্দুর রহমান বিন ইয়াযীদ ও আবূ বুরদা থেকে বর্নিতঃ

তারা বলেন, আবূ মূসা (আশ’আরী) (রাঃ), যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু আবদুল্লাহ গলা ফাটিয়ে চিৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বললেন, তুমি কি জানো না, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট। তিনি তার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যুশোকে মাথা মুন্ডন করে, চিৎকার করে কান্নাকাটি করে এবং জামা ছিঁড়ে, আমি তার থেকে দায়মুক্ত। [১৫৮৪]