সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->নিদ্রার পূর্বে গোসল করা হাঃ-৪০৪

আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ কায়স (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলাম, জানাবত অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সবটাই করতেন, অনেক সময় তিনি গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ করে নিদ্রা যেতেন।


সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->বিতর সলাতের ওয়াক্ত হাঃ-১৪৩৭

আবদুল্লাহ ইবনু ক্বায়িস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি ‘আয়িশাহ (রাঃ)-কে রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতর সলাত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি বিতর সলাত কখনো রাতের প্রথমাংশে আবার কখনো শেষাংশে আদায় করেছেন। আমি জিজ্ঞেস করি, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিভাবে ক্বিরাআত করেছেন? তিনি কি নিঃশব্দে পড়তেন নাকি সশব্দে? তিনি বলেন, তিনি কখনো আস্তে এবং কখনো জোরে-উভয় ভাবেই পড়েছেন। তিনি কখনো গোসল করে ঘুমিয়েছেন এবং কখনো উযু করে ঘুমিয়েছেন। সহীহ : মুসলিম। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, কুতাইবাহ ছাড়া অন্যরা ‘স্ত্রী সহবাসের গোসল’ বলেছেন।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->রাতের (তাহাজ্জুদ) নামাযের কিরা’আত হাঃ-৪৪৯

আবদুল্লাহ ইবনু আবূ ক্বাইস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)–কে প্রশ্ন করলাম, রাতের (তাহাজ্জুদ) নামাযে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কিরা’আত কেমন ছিল? তিনি নিরবে কিরা’আত করতেন না সরবে? তিনি (‘আয়িশাহ্‌) বললেন, কখনও তিনি নিচু আওয়াজে এবং কখনও উঁচু আওয়াযে কিরা’আত পাঠ করতেন। আমি বললাম, সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি এ কাজের মধ্যে প্রশস্ততা রেখেছেন। সহীহ। সহীহ আবূ দাঊদ-(১২৯১), মুসলিম।