সহিহ বুখারী অঃ->ওজু বাব->নিজের সাথীকে উযূ করিয়ে দেয়া । হাঃ-১৮২

মুগীরা ইব্‌নু শু’বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি কোন এক সফরে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সাথে ছিলেন। এক সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন। (প্রয়োজন সেরে আসার পর) মুগীরা (রাঃ) তাঁকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি উযূ করছিলেন। তিনি তাঁর মুখমন্ডল এবং দু’হাত ধুলেন এবং তাঁর মাথা মাস্‌হ করলেন ও উভয় মোজার উপর মাস্‌হ করলেন। (২০৩, ২০৬, ৩৬৩, ৩৮৮, ২৯১৮, ৪৪২১, ৫৭৯৮, ৫৭৯৯; মুসলিম ২/২২, হাঃ ২৭৪, আহমাদ ১৮১৮৪) (আধুনিক প্রকাশনীঃ ১৭৭, ইসলামী ফাউন্ডেশনঃ ১৮২)


সহিহ বুখারী অঃ->ওজু বাব->মোজার উপর মাস্‌হ করা। হাঃ-২০৩

মুগীরা ইব্‌নু শু‘বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একদা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে তিনি [ মুগীরা (রাঃ) ] পানি সহ একটা পাত্র নিয়ে তাঁর অনুসরণ করলেন। অতঃপর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে তিনি তাঁকে পানি ঢেলে দিলেন। আর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উযূ করলেন এবং উভয় মোজার উপর মাস্‌হ করলেন। (১৮২) (আধুনিক প্রকাশনীঃ ১৯৭, ইসলামী ফাউন্ডেশনঃ ২০৩)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->মোজার উপর মাসাহ করা হাঃ-৫১৪

মুগীরাহ্‌ ইবনু শু’বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজাত (প্রাকৃতিক প্রয়োজন) পূরণের জন্যে বের হলেন। তারপর মুগীরাহ (রাঃ) একটি পানি ভর্তি বদনা নিয়ে তাঁর অনুসরণ করলেন। রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজাত শেষ করলে তিনি তাঁকে পানি ঢেলে দিলেন। এরপর তিনি ওযূ করলেন এবং উভয় মোজার ওপর মাসাহ করলেন। ইবনু রুম্‌হ-এর বর্ণনায় (আরবী) যখন শব্দের স্থলে যে পর্যন্ত (আরবী) শব্দের উল্লেখ রয়েছে। (ই.ফা. ৫১৭, ই.সে. ৫৩৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা হাঃ-৫৪৫

মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পায়খানায় যেতে বের হলেন। মুগীরাহ (রাঃ) এক পাত্র পানিসহ তাঁর অনুসরণ করেন। শেষে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রয়োজন সেরে উযু করেন এবং তাঁর চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করেন। [৫৪৩]