সহিহ বুখারী অঃ->আযান বাব->প্রথম দু‘রাক‘আতে কিরাআত দীর্ঘ করা ও শেষ দু’ রাক‘আতে তা সংক্ষেপ করা । হাঃ-৭৭০

জাবির ইব্‌নু সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমর (রাঃ) সা‘দ (রাঃ)-কে বললেন, আপনার বিরুদ্ধে তারা (কূফাবাসীরা) সর্ব বিষয়ে অভিযোগ করেছে, এমনকি সালাত সম্পর্কেও। সা‘দ (রাঃ) বললেন, আমি প্রথম দু‘রাক‘আতে কিরাআত দীর্ঘ করে থাকি এবং শেষের দু‘ রাক‘আতে তা সংক্ষেপ করি। আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে যেমন সালাত আদায় করেছি, তেমনই সালাত আদায়ের ব্যাপারে আমি ক্রটি করিনি। ‘উমর (রাঃ) বললেন আপনি ঠিকই বলেছেন, আপনার ব্যাপারে ধারণা এমনই, কিংবা (তিনি বলেছিলেন) আপনার সম্পর্কে আমার এ রকমই ধারণা।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->প্রথম দু’রাকআত লম্বা করা হাঃ-১০০২

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

উমর (রাঃ) সা’দ (রা)-কে বললেন, লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে। এমনকি সালাত সম্পর্কেও। তখন সাদ বললেন, আমি প্রথম দু’রাকআত লম্বা করি আর শেষের দু’রাকআত সংক্ষিপ্ত করি। আর আমি যে সকল সালাত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ইকতিদা করে আদায় করেছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ত্রুটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->শেষের দু’ রাক‘আত সংক্ষেপ করা হাঃ-৮০৩

জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একবার ‘উমার (রাঃ) সা’দ (রাঃ) কে বলেন, লোকেরা আপানার প্রতিটি বিষয়ে অভিযোগ করেছে, এমনকি আপনার সালাত সম্পর্কেও। সা’দ (রাঃ) বলেন, আমি সালাতের প্রথম দু’ রাক‘আতে ক্কিরাআত দীর্ঘ করি এবং শেষের দু’ রাক‘আতে কেবল সূরাহ ফাতিহা পাঠ করি। তিনি আরো বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পিছনে যেভাবে সালাত আদায় করেছি- তার কোন ব্যতিক্রম করিনি। ‘উমার (রাঃ) বলেন, আপানার ব্যাপারে আমার ধারনাও তা-ই। সহীহঃ বুখারী ও মুসলিম।